All posts by jitu

সদর দক্ষিণে এক লক্ষ ভারতীয় আতশবাজীসহ চোরাকারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় এক লক্ষ পিস ভারতীয় আতশবাজীসহ মোঃ আজাদ (২৫) নামের এক চোরাকারবারি আটক করেছে র‌্যাব।

২৯ এপ্রিল দুপুরে উপজেলার লালবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটক করা যুবক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জামপুর গ্রামের মোঃ আবুল মিয়ার ছেলে।

রবিবার (৩০ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ ভারত হতে আতশবাজীসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কাতারে বর্নিল ঈদ আনন্দ উৎসব ও বাংলা নববর্ষ উদযাপন

ইউসুফ পাটোয়ারী লিংকন:

ঈদুল ফিতর ও বাংলা বর্ষবরণ ১৪৩০ উপলক্ষে বৈশাখী ঈদ আনন্দ উদযাপন করেছে বাংলাদেশ প্রেসক্লাব কাতার। অসংখ্য প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বৈশাখী মেলা ও ঈদ উদযাপন জমে উঠে মরুর দেশে। এই দ্বৈত উৎসবে অংশ নেন কাতারে বসবাসরত নারী শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঈদের আনন্দকে প্রাণবন্ত করেছে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে আয়োজিত বৈশাখী ঈদ আনন্দ উৎসবে মেতেছিলো কাতার প্রবাসী বাংলাদেশিরা। প্রেসক্লাবের আহবায়ক ইউসুফ পাটোয়ারী লিংকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বর্নিল এই ঈদ আনন্দ উৎসবে অংশ নেন কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম, ডিফেন্স উং এর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, মিনিস্টার (শ্রম) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইন্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, কমিউনিটি ব্যাক্তিত্ব জালাল আহমেদ (সিআইপি), আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক এম সাইফুল আলম, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি কপিল উদ্দিন ও সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবু, আইডিইবি কাতার চ্যাপ্টার এর সভাপতি ইন্জিনিয়ার জাহিদুল ইসলাম, কাতার আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম প্রধান, কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান, যুগ্ন সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রিপন, প্রবাসী অধিকার কাতার শাখার সভাপতি শফিকুল ইসলাম, আওয়ামী যুবলীগ কাতার শাখার সভাপতি জাকির হোসেন, জিয়া পরিষদ কাতার শাখার সভাপতি শাহজাহান সাজু, বিশিষ্ট ব্যবসায়ি দিলিপ কুমার, মাহমুদুল হাছানসহ অনেকে।

এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সদস্য সচিব বাংলা টিভির বিশেষ প্রতিনিধি আকবার হোসেন বাচ্ছু, চ্যানেল২৪ কাতার প্রতিনিধি কাজী মোঃ শামীম, এখন টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন, জি টিভির প্রতিনিধি এম এ সালাম, এস এ টিভির প্রতিনিধি আহসান উল্লাহ সজিব ও খন্দকার সাদ্দামসহ অনেক। বর্ষবরণ মেলায় স্থানীয় বাংলাদেশি মহিলারা হাতে তৈরি পিঠা পুলির পসরা সাজিয়ে বসেন।

এছাড়া বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে মেলায় স্টল সাজানো হয়েছে। এখানে তাঁত, হস্ত, বুটিকস, কুটির শিল্পে উৎপাদিত পণ্যের বেচা-কেনা জমে উঠে। সল্প সময়ের এই মেলায় ক্রেতার সমাগম ছিলো চোখে পড়ার মতো। এসময় প্রবাসী বাংলাদেশি অনেকেই সংক্ষিপ্ত আলোচনায় তাদের ছোটকালের সৃতিচারণ করেন।

বর্ণিল এই উৎসবে স্থানীয় বৈশাখী ব্র্যান্ড শিল্পীরা সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। গান, কবিতা আবৃত্তিসহসহ বিভিন্ন উপস্থাপনায় মুখরিত হয়ে উঠে একটুকরো বাংলাদেশ এবং এটি মানুষের প্রাণের মিলন মেলায় পরিণত হয়েছে।

মে দিবস

 

মুনিয়া আফরোজঃ

বাঁচবার লড়াইয়ে কেউ দিনমজুর,
কেউ চাকর, কেউবা অফিসকর্মী।
কেউবা আবার দ্বাররক্ষক,
কেউ গার্মেন্টস যষ্টি।

কেউ খাঁটে দু’মুঠো ভাতের জন্য
কেউবা ভালো ভাবে বাঁচতে!
মালিক নরম বেডে আরাম করে,
শ্রমিক থাকে খাঁটতে।

ঘন্টার পর ঘন্টা পেরোয়,
দিন পেরিয়ে সন্ধ্যা হয়।
একের পর এক কাজ করে যায়,
তবুও কেউ কেউ সময় মতো
বেতন-মজুরি না পায়!

যবে হয় প্রতিবাদ, পায় শুধু মরণোঘাত!
অমন করে মরছে কত শ্রমিক!
হয়েছে আহত ক্রমশ।
শ্রমিকরা যেন পায় তাদের অধিকার,
হোক আন্দোলন, হোক প্রতিবাদ,
বেঁচে থাকুক মে দিবস।

ঈদের মাসে সড়কে আহত ২৫২৭, নিহত ৪৫১ জন : সেভ দ্য রোড

স্টাফ রিপোর্টারঃ

এবার এপ্রিল জুড়েই ছিলো ঈদের আমেজ, আর তাই এপ্রিলকে ঈদের মাস হিসেবে অভিহিত করে দেয়া প্রতিবেদনে সেভ দ্য রোড-এর তথ্যানুযায়ী ২ হাজার ৫০৬ টি ছোট বড় দুর্ঘটনায় আহত হয়েছেন ২ হাজার ৫২৭ এবং নিহত হয়েছেন ৪৫১ জন।

সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা প্রেরিত প্রতিবেদনে আরো জানা যায়, এবার ঈদের ছুটির দিনগুলোতে পদ্মা সেতুসহ সড়ক-মহাসড়কে মোটর বাইক দুর্ঘটনা গত মার্চ মাসের চেয়ে ৫৫.৫৩% কম ছিলো, আহত এবং নিহত ঘটনাও ছিলো অর্ধেকের চেয়ে কম। এজন্য তিনি সেভ দ্য রোড-এর প্রতিবেদন-সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের সক্রিয়তায় চালক-পথচারি ও যাত্রী সাধারণের মধ্যে সচেতনতা-সাবধানতা অবলম্বন করার বিষয়টিকে সাধুবাদ জানানোর পাশাপাশি সংবাদমাধ্যমকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেভ দ্য রোড-এর প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালের ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৪৩১ টি মোটর বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন ৪৩৫ জন, নিহত হয়েছেন ৩৪ জন; ৬৪৫ টি ট্রাক দুর্ঘটনায় আহত ৩৬৮ এবং নিহত হয়েছেন ৪৩ জন, নির্ধারিত গতিসীমা না মেনে, বিশ্রাম না নিয়ে টানা ১২ থেকে ২০ ঘন্টা বাহন চালনাসহ বিভিন্ন নিয়ম না মানায় ৮০৮ টি বাস দুর্ঘটনায় আহত ৯৪৩ এবং নিহত হয়েছেন ২৮২ জন, দায়িত্বে অবহেলা, স্থানিয় পুলিশ-প্রশাসনের দুর্নীতিসহ বিভিন্নভাবে সড়ক-মহাসড়কে অবৈধ বাহন নাসিমন-করিমন এবং অন্যান্য ৩ চাকার বিভিন্ন ধরণের বাহনে ৬২২ টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৭৮১ এবং নিহত হয়েছেন ৮৯ জন।

সেভ দ্য রোড-এর চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, আইয়ুব রানা ও লায়ন ইমাম হোসেন-এর তত্বাবধায়নে দৈনিক যুগান্তর, দৈনিক দেশ রূপান্তর, দৈনিক দিনকাল, দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, দৈনিক কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক জনকন্ঠ, দৈনিক কালবেলাসহ ২২ টি জাতীয় দৈনিক, আরটিভি, জিটিভি, যমুনা নিউজ, মাসরাঙ্গা, এটিএন বাংলাসহ ২০ টিভি-চ্যানেল, জাগো নিউজ, বাংলা নিউজ, বিডিনিউজসহ আঞ্চলিক ও স্থানিয় ৮৮ টি নিউজ পোর্টাল এবং স্থানিয় প্রত্যক্ষদর্শী-সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিগণের দেয়া তথ্যানুসারে এই প্রতিবেদন দুর্ঘটনামুক্ত পথ-এর জন্য তৈরি করা হয়েছে। আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র সচেতনতা-গবেষণা ও স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর পক্ষ থেকে আরো জানানো হয়- এবার বিভিন্ন স্থানে পরিবহন ভাড়া ২-৩ গুন বেশি আদায় করার কারণে যাত্রীরা চরম ভোগান্তির কবলে পরলেও বিআরটিএ বা সংশ্লিষ্ট দপ্তরগুলোর কোন মনিটরিং টিম ছিলো না। বগুড়া, বরিশাল, নওগাঁ, ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের অধিকাংশ সড়ক পরিবহন মালিক-কর্তৃপক্ষই ভাড়া নৈরাজ্য করে যাত্রীদেরকে চরম ভোগান্তির শিকার করেছে।

সড়কপথ, নৌপথ ও রেলপথের দুর্ঘটনামুক্ত পথ চলাচলের অধিকার রক্ষায় মালিক-শ্রমিক-প্রশাসনিক এবং সাধারণ জনগনের সমন্বয়ের কোন বিকল্প নেই বলে সেভ দ্য রোড মনে করে। আর তাই বারবার ৭ দফায় ফিরে যাই। পাশাপাশি সেভ দ্য রোড-এর পক্ষ থেকে গত ১৪ বছর যাবৎ ৪ পথ দুর্ঘটনামুক্ত করতে সেভ দ্য রোড-এর ৭ দফা দাবী নিয়ে এগিয়ে চলা অব্যহত রয়েছে ছাত্র-যুব-জনতা-আবাল-বৃদ্ধ-বণিতার ঐক্যবদ্ধতায়। আর সেই ৭ দফা হলো- ১. মিরেরসরাই ট্রাজেডিতে নিহতদের স্মরণে ১১ জুলাইকে ‘দুর্ঘটনামুক্ত পথ দিবস’ ঘোষণা করতে হবে। ২. ফুটপাত দখলমুক্ত করে যাত্রীদের চলাচলের সুবিধা দিতে হবে। ৩. সড়ক পথে ধর্ষণ-হয়রানি রোধে ফিটনেস বিহীন বাহন নিষিদ্ধ এবং কমপক্ষে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ও জাতীয় পরিচয়পত্র ব্যতিত চালক-সহযোগি নিয়োগ ও হেলপারদ্বারা পরিবহন চালানো বন্ধে সংশ্লিষ্ট সকলকে কঠোর পদক্ষেপ নিতে হবে। ৪. স্থল-নৌ-রেল ও আকাশ পথ দূর্ঘটনায় নিহতদের কমপক্ষে ১০ লাখ ও আহতদের ৩ লাখ টাকা ক্ষতি পূরণ সরকারীভাবে দিতে হবে। ৫. ‘ট্রান্সপোর্ট ওয়ার্কার্স রুল’ বাস্তবায়নের পাশাপাশি সত্যিকারের সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে ‘ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন’ বাস্তবায়ন করতে হবে। ৬. পথ দূর্ঘটনার তদন্ত ও সাজা ত্বরান্বিত করণের মধ্য দিয়ে সতর্কতা তৈরি করতে হবে এবং ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন গঠনের পূর্ব পর্যন্ত হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ সহ সংশ্লিষ্টদের আন্তরিকতা-সহমর্মিতা-সচেতনতার পাশাপাশি সকল পথের চালক-শ্রমিক ও যাত্রীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সকল পরিবহন চালকের লাইসেন্স থাকতে হবে। ৭. ইউলুপ বৃদ্ধি, পথ-সেতু সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ে দূর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যাতে ভাঙা পথ, ভাঙা সেতু আর ভাঙা কালভার্টের কারণে আর কোন প্রাণ দিতে না হয়।

উল্লেখ্য, ‘সেভ দ্য রোড-এর অঙ্গীকার পথ দূর্ঘটনা থাকবে না আর…’ বাক্যটিকে লালন রেখে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি থেকে ২০০৭ সালে পথচলা শুরু করে আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র সচেতনতা-গবেষণা ও স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড।

চাঁদপুরে গলায় মাংসের হাড় আটকে কিশোরের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের হাজীগঞ্জে গলায় মাংসের হাড় আটকে মো. রবিউল আউয়াল (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোর মারা যায়। কিশোর রবিউল আউয়াল হাজীগঞ্জ পৌরসভাধীন ৯ নম্বর ওয়ার্ড আলীগঞ্জ কাজীবাড়ির মো. আলমগীর কাজীর ছেলে।

ওই এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম সিফাত জানান, পবিত্র ঈদুল ফিতরের পরের দিন নিজ পরিবারের সঙ্গে নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় রবিউল আউয়াল। ওই বাড়িতে খাবার খাওয়ার সময় তার গলায় মাংসের হাড় আটকে যায়। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলেও সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য রবিউল আউয়ালকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শনিবার বিকালে চিকিৎসাধীন মারা যায় রবিউল।

রাশিয়ার গ্রামে ইউক্রেনের হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের এক গ্রামে ইউক্রেনের বাহিনীর গোলাবর্ষণে অন্তত দুই জন বেসামরিক লোক নিহত হয়েছে। দেশটির আঞ্চলিক গভর্নর এ দাবি করেছেন। রাশিয়ান গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আজ রোববার ব্রায়ানস্কের গভর্নর অ্যালেকজান্ডার বোগোমাজ বলেছেন, সুজেমকা গ্রামে গোলাবর্ষণ চালানো হয়েছে। এটি দুই দেশের সীমান্তের পূর্ব দিকে অবস্থান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের খবরে এসব তথ্য জানানো হয়।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে অ্যালেকজান্ডার বোগোমাজ বলেন, ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের হামলার কারণে দুর্ভাগ্যবশত দুইজন বেসামরিক লোক নিহত হয়েছেন।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী হামলায় একটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে, এ ছাড়া আরও দুইটি বাড়ি আংশিকভাবে ধ্বংস হয়েছে বলে জানান বোগোমাজ।

বোগোমাজ বলেন, জরুরি পরিষেবার র্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। তবে ইউক্রেন এ হামলা চালিয়েছে কি না-সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এর আগে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা গতকাল শনিবার স্থানীয় মিডিয়ায় বলেন, ৪০ হাজার টনের বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন ১০ টি জ্বালানি ট্যাংকার ধ্বংস করা হয়েছে। গতকাল বিবিসি জানায়, রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় তেলের ডিপোতে ড্রোন হামলায় বিশাল অগ্নিকান্ডের সৃষ্টি হয়েছে।

রাজা চার্লসের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত সোনম কাপুর

বিনোদন ডেস্ক:

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর আনুষ্ঠানিকভাবে তার জ্যেষ্ঠ সন্তান তৃতীয় চার্লসকে রাজা ঘোষণা করা হয়েছে। এখন থেকে ব্রিটেনের রাজা চার্লস ফিলিপ আর্থার জর্জ। আগামী ৬ মে রাজা হিসেবে অভিষেক হবে ব্রিটেনের নতুন রাজার। আর বিশেষ মুহূর্তের সাক্ষী হতে সে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন বলিউডের কাপুর পরিবারের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর।

আগামী ৬ মে হতে চলেছে চার্লসের সিংহাসনে অভিষেকের সেই জমকালো অনুষ্ঠান। আর তার পরের দিনই আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। যে অনুষ্ঠানে বসবে হলিউড তারকাদের মিলনমেলা।

তারকাদের এ মেলায় থাকছে হলিউড তারকা টম ক্রুজ, মিউজিক্যাল গ্রুপ দ্য পুসিক্যাট ডলস থেকে নিকোল সারজিঞ্জার ও উইনি দ্য পুহ। সঙ্গে আরও রয়েছেন ব্রিটিশ অভিনেত্রী, লেখক ও কলামিস্ট জোয়ান কলিন্স, শিল্পী টম জোন্স, ন্যাশনাল জিওগ্রাফিক খ্যাত অভিযাত্রিক বিয়ার গ্রিলস ও নৃত্যশিল্পী ওটি মাবুস। ওই অনুষ্ঠানে যোগ দিতে ভারত থেকে ডাক পেয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। এ খবর নিশ্চিত করেছেন সোনম কাপুর নিজেই।

আমন্ত্রিতদের তালিকায় আরও রয়েছেন কেটি পেরি ও লিওনেল রিচির মতো তারকারাও।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, এ বিষয়ে সোনম বলেন, ‘শিল্পের প্রতি রাজা চার্লসের ভালোবাসার কথা মাথায় রেখেই কমনওয়েলস ভার্চুয়াল এই অনুষ্ঠানের আয়োজন করছে। তাতে যোগ দেওয়ার ডাক পেয়ে আমি আনন্দিত।

ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পর থেকে লন্ডনেই বেশি থাকেন সোনম ও তার বর আনন্দ। তবে কখনোই লন্ডনের রাজ পরিবারের কোনো অনুষ্ঠানে তাকে দেখা যায়নি। তাই বলা যায়, ইংল্যান্ডের রাজপ্রাসাদের অনুষ্ঠানে এটাই হতে চলেছে সোনমের প্রথম উপস্থিতি।

বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র যে শুধু বিদেশিরাই করে তা নয়, বিদেশিরা যেন ষড়যন্ত্র করতে পারে তার জন্য আমাদের দেশীয় কিছু সাহেব তাদের কান ভারি করছেন। এরা গিয়ে বিদেশিদের বলেন বাংলাদেশের মানুষ বড় কষ্টে আছে, বহু অত্যাচারে আছে। কই কষ্ট, কই অত্যাচার?

রোববার (৩০ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার টি. আলী কলেজ মাঠে এবি ব্যাংক লিমিটেড আয়োজিত কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী বলেন, বিএনপির এক নেতা নাকি বলেছেন বাংলাদেশে নির্বাচন বা বাংলাদেশের ভাগ্য ও সমস্যা বাংলাদেশের লোকজন মেটাতে পারবে না। দুই দল আওয়ামী লীগ-বিএনপিও মেটাতে পারবে না। এটা মেটাতে নাকি যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যকে লাগবে। অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ। বাংলাদেশে কী হবে, না হবে সেটা বাংলাদেশের জনগণ বুঝবে এবং চাইবে। আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের স্বাধীনতার উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মন্ত্রী আরও বলেন, একটা কথা সঠিক, আমরাও সেটা বুঝি। আমরাও চেষ্টা করি সেটা লাঘব করার। জিনিসপত্রের দাম বেড়েছে। মানুষের কষ্ট হচ্ছে আমরা জানি। কিন্তু এটা কেন হচ্ছে? এই দামতো পাঁচ বছর আগে বাড়েনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সবকিছুর দাম এখন ঊর্ধ্বগতি। যুদ্ধের কারণে সারাবিশ্ব এই জায়গায় পৌঁছেছে।

এবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান খান ও কৃষি কর্মকর্তা হাজেরা বেগম প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ১৮০০ কৃষককে ১৭ কোটি টাকা ঋণ দেওয়া হয়।