All posts by jitu

সাংবাদিক মওদুদ আব্দুল্লাহের দায়ের করা মামলার সুবিচারের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

সাংবাদিক মওদুদ আব্দুল্লাহের দায়ের করা মামলার সুবিচারের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ এনে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও সুবিচার কামনা করেছেন ভুক্তভোগী সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র। তিনি দাবি করেছেন, প্রায় এক যুগ ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসা একটি চক্রের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ দায়ের করা হলেও তাদের তৎপরতা এখনো বন্ধ হয়নি।

ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত চক্রটি প্রকাশ্যে বিভিন্ন ছদ্মবেশে মোটরসাইকেলে করে শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে। অনেক সময় তাদের মোটরসাইকেলে নাম্বার প্লেট থাকে না এবং তারা মুখে কালো মাস্ক ও লাল-কালো হেলমেট পরে চলাচল করে। চক্রটির সঙ্গে ভাড়া করা বখাটে, ছিনতাইকারী এবং কিছু নারী সদস্যও জড়িত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে জি আর ও সি আর মামলা চলমান রয়েছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া একটি মামলার এফআইআর নম্বর ৪১ (জি আর ৮৫০, তারিখ: ১৪ নভেম্বর ২০২৪) এবং অপর একটি দস্যুতা মামলার এফআইআর নম্বর ৫১ (জি আর ৮১২, তারিখ: ১৬ অক্টোবর ২০২৫) বর্তমানে তদন্তাধীন রয়েছে।

সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র জানান, ২০১৭ সালের ৩ মে থেকে শুরু করে ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি একাধিক জিডি করেছেন। তিনি দাবি করেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বারবার বাধা, চাঁদা দাবি, হামলা, অস্ত্র প্রদর্শন ও মারধরের শিকার হয়েছেন। এক ঘটনায় হেলমেটধারী দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তার পথরোধ করে তাকে আহত করে ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, গ্রেপ্তার হওয়া দুই আসামির পরও অপরাধচক্রের অন্য সদস্যরা মামলা প্রত্যাহারের জন্য তাকে বিভিন্নভাবে চাপ দিচ্ছে এবং ভয়ভীতি প্রদর্শন করছে। এ ছাড়া তারা কখনো কখনো নিজেদের প্রশাসনের সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধেও জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে নিরাপত্তা চেয়ে গত ১ মার্চ ২০২৬ তারিখে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি অনলাইন জিডি (নম্বরু২৬) করা হয়েছে। পাশাপাশি কুমিল্লা জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে, যার রিসিভড ডকেট নম্বর ৩৪৩৯ (ই-তথ্য কেন্দ্র)। একই তারিখে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়েও একটি লিখিত স্মারকলিপি দেওয়া হয় (রিসিভড স্মারক নম্বর: ১৫৭০/এম)।

মানবাধিকার কর্মী ও “মানবাধিকার খবর” পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, “একজন সাংবাদিক আইনের আশ্রয় নেওয়ার পরও যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তবে তা উদ্বেগজনক। প্রশাসনের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দায়ের করা মামলা ও জিডির ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, “কিছু আসামি স্থান পরিবর্তন করায় তাদের গ্রেপ্তারে সময় লাগছে। তবে দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। ঘটনাটি নিয়ে স্থানীয় সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর দাবি, নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা হলে নাগরিক নিরাপত্তা এবং আইনের প্রতি মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।

দাউদকান্দিতে বসতভিটায় অগ্নিকাণ্ড ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

দাউদকান্দিতে বসতভিটায় অগ্নিকাণ্ড ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

 

​নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ

​কুমিল্লার দাউদকান্দিতে একটি প্রবাসী পরিবারের ওপর অমানবিক নির্যাতন, বসতঘরে অগ্নিসংযোগ এবং পরবর্তীতে মিথ্যা ডাকাতির নাটক সাজিয়ে হয়রানিমূলক মামলা দায়ের করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। গত ২৮ ফেব্রুয়ারি রাতে উপজেলার পাঁচগাছিয়া গ্রামে এই নৃশংস অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আজ কুমিল্লা প্রেসক্লাবে বিকেলে সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ আনিছুর রহমান এ কথা বলেন।

ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পাঁচগাছিয়া গ্রামের মৃত ছালামত বেপারীর ছেলে ওমান প্রবাসী জুলহাসের বসতঘরে গত ২৮শে ফেব্রুয়ারি রাত ৩:৩০ মিনিটের দিকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষ মিজান, দিদার ও রবিন গং। এতে ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনায় দাউদকান্দি থানায় মামলা (নং-০৬) দায়ের হলে পুলিশ ৩নং আসামি রবিনকে গ্রেফতার করে। পরবর্তীতে বাকি আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

অভিযোগ উঠেছে, আসামিরা জেলহাজতে যাওয়ার পর তাদের স্বজন রোজিনা, রত্না ও রুমা আক্তার ক্ষিপ্ত হয়ে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিতে থাকে। গত ৬ই মার্চ তারা নিজেদের হাত-পা বেঁধে ঘরবাড়ি তছনছ করে এলাকায় ‘ডাকাতি হয়েছে’ বলে মাইকে ঘোষণা দেয় এবং ফেসবুক লাইভে এসে প্রবাসীর পরিবারের সদস্যদের নাম জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালায়। তবে স্থানীয় পুলিশ ও সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ডাকাতির কোনো সত্যতা পাননি।

সর্বশেষ গত ১০ই মার্চ সন্ধ্যায় বিবাদীপক্ষ পুনরায় একটি ষড়যন্ত্রমূলক ঘটনার অবতারণা করে। তারা দাবি করে যে, চান্দিনা পৌরসভার কাঠেরপুল এলাকায় তাদের ওপর সুইচ গিয়ার দিয়ে হামলা করা হয়েছে। এই ঘটনায় রোজিনা আক্তার বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা (নং-০৭) দায়ের করেন।

ভুক্তভোগী মোঃ আনিছুর রহমান বলেন, “তারা আমাদের ঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে, এখন আবার আমাদের জেলে ঢোকানোর জন্য একের পর এক মিথ্যা নাটক সাজাচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” তিনি আরও জানান, ঘটনার সময় বিবাদীপক্ষের মোবাইল লোকেশন ট্র্যাকিং করলে এবং সিডিআর (CDR) পরীক্ষা করলেই তাদের এই সাজানো নাটকের সত্যতা বেরিয়ে আসবে।

​এই বিষয়ে সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচারের দাবিতে কুমিল্লার পুলিশ সুপার বরাবর একটি লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। তারা একজন ন্যায়পরায়ণ অতিরিক্ত পুলিশ সুপারের মাধ্যমে ঘটনার সরজমিন তদন্ত ও হয়রানি থেকে মুক্তির দাবি জানিয়েছেন।

চান্দিনায় দুর্নীতি রোধে মাঠে এনসিপি: ইউনিয়ন পর্যায়ে হঠাৎ মনিটরিং

চান্দিনায় দুর্নীতি রোধে মাঠে এনসিপি: ইউনিয়ন পর্যায়ে হঠাৎ মনিটরিং

 

স্টাফ রিপোর্টারঃ

দুর্নীতি, অনিয়ম ও প্রশাসনিক জটিলতা প্রতিরোধে কুমিল্লার চান্দিনা উপজেলা জুড়ে ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসগুলোতে মাঠপর্যায়ে মনিটরিং কার্যক্রম শুরু করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। এ কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির চান্দিনা উপজেলা আহ্বায়ক আবুল কাশেম অভি।

সংগঠন সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের সরকারি সেবা প্রাপ্তি সহজ করা, দাপ্তরিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি উপজেলার মাধাইয়া ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন চালানো হয়।

পরিদর্শনকালে এনসিপির নেতৃবৃন্দ সরাসরি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং সেবা কার্যক্রমের বাস্তব চিত্র যাচাই করেন। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন দপ্তরে সেবার নামে হয়রানি, অযথা বিলম্ব এবং অতিরিক্ত অর্থ আদায়ের মতো অনিয়ম প্রায়ই ঘটে থাকে। এসব অভিযোগের সত্যতা যাচাই ও প্রমাণ সংগ্রহেই মূলত এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আহ্বায়ক আবুল কাশেম অভি বলেন, “আমরা চাই সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে এবং সঠিকভাবে সরকারি সেবা পায়। কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না। তাই প্রতিটি ইউনিয়নে হঠাৎ করেই এ ধরনের মনিটরিং পরিচালনা করা হবে।”

তিনি আরও জানান, কার্যক্রমটি অনেকাংশে গোপনীয়ভাবে পরিচালিত হচ্ছে, যাতে সংশ্লিষ্ট দপ্তরগুলো আগাম প্রস্তুতি নিয়ে তথ্য গোপনের সুযোগ না পায় এবং প্রকৃত চিত্র উঠে আসে।

এনসিপি সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে চান্দিনা উপজেলার সব ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসে এই মনিটরিং কার্যক্রম বিস্তৃত করা হবে। কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তা লিখিত প্রতিবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের মতে, নিয়মিত এমন তদারকি থাকলে সরকারি সেবার মান উন্নত হবে, সেবাগ্রহীতাদের ভোগান্তি কমবে এবং প্রশাসনের ওপর জনগণের আস্থা বাড়বে।

সুশাসন প্রতিষ্ঠায় বেসরকারি ও রাজনৈতিক সংগঠনগুলোর এ ধরনের তদারকি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এটি কার্যকর করতে হলে প্রশাসনের সহযোগিতা, স্বচ্ছ তদন্ত প্রক্রিয়া এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি: চাঁদপুরে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি: চাঁদপুরে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুর শহরের রেলওয়ে ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১ এপ্রিল) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর শহরের ৫নং রেলওয়ে ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয় করা, রেজিস্ট্রারে বিক্রয়ের তথ্য এন্টি না করা, একাধিক বিক্রয় মেমো বই ব্যবহার এবং মূল্য তালিকা না থাকার অপরাধে মেসার্স শাহাজালাল ট্রেডার্স কে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি: চাঁদপুরে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক নিরাপত্তায় অভিযানকালে উক্ত এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। এবং অভিযুক্ত প্রতিষ্ঠান মালিক জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করার পাশাপাশি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল

ইমরান বলেন, নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

কুমিল্লার চান্দিনায় লরি চাপায় স্কুল ছাত্র নিহত

কুমিল্লার চান্দিনায় লরি চাপায় স্কুল ছাত্র নিহত

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় লরি চাপায় ইবনে তাইম (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তাইম।

নিহত স্কুল ছাত্র ইবনে তাইম চান্দিনা পৌর এলাকার রারিরচর গ্রামের বাবুল মিয়ার ছেলে। সে বড়গোবিন্দপুর আলী মিঞা ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়- চান্দিনার বড়গোবিন্দপুর আলী মিঞা ভূইয়া উচ্চ বিদ্যালয়টি মহাসড়কের পাশে অবস্থিত। তাইম সকালে বাড়ি থেকে বের হয়ে প্রতিদিনের ন্যায় মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকা থেকে মারুতিতে উঠতে যায়। এসময় চট্টগ্রামমুখী একটি লড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন ঘটনাটি নিশ্চিত করেন।

কুমিল্লায় মাদকের অভিযান, ৫৪ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১

হাবিবুর রহমান মুন্না।।

কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানা এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ সুমন সাহা (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে কোতয়ালী মডেল থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানটি পরিচালিত হয় ৬নং জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া কৃষ্ণপুর এলাকায় অবস্থিত ‘বাইতুত তাকওয়া’ নামীয় ভবনে।

অভিযানের সময় ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া সুমন সাহাকে আটক করা হয়। পরে তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তার বাসার বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়।

তল্লাশীকালে তার শয়নকক্ষ থেকে মোট ৫৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ২৫ বোতল রয়্যাল গ্রিন হুইস্কি (৭৫০ মিলিলিটার), ১১ বোতল রয়্যাল স্ট্যাগ হুইস্কি (৭৫০ মিলিলিটার) এবং ১৮ বোতল রয়্যাল স্ট্যাগ হুইস্কি (৩৭৫ মিলিলিটার)।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সুমন সাহা স্বীকার করেন, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে এসব বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন,“গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।

লেংটার মেলা থেকে ফেরার পথে দাউদকান্দিতে দুর্ঘটনায় দুইজন নিহত

দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে এক জনের অবস্থা আশষ্কাজনক।

আজ বুধবার ভোর ৪ টায় মহাসড়কের দাউদকান্দি উপজেলার কানড়া মাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।চাঁদপুর জেলার মতলব বেলতলী সোলেমান লেংটার মেলা থেকে বাড়ি ফেরার পথে দূর্ঘটনার শিকার হয় তারা।

নিহতরা হলো দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা দুজনই পেশায় অটোরিকশা চালক ছিলেন। আহতরা হলো সিএনজি চালক
মো. নবীর হোসেন (৩৮), প্রবাসী মো. কাওসার (৪০), সেলসম্যান ইসমাইল (৩৭) এবং দূর্ঘটনা কবলিত সিএনজি চালক দাউদকান্দি কদমতলী এলাকার মো. সাগর মিয়া (৩৫)। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর চিকিৎসা প্রদান করা হয়।

আহতরা জানান, কানড়া মাজারের সামনে সিএনজি থেকে নামার সময় পেছন থেকে কুমিল্লামুখী অজ্ঞাত একটি গাড়ি সজোড়ে ধাক্কা দিলে সিএনজি অটোরিকশাটি উল্টে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ২ নিহত হয় এবং চালকসহ ৪ জন আহত হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, পালিয়ে যাওয়া অজ্ঞাত গাড়িটি সনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, সড়ক দূর্ঘটনা রোধকল্পে মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে হাইওয়ে পুলিশকে আর কঠোর অবস্থানে যেতে হবে। পাশাপাশি সকল শ্রেণি পেশার মানুষকে সড়ক সম্পর্কে সচেতন হতে হবে। আমরা সড়কে মৃত্যুর মিছিল আর দেখতে চাই না।

হোমনায় বিদেশী পিস্তলসহ একজন গ্রেফতার, ম্যাগজিন ও গুলি উদ্ধার!

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার হোমনায় বিদেশী পিস্তল সহ মনির হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার গোপন সংবাদ পেয়ে হোমনা থানার এসআই মোছলেহ উদ্দিন ও এসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পরে তার তথ্য অনুযায়ী তার নিকট থেকে ৭.৬৫ বিদেশী পিস্তল,ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতার কৃত মনির হোসেন উপজেলার দুর্গাপুর গ্রামের মো. ইউনুস মিয়ার ছেলে।

হোমনা থানার ওসি ( তদন্ত) দীনেশ দাস গুপ্ত জনান তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিজের ঘরের বিক্ষোভে নজর দিন, ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট

নিজের ঘরের বিক্ষোভে নজর দিন, ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর ইসরাইলপন্থী নীতিকে ঘিরে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে, যা প্রশাসনের গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে টানা এক মাসের সংঘাত চলাকালে রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রজুড়ে অনুষ্ঠিত ‘নো কিংস’ বিক্ষোভের প্রসঙ্গ তুলে ধরেন। পেজেশকিয়ানের দাবি, মার্কিন সমাজের একটি অংশ দেশের নীতিনির্ধারণে বাইরের প্রভাব নিয়ে ক্রমেই হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠছে।

তিনি এই বিক্ষোভকে মার্কিন সমাজের গভীর অসন্তোষের প্রতিফলন হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানান। তাঁর মতে, এআই বিশেষজ্ঞদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে জানানো যে দেশের মানুষ “নো কিংস” আন্দোলনে অংশ নিচ্ছে এবং “ইসরাইলকে অগ্রাধিকার” দেওয়ার নীতির বিরোধিতা করছে।

পেজেশকিয়ান আরও বলেন, মার্কিন নাগরিকেরা গণতন্ত্রের ওপর “ইসরাইলি প্রভাব” নিয়ে ক্লান্ত ও বিরক্ত।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। হামলার শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং বেসামরিক নাগরিক নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। দুই পক্ষের মধ্যে টানা এক মাস ধরে এই পাল্টাপাল্টি হামলা চলছে।

এ পরিস্থিতিতে পাকিস্তান, তুরস্ক, মিসর এবং সৌদি আরব যুদ্ধ বন্ধে আলোচনার উদ্যোগ নিলেও ইরান যুক্তরাষ্ট্রের প্রতি আস্থাহীনতার কারণে আলোচনায় বসতে অনীহা প্রকাশ করেছে।
সূত্র: আল জাজিরা

ঈদের পথে লাশের মিছিল : মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ- সেভ দ্য রোড

ঈদের পথে লাশের মিছিল : মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ- সেভ দ্য রোড

 

ডেস্ক রিপোর্টঃ

ঈদের আগে-পরের ১৫ দিনে ৩৫৮ সহ মার্চে সড়ক-রেল ও নৌপথে ঝরেছে ৫৮৭ জনের প্রাণ। গবেষণা-সচেতনা ও স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা আরো জানান- ১৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত সড়ক-রেল ও নৌপথে চরম নৈরাজ্য-বিশৃঙ্খলা আর পুালিশ-প্রশাসনের কিছু কর্মকর্তা-কর্মচারির অবহেলায় ছোট-বড় ৩৫০১ টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৮৫৯ জন।

সেভ দ্য রোড-এর পক্ষ থেকে আরো জানানো হয়- অদক্ষ ও ক্লান্ত চালকদের দ্বারা পরিচালিত বাস-ট্রাক দুর্ঘটনা অতিতের ঈদের চেয়ে যেমন বেশি ঘটেছে, তেমনি নারী ও শিশু হতাহত ও নিহতর ঘটনাও ঘটেছে বেশি। ১৯৩৭ জন নারী ও শিশু আহত এবং নিহত হয়েছেন ২৯৪ জন। ষাটোর্ধ¦ পুরুষ ৮১১ আহত এবং নিহত হয়েছেন ১১২ জন। ১৮-৫৫ বছর বয়সী পুরুষ ১১১১ আহত এবং নিহত হয়েছেন ১৮১ জন।

সেভ দ্য রোড-এর চেয়ারম্যান আখতারুজ্জামান মন্ডল, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায় ও মহাসচিব শান্তা ফারজানাসহ সংশ্লিষ্ট গবেষণা সেল সদস্যদের তত্ত্বাবধানে বাংলাদেশ প্রতিদিন, দৈনিক যুগান্তর, দৈনিক ইনকিলাব, দৈনিক নয়াদিগন্ত, দৈনিক দিনকাল, দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, দৈনিক কালের কন্ঠ, দৈনিক জনকন্ঠ, দৈনিক কালবেলাসহ ১৭ টি জাতীয় দৈনিক, বাংলা ভিশন, আরটিভি, জিটিভি, যমুনা নিউজ, মাছরাঙ্গা, এটিএন বাংলাসহ ২০ টিভি-চ্যানেল, জাগো নিউজ, বাংলা নিউজ, বিডিনিউজসহ ২২ টি নিউজ পোর্টাল এবং স্থানিয় প্রত্যক্ষদর্শী-সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিগণের দেয়া তথ্যানুসারে এই প্রতিবেদনে আরো জানানো হয় যে, এবার যোগাযোগ মন্ত্রী-সচিবসহ সংশ্লিষ্টদের অদক্ষতা ও দায়সাড়া গোছের বক্তব্যের সুযোগে গড়ে ওঠা পরিবহন সিন্ডিকেটের কাছে অতিতের চেয়ে অনেক বেশি জিম্মি হয়েছিলো সাধারণ মানুষ। শত ভাগ বেশি ভাড়া দিয়েও বাস না পেয়ে অনেককেই ট্রাকের ছাদে যেমন উঠে যেতে হয়েছে বাড়ির পথে, তেমনি যাত্রী হতে হয়েছে পিকআপের মত বিপদজনক বাহনে। সেই সাথে যোগ হয়েছিলো জ্বালানি সংকটের বিড়ম্বনাও।

সড়ক-রেল ও নৌপথে ৩৮৫৯ টি দুর্ঘটনায় মোট ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ শত ২০ কোটি টাকারও বেশি বলে ধারণা করছেন সেভ দ্য রোড-এর গবেষণা সেল সদস্যগণ।

আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র সচেতনতা-গবেষণা ও স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর পক্ষ থেকে জানানো হয়- ২০২৪ সালের ৮ আগস্ট থেকে যে বিশৃঙ্খলা শুরু হয়েছিলো তৎকালিন যোগাযোগ উপদেষ্টার অবহেলা আর উশকানির পাশাপাশি বিআরটি-এর তৎকালিন চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশ্রয়ে-প্রশ্রয়ে, সেই ধারা এখনো অব্যাহত আছে এই সরকারের সময়ে। কারণ অতিতের সরকারগুলোর মত এই সরকারও সড়কে ফিটনেসবিহীন বাস, ড্রাইভিং লাইসেন্সহীন চালক এবং শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হয়েছে কেবলমাত্র সংশ্লিষ্ট সেক্টরে জগদ্দল পাথরের মত চেপে থাকা দুর্নীতিবাজ আমলা, মালিক ও শ্রমিক নেতাদের সীমাহীন দুর্নীতি-চাঁদাবাজী ও অপরিকল্পিত পদক্ষেপের কারণে। সড়কে চরম নৈরাজ্য-আইন না মানার সংস্কৃতি তৈরি হওয়ায় ক্রমশ সড়কে দূর্ঘটনা যেমন বৃদ্ধি করছে, তেমন আহত এবং নিহতের সংখ্যাও বাড়াচ্ছে। এমতবস্থায় সেভ দ্য রোড-এর পক্ষ থেকে সরকারি সহায়তার মাধ্যমে সমাজসচেতনতা, গবেষণা ও স্বেচ্ছাসেবি কর্মকাণ্ডের গতি বৃদ্ধির লক্ষ্যে সরকারের মন্ত্রী-সচিবসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি প্রয়োজন।

সেভ দ্য রোড-এর দাবি অনুযায়ী প্রতি ৩ কিলোমিটারে পুলিশ বুথ বা ওয়াচ টাওয়ার স্থাপন না করা ও হাইওয়ে পুলিশসহ জেলা-উপজেলা পর্যায়ের পুলিশ-প্রশাসনের দায়িত্বে অবহেলার কারণে এবারও ঈদযাত্রার ১৫ দিনে সড়কপথে ডাকাতির ঘটনা ঘটেছে। ১২২ টি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় আহত হয়েছেন ৯৬ জন। এছাড়াও নারী শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে ৩১৬ টি, ধর্ষণের ঘটনা ঘটেছে ১ টি। যার অধিকাংশই থানা-পুলিশের স্মরণাপন্ন হয়ানি বলে প্রত্যক্ষদর্শী ও সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিদের তথ্যে উঠে এসেছে।

নৌপথে কোস্টগার্ড ও নৌপুলিশের দায়িত্ব অবহেলার কারণে ১০২ টি দুর্ঘটনায় আহত হয়েছেন ১০৩ জন এবং নিহত হয়েছেন ১৫ জন। রেলপথে ২০ টি দুর্ঘটনায় আহত হয়েছেন ২১০ জন এবং নিহত হয়েছেন ১৪ জন। আকাশপথে কোনো দুর্ঘটনা না ঘটলেও জ্বালানি তেলের সংকটসহ বিভিন্ন কারণে শতাধিতক হজ্জ যাত্রীসহ ২৫৬ জন যাত্রীকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়েছিলো।

আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে গত ১৮ বছর ধরে রাজপথে থাকা স্বেচ্ছাসেবি-গবেষণা ও সচেতনতামূলক সংগঠন সেভ দ্য রোড-এর পক্ষ থেকে প্রতিবেদনে আরো বলা হয়- সড়কপথ, নৌপথ ও রেলপথের দুর্ঘটনামুক্ত পথ চলাচলের অধিকার রক্ষায় মালিক-শ্রমিক-প্রশাসনিক এবং সাধারণ জনগণের সমন্বয়ের কোন বিকল্প নেই বলে। পাশাপাশি সেভ দ্য রোড-এর পক্ষ থেকে গত ১৮ বছর যাবৎ ৪ পথ দুর্ঘটনামুক্ত করতে সেভ দ্য রোড-এর ৭ দফা দাবি নিয়ে কাজ করছে। ৭ দফা- ১. মিরেরসরাই ট্রাজেডিতে নিহতদের স্মরণে ১১ জুলাইকে ‘দুর্ঘটনামুক্ত পথ দিবস’ ঘোষণা করতে হবে। ২. ফুটপাত দখলমুক্ত করে যাত্রীদের চলাচলের সুবিধা দিতে হবে। ৩. সড়ক পথে ধর্ষণ-হয়রানি রোধে ফিটনেস বিহীন বাহন নিষিদ্ধ এবং কমপক্ষে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ও জাতীয় পরিচয়পত্র ব্যতিত চালক-সহযোগি নিয়োগ ও হেলপারদ্বারা পরিবহন চালানো বন্ধে সংশ্লিষ্ট সকলকে কঠোর পদক্ষেপ নিতে হবে। ৪. স্থল-নৌ-রেল ও আকাশ পথ দূর্ঘটনায় নিহতদের কমপক্ষে ১০ লাখ ও আহতদের ৩ লাখ টাকা ক্ষতি পূরণ সরকারীভাবে দিতে হবে। ৫. ‘ট্রান্সপোর্ট ওয়ার্কার্স রুল’ বাস্তবায়নের পাশাপাশি সত্যিকারের সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে ‘ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন’ বাস্তবায়ন করতে হবে। ৬. পথ দূর্ঘটনার তদন্ত ও সাজা ত্বরান্বিত করণের মধ্য দিয়ে সতর্কতা তৈরি করতে হবে এবং ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন গঠনের পূর্ব পর্যন্ত হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ সহ সংশ্লিষ্টদের আন্তরিকতা-সহমর্মিতা-সচেতনতার পাশাপাশি সকল পথের চালক-শ্রমিক ও যাত্রীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সকল পরিবহন চালকের লাইসেন্স থাকতে হবে। ৭. ইউলুপ বৃদ্ধি, পথ-সেতু সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ে দূর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যাতে ভাঙা পথ, ভাঙা সেতু আর ভাঙা কালভার্টের কারণে আর কোন প্রাণ দিতে না হয়।

উল্লেখ্য, ‘সেভ দ্য রোড-এর অঙ্গীকার পথ দূর্ঘটনা থাকবে না আর…’ বাক্যটিকে লালন রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ২০০৭ সালে পথচলা শুরু করে আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র সচেতনতা-গবেষণা ও স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড।