মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদপুরে অজ্ঞাত নবজাতককে দাফনের সময় দেখে জীবিত: ৮ ঘন্টা পর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৫, ২০২৫
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। মৃত বলে ধরে কবরস্থ করার জন্য পৌর কবরস্থানে নিয়ে যাওয়া এক শিশুর কবর খোঁড়ার আগে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে। পরে স্থানীয় একটি হাসপাতালে ৮ ঘন্টা চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায় শিশুটি।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর পৌর কবরস্থানের কবর খোদক শাহজাহানের নিকট আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি একটি কার্টুনে করে শিশুটিকে হস্তান্তর করে। তিনি জানান, শিশুটি দুই-তিন মাস বয়সী এবং মৃত, তাই দ্রুত কবরস্থ করার অনুরোধ করেন। কবর খোদক শাহজাহান মিয়াজী বলেন, “নামাজের সময় হয়ে যাওয়ায় আমি বাচ্চাটিকে আমার সহকর্মীর কাছে রেখে নামাজে যাই। সহকর্মী কবরস্থ করার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎই দেখতে পান শিশুটি নড়ছে। খবর পেয়ে আমি এসে দেখি বাচ্চাটি জীবিত।” ঘটনার খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে ছুটে যান। পরে তারা শিশুটিকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান এবং দ্রুত এনআইসিইউতে ভর্তি করানো হয়।

পরে আট ঘন্টা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শিশুটি রাত ৯টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। হাসপাতাল সূত্রে জানা যায়, নবজাতকটির ওজন ছিল ৮০০ গ্রাম। তাকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়। নবজাতকটিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে আনা হলে বিনা খরচে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু রাত ৯টার দিকে সে মারা যায়। স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের সহযোগিতায় রাত আড়াইটায় তাকে দাফন করা হয়। তবে অনেক পরিবার তার দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করে হাসপাতালে ছুটে আসেন।

স্থানীয়রা জানান, কবরস্থানের আশপাশে থাকা সিসি ক্যামেরা ও হোটেলের ফুটেজ পরীক্ষা করলে শিশুটিকে ফেলে যাওয়া ওই অজ্ঞাত ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হবে। এই মর্মান্তিক ঘটনাটি চাঁদপুরবাসীর মনে প্রশ্ন তুলেছে; কীভাবে একটি জীবিত শিশুকে মৃত ঘোষণা করে কবরস্থ করতে আনা হলো এবং কে বা কারা এই অমানবিক কাজের সঙ্গে জড়িত। এর সঠিক তথ্য উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, পৌর কবরস্থানে সিসিটিভি ক্যামেরা না থাকায় নবজাতকটিকে রেখে যাওয়া ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।