All posts by jitu

কুমিল্লার সদর দক্ষিণে ২ ভাইকে হত্যার দায়ে সৎ ভাইয়ের ফাঁসি

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণে দুই নাবালক সৎ ভাইকে হত্যার দায়ে আরেক  সৎ ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন কুমিল্লার আদালত। ২৭ মার্চ (সোমবার) এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রাজজ ৫নং আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন।

মামলার বিবরণে জানাযায়- ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি দিনের সোয়া ১০টা হতে পৌনে ৩টা পর্যন্ত যেকোন সময় আসামি মোঃ আল সফিউল ইসলাম প্রকাশ ছোটন বাদীনির বসত ঘরের পূর্ব ভিটির উত্তর দিকে কক্ষে সৎ দুই ভাই ভিকটিম মেহেদী হাসান জয় (৮) এবং ভিকটিম মেজবাউল হক মনি (৬) কে গলা টিপে ও বালিশ চাপা দিয়া শ্বাসরোধ করে হত্যা করে দরজা-জালানা বন্ধ করে পালিয়ে যায়।

এ ব্যাপারে ভিকটিমদ্বয়ের মা এবং আসামির সৎ মা রেখা বেগম বাদী হয়ে সৎ ছেলে মোঃ আল সফিউল ইসলাম ছোটন (২৩) কে আসামি করে ২৭ ফেব্রুআরি কুমিল্লা সদর দক্ষিণ থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার বিধানমতে এজাহার দায়ের করেন (যাহার সদর দক্ষিণ থানার মামলা নং-৫৪)। তৎপর ২০১৬ সালের ১ মার্চ থানাপুলিশ আসামিকে গ্রেফতার করলে আসামি স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মোঃ আজিজুল হক ঘটনার তদন্তপূর্বক আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার বিধানমতে ২০১৬ সালের ৩০ মে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিজ্ঞ আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন। পরবর্তীতে মামলায় রাষ্ট্রপক্ষে মানীত ২০জন সাক্ষীর মধ্যে ১৩জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানী অন্তে আসামির স্বীকারোক্তিমুলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন বিজ্ঞ আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামি আল শফিউল ইসলাম প্রকাশ ছোটন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালাম প্রকাশ আবুল এর ছেলে।

এপিপি এডভোকেট নজরুল ইসলাম রাষ্ট্রপক্ষে মামলার পরিচালনা করেনএবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ কাইমুল হক রিংকু।

রোজায় ওমরাহ পালনে সৌদির নতুন নির্দেশনা

 

ডেস্ক রিপোর্টঃ

বিশ্বব্যাপী মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এই মাসে সৌদি আরবে ওমরাহ পালনে মুসল্লিদের ঢল নামে। এ নিয়ে রোজার মাসে ওমরাহ পালনে মুসল্লিদের জন্য নতুন দিক নির্দেশনা আরোপ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। খবর গালফ নিউজের।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রোজার মাসে মুসল্লিরা দ্বিতীয়বার ওমরাহ পালন করতে পারবেন না। যে কেউ এ পবিত্র মাসে শুধু একবার পবিত্র ওমরাহ পালন করতে পারবেন।

এর কারণ হিসেবে বলা হয়েছে, এই মাসে সকল মুসল্লিরা যেন ওমরাহ স্বস্তি ও স্বাচ্ছন্দ্যে পালন করতে পারেন তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ।

এ ছাড়া সৌদির এ মন্ত্রণালয় জানিয়েছে, যারা ওমরাহ পালন করতে চান তাদের নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদন নিতে হবে। সেই সঙ্গে নির্দিষ্ট সময় মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

পুড়ে গেছে মহাখালীর সাততলা বস্তির কয়েকশ’ ঘর

 

ডেস্ক রিপোর্টঃ

প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর রাজধানী মহাখালী সাততলা বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

সোমবার (২৭ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সকাল ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে, রাজধানীর মহাখালীর সাত তলা বস্তির আগুনে কয়েকশ ঘর পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন ওই বস্তির বাসিন্দারা।

মো. কবীর হোসেন নামে এক বাসিন্দা বলছেন, ভিতরে শুধু টিনের ঘর। অনেক মানুষ কোনো মালামাল নিয়ে বের হতে পারেনি। সব আগুনে পুড়ে গেছে।

বাসার খান নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ফায়ার সার্ভিসের সঙ্গে বস্তিবাসীও আগুন নিয়ন্ত্রণে এগিয়ে এসেছে। অনেক মানুষ মালামাল নিয়ে বের হতে পারলেও অনেকের মালামাল ভিতরেই রয়ে যায়। প্রচুর ঘর পুড়ে গেছে।

এ বিষয় ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আমাদের ৯টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট কাজ করে সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেক টিন-শেডের ঘর পুড়ে গেছে।

বুড়িচংয়ে মানবতার ফেরিওয়ালা’র উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার  ভারেল্লা দ: ইউনিয়নের মানবিক সংগঠন “মানবতার ফেরিওয়ালা (বন্ধু ফোরাম), ছিকুটিয়া+গোবিন্দপুর+ইসলামপুর+মজলিশপুর” এর উদ্যোগে  গ্রামের প্রায় শতাধিক অসহায়, নিংস্ব,হতদরিদ্র,এতিম ও বিধবা পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর প্রতি প্যাকেটে ১ কেজি খেজুর, ১লিটার তেল,১কেজি মুড়ি,১কেজি ডাল,১কেজি চিনি,২কেজি ছোলা,২ কেজি পেঁয়াজ ও আধা কেজি সেমাই ছিল।

এলাকার কিছু উদ্যমী যুবক ও প্রবাসী কিছু যুবকের যৌথ অর্থায়নে এই মানবিক সংঘটনের কার্যক্রম পরিচালনা করা হয়। সংগঠনের পরিচালনা সদস্য (আবুল হোসেন, কাজী সাইফুল, আক্তার, মোবারক, ডা:রফিক,ময়নাল হোসেন, মিজান) ও অন্যান্য আরো সদস্যদের উপস্থিতিতে আজ রবিবার এই বিতরণ কার্যক্রম সম্পূর্ন হয়।

পরিচালনা সদস্যরা বলেন, বিগত বছরের ন্যায় এই বছরও এলাকার কিছু মানুষের পাশে দাঁড়াতে পেরে খুবই আনন্দিত।যারা এই কার্যক্রমের সাথে বিভিন্নভাবে আর্থিক, মানুষিক, শারীরিক ভাবে জড়িত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই মানবিক কার্যক্রম প্রতিবছর যেন অব্যাহত রাখতে পারে সেই দুআ করবেন।পরিশেষে প্রবাসী ভাইদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা ও সবার দান গুলো যেন আল্লাহ কবুল করেন।

কুমিল্লা ১০ বিজিবির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ২৬ মার্চ বিকেলে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর উদ্যোগে ২০০ জন মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

বিবির বাজার বিওপি সংলগ্ন মাঠে আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে  ইফতার বিতরণ করেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক, বিজিবিএম, পিএসসি।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ ইসহাক বলেন, রোজা সংযমের মাস। এই মাস সংযমের পাশাপাশি আমাদের ভ্রাতৃত্ববোধেরও শিক্ষা দেয়। তাই সবার সাথে ইফতারি ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের। বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশের এই কার্যক্রম অব্যাহত থাকবে ।

 

স্বাধীনতা দিবসে সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে ২ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার:
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। একটি মহল বর্তমান সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তির সাথে থেকে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে আহবান করেছেন মুক্তিযোদ্ধারা।

রোববার  বেলা ১১ টায় কুমিল্লা নগরীর গর্জনখোলায় দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার মিলনায়তনে সাংবাদিক কল্যাণ পরিষদ ,কুমিল্লা আয়োজিত বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও বহু রক্তের বিনিময়ে আমরা আজ একটি স্বাধীন ভূখন্ড পেয়েছি। তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিতে পারছি বলে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবেন। যাতে এই ইতিহাস নষ্ট হয়ে না যায়।
এই অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি,কবি ও ছড়াকার বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল এবং বীরমুক্তিযোদ্ধা সৈয়দ তোফাজ্জল হোসেন চিশতী।

অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার উপদেষ্টা ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সকলে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর পর মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে নীরবতা শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এটিএন বাংলা ও এটিএন নিউজ কুমিল্লার স্টাফ রিপোর্টার খাইরুল আহসান মানিক, দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক শাহাজাদা এমরান,  দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার রায়হান, দৈনিক কুমিল্লার আলোর পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন কনক, দৈনিক সমাজ কন্ঠ সম্পাদক জসিম উদ্দিন চাষী,সাপ্তাহিক সমতটের কাগজের সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল, সাংবাদিক কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি সৈয়দ আহসান হাবিব পাখি, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, সাংবাদিক কল্যাণ পরিষদের সহ সভাপতি বাবর হোসেন, অর্থ সম্পাদক জুয়েল রানা মজুমদার, যুগ্ম সম্পাদক রবিউল বাশার খান, ডাঃ আবদুল আউয়াল এবং কবিতা পাঠ করেন কবি রোকসানা সুখি। অনুষ্ঠানের শুরুতে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ ,কুমিল্লা র সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার ষ্টাফ রিপোর্টার মনির হোসেন।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের জীবন পত্রিকার কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন,সাংবাদিক কামরুজ্জামান,দৈনিক ডাক প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার নরুল ইসলাম, চ্যালেন এস কুমিল্লার প্রতিনিধি রাজিব সাহা,দৈনিক সবুজ বাংলাদেশ কুমিল্লার প্রতিনিধি শরিফুল ইসলাম সুমন, চ্যানেল বাংলাদেশের প্রতিনিধি বিএম মহিউদ্দিন মন্টি, দৈনিক একুশে সংবাদ পত্রিকার প্রতিনিধি নারায়ন কুন্ড,দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার স্টাফ রিপোর্টার মাইনুল হাসান,সমতটের কাগজ পত্রিকার ষ্টাফ রিপোর্টার রিপোর্টার ওমর কাইযূম পলাশ,সিটিভি নিউজের সহকারী সম্পাদক সাংবাদিক ওমর শারিদ বিধান এবং নিউজ ২৪ এর ক্যামেরা পারসন মোতালেব হোসেন। এদিকে অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সাংবাদিক আবদুল আউয়াল।

অনুষ্ঠানে দুই বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল এবং সৈয়দ তোফাজ্জল হোসেন চিশতীকে ফুলের মালা পরিয়েদেন রাজিব সাহা,বাবর হোসেন,রবিউল বাশার খান,সাংবাদিক কামরুজ্জামান ও সাংবাদিক নুরুল ইসলাম এবং দুই বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেষ্ট তুলেদেন সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস, সাধারন সম্পাদক মনির হোসেন ও সাংবাদিক নেকবর হোসেন।

দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে নানান আয়োজনে দিনটি উদযাপন করা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মুক্তিযোদ্ধা চত্বর ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের গণ কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

এ দিবস উপলক্ষে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট সরকারী হাইস্কুল মাঠে কুচকাওয়াজ, জাতীয় সঙ্গীত পরিবেশন, ক্রিড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল । এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা এবং দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর।

এছাড়া প্রথম প্রহরে বঙ্গবন্ধু ম্যুরাল, স্বাধীনতার স্মৃতিস্তম্ভ ও গণকবরে কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

 

ওমরাহ করে ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের ২ বাংলাদেশির মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবে ওমরাহ হজ করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ৮টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের সাগর জোমাদ্দার (২৩) ও তার দুলাভাই মো. মোজাম্মেল হোসেন (৪৫)। আজ রোববার সকালে নিহত সাগর জোমাদ্দারের বড় ভাই উজ্জ্বল জোমাদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার জানিয়েছে, সাগর ও তার দুলাভাই মোজাম্মেল সৌদি আরব প্রবাসী। তারা সৌদি আরবের আলগাছিমের উনাইযা নামক স্থানে কাজ করতেন। গত বৃহস্পতিবার তারা ওমরাহ হজ পালনের জন্য মক্কায় যান। ওমরা হজ পালন শেষে গতকাল কর্মস্থলে ফেরার পথে তাদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরের পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

নিহত সাগরের বড় ভাই উজ্জ্বল জোমাদ্দার বলেন, ‌‘তাদেরকে তো আর ফিরে পাব না, অন্তত কবর যেন বাড়িতে দিতে পারি। তাই আমার ভাইয়ের ও দুলাভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে অনুরোধ করছি।’

চুক্তির মেয়াদ আর ৩ মাস, মেসি কি তাহলে পিএসজি ছাড়ছেন?

 

স্পোর্টস ডেস্কঃ

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র মাস তিনেক বাকি। বিশ্বকাপের পরপরই হয় এসপার, নয় ওসপার করে ফেলার কথা লিওনেল মেসির। অর্থ্যাৎ, পিএসজিতে থাকবেন কী থাকবেন না- তা নিয়ে একটা সিদ্ধান্ত জানিয়ে দেয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত কিছুই জানালেন না। পিএসজিও রয়েছেন দ্যোদুল্যমান অবস্থায় যে- মেসি থাকবেন কি থাকবেন না তা নিয়ে।

তবে মেসির ঘনিষ্ঠ বন্ধু সার্জিও আগুয়েরো জানিয়ে দিয়েছেন, মেসি নিজেও দোটানায় রয়েছেন। একদিকে পুরনো ক্লাবের (বার্সেলোনা) আহ্বান। অন্যদিকে পারিশ্রমিকের বিশাল অঙ্ক। লিওনেল মেসি কিছুটা দ্বিধায় পড়ে গেছেন।

ক্লাব এবং জাতীয় দলে মেসির সাবেক সতীর্থ আগুয়েরো বললেন, ‘প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে চুক্তি শেষ হলে আবার বার্সেলোনায় ফিরতে পারেন মেসি।’

আর্জেন্টিনার অধিনায়ক নাকি পুরনো তিক্ততা ভুলে বার্সেলোনার দিকে ৫০ শতাংশ পা বাড়িয়ে রয়েছেন। সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার বলেছেন, ‘মেসির বার্সায় ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাপারটা এখন ফিফটি ফিফটি।’

মেসির কাছে বার্সেলোনা ছাড়াও একাধিক ক্লাবের প্রস্তাব রয়েছে। সে তালিকায় আছে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি, সৌদি আরবের আল ইত্তিহাদ। ইন্টার মায়ামির অন্যতম মালিক ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকব্যাম। তিনি গত কয়েক মাস ধরে মেসির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।

অন্য দিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসেরের প্রধান প্রতিপক্ষ আল ইত্তিহাদও মেসিকে দলে পেতে চাইছে। আবার পিএসজিও তাকে ধরে রাখতে চায়। মেসি নিজে যদিও ক্লাব পরিবর্তন নিয়ে কোনও মন্তব্য করেননি এখনও।

মেসির দলবদল নিয়ে একটি সাক্ষাৎকারে আগুয়েরো বলেছেন, ‘আমার মনে হয় মেসি বার্সেলোনায় খেলেই অবসর নেবে। বার্সা ওর কাছে বাড়ির মতো। ওখানে খেলে অবসর নিলেই সব থেকে ভাল হবে ওর জন্য। আমার মতে ৫০ শতাংশ হলেও মেসির বার্সেলোনায় ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

আরও একটি সম্ভাবনার কথাও জানিয়েছেন আগুয়েরো। তিনি বলেছেন, ‘মেসি নিউওয়েলস ওল্ড বয়েজে ফিরে গেলেও অবাক হব না। কারণ একটা সময় গুরুত্ব দিয়ে নিউওয়েলসে ফেরার কথা ভাবছিল মেসি। কারণ ওটাই ওর প্রথম ক্লাব। দেশের মাটিতে খেলে অবসর নেওয়ার ইচ্ছার কথা বলেছিল সে।’

মেসি আগামী দিনে কোথায় খেলবেন, তা নিয়ে নানা জল্পনা চললেও আর্জেন্টিনার অধিনায়ক নিজে কিছু জানাননি এখনও। যদিও স্পেনের সংবাদমাধ্যমের দাবি, শর্তসাপেক্ষে কম পারিশ্রমিকে মেসি বার্সেলোনায় ফিরতে রাজি। সে ক্ষেত্রে তার সংবর্ধনা অনুষ্ঠান থেকে লাভের একটা বড় অংশ দিতে হবে তাকে। মেসি অবশ্য একবার মেজর লিগ সকারে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেনও।

এখন দেখার বিষয়, আসলে মেসির আগামী ঠিকানা হয় কোথায়? স্পেন, সৌদি আরব, যুক্তরাষ্ট্র? নাকি ফ্রান্সেই থেকে যাবেন তিনি?