All posts by jitu

বর্তমান সরকার গণতন্ত্রের কোনো মানদন্ড মানে না: রিজভী

অনলাইন ডেস্ক:

বর্তমান সরকার সকল গুণী ব্যক্তিকে আক্রমণ করছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকার গণতন্ত্রের কোনো মানদন্ড মানে না। মানুষ মরলো নাকি বাঁচলো সেদিকে তাদের নজর নেই। তাদের মূল লক্ষ্য সোনার হরিণ নামক ক্ষমতা দখলে রাখা।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও ভাষা সৈনিক মরহুম শাহ মোয়াজ্জেম হোসেন এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহাজাদা মিয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন প্রমুখ। সবশেষে মরহুম শাহ মোয়াজ্জেম হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, শাহ মোয়াজ্জেম হোসেন আমাদের কীর্তিমান মানুষদের একজন। কিন্তু আমরা তাদের মনে রাখিনা। অথচ এসব মানুষ আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত। তিনি আমাদের অনুপ্রেরণা। ছাত্র আন্দোলন, ভাষা আন্দোলন থেকে শুরু মহান মুক্তিযুদ্ধের প্রাণ পুরুষ। তাকে আমাদের বেশি বেশি মনে করতে হবে। এইভাবে মওদুদ আহমদ, সালাম তালুকদার, কেএম ওবায়দুর রহমান তাদেরও মনে রাখতে হবে।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সব গুনী মানুষকে আক্রমণ করছে। ব্যারিস্টার রফিক উল হক কে আক্রমণ করেছিলেন। এখন ড. ইউনূসকে আক্রমণ করছেন। তিনি দেশের ছেলে নোবেল পুরস্কার পেয়ে দেশের সম্মান বয়ে এনেছেন। কিন্তু শেখ হাসিনার মনে কোথায় যেন ঈর্ষা কাজ করছে। আজকে এই সরকারের মানবাধিকার লঙ্ঘণ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে প্রস্তাব পাস হয়। এটা তো প্রধানমন্ত্রী ও আবদুর রাজ্জাকদেরকে জবাব দিতে হবে। আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলম কোথায়?

রিজভী বলেন, আজকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার খুন করলে সেটা ঠিক। কেউ তার বিরুদ্ধে বললেই হয়ে গেলো মানবাধিকার লঙ্ঘণ। সুষ্ঠু নির্বাচনের কথা কেউ বললে তার বিরুদ্ধে শুরু হয় নির্যাতন নিপীড়ন। আজকে আদিলুর রহমান খান শুভ্র একজন ভদ্র লোক ও আইনজীবী। তিনি এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন বিধায় তাকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করলে একটা জরিপ করতেন। তিনি সাধারণ মানুষের মাঝে জরিপ করে দেখতেন যে, তিনি বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আদিলুর রহমান খানকে যে সাজা দিয়েছেন তা জনগণ সমর্থন করে কি না? আসলে শেখ হাসিনা গণতন্ত্রের কোনো মানদন্ড মানেন না। তার মানে হলো-তোরা যে যাই বলিস ভাই আমার সোনার হরিণ চাই (ক্ষমতা)।

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, প্রধানমন্ত্রী বিরোধীদলের নেতাকর্মীদের দিয়ে দাস শ্রমিক তৈরি করছেন। বিএনপির নেতাকর্মীরা চিকিৎসা পায় না। অনেকেই কারাগারে মারা গেছেন। এবার তার টার্গেট উপরের দিকে। মূলত তিনি নির্বাচন নির্বিঘ্ন করতে চান। কিন্তু এবার গণতন্ত্রকামী সাধারণ মানুষ জেগে উঠেছে তারা রাস্তায় নেমেছে। সকল পেটোয়াকে রুখে দিবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজকে নিত্যপণ্যের দাম নির্ধারণ করেছে। কই তারা তো একজন সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। আসলে এরা ক্ষুধার সরকার। দুর্ভিক্ষের সরকার। মানুষ মরলো নাকি বাঁচলো সেদিকে তাদের দৃষ্টি নেই। এই সরকার নীল নকশা করে ক্ষমতায় আছেন। যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে এখনও কারান্তরীণ রাখা হয়েছে।

শুরু হয়েছে বিএনপির ‘তারুণ্যের রোডমার্চ’

অনলাইন ডেস্ক:

সরকার পতনের একদফা আন্দোলনে তরুণ ভোটারদের সম্পৃক্ত করতে ডাকা বিএনপির ‘তারুণ্যের রোডমার্চ’ শুরু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে রংপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই রোডমার্চ। দিনাজপুর গিয়ে শেষ হবে প্রথম দিনের এ কর্মসূচি।

ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির তিন অঙ্গসহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে হচ্ছে এ রোডমার্চ। রোডমার্চ শুরুর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় রোডমার্চপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

দিনাজপুরে রোডমার্চ সমাপ্তির সমাবেশে সভাপতিত্ব করবেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান।রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় বগুড়া চার রাস্তার মোড় থেকে শুরু করে রাজশাহী গিয়ে শেষ হবে দ্বিতীয় দিনের তারুণ্যের রোডমার্চ।

এর আগে দেশের ছয় বিভাগে তারুণ্যের সমাবেশ করেছিল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সর্বশেষ গত ২২ জুলাই ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ থেকে একদফা দাবিতে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি

ফেনীতে ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূলহোতাসহ গ্রেফতার ২

ফেনীতে ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূলহোতাসহ গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট:

ফেনীতে এক ভিক্ষুককে সংঘবদ্ধভাবে ধর্ষণ মামলার মূলহোতা মেহরাজসহ এজাহারনামীয় ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা হলেন- নোয়াখালীর হাতিয়ার ইউনুছপুর ফকিন্নিপাড়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মো. মেহরাজ ও নোয়াখালী সদরের চরজুবলী গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে সালাউদ্দিন (৩৫)

র‌্যাব জানায়, ৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে লেমুয়া বাজার এলাকায় ভিক্ষা করছিলেন এক নারী। তখন মেহেরাজ নামে এক যুবক তাকে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ছনুয়া ইউনিয়নের এবিএম ব্রিক ফিল্ডে নিয়ে যায়। সেখানে শ্রমিকদের থাকার কক্ষে মেহেরাজ তাকে ধর্ষণ করে। এরপর পালাক্রমে সমির, দেলোয়ার হোসেন, তারেক, রমজান আলী, বাবু, মেহরাজ, রিদনসহ কয়েকজন ওই নারীকে ধর্ষণ করে। একপর্যায়ে তাকে বাসে উঠিয়ে দেওয়ার জন্য মহাসড়কে নিয়ে গেলে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। স্থানীয়দের সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠান।

ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আটজনকে এজাহারনামীয় ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে ফেনী মডেল থানায় ধর্ষণ মামলা করেন।

মামলার পর থেকেই পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত অব্যাহত রাখে র‌্যাব। পরে র‌্যাবের একটি দল ১৫ সেপ্টেম্বর অভিযান চালিয়ে সালাউদ্দিনকে গ্রেফতার করে। সালাউদ্দিনের দেওয়া তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব জানতে পারে গণধর্ষণের মূলহোতা পলাতক আসামি মেহরাজ ফেনীর দাগনভূঞার দিলপুর এলাকায় অবস্থান করছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে মেহরাজকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়: ফখরুল

এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

আমাদের দাবি একটাই, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয় । তাই বিনীত অনুরোধ করব, এখন এই সংসদ ভেঙে দিন। দলীয় লোক দিয়ে গঠিত নির্বাচন কমিশন বিলুপ্ত করুন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রংপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে তারুণ্যের রোডমার্চ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

এতে সভাপতিত্ব করেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

ফখরুল ইসলাম আলমগীর জানায়, সরকার বলছে তাদের অধীনে আগে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবারও সুষ্ঠু হবে। কিন্তু আমরা দেখেছি এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি।

বিএনপির মহাসচিব জানান, এই আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন করতে পারি তাহলে আমরা একটি জাতীয় সরকার গঠন করব।

৪ ঘণ্টার ব্যবধানে নরসিংদীতে আবারও সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

৪ ঘণ্টার ব্যবধানে নরসিংদীতে আবারও সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

নরসিংদীর শিবপুরে মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন দুজন।

শুক্রবার দিনগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী।

আহতরা হলেন- মাদারীপুর জেলার কুতুবপুর থানার শিবচরের হাসিনা বেগম (৩৯) এবং সানজিদা বেগম (১৯)। তাদের নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে রায়পুরা উপজেলার ভিটিমরজাল এলাকায় সিএনজিচালিত অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও তিন আহত হন।

স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী জানান, রাত ২টার দিকে নরসিংদীর শিবপুর শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। আমরা জাতীয় জরুরী সেবা থেকে কল পেয়ে উদ্ধার অভিযান চালাই। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপালে ভর্তি করা হয়েছে। আমরা ইটাখোলা হাইওয়ে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করেছি।

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ রাতে

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ রাতে

ডেস্ক রিপোর্ট:

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে আজ রাতে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ফল প্রকাশের কথা রয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত এ ধাপে আবেদন করার সুযোগ পান শিক্ষার্থীরা।

এদিকে, আজ রাতে একই সঙ্গে প্রথম ধাপে নির্বাচিতদের মধ্যে মাইগ্রেশনের আবেদন করা শিক্ষার্থীরা কে, কোন কলেজ পেলেন, তা জানিয়ে দেওয়া হবে।

ফল প্রকাশের পর রোববার সকাল ৮টা থেকে দ্বিতীয় ধাপে নির্বাচিতরা প্রাথমিক নিশ্চায়নের সুযোগ পাবেন। এ নিশ্চায়ন প্রক্রিয়া চলবে ১৮ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত।

নিশ্চায়নের জন্য এ সময়ের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ে রেজিস্ট্রেশন ফি বাবদ ৩৩৫ টাকা জমা দিতে হবে। তবে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।

এদিকে, দ্বিতীয় ধাপে কলেজ না পাওয়া শিক্ষার্থীরা তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পাবেন। আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে।

ভর্তি শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর, যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এ বছর বিভিন্ন কলেজের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। এবার ভর্তির সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা। ভর্তি শেষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

একাদশ শ্রেণিতে ভর্তিতে এবার মোট আসন ২৬ লাখ চার হাজার ৮৫৬টি। প্রথম ধাপে ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী নির্বাচিত হন। তাদের মধ্যে নিশ্চায়ন করেছেন ১০ লাখ ২৬ হাজার ৬৫৭ জন। অর্থাৎ প্রথম ধাপে কলেজ পেয়েও নিশ্চয়ন করেননি ২ লাখ ৩৫ হাজারেরও বেশি শিক্ষার্থী।

অন্যদিকে পছন্দক্রম জটিলতায় আবেদন করেও প্রথম ধাপে নির্বাচিত হননি এসএসসি উত্তীর্ণ ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে সাড়ে ৮ হাজারের বেশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও রয়েছেন।

হাজিরা বাড়ি ভাড়ায় বেঁচে যাওয়া ৪৯ কোটি টাকা ফেরত পাচ্ছেন

হাজিরা বাড়ি ভাড়ায় বেঁচে যাওয়া ৪৯ কোটি টাকা ফেরত পাচ্ছেন

ডেস্ক রিপোর্ট:

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া হাজিরা বাড়ি ভাড়া ও অন্যান্য খাতে উদ্বৃত্ত অর্থ ফেরত পাচ্ছেন। ১০ হাজার ৩০ জন হাজির ব্যাংক হিসাবে ৪৮ কোটি ৮৮ লাখ ১ হাজার ১৪৯ টাকা ফেরত দেওয়া হচ্ছে। সম্প্রতি ধর্ম মন্ত্রণালয় থেকে সোনালী ব্যাংকের মতিঝিল স্থানীয় কার্যালয় শাখার মহাব্যবস্থাপককে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৩ সালের হজের সরকারি মাধ্যমের হজযাত্রীদের সৌদি আরব পর্বে দেওয়া প্যাকেজ মূল্যের বাড়ি ভিত্তিক উদ্বৃত্ত অর্থ নিবন্ধনকালে দাখিল করা বা পরবর্তীতে সংশোধিত ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

সরকারি হজযাত্রীদের জন্য ১৬টি বাড়ির ভাড়ার ক্ষেত্রে এই অর্থ উদ্ধৃত রয়েছে। এর মধ্যে বাড়ি-১ এর ক্ষেত্রে প্রত্যেক হাজি ৫৬ হাজার ৩২ টাকা, বাড়ি-২ এর ক্ষেত্রে ৫৭ হাজার ৪৮০ টাকা, বাড়ি-৩ এর ক্ষেত্রে ৫১ হাজার ৭৪৫ টাকা, বাড়ি-৪ এর ক্ষেত্রে ৫১ হাজার ৭৪৫ টাকা, বাড়ি-৫ এর ক্ষেত্রে ৬১ হাজার ৭৬৬ টাকা, বাড়ি-৬ এর ক্ষেত্রে ৬০ হাজার ৩৪৭ টাকা, বাড়ি-৭ এর ক্ষেত্রে ৬৩ হাজার ২১৪ টাকা, বাড়ি-৮ এর ক্ষেত্রে ৩১ হাজার ৬৭৩ টাকা করে ফেরত পাবেন।

এছাড়া বাড়ি-৯ এ থাকা হাজিরা প্রত্যেকে ৬৩ হাজার ২১৪ টাকা, বাড়ি-১০ এর প্রত্যেকে ৫১ হাজার ৭৪৫ টাকা, বাড়ি-১১ এর প্রত্যেকে ৬৩ হাজার ২১৪ টাকা, বাড়ি-১২ এর প্রত্যেকে ৪৬ হাজার ১০ টাকা, বাড়ি-১৩ এর প্রত্যেকে ৪৬ হাজার ১০ টাকা, বাড়ি-১৪ এর প্রত্যেকে ৫৪ হাজার ৬১২ টাকা, বাড়ি-১৫ এর প্রত্যেকে ৪৬ হাজার ১০ টাকা এবং বাড়ি-১৬ এর প্রত্যেকে ২৫ হাজার ৯৩৮ করে ফেরত পাচ্ছেন।

চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালন করেন।

এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. মঞ্জুরুল হক জানান, ‘এবার হজে সৌদি অংশে বাড়ি ভাড়ার ক্ষেত্রে যে খরচটা হওয়ার কথা ছিল তা হয়নি, তা থেকে উদ্বৃত্ত রয়েছে। অন্যান্য কিছু খাতেও টাকা উদ্বৃত্ত রয়েছে। সব মিলিয়ে সেই টাকাটা আমরা হাজিদের ফেরত দিচ্ছি। হজ কার্যক্রম পরিচালনা করে সরকার লাভ করে না। প্যাকেজের যেটা খরচ হয়, বাকিটা হাজিদের ফেরত দেওয়া হয়। আগেও দেওয়া হয়েছে, এবারও দেওয়া হচ্ছে।’

কুমিল্লা থেকে ৪৫টি কচ্ছপ উদ্ধার করে গাজীপুরে অবমুক্ত

কুমিল্লা থেকে ৪৫টি কচ্ছপ উদ্ধার করে গাজীপুরে অবমুক্ত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা থেকে উদ্ধার করা প্রায় বিলুপ্ত প্রজাতির ৪৫টি কচ্ছপ গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা বিভাগের বিভাগীয় কর্মকর্তা শারমিন আক্তার ও জীব বৈচিত্র্য কর্মকর্তা রুবিয়া ইসলাম কচ্ছপগুলো উদ্যানের খালে অবমুক্ত করে।

গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ কচ্ছপগুলো উদ্ধার করে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণের ঢাকা বিভাগীয় কর্মকর্তা শারমিন আক্তার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় মংলাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। পরে বাসে থাকা ককশিটের কার্টনের ভেতর থেকে কচ্ছপগুলো জব্দ করা হয়। এ কচ্ছপ গুলো একটি শিশুর হেফাজতে ছিল। কচ্ছপগুলো বাগেরহাটের মোল্লার হাটে নেওয়ার কথা ছিল।

পরে শুক্রবার বিকেলে কচ্ছপগুলো গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের খালে অবমুক্ত করা হয়েছে। উদ্ধার হওয়া চার জাতের কচ্ছপ রয়েছে। এর মধ্যে রয়েছে সুন্দি কাছিম, বড় কাইচ্ছা, হলুদ কাইচ্ছা ও ধুম কাছিম।

কুবিতে গণরুমের শিক্ষার্থীদের হল ছাড়ার প্রাথমিক নির্দেশ দিলেন প্রাধ্যক্ষরা

কুবিতে গণরুমের শিক্ষার্থীদের হল ছাড়ার প্রাথমিক নির্দেশ দিলেন প্রাধ্যক্ষরা

কুবি প্রতিনিধি:

গণরুমের সংস্কৃতি বিলুপ্ত করার ঘোষণা দেওয়ার পর গণরুমে অবস্থানরত শিক্ষার্থীদের হল ছাড়ার প্রাথমিক নির্দেশ দিয়েছেন বিভিন্ন আবাসিক হলের প্রাধ্যক্ষরা। আবাসন নীতিমালা অনুসারে সিট বরাদ্দ দেওয়া হবে জানিয়েছেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলের বিপরীতে ছেলেদের ৩টি হলেই গণরুম রয়েছে। সেখানে প্রায় কয়েকশ শিক্ষার্থী গাদাগাদি করে থাকে বলে জানা গেছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের অনেকেই গণরুমে উঠতে শুরু করেছে।

বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক তোফায়েল হোসেন মজুমদার বলেন, উপাচার্য স্যারের নির্দেশনা অনুযায়ী আমি শিক্ষার্থীদের সাথে বসেছি, এবং তাদেরকে মৌখিকভাবে নিদিষ্ট মেস বা অন্যকোনো ব্যবস্থা করতে বলছি। রবিবারে তাদেরকে নোটিশ দিয়ে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে। আর যাদের স্নাতকোত্তরের ফাইনালি রেজাল্ট হয়ে গেছে তাদের চলতি মাসের মধ্যে হল ছেড়ে দিতে জানিয়ে দেওয়া হয়েছে।

কী অনুযায়ী সিট বরাদ্দ দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের চারটি বিষয় (মেধা, সিনিয়র-জুনিয়র, দূরত্ব, আর্থিক) বিবেচনা করে দেওয়া হবে।

এদিকে কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ মিহির লাল মিহির লাল ভৌমিকও একই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান বলেন, আমার হলে কোন গণরুম নেই, তবে নিচে কয়েকটি রুমে ছয়জনের জায়গায় সাতজন থাকে। যাদের স্নাতকোত্তর রেজাল্ট দিয়ে দিয়েছে তাদের কয়েকজনকে অলরেডি আমি সিট বাতিল করে দিয়েছি। আর পরীক্ষা নিয়ন্ত্রক থেকে যে রেজাল্ট শিট আসবে সে অনুযায়ী তাদের সিট বাতিল করা হবে। সেই স্থানে নতুন শিক্ষার্থীদের আবাসিকতা দেওয়া হবে।

এর আগে গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে গণরুম বন্ধ সহ আবাসিক হলের বিষয়ে ৮টি সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।