All posts by jitu

নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর পালিয়েছে নিহতের স্বামী।

নিহত ফৌজিয়া সুলতানা আরশী প্রিয়া (২৩) উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের আজিমপুর গ্রামের খাঁরগো বাড়ির সাদ্দাম হোসেনের স্ত্রী।

শনিবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে,শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার আজিমপুর গ্রামের খাঁরগো বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, পারিবারিক কলহের জের ধরে একই দিন সন্ধ্যার দিকে দিকে ওই গৃহবধূ পরিবারের সদস্যদের অগোচরে স্বামীর বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহতের বড় ভাই ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, তিন বছর আগে পারিবারিক ভাবে তার বোনের বিয়ে হয় সাদ্দামের সাথে। এর আগে সাদ্দামের সাথে তার প্রথম স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্ত আমার বোনের একটি সন্তান হওয়ার পর সে জানতে পারে তার স্বামীর সাথে তার প্রথম স্ত্রীর এখনো সম্পর্ক আছে এবং কিছু দিন আগে তার সে ঘরে একটি সন্তান জন্ম নেয়। এ নিয়ে তার স্বামীর সাথে তার কলহ দেখা দেয়। এতে শ্বশুর বাড়ির লোকজন ও তার শ্বাশুড়ী তাকিয়া খাতুন তার সাথে খুব খারাপ ব্যবহার করত। কয়েক দিন আগে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী তাকে মারধর করে। নিহতের বড় ভাই অভিযোগ করে আরো বলেন, আমার বোনকে তার শ্বশুর বাড়ির লোকজন হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ।

এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিমানবন্দর থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি গ্রেফতার হয়েছেন। ডিজিটাল নিরাপত্তা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকালে চিত্রনায়িকা ওমরাহ পালন শেষে দেশে ফিরলে গ্রেফতার হন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম।

এর আগে শুক্রবার তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই দিন রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন।

এ ছাড়া জমিদখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

এর আগে শুক্রবার ভোরে স্বামীর সঙ্গে ওমরাহ পালনরত মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন।

এ সময় তিনি দাবি করে বলেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ‘সনিরাজ কার প্যালেস’ নামে তার স্বামীর একটি গাড়ির শোরুম রয়েছে। সেখানে দুর্বৃত্তরা হামলা করেছে। তারা শোরুমের গেট ভেঙে ভেতরে ঢুকে আসবাব, দরজা-জানালা, টেবিল-চেয়ার ভাঙচুর করেছে। শোরুমের সাইনবোর্ড খুলে ফেলেছে। অফিসকক্ষ তছনছ করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে।

শুক্রবার ভোরে মাহি ফেসবুকে লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান। এর পর তিনি ফেসবুকে বেশ কয়েকটি পোস্ট করেন এই হামলা নিয়ে।

মাহির অভিযোগ, ইসমাইল ওরফে লাদেন নামে প্রতিপক্ষ তাদের শো রুম দখল করে নিয়েছে। আর এই কাজে সহযোগিতা করেছেন জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম। তিনি দেড় কোটি টাকার বিনিময়ে গাড়ির শোরুম দখল করে দিচ্ছেন।

মাহি এও জানান, দেশে ফিরে ১৮ মার্চ শনিবার বিকাল ৫টায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ সংলগ্ন সনি রাজ কার প্যালেসে সংবাদ সম্মেলন করে এ ঘটনার বিস্তারিত তিনি জানাবেন।

ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকার নামে দুজনের নেতৃত্বে ওই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন মাহি। এ সময় ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুস’ নেওয়ার অভিযোগ তোলেন মাহি।

পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, ‘শুক্রবার ভোরে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুপক্ষই পালিয়ে যায়। তাদের জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে। এ সময় ইসমাইল হোসেনসহ তার পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। তারা চিকিৎসাধীন। এ ঘটনায় শুক্রবার রাতে আহত ইসমাইল বাদী হয়ে ২৮ জনের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।

মাহির ফেসবুক লাইভের পর সংবাদ সম্মেলন করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন। তিনি সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ তুলে বলেন, রকিব সরকার তার প্রায় সোয়া ১১ শতাংশ জমি দখল করে গাড়ির শোরুম করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে তিনি এ বিষয়ে অভিযোগ দিয়েছেন।

দেবিদ্বারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপন

 

দেবীদ্বার প্রতিনিধিঃ

কুমিল্লার দেবিদ্বারে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার সদর এলাকায় নানান আয়োজনে দিনটি পালন করেছে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগ।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রোশন আলি মাস্টার।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ.কে.এম সফিউদ্দিনের সভাপতিত্বে ও সহ সভাপতি লুৎফুর রহমান বাবুলের সঞ্চালনায় সভায় অংশগ্রহণ করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উদযাপন অনুষ্ঠানের অনুষ্ঠিত সভায় বক্তব্য রেখেছেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ ভিপি আব্দুল মতিন মুন্সী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ.টি.এম মেহেদি হাসান, জেলা আওয়ামী লীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক এ.কে.এম সফিকুল আলম ভিপি কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোসলেম মাষ্টার, সহ সভাপতি আব্দুল কুদ্দুস সহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান।

এ সময় দেবীদ্বার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইতেখারুল আলম তুসার ও দপ্ততর সম্পাদক, আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুলাহ আল মামুন, জেলা আওয়ামীগের সদস্য কালিপদ মজুমদার। সদস্য উপজেলা আওয়ামীগের বিল্লাল হোসেন ডালিমসহ উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সাংবাদিক জয়নাল আবেদীন আর নেই

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সদস্য ও বুড়িচং প্রেসক্লাবের নির্বাহী সদস্য এবং বাসসের সাবেক কুমিল্লা প্রতিনিধি সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন (৭০) মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া…রাজিউন)।

শুক্রবার (১৬ মার্চ) দুপুর ৩ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের প্রথম নামাজে জানাজা শনিবার সকাল সাড়ে ৯ টায় বুড়িচং উপজেলা পরিষদ জামে মসজিদের প্রাঙ্গণে, ২য় জানাজা বেলা ১১ টায় উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- কুমিল্লা-৫ আসনের এমপি অ্যাড. আবুল হাসেম খান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী মোঃ জসিম উদ্দিন জসিম, উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার, জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. রেজাউল করিম খোকন, উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল, উপজেলা যুব দলের আহবায়ক সাবেক চেয়ারম্যান মোঃ জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন দোলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান, বুড়িচং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নজরুল ইসলাম বাবুল, সাংবাদিক আবুল হোসেন, নির্বাহী সদস্য সুপার সফিকুর রহমান ভূইয়া ও সাংগঠনিক সম্পাদক সৌরভ মাহমুদ হারুন প্রমুখ।

কাতারে বঙ্গবন্ধু’র ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

 

ইউসুফ পাটোয়ারী লিংকন,কাতার থেকেঃ

কাতারের দোহাস্থ বাংলাদেশ দূতাবাস আজ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৩ উদযাপন করেছে।

দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচীর সূচনা হয়। অতঃপর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে সম্মান জানানো হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতির পিতার আত্মার মাগফেরাত, দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের পর দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে জাতির পিতার জীবন ও কর্মের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে কাতারস্থ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর আদর্শ শিশু কিশোরদের মধ্যে ছড়িয়ে দেয়ার আহবান জানান।

রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম তার বক্তব্যে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ গঠনে তাঁর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন। শিশু কিশোরদের প্রতি জাতির পিতার অপরিসীম ভালোবাসা ও মমতা সম্পর্কে আলোচনাকালে তিনি শিশু কিশোরদেরকে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ ও বিদেশে নিজেদেরকে সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান। এছাড়াও, তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গঠনে সবাইকে অবদান রাখার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষ্যে দূতাবাস কর্তৃক বাংলাদেশি শিশু-কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হয়ন। এছাড়া্‌ শিশু-কিশোরসহ সবার অংশগ্রহণে কেক কাটা হয় এবং উপস্থিত সকলকে ঐতিহ্যবাহী বাঙালী খাবারে আপ্যায়িত করা হয়।

কসবায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, পথচারীসহ ২ জনের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পথচারীসহ ২ জন মারা গেছেন। শুক্রবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের চান্দিসার এলাকার কসবা-সৈয়দবাদ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাক্টরের হেলপার পাভেল মিয়া (১৮) ও পথচারী দেলোয়ার মিয়া (৩০)।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, একটি ট্রাক্টর তিনলাখপীর যাওয়ার পথে চান্দিসার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় সড়কের পাশে থাকা একজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। ট্রাক্টরের হেলপার গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

পবিত্র মক্কায় নামাজ পড়ানোর ৪০ বছর পূর্ণ করলেন ইমাম শেখ আল সুদাইস

 

আন্তর্জাতিক ডেস্কঃ

পবিত্র মক্কা নগরীর মসজিদুল আল হারামে ইমাম হিসেবে দায়িত্ব পালন করার ৪০ বছর পূর্ণ করলেন শেখ আব্দুল রহমান আল-সুদাইস। বুধবার মসজিদুল হারামের ইমাম হিসেবে তিনি দীর্ঘ ৪০ বছর পূর্ণ করেন।

টুইটারে সৌদি দূতাবাসের প্রেস অ্যাটাচি ডক্টর নায়েফ আলোতাইবি মসজিদ আল হারামের ইমাম হিসেবে শেখ আল সুদাইসের প্রথম নামাজ পড়ানোর একটি ভিডিও শেয়ার করেন।

এতে তিনি বলেন, ১৯৮৪ সালে দুটি পবিত্র মসজিদের প্রয়াত রক্ষক রাজা ফাহাদ বিন আবদুল আজিজ কর্তৃক জারি করা একটি রাজকীয় ডিক্রি দ্বারা মক্কার মসজিদ আল হারামের ইমাম হিসাবে নিযুক্ত করা হয়েছিল শেখ আল সুদাইসকে। তখন তার বয়স ছিল ২২ বছর।

১৯৮২ সালের (আরবি ১৪০৪ হিজরির সাবান) মে মাসে তিনি প্রথম মসজিদ আল হারামে নামাজ পড়ান।

আরব নিউজের খবর অনুযায়ী, ড. আব্দুল রহমান আল সুদাইস ২০১২ সালের মে থেকে দুটি পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সির মন্ত্রী পদের সভাপতি ছিলেন।

গ্র্যান্ড মসজিদের ইমাম এবং বিশিষ্ট ইসলামিক স্কলার আল-সুদাইস ১৯৬২ সালে রিয়াদে জন্মগ্রহণ করেন। তার সুরেলা কুরআন তেলাওয়াতের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত। শুধু তা-ই নয় তার এই সুরেলা কণ্ঠ বিশ্বজুড়ে মুসলমানদের অনুপ্রাণিত করেছে।

তিনি রিয়াদ সায়েন্টিফিক ইনস্টিটিউট থেকে ১৯৭৯ সালে শ্রেষ্ঠত্বের সঙ্গে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর চার বছর পর, তিনি রিয়াদ-ভিত্তিক কলেজ অফ শরীয়াহ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন, যেখানে তিনি ইসলামিক আইনশাস্ত্রের মৌলিক বিষয় বিভাগের একজন প্রভাষক নিযুক্ত হন।

১৯৮৮ সালে তিনি ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটির কলেজ থেকে ইসলামী আইনশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং মক্কার উম্ম আল-কুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। ১৯৯৬ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ কলেজের সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

আল সুদাইস মাত্র ১২ বছর বয়সে পুরো কোরআন মুখস্ত করেন।

সূত্র: জিও নিউজ

কুমিল্লা নগরীতে পুলিশ পরিচয়ে অটোরিক্সা হতে চাঁদা আদায়কালে ২ প্রতারক আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে পুলিশ পরিচয়ে সিএনজি অটোরিক্সা হতে চাঁদা আদায়কালে ২ জন প্রতারককে আটক করেছে থানা পুলিশ। এ সময়  চাঁদা আদায়ের নগদ ১ হাজার ৬ শত  টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ মার্চ) সকাল  সোয়া ৮ টায় নগরীর রামঘাটলা সড়কের টপটেন নামক শো-রুমের বিপরীত পাশে সড়কের  সামনে পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ  সূত্র জানায়, রামঘাটলা সড়কের টপটেন নামক শো-রুমের বিপরীত পাশে সড়কের  কতিপয় ব্যক্তি ভূয়া পুলিশ পরিচয় দিয়ে সিভিল পোষাকে বিভিন্ন সিএনজি, অটোরিক্সা ড্রাইভারদের গাড়ী পার্কিং করার ইস্যু দেখিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি ও বলপ্রয়োগ করে বিভিন্ন গাড়ী হতে ৩০/৪০ টাকা করে চাঁদা আদায় করার সংবাদ পাওয়া যায়। ঘটনার বিষয়টি কোতয়ালী থানা ও ট্রাফিক পুলিশ অবগত হওয়ার পর পরই বিষয়টি  পুলিশ সুপার জানতে পারেন।

তাৎক্ষনিক  পুলিশ সুপারের নির্দেশে কোতয়ালী থানা ও ট্রাফিক পুলিশের টিমদ্বয় উল্লেখিত স্থানে গিয়ে  পুলিশের পরিচয়দানকারি দুই প্রতারককে চাঁদার টাকাসহ আটক করে।

আটক হওয়া দুই প্রতারক হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার গঙ্গানগর গ্রামের মিন্টু মিয়ার ছেলে মোঃ সবুজ মিয়া(২২) ( বর্তমানে  সদরের  গোবিন্দপুর পশ্চিম পাড়ার  ফিরোজ ড্রাইভারের ভাড়াটিয়া) এবং  সদরের সাহাপাড়ার মো: স্বপন মিয়ার ছেলে মোঃ আরিফ(২৩)।

উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৫ কিলোমিটার জুড়ে যানজট

 

ডেস্ক রিপোর্টঃ

ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকাল থেকে মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

যাত্রী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার পর থেকে মহাসড়কে যানজেটর সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজেটের তীব্রতা বাড়তে থাকে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে দূর পাল্লার যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বসে সময় পার করতে হচ্ছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি এস এম আবুল কাশেম আজাদ জানান, ছুটির দিনে প্রায় সময় যানজট থাকে। আজ সকাল থেকে যানজট শুরু হয়েছে। মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় ১৫-২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনের আমরা কাজ করছি।

তিতাসে নিজস্ব নিয়মে চলছে সাব রেজিষ্ট্রার অফিস, শেষ নেই জনগণের ভোগান্তি

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লার তিতাস উপজেলায় নিজস্ব নিয়মে চলছে সাব রেজিষ্ট্রার অফিস। প্রতি সপ্তাহে ৫ কর্মদিবসের মধ্যে জমি রেজিস্ট্রেশনের কাজ বন্ধ থাকে ২ দিন। এতে মানুষের ভোগান্তির চরম আকার ধারণ করছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০০৪ সালে তিতাস উপজেলা প্রতিষ্ঠা হওয়ার পর ২০১৩ সালের পহেলা জুলাই থেকে তিতাসে সাব রেজিষ্ট্রার অফিসের কার্যক্রম শুরু হয়। শুরু থেকে উপজেলা পরিষদ সংলগ্ন একটি ভবনে এর কার্যক্রম চলে। ইতিমধ্যে ১০জন সাব রেজিষ্ট্রারের দায়িত্ব পালন করে গেছেন। বর্তমানে দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ মোমেন মিয়া ২০২০ সালের ২৫ অক্টোবর উক্ত কর্মস্থলে যোগদান করেন। যোগদানের পর থেকে তার বিরুদ্ধে নানাহ অনিয়মের অভিযোগ উঠে। এমনকি দলিলের নকল ও মূলকপি গ্রহিতা নিতে চাইলে বাধ্যতামূলক (রশিদবিহীন) দিতে হয় ১ থেকে দেড় হাজার টাকা। বিশেষ করে প্রতি সপ্তাহে তিনি রবিবার ও বৃহস্পতিবার কর্মস্থলে অনুপস্থিত থাকেন। তবে পূর্বের কোন সাব রেজিষ্ট্রার এ নিয়মে অফিস পরিচালনা করেননি।

এসব বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সাধারণ মানুষ অভিযোগ করলেও তাদের অধিন্যস্ত না হওয়ায় তারা ব্যবস্থা নিতে পারছেন না।

বৃহস্পতিবার উপজেলার সাব রেজিষ্ট্র্রার অফিসে দলিল রেজিস্ট্রি কাজে আসা জয়নাল আবেদীন জানান, বুধবার দলিল করার কথা ছিল। হঠাৎ পারিবারিক সমস্যার কারণে কাজটি করতে পারিনি। আজ অফিসে এসে শুনতে পারলাম আগামী সোমাবার ছাড়া দলিল রেজিষ্ট্রি করা যাবে না।

উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি হুমায়ুন কবির কাজল বলেন, আমরা স্যারকে সপ্তাহের ৫দিনের মধ্যে দায়িত্ব পালন করতে অনুরোধ করেছি। তবে আমরা উনার অধিন্যস্ত। বেশি পীড়াপীড়ি করতে পারি না।

উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ বলেন, উপজেলা সাব রেজিষ্ট্রার অফিস আমার অধিন্যস্ত না হওয়ায় আমি কোন ব্যবস্থা নিতে পারছি না।

উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, সাব রেজিষ্ট্রারের বিষয়ে অনেকেই মৌখিক অভিযোগ করেন। তবে বিষয়টি আমি জেলা উন্নয়ন সমন্বয়ন সভা বা আইনশৃঙ্খলা সভায় উত্থাপন করবো।

এ বিষয়ে উপজেলা সাব রেজিষ্ট্রার মোহাম্মদ মোমেন মিয়া বলেন, দলিল লেখক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আমি সপ্তাহে ৩দিন দায়িত্বপালন করছি। এ বিষয়ে আপনি দলিল লেখক সমিতির সাথে কথা বলতে পারেন।

কুমিল্লা জেলা