Tag Archives: সুবর্ণচর

নোয়াখালীতে পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালালো ৪ জুয়াড়ি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৪ জুয়াডি আসামি হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে পালিয়ে গেছে। তবে তাৎক্ষণিক পালিয়ে যাওয়া আসামিদের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন উপজেলার চরজব্বর ইউনিয়নের আবদুল্যাহ মিয়ার হাটে অভিযান চালান। অভিযানে মোবাইলে জুয়া খেলার সময় চার জুয়াড়িকে আটক করেন তিনি। এরপর তাদের পুলিশের সিএনজি চালিত অটোরিকশায় ওঠানো হয়। ঘটনাস্থল থেকে তাদের থানায় নেয়ার সময় চার আসামি হ্যান্ডকাপসহ চর হাসান ভূঁইয়ার হাটে পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেনের মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জুয়াডিদের পালিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি তাৎক্ষণিক পালিয়ে যাওয়া আসামিদের নাম ঠিকানা জানাতে পারেনি।

বিশেষ কায়দায় পায়ের স্যান্ডেলে রেখে ইয়াবা পাচার, আটক ১

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে দুই পায়ে পরিহিত স্যান্ডেলে বিশেষ কায়দায় পলিথিনে মুড়িয়ে ইয়াবা পাচারের সময় এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ১ হাজার ৫২০পিস ইয়াবা ও একটি অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মো.আলাউদ্দিন (২৯) উপজেলার চরবাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের ছেরাজুল হক বাড়ির মো.ছেরাজুল হকের ছেলে।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে,গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রামের সুবর্ণ এলপিজি ফিলিং স্টেশন সংলগ্ন সোনাপুর-চেয়ারম্যান সড়ক থেকে তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সুবর্ণচর উপজেলায় আবুল কালাম আজাদ নামে এক মাদক কারবারি জেলার বিভিন্ন উপজেলায় অভিনব কৌশলে ইয়াবা কারবার চালিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সুবর্ণচর উপজেলার সুবর্ণ এলপিজি ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি অটোরিকশাসহ মাদক কারবারি আলাউদ্দিনকে আটক করা হয়। এরপর তার পরিহিত দুই পায়ের স্যান্ডেলে বিশেষ কায়দায় লুকায়িত ১৫২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মো.আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চরজব্বর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোবাইল চার্জ দিতে গিয়ে প্রাণ গেল কিশোরীর

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরীরর মৃত্যু হয়েছে।

নিহত নাছনীন সুলতানা জিতু (১৩) উপজেলার ১নং চর জব্বর ইউনিয়নের পশ্চিমজাহাজমারা গ্রামের বেলাল হোসেনের মেয়ে।

মঙ্গলবার (২ মে) বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম জাহাজমারা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বসত ঘরের নিজ শয়নকক্ষে জিতু মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) আবদুল ওয়ালেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

প্রধান শিক্ষকের বাড়িতে শিক্ষার্থীদের দিয়ে গাছ কাটানোর সময় গাছ চাপায় একজনের মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে গাছ চাপা পড়ে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রিয়াজ হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম খলিল সাগর (১৪) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের নুরবনী সওদাগরের ছেলে। সে স্থানীয় মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক নুরুজ্জামান রিয়াজ একই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র সাগর সহ কয়েকজনকে নিজের বাড়ির গাছ কাটতে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে একটি বড় গাছের টুকরো ৪জন ছাত্র এক সাথে ধরে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। বাড়ির উঠানে পৌঁছলে আসস্মিক অন্য ৩জন শিক্ষার্থী গাছের টুকরোটি ছেড়ে দিলে সাগর ওই গাছের নিচে চাপা পড়ে মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক নুরুজ্জামান রিয়াজ পলাতক রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক নুরুজ্জামানের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তীতে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাওয়ার টিলার চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে ইটবাহী পাওয়ার টিলার চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের চরজব্বার পুলিশ ফাঁড়ি সংলগ্ন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় মজুমদার (৩০) উপজেলার ৭নং পূর্ব চরবাটার ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরমজিদ গ্রামের রাখাল মজুমদারের ছেলে এবং তিনি হাতিয়ার চেয়ারম্যান ঘাট বাজারের পূর্নিমা জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী ছিলেন।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন রাজু জানান, বিকেল ৪টার দিকে নিজ বাড়ি থেকে দুপুরের খাবার শেষে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা করেন হৃদয়। যাত্রা পথে মোটরসাইকেলটি উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের চরজব্বার পুলিশ ফাঁড়ি সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছলে সামনে থাকা পাওয়ার টিলারটি স্টার্ট বন্ধ হয়ে ব্রেকফেল করে। এতে ট্রাক্টরের পিছনে থাকা মোটরসাইকেলটি ট্রাক্টরের নিচে চাপা পড়লে হৃদয় ঘটনাস্থলেই মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ। তিনি বলেন, দুর্ঘটনার শিকার ট্রাক্টার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনার পর চালক কৌশলে পালিয়ে যায়। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পালিয়েছেন প্রেমিক

 

গিয়াস উদ্দিন রণী, নোয়াখালী :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন প্রেমিকা (১৮)।

শনিবার (১৫ অক্টোবর) সকাল ৬টা থেকে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের প্রেমিকের বাড়িতে এ অনশন চলছে। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রেমিক মো.বেলাল হোসেন (২২) ওই গ্রামের মো.হারুনের ছেলে। ভুক্তভোগী ওই কিশোরী একই এলাকার ফরিদ মার্কেট এলাকার বাসিন্দা। তারা দুইজনই একই ইউনিয়নের একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর প্রেমিক বেলাল সপরিবারে বাড়ি থেকে পালিয়েছেন। এ সময় প্রেমিকের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।
ওই কিশোরী অভিযোগ করে বলেন, দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক বেলাল তাকে দুই মাস আগে ধর্ষণ করেছে। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই বেলালকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। ১৫-২০ দিন আগে বেলালের সাথে বিয়ে নিয়ে আমাদের বাড়িতে কথা চলছিল। এমন খবর পেয়ে ওই সময় তার মা-বাবা আমাদের বাড়িতে গিয়ে তাকে সেখান থেকে ধরে নিয়ে যায়। পরিবারের চাপে পড়ে এখন সেই সম্পর্ক অস্বীকার করছে প্রেমিক। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। তড়িঘড়ি করে কয়েক দিন আগে তার পরিবার অন্য জায়গায় তার এনগেজমেন্ট করে। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান এ কিশোরী।

এ ঘটনায় পলাতক থাকায় এ নিয়ে প্রেমিক বেলালের মন্তব্য পাওয়া যায়নি।

মোহাম্মদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ফরিদ সমাজের সভাপতি বোরহান উদ্দিন জানান, ওই কিশোরীর সাথে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক ছিল। কিছু দিন আগে তাকে তার প্রেমিকার বাড়ি থেকে নিয়ে এসে তার মা-বাবা তাকে আটক করে রাখে। পরবর্তীতে তাকে অন্য জায়গায় বিয়ের জন্য এনগেজমেন্ট করে। সামাজিক ভাবে মেয়ের পরিবার আমাদেরকে বিষয়টি জানায়। ছেলে পক্ষ সামাজিক ভাবে বৈঠকে না আসায় এটা নিয়ে কোন সুরাহা হয়নি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।