All posts by jitu

কৃষি ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে মিলন হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাজিরখিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সে উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নের কাজিরখিল গ্রামের আব্দুল মতিনের ছেলে।

জানা যায়, সন্ধ্যার দিকে নিহত মিলন নিজ বাড়ির পাশে একটি কৃষি ক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে যায়। ওই সময় বৈদ্যুতিক তারের লিকেজ অংশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সেবারহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানায়, নিজের ক্ষেতে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন সম্পন্ন হয়েছে।

বর্ষসেরা কোচ নির্বাচিত হলেন বিশ্বকাপজয়ী লিওনেল স্কালোনি

 

স্পোর্টস ডেস্কঃ

লাতিন আমেরিকার বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন কাতার বিশ্বকাপে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে শিরোপা জেতানো লিওনেল স্কালোনি। ব্রাজিলের ক্লাব পালমেইরাসের কোচ অ্যাবেল ফেরেইরাকে হারিয়ে সেরা হন ৪৪ বর্ষী আর্জেন্টাইন।

ফেরেইরাকে হারানোর পথে স্কালোনি পেয়েছেন ১০৭ ভোট, ফেরেইরা ৩৫টি। মিডিয়া আউটলেট এল পাইস প্রতিবছর মর্যাদাপূর্ণ এ পুরস্কার ঘোষণা করে।

আর্জেন্টিনায় কোচ হিসেবে লিওনেল স্কালোনির রাজত্ব শুরু হয় ২০২১ সালে, ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতে। ২০২২ সালে ইউরো জেতা ইতালিকে হারিয়ে লা ফিনালিস্সিমা জেতে মেসিবাহিনী।

২০২২ সালের ডিসেম্বরে ৩৬ বছর ধরে আকাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা জেতে স্কালোনির দল। গতমাসে ফিফা বর্ষসেরা কোচও হয়েছেন তিনি।

কুমিল্লার আলেখারচরে প্রকাশ্যে ব্যবসায়িকে হত্যাচেষ্টা, আসামী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আলেখারচরে প্রকাশ্যে ব্যবসায়িকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার মামলায় মোঃ সাদ্দাম (৩০) নামের এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত ৪ মার্চ দুপুরে আলেখারচর আর. ইসলাম প্লাজার নিচে একটি দোকানের ভিতরে এ ঘটনা ঘটে।

পরবর্তীতে ভিকটিম মোঃ সাইফুল ইসলাম র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করলে, ১৬ মার্চ রাতে হবিগঞ্জ জেলার জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

ভিকটিম মোঃ সাইফুল ইসলাম (৩৯) কুমিল্লার আলেখারচর এলাকার মৃত রফিকুল ইসলাম সর্দ্দারের ছেলে।

গ্রেফতারকৃত আসামী সাদ্দাম পেশায় দিনমজুর এবং মাদক সেবনকারী। সে আলেখারচর এলাকার মোঃ মিজানুর রহমানের ছেলে। গ্রেফতারকালে তার কাছ থেকে একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ মার্চ) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, আলেখারচরের আর. ইসলাম প্লাজার ২য় ও তয় তলায় ব্যাংক অবস্থিত হওয়ায় সাধারণ মানুষ লেনদেনের উদ্দেশ্যে সেখানে গমন করত এবং গ্রেফতারকৃত আসামী বিভিন্ন সময় ব্যাংকে গমনকৃত ব্যক্তিদেরকে যাওয়া আসার সময় পথিমধ্যে ছুরি, সুইচ গিয়ারসহ অন্যান্য অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করত।

বিষয়টি উক্ত প্লাজার মালিক ভিকটিম মোঃ সাইফুল ইসলাম (৩৯) আসামী সাদ্দামের বড় ভাই নুরুল ইসলাম রানাকে জানায়। আসামী সাদ্দাম বিষয়টি জানতে পারে এবং তার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই জের ধরে পরবর্তীতে সাইফুল ইসলাম প্লাজার নিচে একটি দোকানে অবস্থানকালীন সময়ে সাদ্দাম সুযোগ বুঝে ধারালো সুইচ গিয়ার দিয়ে ভিকটিমের হাতে, পিঠে, পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় উক্ত দোকানের কর্মচারী ও সাধারণ মানুষ ঠেকাতে এলে সাদ্দাম তাদের উপরও চড়াও হয়। পরবর্তীতে ভিকটিম ও উক্ত দোকানের কর্মচারীর চিৎকারে লোকজন এগিয়ে এলে সাদ্দাম সেখান থেকে পালিয়ে যায় এবং ভিকটিমকে উদ্ধারপূর্বক কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের চাচা বাদী হয়ে গত ৭ মার্চ কোতয়ালী মডেল থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। পরবর্তীতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনা পরবর্তীতে সে তৎক্ষনাত কুমিল্লা থেকে পালিয়ে তার পূর্বের কর্মস্থল সিলেট জেলার জিন্দাবাজার এলাকায় আত্মগোপনে থাকে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সে তার পূর্ব পরিচিত একটি কাপড়ের দোকানে চাকুরী শুরু করে। এছাড়াও সে দীর্ঘদিন যাবত ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সেবন করত এবং মাদকের অর্থ যোগাড় করার জন্য ইতিপূর্বে চাঁদাবাজি, চুরিসহ অন্যান্য অপরাধমূলক কার্যও সম্পাদন করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় মাদক সংক্রান্তে ০৩ টি মামলা রয়েছে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীকে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

 

কুবিতে কনসার্ট ফর জাস্টিসে প্রক্টরের বাধা দেয়ার চেষ্টা

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিন শিক্ষার্থীর উপর প্রকাশ্যে হামলার প্রতিবাদে আন্দোলনকারীদের পূর্ব-নির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে ‘কনসার্ট ফর জাস্টিস’এ বাধা দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরে এ ঘটনা ঘটে। এসময় প্রক্টরিয়াল টিমের অন্যান্য সদস্যরা ও ছাত্র উপদেষ্টা ড. মোহা. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আন্দোলনের কর্মীরা ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে কনসার্টের স্টেজ তৈরি করতে গেলে প্রক্টর ওমর সিদ্দিকী রাস্তা বন্ধ করে কন্সার্ট করতে বাধা দেন। তিনি বলেন, এখান থেকে সরিয়ে অন্য কোথাও স্টেজ তৈরি কর। পরে আন্দোলনকারীদের অনড় অবস্থানে প্রক্টরিয়াল বডি সেখান থেকে চলে যান।

প্রোগ্রামে বাধা দেয়ার ব্যাপারে আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইমাম হোসাইন মাসুম বলেন, প্রক্টর স্যার এসে আমাদের বলেন, ‘তোমরা রাস্তা আটকাইছো কেনো?’ পরে আমি বলি, ‘স্যার আমরা তো রাস্তা আটকাই নাই। এখান দিয়ে রিক্সা, সিএনজি যাওয়ার রাস্তা আছে। একসাথে তিনজন যাওয়ার জায়গা আছে।’ তখন উনি বলেন, ‘বেশি করতেছো তোমরা। বেশি ইয়ে করতেছো তোমরা। বেশি ইয়ে করো না।’

বাধা দেয়ার ব্যাপারে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, তাদেরকে কেউ কোনো বাধা দেয়নি, তাদেরকে শুধু বলা হয়েছিল যে আপনারা প্রোগ্রাম করেন তবে রাস্তা ব্লক করিয়েন না।

ঘটনার নয় দিনেও বিচার পায়নি কুবি শিক্ষার্থীরা, গানে গানে প্রতিবাদ

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তিন শিক্ষার্থীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার ও হামলায় ইন্ধনদাতার অভিযোগে ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকীর অপসারণসহ ৫ দফা দাবি আদায়ে গানে গানে প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে ‘কনসার্ট ফর জাস্টিস’ নামে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন।

আন্দোলনের মুখপাত্র জাহিদুল ইসলাম বলেন, আগামী রবিবার দুপুর ১২ টার মধ্যে প্রক্টর নিজ থেকে অব্যাহত না নেন, তাহলে আমরা আরোও কঠোর আন্দোলনের দিকে যাব।

আন্দোলনের সমন্বয়ক ইমাম হোসেন মাসুম বলেন, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকের এই কর্মসূচি। ৯ দিন অতিবাহিত হয়েছে এখনও প্রশাসন কোন দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব।

তাদের ৫ দফা দাবিগুলো হলো, শিক্ষার্থীদের ওপর অছাত্র এবং বহিরাগত হামলাকারীদের গ্রেফতার, বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা, আহত শিক্ষার্থী এনায়েত উল্লাহ এবং মো: সালমান চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানপূর্বক নিরাপদ ক্যাম্পাস সুনিশ্চিত, এবং হামলায় ইন্ধনদাতা হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীর অপসারণের দাবি জানায়।

উল্লেখ্য, এর আগে গত ৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের সামনে সাবেক ছাত্রলীগ নেতা খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান আসামি বিপ্লব চন্দ্র দাস স্থানীয় যুবদল নেতা ও তাঁর অনুসারীদের নিয়ে ৩ ছাত্রলীগ নেতার উপর হামলা চালায়।

হোমনায় প্রাইভেটকারভর্তি ৮০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার হোমনা  উপজেলায় প্রাইভেটকারভর্তি ৮০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার তাদের আটক করা হয়।

এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বরুড়ার শিলমুড়ি দক্ষিণে নৌকা ও শিলমুড়ি উত্তরে আনারস প্রতিকের প্রার্থী বিজয়ী

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের ফারুক হোসেন ভূইয়া ৮ হাজার ২২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

অপরদিকে শিলমুড়ি উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের আব্দুস সালাম ৬ হাজার ২২০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮ টায়  ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪ টায় ভোটগ্রহণ শেষ হয়।

ইভিএম পদ্ধতিতে ভোট দিতে গিয়ে ভোটারদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে বলে সিংহভাগ ভোটারই অভিযোগ করেন।

চৌদ্দগ্রামে প্রিজাইডিং অফিসারকে অবরুদ্ধ করে ফলাফল ছিনতাইয়ের চেষ্টা, ভোট কেন্দ্রে হামলা

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৯নং কনকাপৈত ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ভোটের ফলাফল ঘোষণার পরে পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকরা প্রিজাইডিং অফিসারকে অবরুদ্ধ করে ফলাফল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় কেন্দ্রের ভিতরে তারা পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে। এ সময় ৫ ব্যক্তি আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভীর হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কনকাপৈত ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমানের মৃত্যুর পর ওয়ার্ডটিতে কমিশন উপ-নির্বাচনের আয়োজন করে। বৃহস্পতিবার ছিল ভোট গ্রহণের তারিখ। সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণভাবে ইভিএম মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন। ভোটগ্রহণ শেষে বিকেলে প্রিজাইডিং অফিসার আতাউর রহমান ফলাফল ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী জসিম উদ্দিন চৌধুরী ৪৩০ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ফলাফল প্রত্যাখান করে বিভিন্ন স্লোগান দিয়ে প্রিজাইডিং অফিসার আতাউর রহমানকে অবরুদ্ধ করে ফলাফল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিতে চাইলে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কর্মী-সমর্থকরা পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় ৫ ব্যক্তি আহত হয়। এদের মধ্যে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মীর হোসেন গুরুতর আহত হয়। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৫ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। এ সময় বিক্ষুদ্ধ কর্মী-সমর্থকরা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেলে ফলাফল ঘোষণার পরে পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকরা বিশৃঙ্খলা করলে পুলিশ ৪৫ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে’।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভীর হোসেন বলেন, ‘ফলাফল ঘোষণার পরেই পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকরা প্রিজাইডিং অফিসার আতাউর রহমানকে অবরুদ্ধ করে ফলাফল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় কর্তব্যরত পুলিশ বাধা দিলে কর্মী-সমর্থকরা বেশ কিছু পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আমরা প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করে নিয়ে আসি’।

দেশ এবং জাতি বিএনপি জামায়াতের দুর্বৃত্ত শাসন আর দেখতে চায় না: মুরাদনগরে শিক্ষামন্ত্রী

 

স্টাফ রিপোর্টারঃ

দেশ এবং জাতি বিএনপি জামায়াতের দুর্বৃত্ত শাসন আর দেখতে চায় না। জননেত্রী শেখ হাসিনার উপর দেশবাসীর পূর্ণ আস্থা রয়েছে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। বিএনপি জামায়াতের আমলে দেশ সবক্ষেত্রে পিছিয়েছে। আমরা তরুন প্রজন্মকে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবো। আমরা দ্রুত এ দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করবো। শিক্ষা নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। ভিন্ন দেশের ছবি এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে। বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার দেশে কখনো ইসলামের ক্ষতি হবে না। ইসলামের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনাদের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ড. দিপু মনি।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে এ মাসেই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন এদেশের মানুষ। একটা পরাধীন প্রদেশে থেকে একটা স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছেন। আমরা এখন যে সমস্ত পথে হাঁটছি সে পথ বঙ্গবন্ধু দেখিয়েছিলেন। তিনি আমাদেরকে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। আমরা সেই পথে এ দেশকে সমৃদ্ধ দেশে পরিণত করছি। এদেশের মানুষ আর হাওয়া ভবন এবং খোয়াব ভবন দেখতে চাই না। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. জামাল নাসের, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ ইসমাইল প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন ৫ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।

নকলের সুযোগ চেয়ে কলেজজুড়ে শিক্ষার্থীদের ভয়ংকর তাণ্ডব

 

আন্তর্জাতিক ডেস্কঃ

করোনাকালে দীর্ঘদিন কলেজ বন্ধ থাকায় পড়াশোনার অভ্যাস চলে গেছে। তাই পরীক্ষাকেন্দ্রে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে এবং প্রয়োজনে দেখে বা নকল করে উত্তর লেখার সুযোগ দিতে হবে। এমন অদ্ভুত দাবিতে গত বুধবার (১৫ মার্চ) রাস্তা অবরোধ, শিক্ষকদের সঙ্গে হাতাহাতি থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রের কলেজে ইট-পাটকেল নিক্ষেপ, ভাঙচুর, বিক্ষোভ করেছেন মুর্শিদাবাদের একদল শিক্ষার্থী।

আক্রান্ত শিক্ষকদের দাবি, কলেজজুড়ে ভয়ংকর তাণ্ডব চালিয়েছেন বিক্ষোভকারীরা। একে শিক্ষাক্ষেত্রে কালো দিন হিসেবে আখ্যা দিয়েছেন তারা।

কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, মুর্শিদাবাদের ডোমকল বসন্তপুর কলেজের সাধারণ বিভাগের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। এর কেন্দ্র পড়েছে শেখপাড়া জি ডি কলেজে। তবে সেখানে খুব কড়া ‘গার্ড’ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা।

তাদের অভিযোগ, গত মঙ্গলবার থেকে পরীক্ষাকেন্দ্রে ‘অযথা বাড়তি নজরদারি’ করছেন শিক্ষকরা। ফলে অন্য পরীক্ষার্থীর সঙ্গে আলোচনা করে উত্তর লিখতে পারেননি তারা।

ওইদিন পরীক্ষা শেষে শেখপাড়া জি ডি কলেজে শিক্ষকদের সঙ্গে এক দফা গণ্ডগোল হয় বসন্তপুর কলেজের পরীক্ষার্থীদের। কলেজের সিসিটিভি, কম্পিউটারসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরীক্ষাকেন্দ্রে কঠোর নজরদারির বিরুদ্ধে বুধবারও সরব হন পরীক্ষার্থীরা।

পরীক্ষাকেন্দ্রে প্রয়োজনীয় কাগজপত্র ও পানির বোতল ছাড়া আর কিছু নিয়ে প্রবেশ করা যাবে না বলে বুধবার নির্দেশিকা জারি করে জি ডি কলেজ কর্তৃপক্ষ। এই নির্দেশিকার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরীক্ষার্থীরা। তাদের দাবি, নিজেদের মধ্যে আলোচনা করে লিখতে দিতে হবে। প্রয়োজনে নকলের সুযোগও দিতে হবে।

ডোমকল বসন্তপুর কলেজের বিক্ষোভকারী ছাত্র তোফাজুল আহমেদ শেখ বলেন, করোনাকালে তিন বছর কোনো পড়াশোনা না করেই পাস করেছি। পরীক্ষাও দেইনি। তাই পড়াশোনার অভ্যাস আর নেই। এখন হঠাৎ করে আমরা কীভাবে পরীক্ষার খাতায় লিখবো?

তিনি বলেন, সবার সঙ্গে আলোচনার সুযোগ পেলে তবু একটু লেখা যায়! তাই আমাদের পরিষ্কার দাবি, পরীক্ষাকেন্দ্রে আলোচনার সুযোগ দিতে হবে। খুব প্রয়োজনে দুই-একটা উত্তর দেখেও লিখতে দিতে হবে।

এই পরীক্ষার্থীর যুক্তি, এটি তো আইএএস, আইপিএস কিংবা অন্য কোনো চাকরির পরীক্ষা নয়। ‘সামা