বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষা মন্ত্রণালয় ইবাদত খানা, এখানে অসৎ কাজের স্থান নেই: কুমিল্লায় শিক্ষামন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৪, ২০২৬
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকরা যদি আন্তরিকভাবে শিক্ষার্থীদের পড়াশোনা শেখান, তাহলে তা সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। তিনি বলেন, “আমি শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদত খানা হিসেবে দেখি। এখানে অসৎ কাজের কোনো স্থান নেই। একসময় এই মন্ত্রণালয়কে পবিত্র করার চেষ্টা করেছি, আর সেখানে আপনারাও দায়িত্ব পালন করেছেন।”

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০০১ সালে কুমিল্লার আমড়াতলী হাই স্কুল থেকে প্রথম নকল প্রতিরোধ কার্যক্রম শুরু হয় এবং সে সময় দুজন শিক্ষককে গ্রেফতার করা হয়েছিল। তিনি আরও বলেন, “শিক্ষকদের সব সময় সুরক্ষা দিয়েছি। কোনো শিক্ষক আহত হলে তাকে ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। তবে শিক্ষাক্ষেত্রে কোনো অনিয়ম বরদাশত করা হবে না।”

তিনি উল্লেখ করেন, “প্রধানমন্ত্রী আমাকে শিক্ষাখাতে দায়িত্ব দিয়েছেন। আমাদের লক্ষ্য একটি—আগামীর বাংলাদেশ গড়া। শিক্ষা মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়ের মতো নয়; এখানে কাজ করা প্রত্যেকেই সওয়াবের অংশীদার হতে পারেন।”

মন্ত্রী আরও বলেন, ১৯৭২ থেকে ২০০১ সাল পর্যন্ত কিছু শিক্ষক নকলের সঙ্গে জড়িত ছিলেন। তবে ২০০১ থেকে ২০০৬ সালে তিনি নকলবিরোধী আন্দোলন চালান এবং তখনও শিক্ষকরা সহযোগিতা করেছিলেন। তিনি বলেন, “সরকার যেভাবে চায়, শিক্ষকরাও সেভাবেই কাজ করেন। এবার আমরা নকলমুক্ত পরীক্ষা চাই।”

শিক্ষকদের উদ্দেশে তিনি ঘোষণা দেন, ২০২৬ সালের পরীক্ষায় যেসব প্রতিষ্ঠানের পাশের হার শূন্য থাকবে, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।

সভায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন