All posts by jitu

কুমিল্লা পাঁচথুবি ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান, দেশীয় পাইপগান ও কার্তুজ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের পাঁচথুবি ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে।

সোমবার ( ২২ ডিসেম্বর) ভোর ৬ টায় যৌথ বাহিনী ডুমুরিয়া চানপুর এলাকায় অভিযান পরিচলনা করে ।

উক্ত অভিযানে পরিত্যাক্ত স্থান হতে একটি দেশীয় পাইপ গান এবং ২ রাউন্ড পাইপ গান কার্তৃজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র কোতোয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

যৌথবাহিনী কর্তৃক সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অন্ত্র উদ্ধার দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।

কুমিল্লা থেকে দেশের পথে যাত্রা ‘ট্রিপ লাভার্স কুমিল্লার’

স্টাফ রিপোর্টার: 

নারী নেতৃত্বের ভ্রমণ উদ্যোক্তাদের সংগঠন “ট্রিপ লাভার্স কুমিল্লা”। ২০২৪ সালের ২২ ডিসেম্বর কুমিল্লা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণপ্রেমীদের একত্রিত করার লক্ষ্যে ফেসবুকভিত্তিক এই গ্রুপটি যাত্রা শুরু করে। এক বছরের মধ্যেই গ্রুপটি কুমিল্লার ভ্রমণপিপাসুদের কাছে পরিচিত ও আস্থার নাম হয়ে উঠেছে।

মুলত; স্বল্প ও সাশ্রয়ী বাজেটে কুমিল্লার মানুষের দেশ ভ্রমণের স্বপ্ন পূরণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে গ্রুপটি। গ্রুপটির উদ্যোক্তাদের মধ্যে রয়েছে কুমিল্লা সরকারী মহিলা কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী নাফিজা জামান মীম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তার আদিবা এবং কুমিল্লা সরকারী মহিলা কলেজের ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসিফা।

“ট্রিপ লাভার্স কুমিল্লা”-এর মূল লক্ষ্য হলো স্বল্প ও সাশ্রয়ী বাজেটে কুমিল্লার মানুষকে দেশের নৈসর্গিক সৌন্দর্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। ঝর্ণা, পাহাড়, সমুদ্র, নদী—প্রকৃতির প্রতিটি রূপ যেন তাদের নেশা। নিরাপদ, সংগঠিত ও আনন্দঘন ভ্রমণের মাধ্যমেই তারা নারী উদ্যোক্তা হিসেবে পর্যটন খাতে নিজেদের অবস্থান তৈরি করছেন।“ট্রিপ লাভার্স কুমিল্লা” প্রমাণ করেছে—নারীরা চাইলে উদ্যোক্তা হিসেবে পর্যটন খাতে নেতৃত্ব দিতে পারে। এই উদ্যোগ শুধু ভ্রমণ আয়োজন নয়, বরং কর্মসংস্থান, সচেতনতা ও স্থানীয় পর্যটন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রতিষ্ঠার এক বছরেই এক ধাপ এগিয়ে নিজেদের গ্রুপের নামকে প্রতিষ্ঠা করেছে পুরো কুমিল্লায়গ্রুপের এক বছর পূর্তি উপলক্ষে উদ্যোক্তারা কুমিল্লার ভ্রমণপিপাসুদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ভ্রমণ শুধু আনন্দ নয়, এটি মানসিক সুস্থতা ও জ্ঞানের পরিধি বাড়ায়। সবাইকে নিরাপদ ভ্রমণ, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানাই।”

এক বছরের পথচলায় এই গ্রুপটি কুমিল্লার তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। আগামী দিনে আরও বড় পরিসরে দেশ ভ্রমণের মাধ্যমে তারা পর্যটন শিল্পে ইতিবাচক অবদান রাখবে—এমন প্রত্যাশাই ভ্রমণপ্রেমীদের।

আবেগে পড়ে মনোনয়ন পত্র কিনেছি, আমার ভুল হয়েছে দুঃখিত- সাক্কু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, বিভিন্ন ভাবে শুনছি ইয়াছিন ভাইয়ের সমর্থকরা বলছেন তারা আজ নমিনেশন আনছেন, কাল নমিনেশন আনছেন, এসব দেখে আমি আর সহ্য করতে না পেরে আবেগে পড়ে মনোনয়নপত্র কিনেছি। তবে, এই মনোনয়ন পত্র কেনাটা আমার ভুল হয়েছে,দুঃখিত। আমি এই মনোনয়নপত্র জমা দিবো না এবং কি ইলেকশনও করবো না। তবে, দল যদি ইয়াছিন সাহেবকে মনোনয়ন দেয়, তাহলে আমিও ইলেকশন করমু।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে নিজ বাসভবনে এক জরুরী সংবাদ সম্মেলন ডেকে এমন ঘোষণা দেন বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা।

মনিরুল হক সাক্কু সংবাদ সম্মেলনে আরো বলেছেন, ইয়াছিন সাহেব সবসময় আমার কার্যক্রকে বাধা দিয়েছে৷ সবসময় তিনি আমার বিপরীতে ছিলেন। তাই হাজী ইয়াছিন সাহেবকে নমিনেশন দিলে আমি স্বতন্ত্র থেকে হলেও নির্বাচন করবো। হাজী ইয়াছিন সাহেব ছাড়া আর যাকেই নমিনেশন দিক, আমি তার পক্ষে কাজ করবো৷ তাই আমি বিএনপির মহাসচিব সাহেব কে বলেছিলাম ভাই আমাকে যদি দেন তবে দিতে পারেন। আর যদি না দেন, তাহলে আমার দৃষ্টিতে মনিরুল হক চৌধুরী সাহেবকে দিলে ভাল হবে৷ আমি ওনাকে আরো বলেছি যদি আমার কথা রাখেন তাহলে আমি যেভাবে ইলেকশন করতাম, সেভাবেই ওনাকে করিয়ে বিজয় নিয়ে আসবো। তাই, দলের মহাসচিব আমার কথা রেখেছেন। মনির ভাই মনোনয়ন পেলেন, আর আমি শুরু থেকেই ওনার সঙ্গে কাজ করছি।

মনোনয়নপত্র নেওয়া প্রসঙ্গে মনিরুল হক সাক্কু বলেন, আমি দেখলাম যে ইয়াছিন ভাই বিভিন্ন জায়গায় গণসংযোগে গিয়ে নিজে মালা পড়ছেন, আবার মানুষকে মালা পড়িয়ে দিচ্ছেন, এমন একটি উদ্ভট পরিস্থিতি তৈরী করেছেন। এছাড়া, একবার ১২ তারিখ, একবার ১৬ তারিখ আবার ১৮ তারিখ এসব বলে বিভ্রতকর পরিস্থিতি তৈরী করছেন। আমি আমার রাগ উঠে যাওয়ায় আমি নমিনেশন পেপার কিনেছি। তবে, এটা কেনার পর আমি বুঝতে পারছি নমিনেশন পেপার কেনাটা আমার ভুল হয়েছে।

এসময়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের বহিষ্কারাদেশ আদেশ প্রত্যাহার ইস্যু নিয়ে সাক্কু বলেন, আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব এবং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে চিঠি দিয়েছিলাম। তখন আমি মহাসচিব সাহেবকে বলেছিলাম আপনার দল তো ক্ষমতায় নেই, আপনি আমাকে মেয়র বানিয়ে দিতে পারবেন। দল যখন ক্ষমতায় আসে তখন দেখা যাবে। এই দুইটা কথা বলে আমি আইসা পড়ছি। আমি আর কোনো চিঠি দিবো না এটার জন্য।

উল্লেখ্য, ২০২২ সালের ১৯ মে দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে মনিরুল হক সাক্কুকে আজীবন বহিষ্কার করা হয়।

কুমিল্লায় শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় মূল আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলায় শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মূল অভিযুক্ত জামাল সিকদারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

র‌্যাব জানায়, গোপন গোয়েন্দা তথ্য, তথ্যপ্রযুক্তির সহায়তা ও নিবিড় নজরদারির ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর তারিখে কুমিল্লা জেলার তিতাস থানাধীন মজিদপুর ইউনিয়নের শিবপুর এলাকার শিকদার বাড়িতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত জামাল সিকদার নিহত সুফিয়া বেগমের (৭০) জামাতা।

জানা যায়, ঘটনার দিন জামাল সিকদার তার ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার নিয়ে স্ত্রী ও মেয়ের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি তার ১৭ বছর বয়সী মেয়ে মারিয়া আক্তারকে মারধর ও লাথি মারেন। এতে মারিয়া গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার কথা জানতে পেরে মারিয়ার নানি সুফিয়া বেগম জামালের বাড়িতে আসেন এবং তার মেয়েকে মারধরের কারণ জানতে চাইলে দু’জনের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠা জামাল সিকদার শাশুড়িকে মারধর করেন এবং পরে তাকে বাড়ির পাশের একটি খালের পানিতে চুবিয়ে হত্যা করেন।

প্রতিবেশীরা ঘটনাটি প্রত্যক্ষ করলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের নাতি বাদী হয়ে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর থেকেই আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে। অবশেষে সফল অভিযানের মাধ্যমে মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কুমিল্লা জেলার তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।

ক্লাব নটরডেমিয়ান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নাসের বখতিয়ার

নিজস্ব প্রতিবেদক:

দেশের প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের সদস্যদের ভোটে ২০২৬-২৭ আগামী দুই বছরের জন্য কার্যকরী পরিষদ নির্বাচিত করা হয়েছে।

গত শনিবার বনানীস্থ ক্লাবের ফাদার পিসাতো ব্যানকুইট হলে ক্লাবের ৪র্থ হতে ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহন করা হয়। উৎসবমুখর পরিবেশে নির্বাচনে ১৯৬৫ ব্যাচের অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান শেখ আবু নাসের বখতিয়ার আহমেদ সদস্যদের সরাসরি ৪৮৫ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলে ১৯৯১ ব্যাচের মোহাম্মদ জহিরুল ইসলাম কচি ১৪৫ ভোট।

১০ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের সদস্য নির্বাচনে সর্বোচ্চ ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ১৯৯৩ ব্যাচের খালেদ ফয়সাল রহমান জিতু। পরিষদে নির্বাচিত অন্য সদস্যরা হলেন ১৯৯৮ ব্যাচের আবু সালেহ মোহাম্মদ সায়েম ৫৯৪ ভোট, ১৯৯০ ব্যাচের শেখ আমিনুর রহমান চঞ্চল ৫৬৯ ভোট, ১৯৮৫ ব্যাচের শেখ মুনিরুল আলম টিপু ৫৫৫ ভোট, ১৯৯৯ ব্যাচের মোঃ নজরুল ইসলাম মল্লিক ৫৪৩ ভোট, ১৯৯৬ ব্যাচের আদনান নাফিস ৫২২ ভোট, ১৯৯২ ব্যাচের সাইফুল ইসলাম ৫০৭ ভোট, ১৯৯১ ব্যাচের আরিফুল ইসলাম চৌধুরী ৪৯৮ ভোট, ২০০০ ব্যাচের ডাঃ যোবায়ের হোসেন ৪৬০ ভোট এবং ১৯৯৪ ব্যাচের কাজী মোহাম্মদ মাহবুবুল হক ৪২৯ ভোট পেয়ে ১০ম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া পরাজিত প্রার্থীদের মধ্যে ১৯৯৫ ব্যাচের শাহ মোহাম্মদ মাকসুদুল গনি পেয়েছেন ৩৯৫ ভোট, ২০০১ ব্যাচের মোঃ নাহিদুল হাসান পেয়েছেন ৩৫৫ ভোট এবং ২০০৪ ব্যাচের মোস্তাফিজুর রহমান সুজন পেয়েছেন ২৭৪ ভোট।

নির্বাচনে মোট ৮৬৭ জন ভোটারের মধ্যে ৬৫০ জন (প্রায় ৭৫ শতাংশ) সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের মধ্যে প্রেসিডেন্ট ব্যালটে ২০টি এবং কার্যকরী পরিষদ সদস্য ব্যালটে ১৫টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আতিকুল আযম –এর নেতৃত্বে ৭ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পুরো নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন।

কুমিল্লা স্টেডিয়ামে যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশী অস্ত্র ও বুলেট উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশী অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়।

শনিবার (২১ ডিসেম্বর) ভোররাতে এই অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর সূত্র জানায়, কুমিল্লায় যৌথ বাহিনী কর্তৃক অবৈধ অস্ত্র উদ্ধার দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে স্টেডিয়াম মার্কেট এলাকা হতে ১টি শটগান, ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড শটগান কার্তুজ এবং ২০ রাউন্ড পিস্তল গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদ ব্যাটালিয়ন সদরে সংরক্ষিত রয়েছে।

চৌদ্দগ্রামে বাসচাপায় পথচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে আঞ্চলিক মদিনা বাসচাপায় ফজলুর রহমান (৭৪) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের জামুকরা মরহুম হাজী আনোয়ার উল্যাহর ছেলে ও চৌদ্দগ্রাম বাজারের মোবাইল গ্যালারীর মালিক মোঃ মানিকের পিতা। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজার এলাকায়।
রোববার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে কুমিল্লাগামী মদিনা বাস পথচারী ফজলুর রহমানকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও তার ছেলে বাজারের মোবাইল ব্যবসায়ী মোঃ মানিক আহত অবস্থায় ফজলুর রহমানকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।

নিহতের ছেলে চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী মোঃ মানিক বলেন, বাবা ফজলুর রহমান প্রায় সময় কেনাকাটার জন্য চৌদ্দগ্রাম মহিলা মাদরাসা রোডের বাড়ি থেকে বাজারে আসেন। রোববার বিকেল বেলায় পাউরুটি কিনে সড়ক পার হওয়ার সময় একটি মদিনা বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে ফাঁড়িতে নেয়া হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে’।

ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে একজন নিহত, আটক ৪

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গভীর রাতে ঘরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে সাহেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাতে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাহেদ আলী উপজেলার সেমন্তঘর গ্রামের মিল্লাত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে সাহেদ আলী প্রথমে কোনাউর গ্রামের একটি বাড়িতে চুরি করেন। এরপর তিনি একই গ্রামের মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির বাড়িতে সিঁধ কেটে ঢোকার চেষ্টা চালান। ওই সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে হাতেনাতে ধরে ফেলে। উত্তেজিত গ্রামবাসীর গণপিটুনিতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানায়, খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত সাহেদ আলী দীর্ঘদিন ধরে তার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রাথমিকভাবে চারজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চৌদ্দগ্রামে কৃষিজমির মাটি রক্ষায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায়, এক্সাভেটর ও ড্রাম ট্রাক জব্দ

স্টাফ রিপোর্টার:

কৃষি জমিনের টপ সয়েল রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন। মাটি ব্যবসায়ীদের দৌরাত্ন বন্ধে গত তিন দিনে ৪টি পৃথক অভিযান পরিচালনা করেছেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত আবাদযোগ্য কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে এসময় “বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন, ২০১০” এর ১৫ ধারায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় অভিযুক্তদের নিকট থেকে। এসময় ১টি এক্সাভেটর ও ১টি ড্রাম ট্রাকও জব্দ করা হয়।

রবিবার (২১শে ডিসেম্বর) দুপুরে কনকাপৈত ইউনিয়নের পন্নারা, ভানুস্বর, কনকাপৈত এলাকায় অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে প্রশাসনের একের পর এক অভিযানে অনেকাংশে কমে গেছে মাটি ব্যবসায়ীদের দৌরাত্ন। এতে করে স্বস্থির নি:শ্বাস ফেলছে উপজেলার সাধারন মানুষ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত আবাদযোগ্য কৃষি জমির টপসয়েল কেটে ফেলার অভিযোগে এসব অভিযান পরিচালিত হয়। কৃষি জমি রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বসুন্ধরা এলপি গ্যাস টানা ষষ্ঠবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন

স্টাফ রিপোর্টার:

বসুন্ধরা এলপি গ্যাস শীর্ষস্থানীয় ও সর্বাধিক বিশ্বাসযোগ্য এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি এবারেও বাংলাদেশের এলপিজি খাতে সম্মানজনক ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। টানা ষষ্ঠবার এই অ্যাওয়ার্ড অর্জন করলো বসুন্ধরা এলপি গ্যাস লি:।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত ১৭তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে এলপি গ্যাস ক্যাটাগরিতে এই স্বীকৃতি লাভ করে ব্র্যান্ডটি।
গত শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর এক স্বনামধন্য হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

এই স্বীকৃতি বসুন্ধরা এলপি গ্যাসের গ্রাহকের ধারাবাহিক আস্থা এবং নিরাপত্তা ও গুণগত মানে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের প্রথম বেসরকারি এলপিজি সরবরাহকারী হিসেবে দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন সরবরাহ, আধুনিক অবকাঠামো এবং উদ্ভাবনী সেবার মাধ্যমে ভোক্তাদের আস্থা অর্জন করে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মোঃ রেদোয়ানুর রহমান, চিফ ফিনান্সিয়াল অফিসার বেলাল হোসেন, এজিএম সেলস মোঃ আতাউর রহমান, এজিএম সেলস নূর কুতুব উল আলম, মোঃ আব্দুল্লাহ, যুগ্ম প্রধান প্রকৌশলী এবং ব্র্যান্ড ম্যানেজার মাসুম বিল্লাহ ও সহকারী প্রকৌশলী মোঃ মুনজুরুল হোসেন সাফি।

এ অর্জন প্রসঙ্গে বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মোঃ রেদোয়ানুর রহমান বলেন,“টানা ষষ্ঠবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। গ্রাহক, পরিবেশক, খুচরা বিক্রেতা, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের আস্থা ও সহযোগিতার ফলেই এই স্বীকৃতি সম্ভব হয়েছে।”

এছাড়া সানভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাফিয়াত সোবহান এক বার্তায় বলেন,“এই সম্মাননা বসুন্ধরা এলপি গ্যাসের প্রতিটি সদস্য ও আমাদের ভোক্তাদের প্রতি উৎসর্গ করছি। আমরা ভবিষ্যতেও নিরাপদ, নির্ভরযোগ্য ও মানসম্মত এলপিজি সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, এই অর্জনের মাধ্যমে বসুন্ধরা এলপি গ্যাস (সানভীর বসুন্ধরা গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান) আবারও প্রমাণ করলো যে, এলপিজি খাতে তারা আস্থা, মান ও নেতৃত্বের প্রতীক।