All posts by jitu

বুদ্ধিজীবী দিবসে দাউদকান্দি বধ্যভূমি স্বৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দাউদকান্দির রায়পুর বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেছেন উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, দাউদকান্দি প্রেস ক্লাব, স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

আজ রবিবার(১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার জিংলাতুলি ইউনিয়নের রায়পুর বধ্যভূমি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ।

এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, মুক্তিযোদ্ধা একেএম সামছুল হক, আব্দুল কুদ্দুস, আবু তাহের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: হাবিবুর রহমান, দাউদকান্দি মডেল থানার ওসি এম আব্ হালিম , দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদ চৌধুরী , গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাহাঙ্গীর , দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, দাউদকান্দি ফায়ার সার্ভিসের সাব অফিসার এরশাদ , দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এছাড়াও জিংলাতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আলাউদ্দিন সরকার ও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম রনি উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৩ মে রায়পুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ডাক্তার পান্ডব দেবনাথ, শীতল চন্দ্র সরকার, পান্ডব সাহা, বিদিশীনী সাহা, ফেলান সরকার, শরৎ চন্দ্র সরকার, সুধির বণিক, কামিনী সুন্দরী দেবনাথ এবং উমেশ সরকারসহ ১১ জন নারী-পুরুষকে রায়পুর কাঠের পুল খালপাড়ে নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী।

ব্রাহ্মণপাড়া কৃষক দলের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে সভাপতি পদে মিজানুর রহমান চেয়ারম্যান, সিনিয়র সহ-সভাপতি পদে আবুল কালাম আজাদ সরকার, সাধারণ সম্পাদক পদে মোঃ দ্বীন ইসলাম মৈশান এবং সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম শিমুলকে রাখা হয়েছে।

নির্বাচিত নেতৃবৃন্দরা জানান, ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষক দল সুসংগঠিত হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলায় প্রশংসিত হয়েছেন এবং ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাচিত সভাপতি ও আগামী দিনের ধানের শীষের কান্ডারী হাজী জসীম উদ্দীন জসিম ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য উপজেলা কৃষক দল সবসময় তাদের ভূমিকা রেখে আসছে । আগামী দিনে নির্বাচনকে শক্তিশালীভাবে উপহার দেয়ার জন্য জেলা কমিটি তাদের কমিটি হস্তান্তর করেছেন।

দক্ষিণ জেলা কৃষক দলের সভাপতি মোস্তফা জামান ও সাধারণ সম্পাদক হাজী মামুনের স্বাক্ষরিত কমিটি হস্তান্তর করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াসিম জানান, কৃষকদল সারা বাংলাদেশে বিএনপিকে যেভাবে শক্তিশালী করেছে তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপিকে সব সময় সমর্থণ করবে এবং প্রোগ্রামগুলোতে সক্রিয়ভাবে কাজ করবে। ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষক দল কুমিল্লা দক্ষিণ জেলার মধ্যে অন্যতম।

কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদক জানান, বিগত সময় থেকে আমরা বিএনপির সাথে সব সময় কাজ করে আসছি, আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবেন সভাপতি হাজী জসিম উদ্দিন জসিম ভাই এবং সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, আমরা সেইভাবে ব্রাহ্মণপাড়া উপজেলাকে একটি আধুনিক ও মডেল হিসাবে উপহার দেয়ার জন্য সব সময় সচেষ্টভাবে কাজ করে যাব। আমরা প্রত্যেকটি প্রোগ্রামে বিএনপিকে সহযোগিতা করে আসছি জনবল ও প্রচার প্রচারণার মাধ্যমে, প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন কমিটি সম্পূর্ণ গঠন করে ওয়ার্ড ভিত্তিক প্রচারণা চলছে, হাজী জসিম উদ্দিন জসিম ভাইকে ধানের শীষ প্রতীকে কিভাবে সর্বোচ্চ ভোটের মাধ্যমে জয়লাভ করে সংসদে পাঠানো যায় সেই প্রচেষ্টা করছে কৃষক দল। ইনশাআল্লাহ একটি আধুনিকায়ন, সুশৃঙ্খল, দক্ষ, ন্যায়পরায়ণতার মাধ্যমে কৃষকের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। পরিশেষে ৭২ টি ওয়ার্ড, ৮ টি ইউনিয়নকে নিয়ে আমরা সাপ্তাহিক একটি করে মিটিং করে আসছি, যেন প্রচার-প্রচারণার কোন কমতি না থাকে সে ব্যাপারে সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক সব সময় খোঁজ-খবর নিয়ে থাকেন।

ব্রাহ্মণপাড়া উপজেলাবাসিকে কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের পক্ষ থেকে এবং ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সাধারণ সম্পাদক মোঃ দ্বীন ইসলাম মৈশান।

নানা আয়োজনে কুমিল্লা জিলা স্কুলের ২০০০ ব্যাচের সিলভার জুবিলি উদযাপন

 

স্টাফ রিপোর্টার:
নানা আয়োজনে পালিত হয়েছে কুমিল্লা জিলা স্কুলের ২০০০ ব্যাচের সিলভার জুবিলি ।

১২ ডিসেম্বর এই দিনটি উদযাপন করে জিলা স্কুলের ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা।

সিলভার জুবিলি উপলক্ষে ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা প্রায় দুই সপ্তাহ ধরে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে।

এই প্রোগ্রামটি সফল এবং স্বার্থক হয়ে উঠে প্রায় শিক্ষার্থীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণের জন্য।

এই প্রোগ্রামটি সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া জুয়েল, রুবায়েত ইসলাম, মাহফুজুল হক মাসুম, ফয়সাল পাভেল, নাবিল, ডাক্তার সাঈদ প্রমুখ।

এই সিলভার জুবিলী প্রোগ্রামে আরো অবদান রেখেছেন করেছেন আহমেদ শাকিল, আসাদুজ্জামান আকন্দ জনি, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, নাঈমুল নাঈম, বিজয়, ডাঃ রাব্বি হোসেন, সাইফুল মুরাদ, মহিউদ্দিন মহিম, নাফিজ নিপুন, সজীব রায় চৌধুরী, ইঞ্জিনিয়ার মোদাচ্ছির হোসেন, মাহফুজ রবিন।

এদিকে সাংস্কৃতিক পর্বে শিহাব মাজহার, মোস্তফা মাহমুদ বাপ্পি, রুবেল মঞ্চ কাঁপানো পারফরম্যান্স করে বন্ধুদেরকে মাতিয়ে রাখেন।

এছাড়া প্রোগ্রামটি সফল করতে আরো অবদান রাখেন মাকসুদ উল্লাহ, এস এন এফ আলভী, আব্দুল মোমেন রোহিতসহ আরো অনেকে।

এছাড়া আরো উপস্থিত ছিলেন রাজীব, বগবেশ, ইবনে সিনা, টিপু, আলাল, ফারিয়াল, নাসির, তানিন, সজীবসহ আরো অনেকে।

সিলভার জুবিলী প্রোগ্রামটি স্মরণীয় করে রাখার জন্য নানা আয়োজন করা হয়। সব শিক্ষার্থীদের টি-শার্ট প্রদান করা হয়। স্যুভেনির গিফট প্রদান করা হয়।

কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাফিজ এ ব্যাচের শিক্ষার্থীদের সাথে কেক কেটে দিনটির আনুষ্ঠানিক উদ্ভোধন করেন।

এছাড়া সবার অংশগ্রহণ সাংস্কৃতিক অনুষ্ঠানটি প্রণোচ্ছল হয়ে ওঠে।

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান, বিদেশি অস্ত্রসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার:

লক্ষ্মীপুর জেলায় বিদেশি অস্ত্র সহ দুজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম।

দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।

শনিবার (১৩ ডিসেম্বর)ভোররাত ৩ টায় বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথবাহিনী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার বিরাহিমপুর ইউনিয়নে এ অভিযান পরিচলনা করে। উক্ত অভিযানে অস্ত্রধারী মোহাম্মদ পারভেজ (২২) এবং মোঃ আলাউদ্দিনকে (৩০) আটক করে। এ সময় তাদের কাছ থেকে ০১ টি বিদেশী রিভালবার, ৬ রাউন্ড রিভালবারের এ্যামোঃ, ০২ টি এলজি, ০২ টি পাইপ গান, ১০ টি শটগানের এ্যামোঃ এবং ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক হওয়া ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র লক্ষ্মীপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে কুমিল্লা সেনাবাহিনীর সূত্র জানায়।

দাউদকান্দিতে কিশোরকে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে ফাহিম (১২) নামে এক কিশোরকে গলা কেটে হত্যার পর অটোরিকশা চুরির ঘটনায় দায়ের হওয়া মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে শাহেদ নামের ওই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি এম আব্দুল হালিম। এর আগে শুক্রবার দিবাগত রাতে দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানান, গ্রেপ্তার শাহেদ মুন্সীগঞ্জ জেলার গজারীয়া উপজেলার পুরানচাষী গ্রামের মৃত রতন মিয়ার ছেলে। গত ২৪ সেপ্টেম্বর পৌরসদরের দক্ষিণ নছরুদ্দী স্লুইচগেইট এলাকায় ১২ বছরের কিশোর ফাহিমকে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরদিন সকালে স্থানীয়দের কাছে তথ্য পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ নিয়ে মামলা দায়ের হয়। গ্রেপ্তার শাহেদ ওই মামলার অন্যতম আসামি।

ওসি এম আব্দুল হালিম জানান, চাঞ্চল্যকর ফাহিম হত্যার অন্যতম আসামি শাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে দাউদকান্দি মডেল থানার উত্তর নসিরউদ্দি স্লুইসগেট এলাকায় ফাহিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে এ ঘটনায় মামলা দায়ের করে ফাহিমের পরিবার।

বুড়িচংয়ে রেললাইন থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেললাইন থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার রাজাপুর নোয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, ঘটনাস্থল থেকে যুবকের একটি কাপড়ের ব্যাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের যে কোনো এক সময়ে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। উদ্ধারকৃত মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন জানায়, রাজাপুর রেলস্টেশনের দক্ষিণ আউটার ঈদগাহ সংলগ্ন এলাকায় রাতের কোনো এক সময়ে ট্রেন থেকে পড়ে ওই যুবক নিহত হয়ে থাকতে পারেন। নিহতকে স্থানীয় কেউ চিনতে পারেনি। তার পোশাক দেখে ধারণা করা হচ্ছে, তিনি খেটে খাওয়া একজন সাধারণ মানুষ।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান জানান, উপজেলার রাজাপুর রেলস্টেশনের দক্ষিণ আউটার এলাকায় ঈদগাহ সংলগ্ন স্থানে ট্রেনে কাটা একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কুবি তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল লতিফের বিরুদ্ধে তার ইঞ্জিনিয়ার বাড়ি নামক ছাত্রী নিবাসের এক আবাসিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

গত ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর একটি উড়োচিঠি মেইল করে ছাত্রীটি এই অভিযোগ জানান।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে প্রকৌশলী লতিফের বাড়িতে ভাড়া থাকছেন। এই সুযোগে তিনি কখনো কটু কথা, কখনো বডি শেমিং, আবার কখনো অশালীন ভাষায় অপমান করে আসছেন। ছাত্রীটির ভাষ্য, “ভাড়া দিতে দেরি করায় তিনি স্যান্ডো গেঞ্জি পরে রুমে এসে অশ্রাব্য ভাষায় চিৎকার-চেঁচামেচি করেন। বলেন—এই এলাকায় এই ভার্সিটি আমরা চালাই, কাকে বিচার দেব?”

তিনি আরও অভিযোগ করেন, প্রকৌশলী লতিফ ধর্মীয় অনুশাসন পালন করে বাহ্যিক ধার্মিকতার ছাপ দেখালেও ছাত্রীনিবাসে মেয়েদের প্রতি তার কুনজর ও অসদাচরণ কমেনি। একই মেসে থাকা আরও কয়েকজন ছাত্রী অতীতেও তার এমন আচরণের শিকার হয়েছেন, কিন্তু ভয় বা বিব্রতবোধের কারণে কেউ প্রকাশ্যে বলতে সাহস পাননি।

অভিযোগপত্রে ছাত্রীটি আরও দাবি করেন, অতীতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের সময় মেয়েদের আন্দোলনে যেতে নিষেধ করেছেন এবং মেস থেকে বের করে দেওয়ার ভয় দেখিয়েছেন। এমনকি তিনি বলেছেন, “আমার মেসে থাকলে আন্দোলন করতে পারবে না; নইলে আওয়ামী লীগের লোকজন মেস ভাঙচুর করবে।”

এমন পরিস্থিতিতে ছাত্রীটি প্রশাসনের কাছে ন্যায়বিচার চেয়ে লিখেছেন, যাতে ভবিষ্যতে কোনো ছাত্রী একই ব্যক্তির দ্বারা হয়রানির শিকার না হয়। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি নিজের নাম-পরিচয় প্রকাশ করেননি।

ওই মেসের অন্তত ৩ জন নারী শিক্ষার্থীর সাথে কথা বলা হলে তারা জানান, উনার এমন আচরণ আছে বিষয়টি সত্য। কিন্তু ওমরা থেকে আসার পর এমন আচরণ কিছুটা কমেছে। জুলাই আন্দোলনের সময় মেয়েদেরকে মেসে থাকতে দেয়নি এই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) আনোয়ার হোসেন বলেন, ‘আমরা একটি মেইল পেয়েছি কিন্তু সেখানে অভিযোগকারীর কোন নাম, পরিচয় কিংবা মোবাইল নাম্বার নেই। তবুও আমরা এই অভিযোগটি যৌন নির্যাতন প্রতিরোধ সেলে পাঠাবো। যেহেতু বিষয়টি এক্সটার্নাল এবং বাহিরের একটি মেসের তাই আমরা এই বিষয়টি সুক্ষ্মভাবে দেখার চেষ্টা করছি।’

যৌন নির্যাতনে প্রতিরোধ সেলের পরিচালক ড. জান্নাতুল ফেরদৌস বলেন, “আমরা ই-মেইলের মাধ্যমে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত অগ্রসর করার জন্য যে তথ্যগুলো প্রয়োজন সেগুলো এখানে অনুপস্থিত। আমরা অভিযোগের  বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য চেষ্টা করছি।”

অভিযুক্ত প্রকৌশল তত্ত্বাবধায়ক (সিভিল) ও ‘ইঞ্জিনিয়ার বাড়ির’ মালিক ম. আব্দুল লতিফ বলেন, ‘এ ধরনের কোনো ঘটনাই আমার মেসে ঘটেনি। কোটবাড়ির মধ্যে সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা আমরা দিয়ে থাকি। প্রশাসন থেকে এখনো কেউ আমার সাথে যোগাযোগ করেনি।’
পূর্বেও আপনার স্ত্রীর বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছিলো বলে জানা গিয়েছে। এবিষয়ে তিনি বলেন, ‘আমার স্ত্রী এখানে থাকেন না। এগুলো মিথ্যা।’ এই বলে তিনি কল কেটে দেন।

বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্যাডেল স্ল্যাম ২.০ টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনে পর্দা উঠেছে ‘আহসান গ্রুপ প্রেজেন্টস প্যাডেল স্ল্যাম ২.০, পাওয়ার্ড বাই অ্যাসেট ডেভেলপমেন্টস’ টুর্নামেন্টের। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে প্যাডেল গ্রাউন্ডে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ৩৬ দল ও ১২০ জনেরও বেশি প্যাডেল খেলোয়াড়।

আমেরিকা ও ইউরোপের জনপ্রিয় র‌্যাকেটভিত্তিক এই খেলাকে বাংলাদেশে ছড়িয়ে দিতে গত আসরের মতো এবারও বসুন্ধরা স্পোর্টস সিটি উৎসবমুখর পরিবেশে আয়োজন করেছে বড় পরিসরের এই টুর্নামেন্ট।

আকর্ষণীয় প্রাইজপুল, সমান সুযোগ এবং তিনটি পৃথক প্রতিযোগিতা ক্যাটাগরি নিয়ে এবারের আসরকে সাজানো হয়েছে আরও বর্ণিলভাবে। খেলোয়াড়দের দক্ষতা অনুযায়ী রাখা হয়েছে—পুরুষদের অ্যাডভান্সড, পুরুষদের ইন্টারমিডিয়েট এবং নারীদের ডাবলস ক্যাটাগরি। প্রতিটি দলে দুজন করে খেলোয়াড় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন এবং দলপ্রতি রেজিস্ট্রেশন ফি নির্ধারিত ছিল ১২ হাজার টাকা।

স্থানীয় প্যাডেল ইভেন্টগুলোর মধ্যে অন্যতম বৃহৎ আকর্ষণ হিসেবে এবারে মোট প্রাইজপুল রাখা হয়েছে ২ লাখ ২৫ হাজার টাকা। তিনটি ক্যাটাগরিতেই চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা করে, আর রানার-আপ দল পাবে ২৫ হাজার টাকা। এতে প্রতিযোগিতার উত্তেজনা যেমন বেড়েছে, তেমনি খেলোয়াড়দের অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

পুরুষদের জন্য দুটি স্তর—অ্যাডভান্সড ও ইন্টারমিডিয়েট—রাখায় বিভিন্ন দক্ষতার খেলোয়াড়েরা নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাচ্ছেন। একইসঙ্গে নারীদের জন্য আলাদা ক্যাটাগরি রাখাকে আয়োজকরা দেখছেন বাংলাদেশের প্যাডেল খেলায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর ইতিবাচক পদক্ষেপ হিসেবে। আসরে স্পন্সর হিসেবে রয়েছে দৌড়, ব্রুভানা, শেয়ারট্রিপ, লোটো, গোল্ডস জিম ও জুলকানসহ আরও কয়েকটি পরিচিত ব্র্যান্ড।

উৎসবমুখর প্রথম দিনের খেলা শেষে আয়োজকরা জানিয়েছেন, আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ সামনে অপেক্ষা করছে। শনিবার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের প্যাডেল স্ল্যাম ২.০।

ব্রডকাস্ট পার্টনার হিসেবে রয়েছে টি স্পোর্টস চ্যানেল ও তাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, যা মাঠের বাইরেও প্যাডেলপ্রেমীদের মাঝে এই খেলার পরিচিতি ছড়িয়ে দিচ্ছে। আয়োজকদের আশা, এ ধরনের আয়োজন প্যাডেলকে বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তুলবে এবং দেশের ক্রীড়াঙ্গনে যোগ করবে নতুন মাত্রা।

সদর দক্ষিণে দুর্ঘটনা কবলিত বাসে কাভার্ডভ্যানের ধাক্কা, ২জন নিহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় দুর্ঘটনা কবলিত বাসে কাভার্ডভ্যানের ধাক্কায় সড়কে দাাঁড়িয়ে থাকা যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার নলচর মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন ঢাকার ধামরাইয়ের বাসিন্দা মো. শাকিল হোসেন। অপর নিহত যাত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে মাশিকুল আলম। আহতরা হলেন হাবিবুর রহমান, মো. সজল মিয়া ও বাসযাত্রী মোস্তাফিজুর রহমান।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা রয়েল কোচের একটি বাস নলচর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর চালকসহ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে সড়কের পাশে দাঁড়ান। ঠিক সেই সময় পেছন দিক থেকে আরও একটি কাভার্ডভ্যান এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে দুইজন ঘটনাস্থলেই নিহত হন এবং তিনজন আহত হন। এঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।

 

কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা হোমনায় ভুট্টা খেতে এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় উপজেলার কারারকান্দি সংলগ্ন ভুট্টা খেত থেকে হোমনা থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।

ঘটনাটি নিশ্চিত করেছেন হোমনা থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী।

তিনি বলেন, সকাল আনুমানিক ৯টায় স্থানীয়দের মাধ্যমে খবর পাই কারারকান্দি সংলগ্ন ভুট্টা খেতে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ পড়ে আছে। এমন খবরের ভিত্তিতে আমি তাৎক্ষণিক সঙ্গীয় অফিসার নিয়ে ঘটনা স্থলে এসেছি।

তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে যাবো। তবে এখন পর্যন্ত কেউ লাশ শনাক্ত করতে পারেনি। আমরাও চেষ্টা করছি এবং স্থানীয়দের সঙ্গে কথা বলতেছি কেউ চিনে কি না।সনাক্ত হলে পরে বিস্তারিত বলতে পারব।