All posts by jitu

বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের নিকট থেকে এ মনোনয়ন ফরম উত্তোলন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সদস্য এড. কাইমুল হক রিংকু, সদস্য মুজাহিদ চৌধুরী, মাহবুবুল আলম চপল, ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা নাসির, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক শিল্পীসহ আরো অনেকে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চার চিকিৎসকের পদোন্নতি উপলক্ষে আলোচনা সভা ও নৈশভোজ

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চার চিকিৎসকের পদোন্নতি উপলক্ষে আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (১৪ ডিসেম্বর) রাতে কুমিল্লা মেডিকেল কলেজের ইন্টার্ন হোস্টেলের ডাইনিং হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চারজন চিকিৎসকের পদোন্নতিতে সহকর্মী ও অতিথিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পদোন্নতি পাওয়া চিকিৎসকেরা হলেন ডা. আশরাফুল মতিন সাগর, ডা. মাহবুব সিকদার, ডা. আবুল হোসেন সৈকত ও ডা. সোহাগ চক্রবর্তী। তাঁরা পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন।

আলোচনা সভায় বক্তারা বলেন, চিকিৎসকদের এ ধরনের পদোন্নতি প্রতিষ্ঠানটির শিক্ষা ও চিকিৎসাসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা নতুন দায়িত্ব পালনে আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব নেতা ডা. মিনহাজুর রহমান তারেক, ডা. সফিকুর রহমান, ডা. জিহাদুল ইসলাম রিয়াজ, ডা. খাজা হোসেন তুষারসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আলোচনা সভা শেষে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

নগরীর নূরপুরে ‘কুমিল্লা কিংস অ্যারেনা টার্ফ’ ফুটবল মাঠের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর তেলিকোনা নূরপুর এলাকায় নবনির্মিত ‘কুমিল্লা কিংস এ্যারেনা টার্ফ’ ফুটবল মাঠের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে এই আধুনিক টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাওার খান কমপ্লেক্সের স্বত্বাধিকারী ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আরিফ খান।

প্রধান অতিথির বক্তব্যে আরিফ খান বলেন, এই টার্ফ ফুটবল মাঠটি মূলত যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে নির্মাণ করা হয়েছে। তরুণরা যেন সুস্থ ও সুন্দর পরিবেশে খেলাধুলা করতে পারে, সেটিই এর মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, বর্তমানে তরুণ প্রজন্মের একটি বড় অংশ মোবাইল ও কম্পিউটারভিত্তিক বিনোদনে আসক্ত হয়ে পড়ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই কুমিল্লার তরুণদের ঘরে বসে নয়, মাঠে এসে খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা মো. হোসেন, শরিফুল ইসলাম ছোটন, নাফিজ জাহান নিপুণ, জামিল হোসেন বাপ্পি, স্বপন মিয়া, মো. মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কুমিল্লায় বিএনডিএস’র আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় বিএনডিএস’র আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) নগরীর নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে সংবাদ সম্মেলন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একটি সুস্থ ও গণতান্ত্রিক সমাজে যুক্তিনির্ভর আলোচনা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার গুরুত্ব অপরিসীম। বিএনডিএস বিশ্বাস করে- আজকের বিশ্বে শুধু বইয়ের জ্ঞান নয়-প্রয়োজন মঞ্চে দাঁড়িয়ে নিজের কথা বলার সাহস। প্রয়োজন বক্তৃতা, উপস্থাপনা ও যুক্তির উপর দাঁড়িয়ে ভাবনা প্রকাশের দক্ষতা। বিতর্ক আমাদের শেখায় কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে জনসমক্ষে দাঁড়াতে হয়, কীভাবে শব্দকে অর্থবহ করে তুলতে হয় এবং কীভাবে একটি বার্তা মানুষের হৃদয়ে পৌঁছে দিতে হয়। বিতর্ক আমাদের যুক্তি নির্মাণের, বিশ্লেষণ করার এবং মতবিরোধকে শ্রদ্ধার সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা দেয়। বিতর্ক একজন মানুষকে করে তোলে চিন্তাশীল, সাহসী এবং নেতৃত্বদানে সক্ষম। প্রিয় উপস্থিতি, আজকের তরুণ প্রজন্মের জন্য বক্তৃতা ও বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়-এটি আত্মনির্মাণের পথ। এটি এমন একটি অনুশীলন, যা একজনকে শেখায় কীভাবে নিজের অবস্থানকে যুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা করতে হয়, কীভাবে অন্যের মতামতকে শ্রদ্ধা করে চ্যালেঞ্জ করতে হয় এবং কীভাবে সমাজের অসঙ্গতিকে ভাষার মাধ্যমে তুলে ধরতে হয়। তরুণদের যুক্তি, চিন্তা ও নেতৃত্বকে একত্রিত করে একটি সচেতন ও সংলাপভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য। আর এই লক্ষ্যকে সামনে রেখেই আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে “বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটি (বিএনডিএস)”। এর মূল লক্ষ্য হলো—বাংলাদেশের প্রতিটি প্রান্তে বিতর্কের আন্দোলনকে ছড়িয়ে দেওয়া। আমরা চাই আমাদের তরুণ প্রজন্ম যেন আবেগপ্রবণ না হয়ে যুক্তির মাধ্যমে চিন্তা করতে শেখে, নিজেদের মতামত স্পষ্টভাবে তুলে ধরতে পারে এবং অন্যের মতামতকে সম্মান জানাতে শেখে। এর স্বপ্নদ্রষ্টারা সবাই সাবেক ও বর্তমান দেশসেরা জাতীয় টেলিভিশন বিতার্কিক এবং সফল সংগঠক। যারা প্রায় দুই যুগ ধরে দেশে বিতর্কচর্চা করে আসছেন এবং জাতীয় পর্যায়ে, দেশের সেরা বিশ্ববিদ্যালয়, বিতর্ক ক্লাব ও স্কুল, কলেজ নিয়ে বেশ কিছু সফল বিতর্ক উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করেছে। এসব আয়োজনে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা দেখেছি, দেশের প্রতিটি জেলায় বিতর্কের অপার সম্ভাবনা লুকিয়ে আছে। তাই দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিতর্ককে ছড়িয়ে দিতে বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটি’র আত্মপ্রকাশ।

আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা আমাদের লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই মঞ্চে উপস্থিত আছেন দেশের বরেণ্য শিক্ষাবিদ, বিশিষ্ট সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব এবং বিতর্ক আন্দোলনের পুরোধা ব্যক্তিরা। তাদের দিকনির্দেশনা আমাদের আগামী দিনের পথচলাকে সুগম করবে। ভবিষ্যতে ইঘউঝ দেশজুড়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়মিত বিতর্ক কর্মশালা, প্রশিক্ষণ এবং প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করেছে। এছাড়াও, আমরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিতর্কের প্রসার এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিতার্কিকদের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি যুক্তিবাদী ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাছানাত মোঃ মাহবুবুর রহমান।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনডিএস’র মুখ্য সংগঠক,সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক মোঃ শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বিবৃতি উপস্থাপন করেন বিএনডিএস’র যুগ্ম সদস্য সচিব , সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক মো. ইস্রাফিল।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিএনডিএস’র আহ্বায়ক, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক শরীফ হোসেন, বিএনডিএস’র সদস্য সচিব, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক রিফাক আহমেদ, বিএনডিএস’র বিতর্ক উপদেষ্টা, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক আব্দুল্লাহ আল আমিন, বিএনডিএস’র বিতর্ক উপদেষ্টা, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক রফিকুল ইসলাম, বিএনডিএস’র বিতর্ক উপদেষ্টা, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক গোলাম কিবরিয়া, বিএনডিএস’র বিতর্ক উপদেষ্টা, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, বিএনডিএস’র বিতর্ক উপদেষ্টা, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক মো. কাইয়ূম হোসেন, বিএনডিএস’র বিতর্ক উপদেষ্টা, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক মো. শরিফ ইসলাম, বিএনডিএস’র সদস্য, সাবেক বিতার্কিক আব্দুল কাইয়ূম শিপন, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক
শাহানুর কিবরিয়া সুজন ।

এ অনুষ্ঠানের শেষের দিকে বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে বিষয় ছিল, “এই সংসদ মনে করে, এখন সময় রবীন্দ্রনাথের নয় বিল গেটসের” ।

এত স্পিকারের ভূমিকা পালন করেন বিএনডিএস’র মুখ্য সংগঠক, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক মো: শরীফুল ইসলাম।

বিতর্কে সরকারি দলে প্রধানমন্ত্রী- সাজ্জাদ হোসেন, মন্ত্রী: সমৃদ্ধ হোড, সাংসদ: ফাহিমা সুলতানা রাতুয়া। বিরোধী দলীয় নেতা ছিলেন এনায়েত হোসেন, উপনেতা ছিলেন সাদিয়া ইসলাম সুস্মিতা, সাংসদ হিসেবে ছিলেন নুসরাত জাহান।

কুমিল্লা বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি নাজিরা বাজার ও উপজেলা সদরে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে।

শনিরার ১৩ ডিসেম্বর রাতে বুড়িচং থানার ও দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্র জানায়, শনিবার ১৩ ডিসেম্বর রাতে কুমিল্লার বুড়িচং থানার ও দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পৃথক দুটি অভিযান চালায়। এর মধ্যে বুড়িচং উপজেলা সদরে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ মতিউর রহমান খান রুমেল এবং ময়নামতি ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আবুল হাসেম শান্তকে ময়নামতি ইউনিয়ন এর নাজিরা বাজার বাসা থেকে গ্রেফতার করে।

উল্লেখ্য একই উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মতিউর রহমান খান রুমেল কে এ পর্যন্ত ৫ এ আগষ্টের পর ৩ বার গ্রেফতার করে বুড়িচং থানার পুলিশ।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান দুজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন যে তাদের কে সন্ত্রাস বিরোধী মামলা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে কুমিল্লা কোর্টের মাধ্যমে তাদের কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নাশকতার মামলায় দেবিদ্বারে দুই সেচ্চাসেবকলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে নাশকতার মামলায় গ্রেপ্তারপূর্বক দুই সেচ্চাসেবক লীগ নেতাকে জেল হাজতে প্রেরণ করেছে দেবিদ্বার থানা পুলিশ।

শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক পূর্বক রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, মোঃ এমদাদুল হক (৪৪), সে উপজেলার সুবিল গ্রামের মৃতঃ আব্দুল হাকিম মিয়ার পুত্র। সে সুবিল ইউনিয়ন সেচ্চাসেবক লীগের আহবায়ক। অপরজন নাজমুল হাসান (২৫), সে পৌরসভার ইকরা নগরীর মোঃ জালাল মিয়ার পুত্র। সে পৌর সেচ্চাসেবক লীগের সদস্য।

উল্লেখ্য গত (৩১ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার মাধাইয়া থেকে খাদঘর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে নাশকতা চেষ্টা করলে, ওই ঘটনায় দেবিদ্বার পুলিশ বাদী হয়ে (মামলা নং ১) করে। মামলার পূর্বের আটককৃত আসামীদের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে জড়িত থাকায় তাদের আটক করা হয়েছে বলে জানান পুলিশ।

এ বিষয় দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সারোয়ার হোসেন বলেন, নির্বাচনে সামনে রেখে কার্যকর্ম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রোধে পুলিশের বিশেষ অভিযানে সেচ্চাসেবক লীগের দুই নেতাকর্মীকে আটক পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।

চৌদ্দগ্রাম দলিল লিখক সমিতির নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ দলিল লিখক সমিতি চৌদ্দগ্রাম শাখার ২০২৬-২৭ অর্থবছরের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ৩৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহনেওয়াজ শাহীন, সেক্রেটারী পদে ৩৬ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মীর আলমগীর হোসেন।

রবিবার (১৪ই ডিসেম্বর) দুপুর ২ঘটিকা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ৩ঘটিকা পর্যন্ত ৫৮জন ভোটার ০৯টি পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতৃত্ব নির্বাচন করেন। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলো; সহ-সভাপতি মোঃ শাহজাহান, সহ-সাধারন সম্পাদক- মোঃ আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক- মোঃ আব্দুল হামিদ, অর্থ সম্পাদক- মোঃ আনোয়ারুল কবির, দপ্তর সম্পাদক- কামাল হোসেন, প্রচার সম্পাদক- রতন কুমার মজুমদার।

দলিল লিখক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন প্রবীন দলিল লিখক এনামুল হক চৌধুরী, প্রিজাইডিং অফিসার আলহাজ্ব মোঃ শাহজাহান। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু এবং শেষ হয়। এতে প্রত্যেক ভোটার ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন।

কুমিল্লায় নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে ব্যানার–ফেস্টুন অপসারণে জেলা প্রশাসনের অভিযান

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে বাস্তবায়নে সক্রিয় হয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। আচরণবিধি লঙ্ঘন রোধে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকা থেকে রাজনৈতিক বিভিন্ন দলের ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণে অভিযান চালানো হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) কুমিল্লা নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও আদর্শ সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড থেকে শুরু করে জাগরজুলি বিশ্বরোড হয়ে পদুয়ার বাজার বিশ্বরোড ও চৌয়ারা পর্যন্ত বিস্তৃত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সড়কের দুই পাশ, বৈদ্যুতিক খুঁটি, সাইনবোর্ড ও বিভিন্ন স্থাপনায় টাঙানো সব ধরনের নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করা হয়।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে কুমিল্লা সিটি কর্পোরেশনের সহযোগিতায় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের ফলে সড়ক ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ হয়ে ওঠে।

এ বিষয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার বলেন,
“নির্বাচনী আচরণবিধি মেনে চলা প্রত্যেক প্রার্থীর নৈতিক দায়িত্ব। তফসিল ঘোষণার পর থেকে আচরণবিধি কার্যকর থাকে। সে কারণে নির্বাচনী এলাকার সকল পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানাচ্ছি, নিজ নিজ অবস্থান থেকে সব ধরনের ব্যানার ও ফেস্টুন স্বেচ্ছায় অপসারণ করার জন্য।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কোথাও যেন আচরণবিধি লঙ্ঘন না হয়, সে বিষয়ে জেলা প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে। প্রয়োজনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা মনে করছেন, নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে আচরণবিধি বাস্তবায়নে প্রশাসনের এমন কঠোর অবস্থান ইতিবাচক ভূমিকা রাখবে।

বসুন্ধরা স্পোর্টস সিটিতে পর্দা নামলো প্যাডেল স্ল্যাম ২.০’র

নিজস্ব প্রতিবেদক:

বসুন্ধরা স্পোর্টস সিটিতে সফলভাবে পর্দা নামলো ‘আহসান গ্রুপ প্রেজেন্টস প্যাডেল স্ল্যাম ২.০, পাওয়ার্ড বাই অ্যাসেট ডেভেলপমেন্টস’ টুর্নামেন্টের। শনিবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচগুলোর মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী এই জমকালো প্রতিযোগিতা। ফাইনাল ম্যাচ উপভোগ করতে প্রতিযোগীদের পাশাপাশি বসুন্ধরা গ্রুপ ও বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মেন্স অ্যাডভান্সড ক্যাটাগরির ফাইনালে রোমাঞ্চকর লড়াই শেষে ৬-৪, ২-৬ ও ৬-২ সেটে চ্যাম্পিয়ন হন জিউসেপে ও ম্যাশ জুটি। রানারআপ হন রাকিন ও সাদমান।
মেন্স ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে ৭-৫, ৬-৩ সেটে শিরোপা জয় করেন তাইসির ও পলক। এই বিভাগে রানারআপ হন ফারহান ও নাবিল। উইমেন্স ডাবলসে ৬-০, ৬-১ সেটে একপেশে ফাইনালে চ্যাম্পিয়ন হন ব্রিয়ানা ও ফারিহা। রানারআপ হন নাভেরা ও তাশফিয়া।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বসুন্ধরা স্পোর্টস সিটির হেড অফ অপারেশনস মাসুদুর রহমান মান্না। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে স্পন্সর প্রতিষ্ঠান অ্যাসেট ডেভেলপমেন্টসের ডিরেক্টর নাভেরা খান এবং আহসান গ্রুপের প্রতিনিধির হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ক্রীড়া আয়োজন সফল করতে স্পন্সরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের সহযোগিতা ছাড়া এমন বড় পরিসরের টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়। এরপর পর্যায়ক্রমে উইমেন্স, মেন্স ইন্টারমিডিয়েট ও মেন্স অ্যাডভান্সড ক্যাটাগরির রানারআপ ও চ্যাম্পিয়ন দলগুলোর হাতে ট্রফি, মেডেল ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়।
স্থানীয় প্যাডেল ইভেন্টগুলোর মধ্যে অন্যতম বৃহৎ আকর্ষণ হিসেবে এবারের আসরে মোট প্রাইজপুল রাখা হয় ২ লাখ ২৫ হাজার টাকা। তিনটি ক্যাটাগরিতেই চ্যাম্পিয়ন দল পেয়েছে ৫০ হাজার টাকা করে এবং রানার্সআপ দল পেয়েছে ২৫ হাজার টাকা। আকর্ষণীয় এই প্রাইজমানির কারণে প্রতিযোগিতার উত্তেজনার পাশাপাশি খেলোয়াড়দের অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

এছাড়া ফাইনালে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য আর্থিক পুরস্কারের পাশাপাশি বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়। শেয়ারট্রিপের পক্ষ থেকে দেওয়া হয় ঢাকা–কক্সবাজার–ঢাকা বিমান টিকিট, লোটোর তরফ থেকে পাঁচ হাজার টাকার গিফট ভাউচার এবং গোল্ডস জিমের পক্ষ থেকে মেম্বারশিপ কার্ড।

এবারের আসরে স্পন্সর হিসেবে ছিল আহসান গ্রুপ, অ্যাসেট ডেভেলপমেন্টস, দৌড়, ব্রুভানা, শেয়ারট্রিপ, লোটো, এম.এইচ.সি, গোল্ডস জিম ও জুলকানসহ আরও কয়েকটি পরিচিত ব্র্যান্ড। আসরের ব্রডকাস্ট পার্টনার হিসেবে ছিল দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস। আসরের খেলাগুলো টি স্পোর্টস চ্যানেল ও তাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সম্প্রচার করেছে। যা মাঠের বাইরেও প্যাডেলপ্রেমীদের মাঝে এই খেলার পরিচিতি ছড়িয়ে দিচ্ছে। আয়োজকদের আশা, এ ধরনের আয়োজন প্যাডেলকে বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তুলবে এবং দেশের ক্রীড়াঙ্গনে যোগ করবে নতুন মাত্রা।

প্যাডেল স্ল্যামের এটি দ্বিতীয় আসর। আমেরিকা ও ইউরোপে জনপ্রিয় র‌্যাকেটভিত্তিক এই খেলাটি টেনিসের মতো দেখতে হলেও নিয়ম ও কৌশলে ভিন্ন। তুলনামূলক ছোট, ঘেরা কোর্টে ডাবলসে খেলা হয় প্যাডেল। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্যাডেল খেলাটির ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ছে এবং এর পেছনে বসুন্ধরা গ্রুপের নিয়মিত আয়োজন ও অবকাঠামোগত সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বসুন্ধরা স্পোর্টস সিটিতে ধারাবাহিক আয়োজনের ফলে নতুন প্রজন্মের ক্রীড়াপ্রেমীদের মাঝে এই খেলার প্রতি আগ্রহ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নাঙ্গলকোটে ইউপি চেয়ারম্যান অহিদ গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহিদুর রহমান অহিদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ২০২৪ সালের উপজেলা নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করেন ঢালুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির। নিয়ম অনুযায়ী বাছির ইউনিয়ন পরিষদের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর তার জায়গায় বদরপুর ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান অহিদুর রহমান অহিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

শনিবার রাতে সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেফতার করে নাঙ্গলকোট থানা পুলিশ।

নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, অহিদ মেম্বারকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী জানায়, ঢালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহিদুর রহমান গ্রেফতারের সংবাদ শুনেছি। তবে ওই ইউনিয়নে কাকে পরবর্তী দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয় নাই। নিয়ম অনুযায়ী পরবর্তী প্যানেলের কাউকে অথবা প্রশাসক নিয়োগ দেওয়া হবে সেখানে।