All posts by jitu

নোয়াখালীতে বিদ্যুৎ স্পৃষ্টে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে বিদ্যুৎ স্পৃষ্টে এক নিরাপত্তা প্রহরী মারা গেছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মো.বাহার (৫০) পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের আনিসুল হকের ছেলে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত ব্যক্তি উপজেলার জামতলা এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তা প্রহরী ছিলেন। বিকেলের দিকে ভবনের রড সরাতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

 

গাঁজা সেবন করে মোটরসাইকেল চালানোর দায়ে যুবকের কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাটে গাঁজা সেবন করে মোটরসাইকেল চালানোর দায়ে এক যুবককে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  একই সঙ্গে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১হাজার টাকা অর্থদন্ড করা হয়।
দন্ডিত যুবকের নাম মো.হৃদয় (২৮)। সে জেলার সদর উপজেলার কালিতারা গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলের দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের রাজাকারের টেক এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ।
আদালত সূত্রে জানা যায়, বিকেলের দিকে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের রাজাকারের টেক এলাকায় গাঁজা সেবন করে মোটরসাইকেল চালানোর সময় এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১হাজার টাকা অর্থদন্ড করা হয়।
অপরদিকে, হেলমেটবিহীন ও ফিটনেসবিহীন গাড়ি চালানোর অপরাধে ৩টি পৃথক মামলায় ৩ জনকে সড়ক পরিবহন আইনে ৬হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কবিরহাট থানার পুলিশ ও আনসার সদস্যগণ।

কবে আসছে শাহরুখের ডানকি, জানেন না তাপসী!

বিনোদন ডেস্ক:

শাহরুখ খানের সাথে রাজকুমার হিরানির আসন্ন সিনেমা ডানকিতে অভিনয় করেছেন তাপসী পান্নু। সোমবার ভক্তদের সাথে ইনস্টাগ্রামে আড্ডা দিয়েছেন এই বলিউড অভিনেত্রী।

‘আস্ক মি অ্যানি থিং’ নামের ওই সেশনে তিনি ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।
ডানকি কবে আসছে সেই প্রশ্ন এসেছিল স্বাভাবিকভাবে। কারণ সম্প্রতি ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাওয়া শাহরুখের আরেক সিনেমা জওয়ানের প্রিভিউও এরইমধ্যে ঝড় তুলেছে।

তাপসী ডানকির মুক্তির ব্যাপারে বলেছেন, ‌‘আমি কেবল জানি এই সিনেমায় আমি কয়েকদিন শ্যুটিং করেছি। আর এর বেশি জানতে চাইলে আপনাদের উচিত রাজকুমার হিরানির সাথে যোগাযোগ করা, তিনিই সিনেমাটির পরিচালক। আমার মনে হয় একমাত্র তিনিই জানেন ঠিক কখন কোনটা ঘটবে এবং সিনেমার ফার্স্টলুক কখন আসবে। আমি কেবল শ্যুটিংয়ে গেছি আর ফিরে এসেছি। আমি এই সিনেমার অংশ হতে পেরে সুখী।’

এখনো ডানকি মুক্তির আনুষ্ঠানিক দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি।

বঙ্গবন্ধু, বাংলাদেশ ও ভারত তিনটি নাম মুক্তিযুদ্ধের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত: অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

ভারত শুধু বাংলাদেশের নিকটতম প্রতিবেশীই নয়, বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ। আমাদের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে ভারতের নাম ওতপ্রোতভাবে জড়িত। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও ভারত ৩টি নাম মুক্তিযুদ্ধের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। ভারত শুধু বাংলাদেশের নিকটতম প্রতিবেশীই নয়, আমাদের বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু।

মঙ্গলবার গুজরাটের গান্ধীনগরে জি-২০ দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলনে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এসব কথা বলেন মুস্তফা কামাল।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে রয়েছে আমাদের ইতিহাসের, ভাষার, সংস্কৃতির, মনমানসিকতার গভীর সমন্বয়। রয়েছে উন্নয়ন-অগ্রযাত্রার সমৃদ্ধ ইতিহাস।

বৈঠকের শুরুতে ভারতের অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থমন্ত্রীকে স্বাগত জানান। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে দুই দেশের অর্থমন্ত্রী বিশদ আলোচনা করেন।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন প্রত্যক্ষ করতে বাংলাদেশ সফরের আহ্বান জানান মুস্তফা কামাল।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

চান্দিনা প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় চান্দিনা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি-জামায়াত দেশ বিরোধী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের করা হয়।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে চান্দিনা উপজেলার কাঠেরপুল থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ মামুন পারভেজ এর সভাপতিত্বে সমাবেশ হয়। এতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মাস্টার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী শহীদুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল জলিল।

এসময় পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক শ্রীধর বণিক, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক হেদায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এনায়েত উল্লাহ ভূঁইয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, শ্রম বিষয়ক সম্পাদক মো. আবদুর রব কাউন্সিলর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবি ছিদ্দিক, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি আক্তার আহমেদ নাদিম কাউন্সিলর, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মো. আবদুস ছালাম, অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, বাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সেলিম ভুঁইয়া, কাউন্সিলর আবদুস ছালাম, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম বাবু, কাজী তোফায়েল আহমেদ জনি, উপজেলা তাঁতীলীগ আহবায়ক আবদুল হালিম, পৌর যুবলীগ সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কাজী ইয়াছিন আহমেদ অভি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন প্রমুখ।

নোয়াখালীতে মাদক মামলায় তিনজনের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক মামলায় তিনজনকে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে জরিমানা করা হয় অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দন্ডিত ব্যক্তিরা হলেন, জেলার সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের আমিন উল্যার ছেলে সুরুজ মিয়া (৪২) এওজবালিয়া ইউনিয়নের ইব্রাহিম খলিলের ছেলে জাহিদুর রহমান রনি (২১) ও অশ্বদিয়া ইউনিয়নের গোপিভল্লবপুর গ্রামের আবদুল মালেকের ছেলে এমাজ উদ্দিন টুটুল (৩৯)।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে জেলা জজ কোর্টের বিশেষ দায়রা জজ এ এন এম মোরশেদ খান এ রায় দেন। এ সময় এক আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি জামিনে বের হয়ে পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৭ মার্চ সদর উপজেলার খলিফারহাট বাজার সংলগ্ন সুরুজ মিয়ার বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় মাদক কারবারি সুরুজ, রনি ও টুটুলকে গ্রেফতার করে। সেখানে তাদের তল্লাশি করে ৩হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরবর্তীতে তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের (এসআই) মো. মামুনুর রশিদ সরকার মামুন তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট এমদাদ হোসেন কৈশর বলেন, তাদের নামে মামলা দায়েরের পর দীর্ঘ শুনানি শেষে আসামি সুরুজ মিয়ার উপস্থিতিতে বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুরুজ মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের কারাদণ্ড, জাহিদুর রহমান রনিকে ৭বছরের সশ্রম কারাদণ্ড, ১৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪মাসের কারাদণ্ড এবং এমাজ উদ্দিন টুটুলকে ৫ বছরের সশ্রাম কারাদণ্ড, ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩মাসের কারাদণ্ড দেন। একই সাথে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি করেন। পরে এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক মামলায় তিনজনকে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে জরিমানা করা হয় অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দেবিদ্বারে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বহিষ্কার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলোচিত মাশিকাড়া উচ্চবিদ্যালয়ে লাইব্রেরিয়ান (সহকারী শিক্ষক) রফিকুল ইসলামের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে যৌন হয়নারি অভিযোগে স্কুল থেকে বহিষ্কার এবং দেবিদ্বার থানা পুলিশের হাতে আটক হওয়ার তথ্য পাওয়া গিয়েছে।

জানাযায়, গত ১৩ জুলাই বৃহস্পতিবার স্কুলের লাইব্রেরিতে বই আনতে গেলে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী আলেয়া (ছদ্মনাম-১২) কে বই দেওয়ার ছলে তার স্পর্শকাতর স্থানে হাত দেয় লাইব্রেরিয়ান (সহকারী শিক্ষক) রফিকুল ইসলাম। ওই ঘটনায় স্কুলের শিক্ষিকা সুমি আক্তারকে বিষয়টি জানালে তিনি (শিক্ষিকা) স্কুল এর ম্যানেজিং কমিটির কাছে অভিযোগ করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে স্কুল কমিটি উভয় পক্ষকে গতকাল মঙ্গলবার বেলা ১২টার সময় স্কুলে ডেকে তাদের স্বীকারোক্তি নেওয়া হয়।

পরে অভিযুক্ত রফিকুল দোষী সাব্যস্ত হলে তাকে স্কুল কমিটির সকল সদস্যের মতামতের ভিত্তিতে ৩ মাসের জন্য বহিষ্কার করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে দেবিদ্বার থানা পুলিশ অভিযুক্ত রফিকুল ইসলামকে জিজ্ঞেসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এদিকে গত ১৫ই মার্চ ওই স্কুলের প্রধান শিক্ষকদ্বার ১০ম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে ১৪৪ধারা জারির মতো ঘটনাও ঘটেছে। ওই স্কুলের ছাত্রদের আন্দোলন থামাতে কয়েকশ’ রাউন্ড গুলিও করা হয়। এতে একজন পুলিশ সহ অন্তত ২০জন ছাত্র গুলিবিদ্ধ এবং আহত হয়।

ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

নিরাপদ অভিবাসনে তথ্য সহায়তা এবং অভিবাসন প্রক্রিয়ায় তথ্য বিকেন্দ্রিকরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সমপৃক্তকরণের ধারাবাহিকতায় যুবক-যুবতীদের মাঝে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ততাকরণ এবং বিদেশ ফেরত, বিদেশগনেচ্ছু ও বিদেশগামীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে মঙ্গলবার (১৮ জুলাই) কুমিল্লার ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৈদেশিক কর্মসংস্থানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহজাহান ভুঁইয়া, অধ্যাপক মুজিবুর রহমান, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দসহ প্রায় ৩০০ জন শিক্ষার্থী।

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ তার মূল আলোচনার নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়, বিএমইটি, ওয়েজ আন্যার্স কল্যাণ বোর্ড, বোয়েসেল, টিটিসি, ডিইএমও, বিভিন্ন রিক্রুটিং এজেন্সির কাজ ও তাদের সাথে যোগাযোগের মাধ্যম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া তিনি মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।

এছাড়াও তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ উল্লেখ করেন। এছাড়াও তিনি জচখ-এর মাধ্যমে কিভাবে প্রবাসফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রতিষ্ঠানিক রুপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন। তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ মধ্যপ্রাচের বিভিন্ন দেশে নারী অভিবাসনের বিভিন্ন দিক উল্লেখ করেন বিশেষ করে হংকং, ওমান, সৌদি আরব, ইউএই, লেবানন এবং জর্দানে নারী অভিবাসনের বিষয়টি উল্লেখ করেন।

কর্মশালায় প্রবাসীর মেধাবী সন্তাদের শিক্ষাবৃত্তি, মৃত্যের পরিবারকে ৩ লাখ টাকা সহায়তা প্রদান, চিকিৎসা ভাতা,বীমা সুবিধা, শ্রম কল্যাণ উইং-এর মাধ্যমে আইনি সুবিধা, প্রবাস বন্ধু কল সেন্টার, প্রতিবন্ধি ভাতা, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কোটা এবং বায়রার কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করা হয়।

এছাড়াও কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ ও বিদেশগামীদের জন্য টিটিসির বিভিন্ন উদ্যোগের তথ্য সকলের মাঝে তুলে ধরা হয়। যাতে মানুষ দক্ষ হয়ে বিদেশে যেতে পারে। বিদেশ ফেরত অভিবাসীদের পূনরেকত্রীকরণে প্রবাসী কল্যাণ ব্যাংকের বিভিন্ন ঋণ ও সঞ্চয় স্কীমের তথ্য দেন। এর মধ্যে পূনর্বাসন ঋণ, বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ, বিশেষ পূনর্বাসন ঋণ, নারী অভিবাসন ঋণ, নারী পূনর্বাসন ঋণ, সাধারণ ঋণ এবং বিভিন্ন সঞ্চয়ী সেবার কথা তুলে ধরেন।

কর্মশালায় এমআরসি বাংলাদেশের কাউন্সেলর গোলাম মোস্তফা অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলি তুলে ধরেন। তিনি এমআরসি বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কাজ বিস্তারিত আলোচনা করেন এবং অভিবাসন বিষয়ক যেকোন প্রয়োজনে এমআরসি বাংলাদেশের সাথে যোগাযোগের জন্য সকলকে আহবান জানান। অভিবাসী তথ্য কেন্দ্র অভিবাসন সিদ্ধান্তে তথ্য সহায়তা।

এমআরসি বাংলাদেশের কাউন্সেলর ইকবাল হোসেন বিদেশ ফেরত প্রবাসীদের পিপিপি-২ প্রকল্পে মাধ্যমে কিভাবে সহায়তা করা হবে তার বর্ণনা দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ অংশগ্রহণকারী সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জনসাধারণের ভোগান্তি, প্রতারণা রোধে এই তথ্যগুলো সাধারণ জনসাধারণকে জানানোর জন্য সকলকে অনুরোধ করেন।

কর্মশালায় আরো জানানো হয় যে, অভিবাসন বিষয়ে যেকোন তথ্য ও পরামর্শের জন্য এমআরসি বাংলাদেশের ফেসবুক পেইজ থেকেও অভিবাসন বিষয়ে যেকোন তথ্য পাওয়া যাবে বলে কর্মশালায় জানানো হয়।

সবশেষে ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ শাহজাহান ভুঁইয়া বলেন এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা অনেক কিছুই জানলাম, তথ্য পেলাম। এই কর্মশালার মাধ্যমে আমরা শিক্ষকগণসহ সকল ছাত্র-ছাত্রী সকলেই এই সকল তথ্য জনগনের মাঝে পৌঁছে দিব যাতে এই অঞ্চলের মানুষের কাছে অভিবাসন আরও সহজ এবং নিরাপদ হয় এবং প্রয়োজনে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগের মাধ্যমে উপকৃত হতে পারে।

হিরো আলমের ওপর হামলা: ৩ দিনের রিমান্ডে দুই আসামি

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের দিনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার ছানোয়ার কাজী (২৮) ও বিপ্লব হোসেনের (৩১) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৮ জুলাই) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক নুরে উদ্দিন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এ রিমান্ড মঞ্জুর করেন।

একই সময় মামলার পাঁচ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন- মাহমুদুল হাসান, মুজাহিদ খান, আশিক সরকার, হৃদয় শেখ ও সোহেল মোল্লা।

একই দিন হামলার ঘটনায় রাজধানীর বনানী থানায় এ মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ। মামলায় ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এজাহারে বাদী অভিযোগ করেন, ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম এবং তার ব্যক্তিগত সহকারী পরান সরকারসহ প্রতিনিধি রাজীব খন্দকার, মো. রনি, মো. আল-আমিনসহ অনেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করতে থাকেন। এরই ধারাবাহিকতায় হিরো আলম এবং আমিসহ (মামলার বাদী) প্রতিনিধিরা বিকেল সাড়ে ৩টায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিদর্শনে যাই। প্রার্থী হিরো আলমসহ আমরা পাঁচ-ছয়জন বনানী বিদ্যানিকেতন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে কেন্দ্র থেকে বের হওয়ার সময় অজ্ঞাতনামা ১৫-২০ জন বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে আমাদের গতিরোধ করে বিভিন্ন ধরনের গালিগালাজ করতে থাকে।

একপর্যায়ে বিবাদীরা হত্যার উদ্দেশে হিরো আলমকে আক্রমণ করে এলোপাতাড়ি কিলঘুসি মারতে থাকে। মারধরের একপর্যায়ে তাদের মধ্যে থেকে অজ্ঞাতপরিচয় একজন হত্যার উদ্দেশে দুই হাতে হিরো আলমের কলার চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং অন্য একজন তার তলপেটে লাথি মারলে হিরো আলম রাস্তায় পড়ে যান।

তখন অন্য বিবাদীরা হিরো আলমকে এলোপাতাড়ি কিলঘুসি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং টানাহেঁচড়া করে। ওই সময়ে আমি এবং অপর ব্যক্তিগত সহকারী পরান সরকার মিলে হিরো আলমকে হামলাকারীদের হাত থেকে রক্ষার জন্য এগিয়ে গেলে তারা আমাকেসহ ব্যক্তিগত সহকারী পরান সরকার, রাজীব খন্দকার, রনি ও আল-আমিনকে মারধর করে জখম করে। এরপর কেন্দ্রে ডিউটিরত পুলিশ এবং একতারা প্রতীকের সমর্থনকারীদের সহায়তায় হিরো আলমসহ আমরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি।

সোমবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন হিরো আলম। পরে তাকে রামপুরার বেটার লাইফ একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে সন্ধ্যায় বাসায় ফিরে সংবাদ সম্মেলন করে ভোট প্রত্যাখ্যানের ঘোষণা দেন হিরো আলম।