All posts by jitu

চৌদ্দগ্রামে ৬৭ বোতল ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতবাড়িয়া এলাকা হতে ৬৫ বোতল ফেন্সিডিল ও দুই বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ৩০ জুন দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার সাতবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম খলিল (২২)।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে ।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুড়িচংয়ে সাংবাদিকের বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে না পেয়ে প্রাণনাশের হুমকি

 

বুড়িচং প্রতিনিধি :

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লার বুড়িচংয়ে ঘরের ভিতরে প্রবেশ করে সাংবাদিক ও গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়কে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা সালাউদ্দিন ও তার গংদের বিরুদ্ধে।

এ ঘটনার একটি অডিও রের্কড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়ের জীবনের নিরাপত্তা চেয়ে বুড়িচং থানায় একটি জিডি করেছেন।

ভুক্তভোগী সাংবাদিক দৈনিক বিজয় পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি,দৈনিক মানবকণ্ঠ ও দ্যা ডেইলি ট্রাইবুন্যাল পত্রিকা ও বিডি২৪লাইভ এর বুড়িচং উপজেলা প্রতিনিধি, তালাশ বাংলার সম্পাদক।

এছাড়াও তিনি বুড়িচং প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থার বুড়িচং উপজেলার সাধারণ সম্পাদক,বাংলাদেশ মানবাধিকার কমিশন বুড়িচং-ব্রাহ্মণপাড়া শাখার সাধারণ সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা যায়,গত বুড়িচং উপজেলার বিভিন্ন গরু বাজারে অতিরিক্ত হাসিল রাখার অভিযোগ ক্রেতাদের। এমন সংবাদের জেরে গত( ২৮ জুন ২০২৩) বুধবার সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়ের বাকশীমূল নিজ বাড়িতে গিয়ে ঘরে প্রবেশ করে ৮০ হাজার চাঁদা দাবী করে ওই সন্ত্রাসী দল। তখন তাদেরকে চাঁদা টাকা দিতে অপারগতা জানালে সাংবাদিকের গায়ে হাত তুলে এবং মা-বাবা, স্ত্রীর সামনে মেরে ফেলার হুমকি প্রদান করে।

সন্ত্রাসীরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের আব্দুর রশিদের ছেলে সালাউদ্দিন, মোঃ ছাদেকের ছেলে আবু কাউছার,আঃ ছামাদের ছেলে মোঃ রমজান।সন্ত্রাসী সালাউদ্দিন উপজেলা ছাত্রলীগ সংগঠনের সাথে জড়িত থেকে বিভিন্ন অপরাধ করে যাচ্ছে। কাউছার ছেলেটা বিজিবি চাকরি করার সময় অবৈধ কর্মে ধরা খেয়ে তার চাকরি চলে যায়। তাদের উচ্ছৃঙ্খলা দেখে এলাকাবাসী অতিষ্ঠ। সালাউদ্দিন সাংবাদিককে হুমকি প্রদানের সময় বলেন,আমার গরু বাজারের লসের ৮০ হাজার টাকা তুই দিতে হবে, “আমি সালাউদ্দিন, আমি ছাত্রলীগ করি টাকা না দিলে তোর খবর আছে,তোকে বাঁচতে দিতাম না”।

এ ব্যাপরে ভুক্তভোগী সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয় প্রতিনিধিকে বলেন,গত ২৭ তারিখ মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন বাজারে অতিরিক্ত হাসিল রাখার অভিযোগ পেয়ে একটি সংবাদ প্রচার করি।উক্ত সংবাদে কারো নাম বা কোনো নিদিষ্ট বাজারের নাম উল্লেখ করা হয়নি। তবুও তারা এ সংবাদের জেরে বাড়িতে জোরপূর্বক এসে ঘরে ঢুকে আমার কাছে চাঁদা দাবি করেন এবং চাঁদা দিতে রাজি না হলে আমাকে মেরে ফেলার হুমকি প্রদান করেছে। এখন আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতা ভুগছি।

এ বিষয়ে অভিযুক্ত সালাউদ্দিন বলেন, এ ব্যাপারে তাকে একাধিক বার কল দিয়েও পাওয়া যায়নি।

বুড়িচং থানার ওসি মোঃ ঈসমাইল হোসেন বলেন, এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরী করেছে সাংবাদিক হৃদয়। আদালত খুললে আমরা জিডি কপি আদালতে প্রেরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো ।

মালয়েশীয় তরুণী প্রেমের টানে নোয়াখালীতে এসে ঘর বাঁধলেন

 

নোয়াখালী প্রতিনিধি:
এবার প্রেমের টানে বাংলাদেশের নোয়াখালীর বেগমগঞ্জে এসেছেন মালয়েশীয় তরুণী স্মৃতি আয়েশা বিন রামাসামি (২২)। এই তরুণী বাংলাদেশে এসে নোয়াখালীর বেগমগঞ্জের ফরহাদ হোসেনকে (২৬) ভালোবেসে বিয়ে করেছেন। মালয়েশিয়া একই কোম্পানীতে চাকরির সুবাধে ফরহাদের সাথে পরিচয় হয় মালয়েশীয় তরুণী রামাসামির। একপর্যায়ে দুইজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে।

চলতি বছর দেশে ফিরেন ফরহাদ। এরপর ফরহাদের প্রেমে উদগ্রীব হয়ে পড়ে প্রেমিকা রামাসামি। অবশেষে গত ২৪ জুন ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রামাসামিকে বহনকারী বিমানটি অবতরণ করে। পরে একই দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার বাসায় পৌঁছান তারা।

জানা যায়, রামাসামি বাংলাদেশে আসার পর পরদিন ২৫ জুন এফিডেভিটের মাধ্যমে ফরহাদ ও স্মৃতি আয়েশা বিন রামাসামি বিয়ে করে। অনেকেই মালয়েশীয় নববধূ দেখতে ছুটে আসছেন ফরহাদের বাড়িতে। ভিনদেশী কন্যা পেয়ে খুশি ফরহাদের পরিবার। বর্তমানে চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার বাসায় ফরহাদের সঙ্গে সংসার করছেন মালয়েশীয় এই তরুণী।

ফরহাদ জানান, তিনি মালয়েশীয় একটি কোম্পানিতে প্রায় পাঁচ বছর চাকরি করেন। চলতি বছরে বাংলাদেশে ফিরেন। কর্মক্ষেত্রে তাদের দুজনের পরিচয়। এক সময় পরিচয় প্রেমের সম্পর্কে রুপ নেয়। একপর্যায়ে আমরা দুজই বিয়ে করার সিন্ধান্ত গ্রহণ করি। এরপর রামাসামি বাংলাদেশে আসেন। সে দেশে আসার একদিন পরই আমরা বিয়ে করি। সকলে আমাদের জন্য দোয়া করবেন।

হালকা ভাঙা ভাঙা বাংলা বলতে পারা স্মৃতি আয়শা বিন রামাসামি বলেন, তিনি ফরহাদকে ভালোবাসেন। শ্বশুর বাড়ির লোকজন অথিতি পরায়ণ। সবার আন্তরিকতা খুব ভালো লাগছে। শ্বশুরের পরিবারের সবাই তাকে আপন করে নিয়েছেন। বাংলাদেশি খাবার এবং পরিবেশ তার ভালো লেগেছে। এটা তার স্বামীর দেশ। এ দেশকে তিনি ভালোবাসেন।

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ আটক ২ যুবককে গণপিটুনি

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ২ যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করে পুলিশ।

শুক্রবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ শরীফপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আটকরা হলেন, উপজেলার হাজিপুর ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে সালাউদ্দিন ওরফে ডালিম (৩২) একই গ্রামের মাইন উদ্দিনের ছেলে অন্তর (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার শরীফপুর ও হাজীপুর ইউনিয়নের দুটি গ্রুপের মধ্যে মারামারি হয়। এই ঘটনার জের ধরে শুক্রবার বিকেলের দিকে ডালিম ও অন্তর অস্ত্র নিয়ে শরীফপুর ইউনিয়নের রাসেল গ্রুপের রাসেলকে দক্ষিণ শরীফপুর গ্রাম থেকে তুলে আনতে যায়। ওই সময় স্থানীয় কিছু লোক ও রাসেল গ্রুপের সদস্যরা ডালিম ও অন্তরকে গণপিটুনি দিয়ে দক্ষিণ শরিফপুর গ্রামের বেপারী বাড়ির পূর্ব পাশে একটি পুকুরে ফেলে রাখে। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ একটি কাদা মাখা খেত থেকে তাদের অস্ত্রসহ আটক করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, আটকরা পুলিশ হেফাজতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলার রয়েছে। এই ঘটনায় অস্ত্র আইনে আরো একটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

হাতিয়াতে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ-লুটপাট

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ফেসুবক পোস্টকে কেংন্দ্র করে দুই ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংষর্ষ ও সাবেক ইউপি সদস্যের বাড়িতে ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের বিরবিরি গ্রামের সাবেক ইউপি সদস্য ( মেম্বার) জসিম উদ্দিন বাড়িতে ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের এই ঘটনা ঘটে।

এর আগে, গত মঙ্গলবার ২৭ জুন দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (মেম্বার) মিরাজ উদ্দিন ও সাবেক মেম্বার জসিম উদ্দিনের অনুসারীদের মধ্যে উপজেলার সেন্টার বাজারে দফায় দফায় সংষর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মিরাজ উদ্দিন ও সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন সহ দুই গ্রুপের অন্তত ৪ জন আহত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ২৭ জুন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার মিরাজ উদ্দিন ও বাশার মেম্বারের ছবি দিয়ে ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানায় হেদায়েত উল্লাহ নামে তাদের এক অনুসারী। ওই পোস্টে সাবেক ইউপি সদস্য জসিমের ছোট ছেলে সৈকত তেলবাজ বলে মন্তব্য করে। এ মন্তব্যের জেরে হেদায়েত জসিম মেম্বারের ছেলে সৈকতকে হাত কেটে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে সৈকত তাকে ডেকে নিয়ে মারধর করে। এরপর বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসা হয়ে যায়। পরে পুনরায় হেদায়েতকে সেন্টার বাজারের শামসু ডাক্তারের দোকানে হামলা চালায় জসিম মেম্বারের ছেলে ও ভাতিজারা। ওই সময় শামসু ডাক্তারের দোকানের কয়েকটি কাচের শোকেস ভেঙ্গে যায়। খবর পেয়ে সন্ধ্যার দিকে বিষয়টি সমাধান করতে ঘটনাস্থলে যায় জসিম মেম্বার। সেখানে মিলাদ,মিরাজ মেম্বারের নেতৃত্বে জসিম মেম্বারকে বেধড়ক মারধর করা হয়। কিছুক্ষণ পর জসিম মেম্বার তার অনুসারীদের একত্রিত করে মিরাজ মেম্বারের ওপর পাল্টা হামলা চালায়। পাল্টাপাল্টি এ হামলার জের ধরে শুক্রবার দুপুরের দিকে মিরাজ মেম্বারের অনুসারী আবুল বাশার মেম্বার ও মিলাদের নেতৃত্বে জসিম মেম্বারের বাড়িতে হামলা চালানো হয়।

জসিম মেম্বারের ভাতিজী ফারহানা বৃষ্টি অভিযোগ করে বলেন, বাশার মেম্বার ও যুবলীগ নেতা মিলাদের নেতৃত্বে ২শতাধিক সন্ত্রাসী আমাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ৩টি বসত ঘরে ব্যাপক ভাংচুর করে ঘরের কাগজ পত্রে অগ্নিসংযোগ করে। হামলাকারীরা আমাদের মোটরসাইকেল, সাইকেল, নগদ টাকা, স্বণালংকার লুট করে নিয়ে যায়। হামলাকারী আমার চাচা জসিম মেম্বারকে সেন্টার বাজারে প্রকাশ্যে কুপিয়ে হত্যার হুমকি দিচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে জাহাজমারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিলাদ মাহমুদ ও ইউপি সদস্য মিরাজ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

জাহাজমারা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি (সদস্য) আবুল বাশার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, জসিম মেম্বারের বাড়িতে হামলার অভিযোগ সাজানো। ফেসবুক কমেন্টসের সূত্র ধরে এই ঘটনা ঘটে। মিরাজ মেম্বার গুরুত্বর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, একটি মারামারি ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

চৌদ্দগ্রামে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল যুবকের

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঈদের দিন মামার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে অজ্ঞাত প্রাইভেটকারের চাপায় প্রাণ গেল ভাগ্নে জাকারিয়ার (২৪)।

নিহত জাকারিয়া চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের মো. মোকলেছুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার(২৯ জুন) ঈদের দিন দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্প্রতিবার দুপুরে মামার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় জাকারিয়া। হাড়িসর্দার বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত প্রাইভেটকার চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার টিপু রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

দেবিদ্বারে কোরবানির গরুর গুঁতোয় অটোচালক নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কোরবানির গরুর গুঁতোয় মনু মিয়া (৫০) নামের একজন নিহত হয়েছেন। তিনি পেশায়  একজন অটোচালক ছিলেন।

ঈদের দিন বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৭টার দিকে উপজেলার মুগসাইর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই হানিফ মিয়া জানান, ‘কোরবানির গরু কিনে পাশের এলাকার একটি বাড়িতে রেখেছিলাম। সকালে আমি আর বড়ভাই মনু মিয়া গরুটি আনতে যাই। ফেরার পথে গরুটি উত্তেজিত হয়ে তাকে গুঁতা দেয়। এসময় তিনি মাটিতে পড়ে যান। পরে বাড়িতে আসলে গরুটি আবার তাকে গুঁতা দেয়। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থতা নিয়েই তিনি আবার পুকুরে গরুটিকে গোসল করান। তারপর বাড়িতে ফিরে গুরুতর অসুস্থ হয়ে তিনি মারা যান।’

স্থানীয় সূত্রে আরো জানা যায়, মনু মিয়া  পূর্বে থেকে শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। কোরবানির উদ্দেশ্যে ৭১ হাজার টাকা দিয়ে গরুটি কিনেন। সকালে আনতে গিয়ে গরুর গুঁতা খেয়ে মারা যান তিনি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলকৃষ্ণ ধর বলেন, এ বিষয়ে আমি অবগত নই। আর স্থানীয় কেউ আমাদের অবহিত করেনি।

লাকসামে ছাত্রদলের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসামে ছাত্রদলের হামলায় আহত পৌর ছাত্রলীগের সহ-সভাপতি অনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২৮ জুন) রাত ৮ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় ।

লাকসাম পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন বলেন, ‘২১ জুন লাকসাম পৌরসভায় সুরক্ষা হাসপাতালের সামনে ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতা-কর্মী অনিককে মারধর করলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হলে তাকে কুমিল্লা থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে তার মৃত্যু হয়।’

ওই মারামারির ঘটনায় ৬ জনকে আসামি করে লাকসাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান জানান, ‘এ ঘটনায় আরও একটি মামলা হবে।’

সদর দক্ষিণের উত্তর রামপুরে ১ হাজার বোতল ফেন্সিডিলসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণের উত্তর রামপুর এলাকা হতে ১ হাজার বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ২৮ জুন সকালে সদর দক্ষিণের উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার গঙ্গানগর গ্রামের সুরুজ মিয়ার ছেলে মোঃ আল আমিন (২৯) এবং একই গ্রামের মৃত. মোঃ রাসেল মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া (৩৪)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ৩ মসজিদে ঈদুল আযহা উদযাপন

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর ৩টি মসজিদে প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করা হয়েছে।

বুধবার (২৮ জুন) সকাল ৯টার দিকে জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলার ৩টি মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন মুসল্লিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ গ্রামের মুন্সি বাড়ী জামে মসজিদ, জিরতলী ইউপির ফাজিলপুর গ্রামে দায়রা বাড়ী দরজায় মসজিদে ঈদের একটি করে জামাত অনুষ্ঠিত হয়। অপরদিকে, নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকার পশ্চিম শাহপুর দারোগা বাড়ির দরজায় সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা আরও জানান, বসন্তেরবাগ গ্রামের মুন্সি বাড়ী জামে মসজিদ ২৫০-৩০০, জিরতলী ইউপির ফাজিলপুর গ্রামে দায়রা বাড়ী দরজায় মসজিদে ১০০-১২০জন এবং নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকার পশ্চিম শাহপুর দারোগা বাড়ির দরজায় দুটি জামাতে ২৬জন মুসল্লি ঈদুল আযহার নামাজ আদায় করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই সুশৃঙ্খল ভাবে এই ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।