All posts by jitu

সদর দক্ষিনে লোলবাড়িয়া স্কুল শিক্ষার্থী মরহুম ইব্রাহীমের স্মরণে মিলাদ মাহফিল

 

সালাহ উদ্দিন সোহেল:

কুমিল্লা সদর দঃ উপজেলায় ৩ মে বুধবার লোলবাড়িয়া স্কুলের ২০১৪ ব্যাচের শিক্ষার্থী মরহুম মোঃইব্রাহীম খলিলের স্মরনে লোলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

লোলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ব্যাচ ২০১৪ সালের দেশ ও বিদেশের সকল ছাত্র ছাত্রীদের উদ্দ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে লোলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা সহ সকল ছাত্র ছাত্রী ও মরহুমের ২০১৪ ব্যাচের সহপাঠীরা উপস্হিত থেকে মরহুমের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করেন।

পরে মরহুমের পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই ওমর ফারুক মরহুম ইব্রাহীমের ২০১৪ ব্যাচের দেশ বিদেশের সকল বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য মরহুম ইব্রাহীম খলিল করোনা মহামারীর সময় ২০২০ সালের ২৩ শে মার্চ সৌদি আরবে ইন্তেকাল করেন।পরে মরহুমকে সৌদি আরবে জেদ্দাতে দাফন করা হয়।

কুবিতে কমলো আসন, বাড়লো কোটা

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

গুচ্ছভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে কমেছে আসন, বেড়েছে পৌষ্য কোটা। সর্বশেষ ভর্তি বিজ্ঞপ্তিতে মোট ৬টি অনুষদের ১৯টি বিভাগে আসন সংখ্যা বরাদ্দ করা হয়েছে ১০৩০ টি। যা গত শিক্ষাবর্ষ থেকে ১০টি কম।

অন্যদিকে কোটায় আসন বেড়েছে ৩২টি। সর্বশেষ শিক্ষাবর্ষের ৫৯টি কোটার আসন থেকে বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৯১টি।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ৭৫তম একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মোট ১০৪০টি আসনের পরিবর্তে বর্তমানে ১০৩০টি আসনে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রত্নতত্ত্ব বিভাগের জন্য বরাদ্দ ৫০টি আসনের জায়গায় ৪০টি আসনে কমিয়ে আনা হয়েছে। এছাড়া কোটার আসন ৫৯ থেকে বাড়িয়ে করা হয়েছে ৯১টি। কোটার আসন সমূহের মধ্যে পৌষ্য কোটা ৩৮টি, মুক্তিযোদ্ধা ২৭টি, উপজাতি ১২টি, অ-উপজাতি ৪টি, শারীরিক প্রতিবন্ধী ৬টি এবং খেলোয়াড় কোটা ৪টি।

এ বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগের চেয়্যারম্যান ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, প্রত্নতত্ত্ব একটি বিশেষায়িত সাবজেক্ট হওয়াতে দেশের বিভিন্ন স্থানে আমাদের ফিল্ডওয়ার্কসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে হয়। এক্ষেত্রে একটা বড় টিম দেশের বিভিন্ন প্রান্তে ফিল্ডওয়ার্কে যাওয়াটা কিছুটা কঠিন। এছাড়া আমাদের একাডেমিক কার্যক্রম চালাতেও বেশ অসুবিধা হচ্ছে। সেজন্য আমরা বিভাগের একাডেমিক মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের কাছে আসন কমানোর আবেদন জানাই। প্রশাসন সেই আবেদনের প্রেক্ষিতে ৫০টি থেকে কমিয়ে ৪০টি আসনে নিয়ে আসে।

পৌষ্য কোটায় সিট বৃদ্ধির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে শিক্ষকদের পৌষ্য কোটায় আসন বাড়ানোর দাবির প্রেক্ষিতে কাউন্সিল সদস্যদের সমন্বিত সিদ্ধান্তের আলোকেই আসন বৃদ্ধি করা হয়। যদিও আমাদের অধিকাংশ কোটার আসনই পূরণ করা সম্ভব হয় না।

এছাড়া তিনি আরও বলেন, প্রত্নতত্ত্ব বিভাগে প্রতি শিক্ষাবর্ষেই আসন খালি থাকে। শেষের দিকে ভর্তিচ্ছু শিক্ষার্থী পাওয়া যায় না। সেজন্য বিভাগের শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিল ১০টি আসন কমানোর সিদ্ধান্ত নেয়।

মোবাইল চার্জ দিতে গিয়ে প্রাণ গেল কিশোরীর

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরীরর মৃত্যু হয়েছে।

নিহত নাছনীন সুলতানা জিতু (১৩) উপজেলার ১নং চর জব্বর ইউনিয়নের পশ্চিমজাহাজমারা গ্রামের বেলাল হোসেনের মেয়ে।

মঙ্গলবার (২ মে) বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম জাহাজমারা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বসত ঘরের নিজ শয়নকক্ষে জিতু মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) আবদুল ওয়ালেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

শৃংঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের জন্য দেবিদ্বার উপজেলা আ’লীগকে কারণ দর্শানোর নোটিশ

 

স্টাফ রিপোর্টার:
দলীয় সাংগঠনিক শৃংঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের জন্য দেবিদ্বার উপজেলা আ’লীগের সভাপতি এ. কে. এম. শফিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন।

৩ মে কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন স্বাক্ষরিত এক পেইডে এ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি সমন্বয়হীনতার অভিযোগে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের পরামর্শে চলতি বছরের ২৬ জানুয়ারি স্থগিত করে দায়িত্বপ্রাপ্ত ৭ জনকে নিয়ে সমন্বয়ে কমিটি করার কথা বলা হয় এবং গত ৭ ফেব্রুয়ারি সম্মেলনে নির্বাচিত ৬ জন ব্যতীত বাকী কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। কিন্তু আপনি সমন্বয়ের প্রয়োজনীয় ব্যবস্থা না করে দলীয় শৃংঙ্খলা ভঙ্গ করে কার্যক্রম পরিচালনার চেষ্টা করছেন এবং আগামী ৬ মে কার্যনির্বাহী কমিটির সভা আহ্বান করেছেন। আপনার বিরুদ্ধে দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা জানিয়ে আগামী ৭ সাত দিনের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর লিখিত জবাব দেওয়ার জন্য এবং ৬ মে ডাকা কার্যনির্বাহী কমিটির সভা স্থগিত করার জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হলো।

শাহরুখের আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা, ভিডিও ভাইরাল

 

বিনোদন ডেস্কঃ

শাহরুখের কাণ্ড দেখে অবাক ভক্তরা। বিমানবন্দরে সেলফি তুলতে আসা এক ভক্তকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছেন শাহরুখ। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই ‘জওয়ান’ বয়কট করার কথা বলছেন অনেকেই।

ভিডিওতে শাহরুখকে দেখা গেছে কালো লেদার জ্যাকেট, চোখে চশমা, এলোমেলো চুলে। সঙ্গে সহকারী পূজা দাদলানি। বিমানবন্দর থেকে বেরিয়ে আসছিলেন তিনি। এই সময় এক ভক্ত পাশে দাড়িয়ে মোবাইলে সেলফি তুলতে চান। তখনই মেজাজ হারান অভিনেতা। সেই ভক্তকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছেন শাহরুখ।

শাহরুখকে মেজাজ হারাতে দেখা যায় না সাধারণত। তাই শাহরুখের থেকে এমন আচরণ মেনে নিতে পারছেন না নেটিজেনরা। এক ভক্ত লিখেছেন, ‘পাঠান হিট হওয়াতে শাহরুখের আচরণ বদলে গেছে।’ আরেকজন লিখেছেন, ‘জওয়ান বয়কট করুন।’ অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘দোষ ভক্তদেরই। তারাই তারকাদের অহংকার বাড়ায়। হলিউড অভিনেতাদের আশেপাশে ভক্তদের এমন করতে দেখেছেন কখনও?’

মুক্তির অপেক্ষায় আছে শাহরুখের দুটি বড় বাজেটের ছবি- ‘ডানকি’ এবং ‘জওয়ান’। তার মাঝে ‘জওয়ান’ মুক্তির বাকি নেই আর এক মাসও। এর মাঝেই এমন ঘটনা সিনেমার ব্যবসায় কোনো প্রভাব ফেলে কিনা সেটাই এখন দেখার পালা।

সদর দক্ষিণে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

 

সালাহ উদ্দিন সোহেলঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে জিহাদ (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার পঁশ্চিম চঁনগাও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ চঁনগাও গ্রামের মহিলা মেম্বার বড়ির সৌদি প্রবাসী ছাদেকুল ইসলামের ছেলে। সে পূর্ব চঁনগাওয়ের একটি মাদ্রাসায় ৩য় শ্রেণীর ছাত্র ছিল।

স্হানীয় সূত্রে জানা যায়, জিহাদ মাদ্রাসা থেকে ফিরে অন্যান্য ছেলেদের সাথে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। তার সাথে থাকা ছেলেরা বাড়িতে খবর দিলে পুকুরে জাল ফেলে জিহাদকে মৃত অবস্হায় তুলে আনে স্হানীয়রা।

কুমিল্লার আলেখারচরে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদরে ১১ কেজি গাঁজাসহ মালু মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে ২ মে সদরের আলেখারচর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।


আটক হওয়া মাদক কারবারি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

বুধবার (৩ মে) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

মুরাদনগরে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আবদুস সাত্তার (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ মে) রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুস সাত্তার উপজেলার বাঙ্গরাবাজার থানার কাঁঠালিয়া কান্দা গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।

বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, দুইদিন আগে কদমতলী গ্রামের করিমের একাধিক বিয়েকে কেন্দ্রকরে তার ছেলে ইউনুছের সঙ্গে একই গ্রামের নজরুলের সঙ্গে কথাকাটাকাটি হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে বিষয়টি নিয়ে পুনরায় উভয়ের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইউনুছের লোকজন আবদুস সাত্তারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীরা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় চারজন আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে করিমের এক নাতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বাবার লাশ বাড়িতে রেখে চোখে জল নিয়ে এসএসসি পরীক্ষা দিল মেয়ে

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

একযোগে সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে গত ৩০ এপ্রিল রবিবার। সব শিক্ষার্থী প্রতিদিন মা-বাবার দোয়া নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসে। কিন্তু বাড়িতে বাবার লাশ রেখে চোখে জল নিয়ে এসএসসি পরীক্ষা দিতে এসেছে ফেরদৌসী আক্তার জুঁহি।

ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও গ্রামে। বুধবার (৩ মে) সকাল ৭টার দিকে ফেরদৌসী আক্তার জুঁহির বাবা মকবুল হোসেন বেপারী শারীরিক অসুস্থ হয়ে মারা যান। এদিন সকাল ১০টায় পরীক্ষায় অংশ নেন জুঁহি। পরীক্ষা শেষে বাড়িতে এসে বাবার শেষ বিদায় দেন সে।

মকবুল হোসেন ভাটেরগাঁও গ্রামের বেপারী বাড়ির মৃত আবুল হাশেম বেপারীর ছেলে। ফেরদৌসী আক্তার জুঁহি উপজেলার শাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। বুধবার তার ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। এদিন সকালে বাবা মারা যাওয়ায় ভেঙে পড়ে জুঁহি। পরে স্বজনদের পরামর্শে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেয় সে। এক হাতে চোখের অশ্রু মুছে আর অন্য হাতে কলম চালিয়ে পরীক্ষা দেয় ফেরদৌসী।

স্থানীয়রা জানায়, বুধবার সকাল ৭টার দিকে দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যান ফেরদৌসী আক্তার জুঁহির বাবা মকবুল হোসেন। বাবাকে হারিয়ে ভেঙে পড়ে দুই বোনের মধ্যে সবচেয়ে ছোট জুঁহি। অন্যদিকে সকাল ১০টায় তার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা। বাবার মৃত্যুতে বারবার মূর্ছা যাওয়া ফেরদৌসীর পক্ষে পরীক্ষা দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এসময় তার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা তাকে বুঝিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠায় এবং সে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে বাড়ি পৌঁছে বাবার লাশের পাশে বসে বারবার মূর্ছা যাচ্ছিল ঐ ছাত্রী। বাড়ি পৌঁছার পর তার বাবার লাশ বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় ইউপি সদস্য সোহাগ পাটোয়ারী বলেন, মৃত মকবুল হোসেন বেপারী দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এর আগে তিনি ব্রেনস্ট্রোক করেন। সর্বশেষ দুদিন আগে তিনি জ্বর ও পেটব্যথা নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। পরিবারটির অবস্থাও তেমন একটা ভালো না। সকালে তিনি মৃত্যুবরণ করলে তার মেয়েকে পরিবারের সবাই বুঝিয়ে পরীক্ষা দিতে যেতে বলে। সবার কথায় সে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

উক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, ফেরদৌসী একজন মেধাবী শিক্ষার্থী। তার বাবার মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক তাদের বাড়িতে আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষক গিয়েছেন। তিনি পরিবারটির পাশে আছেন। আমরা ফেরদৌসীর পাশে আছি এবং সে যেন কোনোভাবেই মানসিকভাবে ভেঙে না পড়ে সেই চেষ্টা করছি। সামনে যাতে সবগুলো পরীক্ষায় সে অংশগ্রহণ করে সেজন্য আমরা তাকে সহযোগিতা করবো। এছাড়াও ভবিষ্যতে উচ্চশিক্ষার ক্ষেত্রে ফেরদৌসীর যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে তাকে পূর্ণ সহযোগিতা করবো। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।

ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে।

বুধবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার (৪০) উপজেলার ৩নং পরকোর্ট ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গ্রামের দেওয়ান বাড়ির মঞ্জুর আহমেদর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল বাশারের সাথে দীর্ঘদিন যাবত একই বাড়ির ফয়েজ উল্লাহ (৪৫) এর সাথে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। আজ দুপুরের দিকে নিহত আবুল বাশার বাড়ির পাশের একটি ক্ষেতে কাজ করছিল। ওই সময় পূর্ব বিরোধের জের ধরে একই বাড়ির ফয়েজ উল্লাহ এর ছেলে মো. রাফির নেতৃত্বে ৮-১০ জন তার ওপর হামলা করে। এ সময় রাফির কাঠের লাঠি দিয়ে বাশারের মাথায় আঘাত করলে সে অচেতন হয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখনো এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।