All posts by jitu

দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য: কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন 

হাবিবুর রহমান মুন্না।।

দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সমালোচনা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

বুধবার (১৮ মার্চ) নগরীর টমছমব্রীজ এলাকার একটি পার্টি সেন্টারে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতার চেতনা ও সাম্প্রতিক আন্দোলনের লক্ষ্যকে সামনে রেখে সরকার একটি উন্নত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা আমাদের কাজের গঠনমূলক সমালোচনা করবেন, ভুল-ত্রুটি তুলে ধরবেন। এমন সমালোচনাই আমরা প্রত্যাশা করি, যা দেশ ও সমাজকে এগিয়ে নিতে সহায়ক হবে।”

তিনি আরও বলেন, সরকার আন্তরিকতা ও সততার সঙ্গে জনগণের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যতদিন দায়িত্বে রাখবেন, ততদিন নিষ্ঠা, সততা ও ঈমানদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব।” এ জন্য তিনি সকলের দোয়া কামনা করেন।

ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম এবং সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় দুই শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

দেবপুর ফাউন্ডেশনের উদ্যোগে মনোহরগঞ্জে পাঁচ শতাধিক রোজাদারের উন্মুক্ত ইফতার

স্টাফ রিপোর্টার।।

মনোহরগঞ্জে জনপ্রিয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দেবপুর ফাউন্ডেশনের উদ্যোগে উন্মুক্ত ইফতার  মাহফিল সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকালে দেবপুর শাহী ঈদগাহ  প্রাঙ্গণে সংগঠনটির শতাধিক স্বেচ্ছাসেবীর সুশৃংখল কর্মতৎপরতায় আয়োজিত ইফতার অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

দেবপুর ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘সবার ঐক্যবদ্ধ চেষ্টায় এবার আমরা ২য় উন্মুক্ত ইফতার আয়োজন করেছি। একদম গত বছর থেকেই এই প্রাঙ্গণে আয়োজনটি হয় বলে আমাদের মেহমানদের মনে গেঁথে গেছে দিনটি। ফলে প্রবাস বা দূরদূরান্তের শুভাকাঙ্ক্ষিরাও ফোন করে, ম্যাসেজ দিয়ে আয়োজনের খোঁজখবর নেন।

দেবপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক  সম্পাদক কামরুল হাসান সুমন কাছে অর্থসংস্থান কীভাবে হয়?জানতে চাইলে তিনি বলেন, দেশে বিদেশে অবস্থানরত দেবপুর ফাউন্ডেশনের সদস্যরাই পুরো আয়োজনের খরচ বহন করেন।

হরমুজ প্রণালী মুক্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে পারে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক।।

গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী মুক্ত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগ দিতে পারে সংযুক্ত আরব আমিরাত।

দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাস গতকাল মঙ্গলবার(১৭ মার্চ) মার্কিন পর্যবেক্ষক সংস্থা কাউন্সিল অন ফরেন রিলেসন্সের এক অনলাইন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বর্তমানে ইরানের সঙ্গে কোনো সক্রিয় যোগাযোগ নেই বলেও জানান আমিরাতের এ প্রভাবশালী উপদেষ্টা।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর হরমুজ বন্ধ করে দেয় ইরান। যা বৈশ্বিক তেল সরবরাহকে ঝুঁকিতে ফেলে দিয়েছে।

সূত্র: রয়টার্স

 

হাতিয়ায় নারীদের সঙ্গে পর্ন ভিডিও তৈরি করতেন ইউএনও আলাউদ্দিন !

ডেস্ক রিপোর্ট।। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঠপর্যায়ে সরকারের একজন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তা, যিনি একটি উপজেলার সার্বিক কার্যক্রম পরিচালনা করেন। নোয়াখালীর হাতিয়া উপজেলার ইউএনও (বর্তমানে ওএসডি) মো. আলাউদ্দিনের একাধিক অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এদিকে জানা গেছে তিনি নারীদের নিয়ে পর্ণ ভিডিও বানাতেন।

সাগরপাড়ের দ্বীপ উপজেলা হাতিয়ার এই ঘটনার প্রভাব মেঘালয় পাহাড়ঘেঁষা হাওরাঞ্চল সুনামগঞ্জেও পৌঁছেছে। কারণ, মো. আলাউদ্দিন এর আগে সুনামগঞ্জের তাহিরপুর ও শাল্লা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তবে হাতিয়ার ইউএনও মো. আলাউদ্দিন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোকে সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন। তিনি নোয়াখালীর স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, পূর্বের কর্মস্থলের কিছু বিরোধের জেরে কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তাকে নিয়ে ভুয়া ভিডিও তৈরি করে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি প্রতিহত করতে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছেন।

এদিকে সুনামগঞ্জে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে মঙ্গলবার (১৭ মার্চ) যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দেশব্যাপী ব্যাপক সমালোচনার মুখে মঙ্গলবার রাতেই তাকে ওএসডি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যমতে, ইউএনও মো. আলাউদ্দিনকে ঘিরে একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেগুলোর দৈর্ঘ্য ৯ থেকে ১৮ মিনিট পর্যন্ত। এসব ভিডিও ঘিরে নানা আলোচনা-সমালোচনা চলছে। অনেকের মতে, তিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। যদিও এসব অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষ।

এ ঘটনায় নোয়াখালীর পাশাপাশি সুনামগঞ্জেও ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কারণ, তিনি ২০২২ সালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এবং ২০২৩ ও ২০২৪ সালে শাল্লা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।

ভিডিও ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে সুনামগঞ্জে অনিয়ম, দুর্নীতি ও রূঢ় আচরণের অভিযোগও সামনে আসছে। অভিযোগ রয়েছে, দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করেছেন।

শাল্লা উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা মৃদুল দাস অভিযোগ করে বলেন, আলাউদ্দিন সাহেব এসিল্যান্ড থাকাকালে প্রভাব খাটিয়ে কোনো মাপজোক ছাড়াই আমার রেকর্ডভুক্ত জমির ওপর নির্মিত ওয়ার্কশপ তিনবার ভেঙে দেন। এতে আমার প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে মাপজোকে দেখা যায়, সেখানে সরকারি জমি ছিল না।

আরও একটি ঘটনায় জানা যায়, ২০২৪ সালের ২৫ জানুয়ারি দিরাই উপজেলার উদগল হাওরে বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণকাজ চলাকালে জুতায় কাদা লাগাকে কেন্দ্র করে জুয়েল মিয়া নামে এক ট্রলি চালককে মারধর করা হয়। এতে তার ডান কাঁধ ভেঙে যায়। জুয়েল মিয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে মনোরঞ্জন দাস নামে আরেক শ্রমিকও আহত হন।

শাল্লা উপজেলার হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র মো. ফারুক মিয়া অভিযোগ করেন, ভ্রাম্যমাণ আদালতের নামে তিনি সাধারণ মানুষকে হয়রানি করতেন। ছোট দোকানদারদের ওপর অতিরিক্ত জরিমানা আরোপ করতেন। মাদ্রাসার দেয়াল ভাঙতে বাধা দেওয়ায় আমাকে ও এক শিক্ষককে হুমকি দেন।

হাতিয়ার স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, সোমবার সকালে সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও মো. আলাউদ্দিন কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তিনি কারও ফোন রিসিভ করছেন না। যাওয়ার আগে তিনি অফিসের কাউকে বিস্তারিত কিছু জানাননি।

নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম স্থানীয় গণমাধ্যমকে জানান, বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি আরও জানান, মো. আলাউদ্দিন সোমবার সকালে ছুটির আবেদন জমা দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন।

আইজিপি আলী হোসেন ফকিরের বাড়িতে দুঃসাহসিক চুরি

ডেস্ক রিপোর্ট।। 

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাসভবনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের সার্ভিস লাইনের তামার তার কেটে নিয়ে গেছে।

গত সোমবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত তার তিনতলা বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।

আইজিপির বাসভবনে চুরির ঘটনায় জেলা পুলিশের মধ্যে তৎপরতা বেড়ে গেছে। ইতোমধ্যে চোর শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের অংশ হিসেবে শহরের একটি ভাঙারি দোকানের এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চুরি হওয়া তামার তার ভাঙারি দোকানে বিক্রি করা হতে পারে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে ঝড়ো বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে সেই সুযোগ নেয় চোরচক্র। তারা বাড়ির সীমানায় প্রবেশ করে বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও দুর্বৃত্তরা কৌশলে নজর এড়িয়ে চুরি সংঘটিত করে।

চুরি হওয়া তামার তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানা গেছে।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, “এটি একটি দুঃখজনক ঘটনা। কারা জড়িত তা শনাক্তে আমাদের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মাঠে শতাধিক রোভার স্কাউট সদস্য

হাবিবুর রহমান মুন্না।।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লা অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে মাঠে নেমেছে বাংলাদেশ রোভার স্কাউটের শতাধিক সদস্য। যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবেন তারা।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে কুমিল্লা হাইওয়ে রিজিয়নের ময়নামতি থানায় আয়োজিত এক মতবিনিময় সভায় রোভার স্কাউট সদস্যদের ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। একইসঙ্গে তাদের মাঝে প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।

কুমিল্লা হাইওয়ে পুলিশ রিজিয়নের তথ্য অনুযায়ী, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পাওয়ায় মহাসড়কে যানজট নিরসনে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে রোভার স্কাউট সদস্যরা কুমিল্লা অংশের গুরুত্বপূর্ণ আটটি যানজটপ্রবণ পয়েন্টে দায়িত্ব পালন করবেন।

যানজটপ্রবণ এলাকাগুলো হলো— দাউদকান্দি টোলপ্লাজা, গৌরীপুর, চান্দিনা, ময়নামতি ক্যান্টনমেন্ট, আলেখারচর, পদুয়ার বাজার, সোনাগাজী ও চৌদ্দগ্রাম। প্রতিটি স্থানে পাঁচজন সদস্যের সমন্বয়ে মোট আটটি টিম দায়িত্ব পালন করবে।

কুমিল্লা হাইওয়ে পুলিশ রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, “বাংলাদেশ স্কাউটস সবসময় দেশের যেকোনো প্রয়োজনে সেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মুক্ত দলের রোভার স্কাউট সদস্যরা পুলিশের সঙ্গে সমন্বয় করে মহাসড়কে যানজট নিরসনে কাজ করবেন। এ লক্ষ্যে জেলা হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের উদ্যোগে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার মাসুক আলতাফ চৌধুরী, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি মো. আবু তাহের এবং কুমিল্লা জেলা রোভারের সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটনসহ হাইওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তা ও রোভার স্কাউট সদস্যরা।

মারা গেছেন চাঁদপুর-৩ আসনের সাবেক এমপি জিএম ফজলুল হক

মাসুদ হোসেন, চাঁদপুর প্রতিনিধি।। 

চাঁদপুর-৩ (সদরের অংশ ও মতলব দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক মারা গেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা বিএনপি সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

জিএম ফজলুল হক চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী গ্রামে ১৯৪৭ সালের ১৪ মে জন্মগ্রহণ করেন। একই উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। কয়েক বছর চাকরি করার পর তিনি ব্যবসা শুরু করেন। একপর্যায়ে তিনি দেশের খ্যাতিমান শিল্পপতিতে পরিণত হন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল গঠন করার পর তিনি বিএনপিতে যোগদান করেন। সেই থেকে তিনি বিএনপির সাথে যুক্ত ছিলেন।তিনি ১৯৯৬ এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০২ সালে তিনি টেলিকমিউনিকেশন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হন।

গাজী মোহাম্মদ ফজলুল হক একজন হাসিখুশি মানুষ ছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়েসহ বহু রাজনৈতিক সহকর্মী, আত্মীয়, বন্ধু রেখে গেছেন। সাবেক এই এমপি জিএম ফজলুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বুধবার (১৮ মার্চ) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং বৃহস্পতিবার (১৯ মার্চ) চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট কলেজ মাঠে সকাল ১১টায় দ্বিতীয় জানাজা।

উল্লেখ্য, জিএম ফজলুল হক দীর্ঘদিন অসুস্থ হযে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। ১৫ দিন আগে তাকে দেশে আনা হয়। গতকাল হঠাৎ অবস্থার অবনতি হলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

কুমিল্লায় কর্ণফুলী গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লায় কর্ণফুলী গ্রুপ লিমিটেডের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টায় কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

কর্ণফুলী গ্রুপের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ মুজিবুর রহমান ভুঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর জামায়াত নেতা ইউসুফ হাকিম সোহেল, এবি পার্টির কুমিল্লা জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, নারী ও শিশু পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আব্দুল মতিন, ইসলামী চিন্তাবিদ মো. জাকির হোসাইন, দারোগাবাড়ী মসজিদের ইমাম মাওলানা ইয়াসিন নূরী, অধ্যাপক জাকির হোসাইন, অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, অধ্যক্ষ মোশারফ হোসাইন, সাবেক শিক্ষক আব্দুস সাত্তার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা অধ্যাপক রফিকুল ইসলাম, এবি পার্টি কুমিল্লা মহানগরীর আহ্বায়ক জিএম সামদানি, সাবেক চেয়ারম্যান আবুল বাসার, সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. সোহেল, সিলভার গ্রুপের চেয়ারম্যান ফারুক আহমেদ, সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া এবং কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শহিদুল্লাহসহ আরও অনেকে।

কর্ণফুলী গ্রুপ লিমিটেডের জিএম ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা তরিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, মাহে রমজানের শিক্ষা ধারণ করে সমাজ পরিবর্তনে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এমডি মোঃ মুজিবুর রহমান ভুঁইয়া তার বক্তব্যে স্বৈরাচারী শাসনামলের বিভিন্ন দিক তুলে ধরে আত্মসমালোচনার গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, হযরত ওমর (রা.)-এর জীবন থেকে শিক্ষা নিয়ে প্রত্যেককে জবাবদিহিতার মানসিকতা গড়ে তুলতে হবে। সমাজে চাঁদাবাজি ও দুর্নীতির মতো অনৈতিক কর্মকাণ্ড পরিহার করে প্রকৃত তাকওয়া অর্জনের আহ্বান জানান তিনি। পাশাপাশি রমজানের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এ মাস আত্মশুদ্ধির মাস এ সময় সমাজের সার্বিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

ইফতার মাহফিলে উপস্থিত বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

কুসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মুখে হাসি,প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিলেন প্রশাসক টিপু

হাবিবুর রহমান মুন্না।।

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোলভিত্তিক স্টাফদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নগরীর ধর্মসাগর সংলগ্ন শিশু পার্ক প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তার উদ্বোধন ও বিতরণ করেন কুসিকের নবনিযুক্ত প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু।

এ সময় সিটি কর্পোরেশনের মোট ৮৩৩ জন কর্মীর প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। এতে মোট ৪১ লাখ ৬০ হাজার টাকার সহায়তা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি কুমিল্লাকে একটি ‘গ্রীন ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান। পাশাপাশি নগর উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূইঁয়া, মো. মাঈন-উদ্দিন চিশতীসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

ঈদকে সামনে রেখে এই আর্থিক সহায়তা পেয়ে পরিচ্ছন্নতা কর্মীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

শ্রীলঙ্কায় আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় সাফল্য, বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনলো কুমিল্লার দুই শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার।।

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছে কুমিল্লার বাংলাদেশ শাইনিং শিতোরিউ কারাতে ক্লাবের দুই কৃতি শিক্ষার্থী। প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা স্বর্ণ ও রৌপ্য পদক জিতে দেশের ক্রীড়াঙ্গনে নতুন গৌরব যোগ করেছে।

গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আবরার রহমান আহিল ও রেজওয়ান আহমেদ। প্রতিযোগিতায় আবরার রহমান আহিল কাটা বিভাগে একটি এবং কুমিতে বিভাগে একটি—মোট দুটি স্বর্ণপদক অর্জন করে কৃতিত্বের পরিচয় দেয়। অন্যদিকে রেজওয়ান আহমেদ কাটা বিভাগে একটি স্বর্ণপদক এবং কুমিতে বিভাগে একটি রৌপ্যপদক অর্জন করে সাফল্য লাভ করে।

জানা যায়, কুমিল্লায় অবস্থিত বাংলাদেশ শাইনিং শিতোরিউ কারাতে ক্লাবের প্রধান প্রশিক্ষক ও আন্তর্জাতিক কারাতে বিচারক শিহান মোখলেসুর রহমান (আবু)-এর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল ২০ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয়। প্রতিযোগিতায় শিহান মোখলেসুর রহমান (আবু) আন্তর্জাতিক বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রধান প্রশিক্ষক শিহান আবু বলেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতা এবং দেশবাসীর দোয়ায় তিনি এর আগেও জাপান, কোরিয়া, চীন, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলভাবে দেশের জন্য সম্মান বয়ে এনেছেন।

উল্লেখ্য, পদকজয়ী আবরার রহমান আহিল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং রেজওয়ান আহমেদ সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তারা দুজনেই কুমিল্লার এথনিক স্কুলের ছাত্র।

বাংলাদেশ শাইনিং শিতোরিউ কারাতে ক্লাবের প্রধান প্রশিক্ষক ও আন্তর্জাতিক কারাতে বিচারক শিহান মোখলেসুর রহমান (আবু) দেশবাসীর কাছে দোয়া কামনা করেন, যাতে ভবিষ্যতেও তিনি ও তার শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য আরও সম্মান বয়ে আনতে পারেন।