All posts by jitu

বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত দেবিদ্বার উপজেলা আ’লীগের শ্রদ্ধা অর্পণ

স্টাফ রিপোর্টার:

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটি।

শনিবার দুপুরে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার ও দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিউদ্দিনের নেতৃত্বে প্রথমে কবর জিয়ারত এবং পরে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান একেএম শফিকুল আলম (ভিপি কামাল), উপজেলা আ’লীগের সহ সভাপতি মো. মোসলে উদ্দিন মাস্টার, মো. মফিজুল ইসলাম দুলাল, মো. আবদুল জলিল চৌধুরী, মো. লুৎফুর রহমান বাবুল, মো. আব্দুল কুদ্দুছ, মো. সামছুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ ও মো. ওমর ফারুক ভিপি, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম তুষার ও মো. মোস্তাফিজুর রহমান সরকার, আইন বিষয়ক সম্পাদক এড. হারুনুর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ ফারুক আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক হাজী আবুল কালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক এড. এনামুল হক মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী মোসলেহ উদ্দিন মানিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন মোল্লা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, শ্রম সম্পাদক সুজিত কুমার পোদ্দার, সাংস্কৃতিক সম্পাদক মো. সালাউদ্দিন মামুন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, সদস্য আলহাজ্ব আব্দুল মতিন মুন্সী ভিপি, এটিএম মেহেদী হাসান ভিপি ও সালাউদ্দিন আহম্মেদ স্বপন সহ কার্যনির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টা সদস্য ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

বিএনপির ক্ষমতায় যাওয়ার আর কোনো সুযোগ নেই: হানিফ

ডেস্ক রিপোর্ট:

বিএনপির আর ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শনিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

হানিফ বলেন, বিএনপির আর রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। অতীত কর্মকাণ্ডের জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জনগণ বিএনপিকে ভোট দেবে না। বিএনপির মূল লক্ষ্য হচ্ছে নির্বাচন প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন ভণ্ডুল করা। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিএনপি উঠে-পড়ে লেগেছে।

প্রতিটি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে: দীপু মনি

ডেস্ক রিপোর্ট:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আগামীতে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। যেসব বিশ্ববিদ্যালয় আছে তারা তাদের সিটের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করবেন না। সারা পৃথিবীর মতো কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিতে আগামীতে একটি পরীক্ষা গ্রহণ করা হবে। ঘন ঘন পরীক্ষা অর্থবহ না।’

আজ শনিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চতুর্থ সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদের মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. হাসিনা খান। এতে স্বাগত বক্তব্য দেন যবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ, ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম চঞ্চল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, সামরিক-বেসামরিক কমকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘আগামীর বিশ্বে তাল মেলাতে বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। পাঠদানের পাশাপাশি পাওয়া জ্ঞানকে কর্মক্ষেত্রে কাজে লাগাতে হবে। আমাদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় যেতে হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে চায়। এ জন্য স্মার্ট নাগরিক গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। স্মার্ট নাগরিক তৈরিতে সহায়ক শিক্ষাক্রম নিয়ে কাজ করছে সরকার। একটি চক্র এই শিক্ষাক্রমকে বাধাগ্রস্ত করতে চায়।’

পাঠ্যপুস্তক নিয়ে অপপ্রচার করা হচ্ছে দাবি করে দীপু মনি বলেন, ‘নতুন শিক্ষাক্রমের আলোকে ছাপানো বইয়ে যা নেই, তা উপস্থাপন করা হচ্ছে। এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে। তারা শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের পদ্ধতি বহাল রাখতে এসব কাজ করছে। কিন্তু শিক্ষার্থীরা মগজ ধোলাইয়ের শিকার হবে না। তারা ভাবতে শিখবে, পৃথিবীকে জানবে। তাদের সেই চিন্তা ও মননশীলতার জায়গাটা স্বাভাবিক রাখতে সরকার সবকিছু করবে।’

অনুষ্ঠানের সমাবর্তন বক্তা ড. হাসিনা খান বলেন, ‘আমাদের দেশকে এগিয়ে নিতে হলে গবেষণার কোনো বিকল্প নেই। এক রোমাঞ্চকর অনুভূতির মধ্য দিয়ে গবেষণার সময় অতিবাহিত হয়। গবেষণায় আসলে নতুন নতুন বিষয় জানার সুযোগ রয়েছে। ফলে যাদের সুযোগ আছে তাদের গবেষণায় আসতে হবে।’

সমাবর্তনে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ে ১ হাজার ৮৩৪ জন গ্র্যাজুয়েট অংশ নেন। এবারের সমাবর্তনে ২২ জন গ্র্যাজুয়েট চ্যান্সেলর স্বর্ণপদক, ২৬ জন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং ৯ জন ডিন অ্যাওয়ার্ড পেয়েছেন।

ব্রাজিলের নতুন কোচের নাম ঘোষণা করল: ফেডারেশন সিবিএফ

স্পোর্টস ডেস্ক :

কাতার বিশ্বকাপে ব্যর্থতায় পদত্যাগ করেন ব্রাজিল কোচ তিতে। তার সরে দাঁড়ানোর পর প্রধান কোচের পদ শূন্য অবস্থায় রয়েছে। তাই নতুন কোচ নিয়োগের অনেক চেষ্টাও করেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

ক্লাব ফুটবলের মাঝ মৌসুমে হাই প্রোফাইল কাউকে পাচ্ছে না ব্রাজিল। তাই এখনই স্থায়ী কোচ নিয়োগের পথে হাটতে চাইছে না সিবিএফ। আগামী জুন মাসে ব্রাজিল জাতীয় দলের স্থায়ী কোচের নাম ঘোষণা করবে তারা।

তবে তার পূর্বে আগামী মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুটি ম্যাচের জন্য নতুন কোচের নাম ঘোষণা করেছে ব্রাজিল। সেই কোচ হচ্ছেন ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলকে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতানো কোচ র‌্যামন মেনেজেস।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে খণ্ডকালীন কোচ হিসেবে র‌্যামন মেনেজেসকে নিয়োগ দেওয়া হয়েছে। সদ্যই কলম্বিয়ার মাটিতে অনুষ্ঠিত যুব কোপা আমেরিকায় ব্রাজিলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন স্বদেশি এই কোচ।

ব্রাজিল ফুটবল ফেডারেশন সভাপতি বলেন, র‌্যামন মেনেজেস বিশেষ অভিবাদন প্রাপ্য। সে অনেক সম্ভাবনাময় একজন কোচ। আমরা জাতীয় দলে নতুন এবং সাহসী ধারণার অনেক লোক চাই। সে আমাদের অনূর্ধ্ব-২০ দলকে আমাদের সমস্ত বৈশিষ্ঠ নিয়ে আধুনিক পদ্ধতিতে খেলতে সাহায্য করেছে।

ফুটবল ক্যারিয়ারে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছেন ৫০ বছর বয়সী মেনেজেস। ব্রাজিলের কন্টাগেমে জন্ম নেওয়া মেনেজেস জাতীয় দলের জার্সিতে ছয়টি ম্যাচ খেলেছেন, যেখানে একটি গোলের দেখাও পেয়েছেন তিনি।

মেনেজেসের ক্যারিয়ার খেলোয়াড় হিসেবে এত সমৃদ্ধ না হলেও কোচ হিসেবে বেশ অভিজ্ঞ এই ব্রাজিলিয়ান। ব্রাজিলের বিখ্যাত ক্লাব ভাস্কো দা গামার কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন মেনেজেস।

২০১৫ সালে আসেভের কোচ হওয়ার মধ্য দিয়ে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি। আট বছরের কোচিং ক্যারিয়ারে নামিদামি কোনো ক্লাবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা না থাকলেও অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকায় নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।

তাই যুবাদের পর এবার নেইমার-রিচার্লিসনদের কোচ হিসেবে মেনেজেস কতটুকু সাফল্য এনে দিতে পারেন সেটিই এখন দেখার বিষয়।

মাথায় আঘাত পেয়ে ছিটকে গেলেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক:

দিল্লি টেস্টে মোহাম্মদ সিরাজের বলে কুপোকাত হয়েছেন ডেভিড ওয়ার্নার। ভারতীয় পেসারের ডেলিভারিতে শরীরের একাধিক জায়গায় আঘাত পেয়েছেন অজি ওপেনার। সিরাজের বাউন্সার লেগেছে ওয়ার্নারের মাথায়ও। যে কারণে বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম্যাচের বাকি সময়ে দেখা যাবে না তাকে।

গতকাল দিল্লি টেস্টের প্রথম দিন ৪৪ বলে ৩ বাউন্ডারিতে ১৫ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার। এরপর চোটের কারণে বিকালে ফিল্ডিংয়ে নামেননি তিনি। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১০ম ওভারে মোহাম্মদ সিরাজের ডেলিভারি ওয়ার্নারের হেলমেটে আঘাত হানে। বল পুল করতে গিয়ে তার ব্যাট ছুঁয়ে হেলমেটের গ্রিল ও বাঁ পাশের চোয়ালে আঘাত করে। তার আগে সিরাজের বাউন্সারে কনুইয়েও ব্যথা পান ওয়ার্নার। হেলমেটে আঘাত পাওয়ার পর অস্ট্রেলিয়া দলের চিকিৎসক মাঠে এসে তার সঙ্গে কথা বলেন। বল হেলমেটের কোথায় আঘাত করেছে, তা নিয়ে দু’জনকে কথা বলতে দেখা যায়।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, ওয়ার্নারকে শতভাগ ফিট মনে হয়নি।
দিনের খেলা শেষে কনকাশন পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় দ্বিতীয় টেস্ট থেকে তাকে বাদ দেয় অস্ট্রেলিয়া। ওয়ার্নারের কনকাশন বদলি করা হয়েছে ম্যাট রেনশকে।

আগামী ১লা মার্চ ইন্দোরে বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় ম্যাচ শুরু হবে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, সেই ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন ডেভিড ওয়ার্নার। সিএ’র বিবৃতিতে বলা হয়, ‘ইন্দোরে তৃতীয় টেস্টে ফিরতে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিধিমালা মেনে চলবেন ওয়ার্নার।’

পবিত্র শবে মেরাজ আজ

ডেস্ক রিপোর্ট:

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। শবে মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার রাত। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ মূল্যবান রাত কাটান। এই দিন অনেকে নফল রোজাও রাখেন।

মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহান আল্লাহর নির্দেশে ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হজরত মোহাম্মদ (স.)। এ বছর সেই রাতটি পড়েছে ১৮ ফেব্রুয়ারি।

রজব হিজরি সনের বিশেষ ও মহিমান্বিত একটি মাস। এ মাস আসে রমজানের আগমনী বার্তা নিয়ে। তাই রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে। এ মাসের বড় বৈশিষ্ট্য হলো—এ মাস আল্লাহ প্রদত্ত চারটি সম্মানিত মাসের (আশহুরে হুরুমের) একটি।

জনপ্রিয় অভিনেত্রী সামান্থা, তালিকায় আরও আছেন যারা

বিনোদন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। দক্ষিণ ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন তেলেগু সিনেমার এই অভিনেত্রী।

এবার তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী নির্বাচিত হলেন সামান্থা। ওরম্যাক্স মিডিয়া ২০২৩ সালের জানুয়ারি মাসের জরিপ প্রকাশ করেছে। তাতে সেরা অভিনেত্রীর জায়গা পেয়েছেন সামান্থা।

ওরম্যাক্স মিডিয়া এক টুইটে জানিয়েছে, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় সবার ওপরে রয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এরপর যথাক্রমে রয়েছেন— কাজল আগরওয়াল, আনুশকা শেঠি, সাই পল্লবী, রাশমিকা মান্দানা, পূজা হেগড়ে, তামান্না ভাটিয়া, কীর্তি সুরেশ, শ্রীলীলা ও শ্রুতি হাসান। অন্যদিকে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে সামান্থার অবস্থান দ্বিতীয়।

গত বছরটি নানা জটিলতার মধ্য দিয়ে পার করেছেন সামান্থা রুথ প্রভু। বিশেষ করে শারীরিক অসুস্থতা তাকে কাবু করে ফেলেছে। গত অক্টোবরে সামান্থা জানান, মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন তিনি। তবে কিছুটা সুস্থ হয়ে ছন্দে ফেরার চেষ্টা করছেন এই অভিনেত্রী।

সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শকুন্তলম’। ‘শকুন্তলা’ অবলম্বনে মিথলজিক্যাল ড্রামা ঘরানার এ সিনেমার চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন গুনাশেখর। ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তেলেগু ভাষার এই সিনেমা।

নতুন রূপে দর্শকদের মন জয় করতে চাই: নোরা

বিনোদন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি। নাচের তালে দর্শকহৃদয়ে কম্পন ধরানো এই অভিনেত্রী এবার মূল নায়িকা হয়ে আসছেন সিনেমায়।

জানা গেছে, ‘মডগাঁও এক্সপ্রেস’ নামের একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন নোরা। কমেডি ঘরানার এ ছবিটি বলিউড নায়ক ও চিত্রনির্মাতা ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট থেকে নির্মিত হবে। ‘মডগাঁও এক্সপ্রেস’ নির্মাণ করবেন নায়ক কুনাল খেমু। সবকিছু ঠিকঠাক থাকলে এ ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে অভিষেক হবে কুনালের।

এ প্রসঙ্গে নোরা বলেন, শুধু নাচ দিয়ে নয়, অভিনয় দিয়েও দর্শকদের মণিকোঠায় জায়গা করে নিতে চাই। আমি অভিনয়টাও যে পারি, সেটাও সবাইকে দেখাতে চাই। সেই সঙ্গে অভিনয়ের জন্য নিজের হিন্দি ভাষা আরও ভালোভাবে আয়ত্ত করছেন বলেও জানিয়েছেন তিনি।

অভিনেত্রী আরও বলেন, এবার মূল নায়িকা হিসেবে বড় পর্দায় কাজ করতে যাচ্ছি আমি। এ ছাড়া চলতি বছর আমার আরও দু-তিনটি ছবির ঘোষণা আসবে। সেগুলোতেও ছবির মূল চরিত্রে অভিনয় করব আমি।

প্রসঙ্গত, নোরা ছাড়াও ‘মডগাঁও এক্সপ্রেস’ ছবিতে আরও অভিনয় করেছেন, অবিনাশ তিওয়ারি প্রতীক গান্ধী ও দিব্যেন্দু শর্মা। এ বছরই ছবিটা মুক্তি পাওয়ার কথা রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

নিজের স্ত্রীসহ ৬ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক:

নিজের সাবেক স্ত্রীকে গুলি করে হত্যা করেছেন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের এক বাসিন্দা। গুলিবিদ্ধ হলেও বেঁচে গেছেন তার বর্তমান স্বামী। ওই বাড়ির ভেতরে ও বাইরে মোট ৬ জনকে গুলি করে মেরেছেন হামলাকারী। শুক্রবারের ওই গোলাগুলির ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়, টেনেসির মেমফিস থেকে প্রায় ৭২ কিলোমিটার দক্ষিণে ছোট শহর আরকাবুতলাতে এই ঘটনা ঘটে। সেখানকার শেরিফ জানান, গ্রেফতারকৃত হামলাকারী একের পর একজনকে গুলি করে মেরেছে।

তার সাবেক স্ত্রী যে বাড়িতে থাকতেন তার ভিতরে এবং বাইরে মরদেহগুলো পাওয়া গেছে। হামলার পর সন্দেহভাজন খুনি একটি গাড়িতে বসে ছিলেন। পুলিশ তাকে ধাওয়া করে গ্রেপ্তার করে।

হামলাকারীর বয়স ৫২ বছর। তিনিও ওই একই এলাকার বাসিন্দা।
তাকে এখন কাউন্টি জেলে রাখা হয়েছে। এমন সহিংস হামলার কারণ কি তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, হামলাকারী একাই এই হত্যাযজ্ঞ চালিয়েছে। তবে তার কাছে তিনটি আগ্নেয়াস্ত্র ছিল। আরকাবুতলায় মাত্র ৩০০ মানুষ বাস করে।

উল্লেখ্য, এই গুলির ঘটনা ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ৭৩তম বন্দুক সহিংসতার ঘটনা। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটে ৪১৭টি। পরের বছরগুলোতে সেই সংখ্যা আরও বাড়ে। আর গত বছর এ হামলা হয় প্রায় সাড়ে ৬শ। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) রিপোর্ট অনুযায়ী, আইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার অবাধ সুযোগে যুক্তরাষ্ট্রের ৩৩ কোটি নাগরিকের হাতে রয়েছে ৩৯ কোটি ৩০ লাখ আগ্নেয়াস্ত্র। সে হিসেবে প্রতি ১০০ জনের বিপরীতে আগ্নেয়াস্ত্র রয়েছে ১২০টি। সিডিসির তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে ২০২০ সালে করোনা মহামারি শুরুর বছর আগ্নেয়াস্ত্রের মাধ্যমে আত্মহত্যাসহ বিভিন্ন ঘটনায় চার হাজার ৩শ শিশুর মৃত্যু ঘটে। আর সব বয়সী মিলিয়ে মৃতের সংখ্যা ছিল ৪৫ হাজার ২২২। ২০২১ সালে প্রাণহানির সংখ্যা ছিল আরও বেশি, ৪৮ হাজার ৮৩০। এছাড়া ২০২২ সালে এ সংখ্যা ছিল ৪০ হাজারের বেশি, যার প্রায় অর্ধেকই আত্মহত্যাজনিত।

স্ত্রীর পরকীয়া প্রেমিক সন্দেহে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট:

লক্ষীপুরে ফার্নিচারের নকশার কারিগর রিয়াজ হোসেন হত্যার ঘটনায় কাউছার হোসেন ও রাকিব হোসেন নামে দুই যুবককে আটক করেছে র‌্যাব। রিয়াজের সঙ্গে কাউছারের স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে সন্দেহে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়। এরপর অর্থ আত্মসাতের লক্ষ্যে রিয়াজের পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অভিযুক্তরা।

আজ শনিবার বেলা ১১টার দিকে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন। র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পে এ আয়োজন করা হয়।

এর আগে, তদন্ত ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গতকাল শুক্রবার ভোরে মান্দারী ইউনিয়নের যাদৈয়া এলাকা থেকে কাউছারকে ও চট্টগ্রাম শহরের একটি আবাসিক হোটেল থেকে রাকিবকে আটক করে র‌্যাব।

কাউছার যাদৈয়া গ্রামের আবু তাহেরের ছেলে ও রাকিব তেয়াওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, কাউছার ও ভিকটিম রিয়াজ একই প্রতিষ্ঠানে চাকরি করে আসছে। এ সুযোগে কাউছারের বাসায় তার আসা যাওয়া ছিল। এতে কাউছারের স্ত্রীর সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। এরমধ্যে কাউছার সন্দেহ করে তার স্ত্রীর সঙ্গে রিয়াজের পরকীয়া সম্পর্ক রয়েছে। বিষয়টি অভিযুক্ত রাকিবকে কাউছার জানায়। এতে তারা রিয়াজকে হত্যার পরিকল্পনা করে। ১৪ ফেব্রুয়ারি রাতে মোবাইলে কল করে মান্দারী বাজার এলাকার উম্মে সালমা ভবনে ভাড়া বাসায় কাউছার তাকে ডেকে নেয়। দুই মাস আগে তারা দুইজন ওই বাসা ভাড়া নেয়। এরপর চেতনানাশক ওষুধ মেশানো খাবার খাইয়ে রিয়াজকে অচেতন করা হয়। পরে হাত-পা বেঁধে মাথায় আঘাত ও নাকে-মুখে গামছা পেচিয়ে তাকে হত্যা করে অভিযুক্তরা। এরপরই তারা দরজার বাইরে তালা দিয়ে পালিয়ে যান।

এদিকে রিয়াজের মা খুরশিদা বেগম তার ছেলে অপহরণের বিষয়ে জানিয়ে র‌্যাবের কাছে সহযোগীতা চায়। তদন্ত ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রথমে রিয়াজের সহকর্মী কাউছারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যার ঘটনা স্বীকার করে। একই সঙ্গে হত্যাকাণ্ডে সহযোগী রাকিবের অবস্থান নিশ্চিত করে। পরে র‌্যাব-৭ ও র‌্যাব ১১ এর যৌথ অভিযানে চট্টগ্রাম শহরের একটি আবাসিক হোটেল থেকে রাকিবকে আটক করা হয়। তাদের চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানায় র‌্যাব।