All posts by jitu

সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করায় ছাত্রলীগের ৬৮ নেতাকর্মী বহিষ্কার

 

ডেস্ক রিপোর্টঃ

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করায় সারাদেশে ছাত্রলীগের ৬৮ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের আদর্শ পরিপন্থী কাজ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ছাত্রলীগ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে ১৭ নেতাকর্মীকে বহিষ্কারের তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতাকর্মীর মধ্যে কসবা উপজেলার সাতজন, আখাউড়ার চারজন, সরাইলের চারজন এবং আশুগঞ্জ ও নবীনগর উপজেলার একজন করে রয়েছেন।

জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বির সই করা পৃথক চারটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৯ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছয় নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।

চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হামেদ হুসাইন মেহেদী ও সাধারণ সম্পাদক রেমি হাসান ইমন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছয় নেতাকে অব্যাহতি দেওয়া হয়।

এ ছাড়া লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে পুটিবিলা ইউনিয়ন ছাত্রলীগের ৯ নেতাকে বহিষ্কার করা হয়। এ ছাড়া সাত নেতাসহ এ পর্যন্ত ১১ জন ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে বুধবার সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়।

বুধবার রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ তারেককে অব্যাহতি দেওয়া হয়।

এ ছাড়া সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় পাবনায় ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বিষয়টি নিশ্চিত করেন।

ফুটবল থেকে নতুন করে কিছু পাওয়ার নেই, যা পাওয়ার ছিল সবই পেয়েছি: মেসি

 

স্পোর্টস ডেস্কঃ

লিওনেল মেসি মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে শুরু করেছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়। অভিষেক ম্যাচে ফ্রি-কিকে দুর্দান্ত এক গোলের পর টানা ছয় ম্যাচ গোলের দেখা পেয়েছেন তিনি। ফলে ক্লাবের হয়ে ছয় ম্যাচ খেলেই তার গোল সংখ্যা ৯। তার হাত ধরেই প্রথমবারের মতো লিগস কাপের ফাইনালে উঠেছে দলটি।

এদিকে মায়ামির হয়ে খেলা শুরুর পর এবারই প্রথম সংবাদ সম্মেলনে এসেছিলেন মেসি। আর বিশ্বজয়ী মহাতারকার কথা শুনতে সংবাদকর্মীদের উপচেপড়া ভিড় ছিল। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে নিজের প্রথম সংবাদ সম্মেলনে আলবিসেলেস্তে অধিনায়ক কথা বলেছেন দীর্ঘ সময়।

বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে উয়েফার এবারের বর্ষসেরা নির্বাচিত হওয়ার দৌড়ে শীর্ষ তিনে আছেন কোন তিনজন। ইউরোপ ছাড়লেও কেভিন ডি ব্রুইনা এবং আর্লিং হালান্ডের সঙ্গে মেসিও আছেন ব্যক্তিগত এ পুরস্কার অর্জনের দৌড়ে। এদিকে এ পুরস্কার ছাড়াও এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়েও খুব ভালোভাবেই আছেন মেসি। গতকাল সংবাদ সম্মেলনেও তাকে প্রশ্ন করা হয়েছিল এ ব্যাপারে।

ব্যালন ডি’অর নিয়ে প্রশ্নের উত্তরে মেসি বলেন, আমার মনে হয় ক্যারিয়ারের বিভিন্ন সময়ে এ প্রশ্নের উত্তর আমি দিয়েছি। ব্যালন ডি’অর খুবই গুরুত্বপূর্ণ একটি পুরস্কার। ব্যক্তিগত পর্যায়ে সারাবিশ্বেই এটি সব থেকে আকর্ষণীয় একটি। কিন্তু আমি কখনই ব্যক্তিগত পুরস্কার নিয়ে মাথা ঘামাইনি, দলগত অর্জনই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

নিজের ক্যারিয়ারে সবকিছু পেয়েছেন জানিয়ে তিনি বলেন, আমি খুব ভাগ্যবান যে আমি ক্যারিয়ারের সবকিছুই অর্জন করেছি। বিশ্বকাপের অপূর্ণতা ছিল কিন্তু কাতারে তাও পেয়েছি আমি। তাই ব্যালন ডি’অর নিয়ে এখন খুব কমই ভাবি।

বিশ্বজয়ের পর একাধিক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন ফুটবল থেকে তার নতুন করে আর কিছু পাওয়ার নেই। গতকালও একই কথা মনে করিয়ে দিয়েছেন বিশ্বজয়ী এ তারকা। তিনি বলেন, আমি এখন উপভোগ করছি। ব্যালন ডি’অর নিয়ে ভাবছি না, এটি যদি পাই তা হলে ভালো, তা হলেও ক্ষতি নেই। কেননা, আমার যা পাওয়ার ছিল তার সবই আমি পেয়েছি।

বর্তমানে মায়ামির হয়ে শিরোপা জয়ই তার উদ্দেশ্য জানিয়ে মেসি বলেন, আমরা মায়ামিতে এসেছি ক্লাবকে ভালো পর্যায়ে নিতে, শিরোপা জিততে এবং ব্যক্তিগত পর্যায়েও আমি শুধু এটা নিয়েই ভাবছি।

বঙ্গোপসাগরে লঘুচাপ, সপ্তাহজুড়ে ভারী বর্ষণের আভাস

 

ডেস্ক রিপোর্টঃ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে আবারও বাড়তে পারে বৃষ্টি। এ ছাড়া দেশের ১৪ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুর ও সিলেট বিভাগসহ পাবনা ও বগুড়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আপনি তত্ত্বাবধায়ক চাইলে পাকিস্তানে চলে যান: ফখরুলকে কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘পৃথিবীর একটা দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রয়েছে, পাকিস্তানে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলব, আপনি তত্ত্বাবধায়ক চাইলে পাকিস্তানে চলে যান। না হয় তত্ত্বাবধায়কের দাবি ছেড়ে নির্বাচনে আসুন। নয়তো আম ও ছালা দুটোই হারাবেন।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সতর্ক থাকবেন। আগুন নিয়ে বিএনপি-জামায়াত আবারো সন্ত্রাস চালাতে পারে।

‘তাদের (বিএনপির) আন্দোলনে হাজার হাজার কোটি টাকা আসছে, এই টাকা কোথা থেকে আসে’- এ প্রশ্নও তুলেছেন কাদের।

বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ সমাবেশে’ তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল বিএনপি- এমন অভিযোগ করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘হাজারো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। কী অত্যাচার তাদের ওপর করা হয়েছে! বিএনপি এখনো প্রকাশ্যে রাজনীতি করছে। তাদের আন্দোলনে হাজার হাজার কোটি টাকা আসছে। এই টাকা কোথা থেকে আসে?’

তিনি বলেন, ফখরুল সাহেব ইতিহাস ভুলে গেছেন? আজকে অবাক লাগে মির্জা ফখরুল যখন বলেন- আওয়ামী লীগ নাকি জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করছে। দিনের আলোতে যাদের চক্ষু লজ্জা নেই তারা অন্ধকারে বলতে পারে।

ওবায়দুল কাদের বলেন, এ মাসটি আমাদের জন্য রক্তক্ষরণের মাস। এ মাসে আমাদের বেদনা অশ্রু গড়িয়ে পড়ে। এই মাসে ভয়াল ট্র্যাজেডির স্মৃতি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, বঙ্গবন্ধুর আত্মহত্যা, বঙ্গবন্ধুর অবর্তমানে বিশ্বস্ত ঠিকানার নাম শেখ হাসিনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে কোথায় থেকে কোথায় নিয়ে এসেছেন? ১৫ বছর আগের বাংলাদেশ আজকের বাংলাদেশ। অন্ধকার থেকে আলোকিত করেছেন শেখ হাসিনা। এখানে মানুষ অভাব অনটনে থাকত, এখানকার মানুষ অন্ধকারে থাকত, সেই বাংলাদেশকে আজকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত করেছেন শেখ হাসিনা।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

সিরিজ বোমা হামলার প্রতিবাদে তিতাসে যুবলীগ নেতা সারওয়ার বাবুর উদ্যোগে সমাবেশ

 

স্টাফ রিপোর্টারঃ

২০০৫ সালের ১৭ আগষ্ট ৬৩ জেলায় এক যুগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মৌলবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর উদ্যোগে তিতাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুবিতে ছাত্রলীগের ৩ গ্রুপের পদযাত্রা

কুবি প্রতিনিধি:

২০০৫ সালের ১৭ আগস্ট সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সন্ত্রাস ও মৌলবাদ বিরোধী পদযাত্রা এবং সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের ৩ গ্রুপের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ক্যাম্পাসে পৃথক সময়ে এ পদযাত্রা করেন তারা।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশের সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনার সভা করে গ্রুপগুলো।

যার একটির নেতৃত্বে রয়েছেন শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, কাজী নজরুল ইসলাম হলের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান পলাশ, আরেক গ্রুপের নেতৃত্বে রয়েছেন ২০১৭ সালের বিলুপ্ত শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী। অন্য গ্রুপের নেতৃত্বে রয়েছেন শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি (ভারপ্রাপ্ত) তাহারাতবির হোসেন পাপন মিয়াজী।

এদিকে কমিটিবিহীন সাড়ে ৫ মাস সময় পার করছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। নতুন করে পদ পেতে ছাত্ররাজনীতি সক্রিয় হচ্ছেন সাবেক নেতাকর্মীরাও। ফলে পদ প্রাপ্তিকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগে বিভক্তি বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কোম্পানীগঞ্জে দুটি হাসপাতাল সিলগালা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুটি হাসপাতালকে সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। এ সময় হেলথ কেয়ার নামের আরো একটি প্রাইভেট হাসপাতালকে সর্তক করা হয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার বসুরহাট বাজারে এ অভিযান চালানো হয়।

একই দিন সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। তিনি জানান, অনলাইনে আবেদন,ডিউটি ডাক্তার ও ডিল্পোমা নার্স না থাকায় মর্ডাণ হাসপাতালকে সিলগালা সিলগালা করা হয়। অপরদিকে, এ্যাপোলো মেডিকেল সেন্টারে প্যাথলজি টেকনিশিয়ান না থাকায় সিলগালা করা হয়। এ ছাড়া আরও হেলথ কেয়ার নামে একটি হাসপাতালকে সর্তক করা হয়।

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাতলামির দায়ে তরুণের কারাদন্ড

 

নোয়াখালী প্রতিনিধিঃ

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাতলামির দায়ে নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক তরুণকে ৭দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত তরুণের নাম আবদুল কাইয়ুব ওরফে রিয়াজ (২৪)। সে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দি লামছি গ্রামের মো.মফজলের ছেলে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চট্রগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভিতরে গাঁজা সেবন করে মাতলামি ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছিলেন এক তরুণ। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাকে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ। পরে অভিযুক্ত তরুণকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১টি মামলায় নগদ ১ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এরপর তাকে কবিরহাট থানায় হস্তান্তর করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, দন্ডপ্রাপ্ত তরুণকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

১২ টাকার ডিম ২০ টাকায় খাওয়ানোর হুঁশিয়ারি

 

ডেস্ক রিপোর্টঃ

ডিম আমদানি করলে ১২ টাকার ডিম ২০ টাকায় খেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল হক।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ইআরএফ মিলনায়তনে অনুষ্ঠিত পোল্ট্রি শিল্পে সংকট প্রান্তিক খামারিদের সুরক্ষা ও ডিম-মুরগির উৎপাদন খরচ হ্রাসে করনীয় শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএবি ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, আমদানি করে ডিমের দাম কমাতে চাইলে উল্টো আরো দাম বাড়বে। তখন ১২ টাকার ডিম ২০ টাকায় খেতে হবে। হঠাৎ করে ডিমের বাজার অস্থিতিশীল হওয়ার পেছনে কোন সিন্ডিকেট নেই বলেও বিএবি নেতারা দাবি করেন।

তারা বলেন, মুরগির ফিডের দাম না কমালে ডিমের উৎপাদন খরচ কমানো সম্ভব না। এজন্য ফিডের আমদানি মূল্য কমানোর দাবি জানানো হয়।

প্রতিদিন ৫ হাজার কদম হাঁটলেই সুস্থ: গবেষণা

 

লাইফ স্টাইল ডেস্কঃ

সুস্থ-সবল থাকার জন্য প্রতিদিন ১০ হাজার কদম হাঁটতে হবে, দীর্ঘদিন ধরে এমনটি বলা হয়ে আসছে; তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্যের উপকারের জন্য ৫ হাজার পা হাঁটাও যথেষ্ট হতে পারে। বিশ্ব জুড়ে ২ লাখ ২৬ হাজার মানুষের ওপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, প্রতিদিন ৪ হাজার কদম হাঁটলেও তা অকাল মৃত্যুর ঝুঁকি কমানোর জন্য যথেষ্ট। আর হৃদপিণ্ড ও রক্তনালীর উপকারিতার জন্য ২ হাজার ৩০০ কদম হাঁটতে হবে।

সুস্থ থাকার জন্য মানুষের হাঁটার পরিমাণকে সংখ্যার গণ্ডির মধ্যে ফেললেও গবেষকরা বলছেন, কেউ যত বেশি হাঁটবে, তত বেশি উপকার মিলবে। ৪ হাজার কদম হাঁটার পর ২০ হাজার পর্যন্ত প্রত্যেক অতিরিক্ত ১ হাজার কদম হাঁটলে অকালে মৃত্যুঝুঁকি ১৫ শতাংশ কমে যায়। পোল্যান্ডের মেডিক্যাল ইউনিভার্সিটি অব লজ এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের একটি দল তাদের গবেষণায় হাঁটার এই উপকারিতা খুঁজে পেয়েছে।

গবেষণায় দেখা গেছে, ৬০ বছরের নিচে যাদের বয়স, প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ হাঁটেন, তারাই সবচেয়ে বেশি উপকার পেয়েছেন। লজ ইউনিভার্সিটির অধ্যাপক ম্যাকিয়েজ বানাশ বলেন, চিকিৎসার জন্য উন্নত ওষুধের সংখ্যা বাড়লেও সুস্থতার জন্য সেগুলোই একমাত্র সমাধান নয়।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, ডায়েট ও অনুশীলনসহ জীবনধারার পরিবর্তনগুলোর ওপর আমাদের সর্বদা জোর দেওয়া উচিত, এটা আমাদের সমীক্ষার একটি প্রধান দিক ছিল। জীবনধারার পরিবর্তনই হৃদরাগের ঝুঁকি কমিয়ে দীর্ঘায়ু হওয়ার জন্য সহায়ক হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অপর্যাপ্ত শারীরিক কার্যকলাপ বা নিষ্ক্রিয়তার ফলে প্রতি বছর ৩২ লাখ মানুষ মারা যায়। অনেক বেশি বসে থাকার ফলে মানুষের যে সমস্যাগুলো হয়, সেগুলোর ওপর জোর দিয়েছেন বৈশ্বিক ফিটনেস কোম্পানি ব্যারিসের প্রশিক্ষক হানি ফাইন। তার মতে, দৈহিক নিষ্ক্রিয়তা বিপাক প্রক্রিয়াকে শ্লথ করে দিতে পারে এবং পেশীর সম্প্রসারণ ও শক্তিকে কমিয়ে দিতে পারে, যার ফলে ব্যথা হতে পারে। ‘অনেক বেশি বসে থাকার ফলে পিঠের সব রকমের সমস্যা হতে পারে। অফিসে চাকরি করা লোকেদের ক্ষেত্রে এটি আমরা বেশি দেখতে পাই। তাদের পিঠ ক্রমাগত চাপে সংকুচিত অবস্থায় থাকে, যা পরবর্তী সময়ে আরও অনেক সমস্যার সৃষ্টি করে।’

শারীরিক অনুশীলন বা ব্যায়ামহীন কার্যক্রম ‘থার্মোজেনেসিস’ এর গুরুত্ব তুলে ধরেন হানি ফাইন, যেটি ‘নিট’ নামেও পরিচিত। সহজ কথায়, মানুষের কাজকর্মের মধ্যেই শক্তি আর ক্যালোরি পোড়ানোর প্রক্রিয়া এটি। দাঁড়িয়ে থাকা, বাজার-সদাই বহন করা, মেঝে পরিষ্কার, হুভার দিয়ে ধুলাবালি পরিষ্কার করা ও ফোনে কথা বলার সময় পায়চারি করা এসব ছোটখাটো জিনিসগুলো আমাদের আরো সক্রিয় করে তোলে এবং আরো কার্যকর উপায়ে ক্যালোরি পোড়াতে সাহায্য করে। হানি ফাইন বলেন, নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তোলা কারো কারো জন্য কঠিন হতে পারে। তবে হাঁটার অভ্যাসের ফলাফল অসাধারণ।