বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ট্রাকচালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৩, ২০২৬
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় আকিজ কোম্পানির চিনি বহনকারী ট্রাকচালক আলাউদ্দিন হত্যা ও ডাকাতির ঘটনায় মূল হোতা নুর হোসেন মুন্নাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় লুণ্ঠিত প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চিনি ও ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী জেলার সুধারাম থানার ধর্মপুর গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে মো. নুর হোসেন মুন্না (২৮), চট্টগ্রামের ভুজপুর থানার হারুয়াল ছড়ি গ্রামের রুপম বড়ুয়ার ছেলে মিন্টু বড়ুয়া (৩৬), কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকড়া গ্রামের মো. মফিজুর রহমানের ছেলে মো. শাহাদাত হোসেন রকি (২৬), একই থানার বসন্তপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. বাবলু (৩৯) এবং ফেনী সদর থানার ইজ্জতপুর গ্রামের তাহেরুল ইসলামের ছেলে মো. আমিনুল ইসলাম (৫৫)।

পুলিশ জানায়, গত ১৫ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে আকিজ কোম্পানির ২৭ টন সাদা চিনি বোঝাই একটি ট্রাক নিয়ে চালক আলাউদ্দিন চট্টগ্রাম বন্দর এলাকা থেকে ঢাকার গাজীপুরের উদ্দেশে রওনা হন। ট্রাকে থাকা চিনির আনুমানিক মূল্য ছিল প্রায় ৪০ লাখ টাকা। কিন্তু নির্ধারিত সময়ে ট্রাকটি গন্তব্যে না পৌঁছানো এবং চালকের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে ট্রাকের মালিক নাজমুল হাসান জিপিএস ট্র্যাকারের মাধ্যমে গাড়িটির অবস্থান শনাক্ত করেন।

পরদিন ১৭ জানুয়ারি দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বড় কাঁচি এলাকায় কুমিল্লা–নোয়াখালী মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়। ট্রাকের ভেতরে চালকের সিটের পেছনে কম্বল দিয়ে ঢাকা অবস্থায় আলাউদ্দিনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

প্রাথমিক তদন্তে ধারণা করা হয়, ডাকাত দল ট্রাকটি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আলাউদ্দিনকে হত্যা করে ট্রাকে থাকা চিনি, প্রয়োজনীয় কাগজপত্র ও মোবাইল ফোন লুট করে নেয়। এ ঘটনায় ট্রাক মালিকের অভিযোগের ভিত্তিতে মনোহরগঞ্জ থানায় হত্যা ও ডাকাতির মামলা দায়ের করা হয়।

মামলার পর জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের দিকনির্দেশনায় থানা পুলিশের পাশাপাশি জেলা ডিবির একটি দল ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা নুর হোসেন মুন্নাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত চিনি ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- ৯৯ বস্তা চিনি, ৮৪টি খালি চিনির বস্তা এবং চিনি প্যাকেজিংয়ে ব্যবহৃত দুটি ইলেকট্রিক মেশিন।

ডিবির ওসি মো. শামসুল আলম শাহ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে শাহাদাত হোসেন রকির বিরুদ্ধে দুটি এবং মো. বাবলুর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সোমবার সন্ধ্যায় পাঁচ আসামিকে আদালতে হাজির করা হলে তাদের মধ্যে দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়।

 

সূত্র: চ্যানেল২৪

আর পড়তে পারেন