হোমনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ডায়াগনস্টিক সেন্টারের জরিমানা ও ল্যাব বন্ধ
কুমিল্লার হোমনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা ও ল্যাব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলার রামকৃষ্ণপুর বাজারে দুইটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মোঃ মামুন অর রশিদ উপস্থিত ছিলেন।
অভিযানে রঞ্জিত ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা এবং ল্যাব টেকনোলজিস্ট ছাড়া ডায়াগনস্টিক পরীক্ষার রিপোর্ট প্রদানের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে লাইসেন্স ছাড়া ল্যাব পরিচালনা ও অনুপযোগী বর্জ্য ব্যবস্থাপনার অভিযোগ প্রমাণিত হওয়ায় একই আইনে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উভয় প্রতিষ্ঠানের ল্যাব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং প্রয়োজনীয় লাইসেন্স ও লোকবল নিশ্চিত না করে ল্যাব পরিচালনা না করার মর্মে মুচলেকা নেওয়া হয়।











