All posts by jitu

বসুন্ধরা এলপি গ্যাস টানা ষষ্ঠবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন

স্টাফ রিপোর্টার:

বসুন্ধরা এলপি গ্যাস শীর্ষস্থানীয় ও সর্বাধিক বিশ্বাসযোগ্য এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি এবারেও বাংলাদেশের এলপিজি খাতে সম্মানজনক ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। টানা ষষ্ঠবার এই অ্যাওয়ার্ড অর্জন করলো বসুন্ধরা এলপি গ্যাস লি:।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত ১৭তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে এলপি গ্যাস ক্যাটাগরিতে এই স্বীকৃতি লাভ করে ব্র্যান্ডটি।
গত শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর এক স্বনামধন্য হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

এই স্বীকৃতি বসুন্ধরা এলপি গ্যাসের গ্রাহকের ধারাবাহিক আস্থা এবং নিরাপত্তা ও গুণগত মানে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের প্রথম বেসরকারি এলপিজি সরবরাহকারী হিসেবে দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন সরবরাহ, আধুনিক অবকাঠামো এবং উদ্ভাবনী সেবার মাধ্যমে ভোক্তাদের আস্থা অর্জন করে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মোঃ রেদোয়ানুর রহমান, চিফ ফিনান্সিয়াল অফিসার বেলাল হোসেন, এজিএম সেলস মোঃ আতাউর রহমান, এজিএম সেলস নূর কুতুব উল আলম, মোঃ আব্দুল্লাহ, যুগ্ম প্রধান প্রকৌশলী এবং ব্র্যান্ড ম্যানেজার মাসুম বিল্লাহ ও সহকারী প্রকৌশলী মোঃ মুনজুরুল হোসেন সাফি।

এ অর্জন প্রসঙ্গে বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মোঃ রেদোয়ানুর রহমান বলেন,“টানা ষষ্ঠবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। গ্রাহক, পরিবেশক, খুচরা বিক্রেতা, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের আস্থা ও সহযোগিতার ফলেই এই স্বীকৃতি সম্ভব হয়েছে।”

এছাড়া সানভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাফিয়াত সোবহান এক বার্তায় বলেন,“এই সম্মাননা বসুন্ধরা এলপি গ্যাসের প্রতিটি সদস্য ও আমাদের ভোক্তাদের প্রতি উৎসর্গ করছি। আমরা ভবিষ্যতেও নিরাপদ, নির্ভরযোগ্য ও মানসম্মত এলপিজি সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, এই অর্জনের মাধ্যমে বসুন্ধরা এলপি গ্যাস (সানভীর বসুন্ধরা গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান) আবারও প্রমাণ করলো যে, এলপিজি খাতে তারা আস্থা, মান ও নেতৃত্বের প্রতীক।

কুমিল্লা জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আলী নুর বশির, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইনউদ্দিন চিশতি, বিএডিসি (সেচ) নির্বাহী প্রকৌশলী রুবাইয়াত ফয়সাল আল মাসুম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হীরা, সিনিয়র জেল সুপার হালিমা খাতুন, কৃষি অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তর প্রধান এবং ইউএনওগণ উপস্থিত ছিলেন।

সভায় জেলার রাস্তা, ড্রেন, জলাবদ্ধতা নিরসন ও যানজট নিরসন নিয়ে আলোচনা হয়। জুলাই শহীদদের কবরের কাজ নিয়ে আলোচনা করা হয়। কবরের কাজ যেনো সঠিকভাবে হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরদারি করতে বলা হয়। গৃহহীন জুলাই শহীদ ও আহতদের ঘর নির্মাণ করার জন্য বলা হয়। জানানো হয় মুরাদনগর উপজেলায় আহত গৃহহীন জুলাই যোদ্ধার জন্য ঘর করা হয়েছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্র হচ্ছে। বিষয়গুলো মাথায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকতে হবে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, নথি সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সবার যার যার অবস্থান থেকে সচেতনতা জরুরি। যার যার অফিস স্থাপনার বিশেষ গুরুত্ব সহকারে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচন পর্যন্ত সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে।

সভায় সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্ব-স্ব অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালনের জন্য সকল দপ্তর প্রধানকে আহবান জানানো হয়।

ইউনিটি ফাউন্ডেশনের দ্বিতীয় ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কুমিল্লা গ্লাডিয়েটরস

স্টাফ রিপোর্টার:

ইউনিটি ফাউন্ডেশন-এসএসসি ২০০১ ব্যাচের উদ্যোগে দ্বিতীয় ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লা গ্লাডিয়েটরস। ১৯ ডিসেম্বর কুমিল্লা ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে কুমিল্লা কিংসকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন কুমিল্লা গ্লাডিয়েটরস।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক মো: ওমর ফারুক মজুমদার। এই টুর্ণামেন্টে মোট ৬ টি দল অংশগ্রহণ করে।

এই টুর্ণামেন্টে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন কুমিল্লা গ্লাডিয়েটরস টিমের রাজু, সেরা বোলার নির্বাচিত হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইঞ্জি: শাখাওয়াত, সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন কুমিল্লা কিংস টিমের অধিনায়ক কাজী সাইফুল, ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন কুমিল্লা গ্লাডিয়েটরস টিমের রাজু। এছাড়া এই টুর্ণামেন্টে তৃতীয় সেরা দল নির্বাচিত হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চতুর্থ সেরা দল নির্বাচিত হয়েছেন কুমিল্লা ওয়ারিয়র্স। টুর্ণামেন্টে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন এশিয়ান টিভির মাহফুজ আনোয়ার সৌরভ ও সাংবাদিক ইয়াছিন।

১৯ ডিসেম্বর কুমিল্লা ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ মাঠে সকাল ৭ টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা ফাইটার্স ও কুমিল্লা কিংস। কাজী সাইফুলের কুমিল্লা কিংস প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৯ রান করেন। দলের পক্ষে শাহাদাত ৩৫ রান, আলমগীর ১ রান, রাজিব অপরাজিত ৪৪ রান ও ইরফান অপরাজিত ১২ রান করেন। কুমিল্লা ফাইটার্স এর পক্ষে নাহিদ একটি উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে ছোটনের কুমিল্লা ফাইটার্স ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান করেন। ফলে ১৩ রানে জয় তুলে নেন কুমিল্লা কিংস। দলের পক্ষে কামরুল হোসেন সোহেল ২৫ রান, ছোটন ১০ রান, আশিক নবী ৭ রান, নাহিদ নেওয়াজ ৯ রান, কামরুল ২১ রান করেন। কুমিল্লা কিংসের পক্ষে কাজী সাইফুল ২ টি উইকেট পান, মুন্না ও রাজিব একটি করে উইকেট পান। কুমিল্লা কিংসের রাজিব ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৩ উইকেটে কুমিল্লা ওয়ারিয়র্সকে হারিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে কার্তিক চান্দার কুমিল্লা ওয়ারিয়র্স ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৮ রান করেন। দলের পক্ষে কার্তিক চান্দা ৮ রান, বশির ৪২ রান, মাছুম ১৯ রান, এম এ বাশার ১১ রান, মোজাম্মেল ২ রান, মিলান অপরাজিত ৬ রান, শাহ ইমরান অপরাজিত ১ রান করেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের পক্ষে মাহমুদুল ২টি, ইঞ্জি: শাখাওয়াত ২টি, নাসির একটি উইকেট পেয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ ওভার ২ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে নাসির ৭টি ছক্কা, ৩টি চারের সাহায্যে ৫৬ রান করেন। এছাড়া ইঞ্জি: শাখাওয়াত ২ রান, কৃষ দেব ৮ রান, সানাউল সোহাড় ৩ রান, মাহমুদুল ১ রান, বুলবুল ১১ রান, নুরুদ্দিন ২ রান ও আলমগীর ১ রান করেন। কুমিল্লা ওয়ারিয়র্স এর পক্ষে বশির ৪টি, এম এ বাশার দুটি ও মাষ্টার রিপন একটি উইকেট পান। এ ম্যাচে নাসির ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

দিনের তৃতীয় ম্যাচে কুমিল্লা গ্লাডিয়েটর্স ৭ উইকেটে কুমিল্লা টাইটান্সকে হারিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লা টাইটান্স ৫ উইকেট হারিয়েছে ৮৯ রান করেন। কুমিল্লা টাইটান্সের পক্ষে নাভিন ৩৪ রান, মামুন আব্দুল্লাহ ৭ রান, ফরহাদ ২ রান, কুদ্দুস গোলদার ৫ রান, বেলাল ৯ রান, আর্মি আনিস ৪ রান ও ফারুক ২ রান করেন। কুমিল্লা গ্লাডিয়েটর্স এর পক্ষে রাজু ও আনোয়ার একটি করে, ফারুকু দুইটি উইকেট পান। জবাবে বৗাট করতে নেমে কুমিল্লা গ্লাডিয়েটর্স ৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। কুমিল্লা গ্লাডিয়েটর্স এর পক্ষে কামরুল ১৩ রান, রাজু অপরাজিত ৪০ রান, রবি ৭ রান, আনোয়ার অপরাজিত ২৫ রান করেন। কুমিল্লা টাইটান্সের পক্ষে ফারুক একটি উইকেট পান। নাভিন দুটি রান আউট করেন। এ ম্যাচে রাজু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

গ্রুপ পর্বের খেলা শেষে রানরেটে এগিয়ে থেকে সরাসরি ফাইনালে পৌছে যান কুমিল্লা গ্লাডিয়েটরস। অপরদিকে ফাইনালে যাওয়ার লক্ষ্যে দিনের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা কিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ২৫ রানে হারিয়ে ফাইনালে যান কুমিল্লা কিংস। প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লা কিংস ৭ উইকেট হারিয়ে ১০৮ রান করেন। দলের পক্ষে আলমগীর কবির ৮ রান, শাহাদাত ৩২ রান, রাজিব ৬ রান, ইরফান ২ রান, বশির ১১ রান, সাইফুল ৬ রান ও জুয়েল ১ রান করেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর পক্ষে ইঞ্জি: শাখাওয়াত ৪টি, সানাউল ৩টি উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লা কিংস ৭ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সানাউল ৯ রান, শাখাওয়াত ২ রান, বুলবুল ১২ রান, নাসির ১৯ রান, কৃষ ৬ রান, ৯ রান ও আফসার ৫ রান করেন। কুমিল্লা কিংসের পক্ষে বশির দুটি, মুন্না দুটি, সাইফুর ও রাজিব একটি করে উইকেট পান। এ ম্যাচে বশির ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

বিকেলে ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লা কিংস ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান করেন। দলের পক্ষে রাজিব ১ রান, বশির অপরাজিত ৩৬ রান ও ইরফান অপরাজিত ৫৬ রান করেন। ইরফান ৮টি ছক্কা হাকান। কুমিল্লা গ্লাডিয়েটরস এর পক্ষে রাজু দুটি ও ফারুক একটি উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লা গ্লাডিয়েটরস এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে রাজু ১১টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে অপরাজিত ৮৩ রান করেন। এছাড়া কামরুল ২৩ রান, রবি ২ রান করেন। ফাইনালে অপরাজিত ৮৩ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন কুমিল্লা গ্লাডিয়েটরস টিমের রাজু।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সুপার ফাইভ কমিটিতে আছেন যারা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সুপার ফাইভ কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কমিটিতে সভাপতি পদে রয়েছেন জাকারিয়া তাহের সুমন, সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ আমিরুজ্জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে রয়েছেন আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোহাম্মদ কামরুল হুদা এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মোহাম্মদ নজরুল হক ভূইয়া স্বপন।

 

চলতি বছরের ২৭ সেপ্টেম্বর দক্ষিণ জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। ঐদিন সভাপতি পদে জাকারিয়া তাহের সুমন ও সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য যে, গত ২৭ সেপ্টেম্বর দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার প্রিন্ট ভার্সনে দক্ষিণ জেলা বিএনপির সুপার ফাইভ কমিটিতে কারা আসতে পারেন সে বিষয়ে অগ্রিম সংবাদ প্রকাশিত হয়, যা প্রায় তিন মাস পর মিলে গেল

বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুই ইটভাটা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার:

পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি ইটভাটা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

২০ ডিসেম্বর উপজেলা প্রশাসন, বুড়িচং-এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৮(৩) ও ১৮(২) অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ এলাকায় অবস্থিত হওয়ায় সংশ্লিষ্ট ইটভাটাসমূহের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

অভিযানে গারুচো এলাকায় অবস্থিত মেসার্স ফাইভ স্টার ব্রিকস নামক ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয় এবং কিলন (চুল্লি) উচ্ছেদপূর্বক ভাটাটির সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একইভাবে কালাকচুয়া এলাকায় অবস্থিত মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ (পূর্বের নাম: মাস্টার ব্রিকস) নামক ইটভাটার চিমনি ভেঙে কিলন উচ্ছেদ করে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ, পরিদর্শক জোবায়ের হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী, বুড়িচং থানা পুলিশ এবং আনসার সদস্যবৃন্দ।

পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় সূত্রে জানানো হয়, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে জেলার আওতাধীন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কুমিল্লায় হাদির গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা শেষে তাকে হত্যার প্রতিবাদে কুমিল্লা নগরীতে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এর আগে কুমিল্লা টাউনহল মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিলটি টাউনহল মাঠ থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

কুমিল্লা ইনকিলাব মঞ্চের আয়োজনে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। হত্যার সঙ্গে জড়িতরা, ঘাতকরা দেশ ছেড়ে পালালেও দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা সারা বাংলাদেশ অচল করে দেওয়ার কর্মসূচি দেওয়া হবে।

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও অবৈধ ভারতীয় সিগারেট জব্দ, আটক ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৪ লাখ টাকার মাদক ও অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন আসামিকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত এলাকায় টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলা ও আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র আওতাধীন লক্ষীপুর পোস্ট এবং আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল অংশ নেয়। সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্দারখীল ও চাঁনপুর বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়।

এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত একজন আসামিকে আটক করতে সক্ষম হয় বিজিবি। জব্দকৃত মাদক ও সিগারেটের বাজারমূল্য ৪৪ লাখ ১১ হাজার ৫৯৫ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজিবি জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ওসমান হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

ওসমান হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।

জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, হাদিকে বিদায় দিতে আসিনি, হাদির শেখানো মন্ত্র যেন বাংলাদেশের মানুষ বুকে ধারণ করে সে জন্য এসেছি।

তিনি বারবার বলেন, বলো বীর চির উন্নত মমশির, হাদির শেখানো এই মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ।

এর আগে সকালে ওসমান হাদির লাশের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে তার লাশ আবারও নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ লাশ নিয়ে নিয়ে আসা হয় মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

এদিন সকাল থেকেই সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন মানুষ। বেলা একটার দিকে দেখা যায়, মানিক মিয়া অ্যাভিনিউয়ের ফার্মগেট, বিজয়স্মরণী, আসাদগেটসহ আসপাশের এলাকায় মানুষে ভরে গেছে।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু তা‌হেরকে (৬০) আটক করেছে কুমিল্লা ডিবি পুলিশ।

আটক হওয়া মোঃ আবু তাহের উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়নের মৃত. আব্দুল ম‌জিদের ছেলে।

কুমিল্লা সদরের আড়াইওরা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে ডিবি পুলিশ সূত্র জানায়।

সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসী শামীম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগরীর জাঙ্গালিয়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন এবং র‍্যাব-১১ (সিপিসি-২) এর যৌথ উদ্যোগে একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ নাজমুল ইসলাম শামীম নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) গভীর রাত থেকে ভোর ছয়টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায় , গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে মোঃ নাজমুল ইসলাম শামীমের বাসভবনে অভিযান পরিচালনা করা হয়।

তার বাসা থেকে উল্লেখযোগ্য পরিমাণ স্থানীয়ভাবে তৈরি আগ্নেয়াস্ত্র, দেশি ও বিদেশি গোলাবারুদ এবং বিভিন্ন অপরাধমূলক সামগ্রী উদ্ধার করা হয়। পরবর্তীতে তার ব্যবহৃত গোপন আস্তানাগুলোতেও তল্লাশি চালানো হয়, তবে প্রাথমিক পর্যায়ে তাকে সেখানে পাওয়া যায়নি।

পরবর্তীতে আধুনিক প্রযুক্তির সহায়তায় জিপিএস ও লোকেশন ট্র্যাকিং পরিচালনা করে সন্দেহভাজন শামীমকে আটক করা হয়।

আটক হওয়া নাজমুল ইসলাম শামীম মহানগরীর ২১ নং ওয়ার্ডের জাঙ্গালিয়া এলাকার মরহুম আব্দুল হালিমের ছেলে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে স্থানীয়ভাবে তৈরি ৩টি আগ্নেয়াস্ত্র / পাইপগান, ৬০ রাউন্ড শটগান কার্তুজ, ( ১২ বোর × ৭০ মিমি – ৪০ রাউন্ড ও ১২ বোর × ৭৬ মিমি – ২০ রাউন্ড) । ১৮ রাউন্ড মেশিনগান গোলাবারুদ (৭.৬২×৫৪ মিমি, POF নির্মিত), ১ রাউন্ড পিস্তল গোলাবারুদ (৭.৬২×২৫ মিমি, টোকারেভ: S&B নির্মিত), ১ রাউন্ড রিভলভার/ এয়ারগান গোলাবারুদ, ১০টি ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়াল। এছাড়া দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৮টি মানিব্যাগ, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডি জব্দ করা হয়।

স্থানীয় বিভিন্ন প্রাপ্ত তথ্যানুযায়ী, সন্দেহভাজন শামীম জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের সহ-সভাপতি হিসেবে পরিচিত এবং তিনি পূর্বে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। এছাড়াও তিনি কুমিল্লা শহরের একজন চিহ্নিত বড় চাঁদাবাজ হিসেবে পরিচিত। ভয়ের কারণে অনেকেই প্রকাশ্যে তার বিরুদ্ধে বক্তব্য প্রদান করতে সাহস পান না, তবে একাধিক সূত্র থেকে তার অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত তথ্য পাওয়ার পরই সেনাবাহিনী তার বাসায় অভিযান পরিচালনা করে।

সন্দেহভাজন শামীমের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ও কুমিল্লা সদর দক্ষিণ থানায় কমপক্ষে ৭টি মামলা বিদ্যমান।

অস্ত্রসহ তাকে র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়।