All posts by jitu

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় সংঘর্ষে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সুড়ঙ্গপথে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জরুরি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

উদ্ধার কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, আমরা হতাহতদের কোহাটের একটি হাসপাতালে নিয়ে এসেছি।
প্রচার হওয়া টিভি ফুটেজে ধ্বংস হওয়া বাসের ছবি দেখা গেছে। প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খান মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

গত রোববার বেলুচিস্তান প্রদেশে পিলারের সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাস সেতু থেকে পড়ে যায়। এ সময় বাসটিতে আগুন ধরে যায় এবং ৪০ জন নিহত হয়। দুর্বল সড়ক অবকাঠামো ও ট্র্যাফিক আইন অমান্য করার কারণে পাকিস্তানে মারাত্মক দুর্ঘটনা সচরাচর ঘটে।

স্ত্রীর সঙ্গে ঝগড়া, কোলের শিশুকে আছড়ে মারলেন বাবা

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শিশুপুত্রকে আছড়ে মারার অভিযোগ উঠেছে বাবা মোহাম্মদ বায়েজিদকে। জানা গেছে, ছেলে রাইয়ানের বয়স দুই বছর পূর্ণ হতে দুই মাস বাকি। পাশে বসে আপনমনে খেলছিল সে। দাম্পত্য কলহের একপর্যায়ে হঠাৎ তাকে তুলে আছাড় দেন বাবা। এতে গুরুতর আহত হয় শিশুটি। তাকে উদ্ধার করে নেওয়া হয় একে একে তিন হাসপাতালে। তবে বাঁচানো যায়নি।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি হাফিজুর রহমান। তিনি বলেন, শিশুসন্তানকে হত্যার অভিযোগে মোহাম্মদ বায়েজিদকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দাম্পত্য কলহের একপর্যায়ে রাগের মাথায় তিনি সন্তানকে আছাড় দিয়েছেন। পরে তাকে বাঁচাতে বিভিন্ন হাসপাতালে ছুটেছেনও। তার দাবি, সন্তানকে হত্যার কোনো উদ্দেশ্য ছিল না তার।

পুলিশ জানায়, বায়েজিদ পেশায় রিকশাচালক, তার স্ত্রী মাহমুদা বেগম গৃহিণী। তারা ইব্রাহিমপুরের সৃজনী সড়কের একটি বাসায় থাকেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। একপর্যায়ে বায়েজিদ এমন ঘটনা ঘটান। পরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে সংকটাপন্ন অবস্থায় তাকে নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।

পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তখন লাশ নিয়ে বাসায় চলে যায় তারা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ সময় বায়েজিদকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

বাংলাদেশের বিশ্বকাপে সমর্থন নিয়ে, যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের উন্মাদনা আর্জেন্টিনা তো বটেই, সারা বিশ্বের নজর কেড়েছে। বিশ্বকাপে আর্জেন্টিনাকে বাংলাদেশের এমন সমর্থনের বড় কারণ আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। যে খুদে জাদুকরকে ঘিরে সারা বাংলাদেশে এত উন্মাদনা, এবার সেই মেসিই কাতার বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন নিয়ে কথা বলেছেন। বিশ্বকাপ জয় নিয়ে আর্জেন্টিনার ওলে পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। দীর্ঘ সেই সাক্ষাৎকারে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ, ‘হ্যাঁ, আমি দেখেছি (বাংলাদেশের সমর্থন)। সব জায়গায় ১০ নম্বর জার্সি, বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে দেখিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীর নানা প্রান্তে দেখা, সত্যিই দুর্দান্ত।’

সাক্ষাৎকারে মেসি বলছিলেন, বিশ্বকাপের সময়ে আর্জেন্টিনার সাধারণ মানুষ অনেক উপভোগ্য সময় কাটিয়েছে। তারা তাদের দুঃখ–দুর্দশা ভুলে এ সময়ে শুধু ফুটবল নিয়ে ভাবতে পেরেছে। আর্জেন্টিনার সাধারণ মানুষদের নিয়ে এ কথা বলার পরই সাক্ষাৎকারে বাংলাদেশের প্রসঙ্গটি উঠে আসে। বিশ্বকাপ চলাকালে স্কালোনি বাংলাদেশকে নিয়ে বলেছিলেন, ‘আমার মনে হয়, প্রথমে ডিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে।

বাংলাদেশে আমাদের এমন সমর্থন আছে জেনে আমি গর্বিত। শুধু বাংলাদেশেই নয়, অন্য অনেক দেশের মানুষও আমাদের সমর্থন করে।’ আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ছুঁয়ে গেছে আর্জেন্টাইনদের।

বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার সময় ঢাকা, চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বড় পর্দায় হাজার হাজার মানুষের খেলা উপভোগ ও মেসি, দি মারিয়াদের সমর্থনে গলা ফাটানোর ব্যাপারটি বিশ্বকাপের শুরু থেকে আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্যাপারটিতে আর্জেন্টাইনরা এতটা আপ্লুত যে তাঁরা বুয়েনস এইরেসেও বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়েছিলেন।

নির্বাচন ছাড়া ক্ষমতায় আসা সম্ভব হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজনীতিবিদ হিসেবে আমি বলতে পারি বিএনপি নিশ্চই নির্বাচনে আসবে। নির্বাচন ছাড়া এ দেশের ক্ষমতা পরিবর্তন হবে না। যারা ষড়যন্ত্র করে অন্য কোনো উপায়ে ক্ষমতায় আসতে চায় বাংলাদেশে এটা অসম্ভব হবে। কারণ এ দেশের জনগণও মনে করেন ভোট ছাড়া আর অন্য কোনো উপায় নেই। বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে হ্যালো পুলিশি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্যে করে আরও বলেন, তারা প্রত্যেকটা বিভাগে ও জেলায় জেলায় বিশাল বিশাল সভা করছে। এখন আবার মানুষের রাস্তাঘাট বন্ধ করে পদযাত্রা শুরু করেছে। আমরা বলেছি, আপনারা করবেন কিন্তু মানুষের কোনো অসুবিধা করে নয়। অগ্নিসংযোগসহ ধ্বংসাত্মক কোনো কাজ করবেন না। মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুুলিশ জনগণের বন্ধুতে পরিণত হয়েছে এবং জনগণের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। হ্যালো পুলিশি কার্যক্রম মানিকগঞ্জেই প্রথম শুরু হয়েছে মন্তব্য করে বলেন, পুলিশের মন্ত্রী হিসেবে নই, আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ একবাক্যে স্বীকার করবেন পুলিশ ভালো কাজ করছেন।
‘হ্যালো পুলিশের’ উদ্যোক্তা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, নাগরিক সভ্যতার এক অপরিহার্য অঙ্গ হলো পুলিশ সার্ভিস।

সভ্য সমাজ গড়ে তুলতে হলে জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা জরুরি। বিশ্বাস, সহানুভূতি, যোগাযোগ ও আস্থা অর্জনের মাধ্যমে একে অপরের কাছাকাছি আসা যায়। এ বিষয়ে পুলিশ সদস্যকেই এগিয়ে আসতে হবে। নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, তা হলো নাগরিকদের ভেতর আস্থা ও বিশ্বাস স্থাপন করা। এই থিম থেকে তিনি হ্যালো পুলিশ সেবা দেয়ার কাজ শুরু করেন। গত বছরের নভেস্বর থেকে পরীক্ষামূলকভাবে হ্যালো পুলিশের কার্যক্রম শুরু করেন। ইতিমধ্যে কয়েকশ’ নানা পেশা ও নানান ধরনের হয়রানিতে ক্ষতিগ্রস্তরা এই সেবা নিয়ে উপকৃত হয়েছেন।

এর আগে ফলক উন্মোচন ও ফিতা কেটে স্বরাষ্ট্রমন্ত্রী হ্যালো পুলিশি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মো. আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট গোলাম মহীউদ্দিন।

বই পৌঁছাতে দেরি হলে ওয়েবসাইট থেকে পড়ানোর পরামর্শ: দীপু মনি

ডেস্ক রিপোর্ট:

কোথায়ও কোনো কারনে পাঠ্যবই পৌঁছতে দেরি হলে ওয়েবসাইট থেকে বই নিয়ে পড়াতে শিক্ষকদের পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ পরামর্শ দেন তিনি।

মন্ত্রী বলেন, বই যাদের বাকি ছিল তাদের সব বই ২৫শে জানুযারির মধ্যে দিয়ে দেয়া হয়েছে। এরপরও যদি কোথায়ও কোনো কারনে বই পৌঁছতে দেরি হয়ে থাকে, অবশ্যই তা আমি দেখব। তবে আমি সবাইকে বলব ওয়েবসাইটে প্রত্যেকটি বই দেয়া আছে। কাজেই কোথায়ও কোনো ব্যত্যয় ঘটে থাকলে ওয়েবসাইট থেকে বই নিয়ে শিক্ষকরা পড়াতে পারেন।

মন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের যাত্রায় আমাদের রাজনীতিকেও স্মার্ট হতে হবে। মানুষ এবং দেশ এটি সবার আগে। যেখানে মিথ্যাচার, অপপ্রচার, মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে পুড়িয়ে মারা কোনো ভাবেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট রাজনীতির অংশ হতে পারেন। মৌলবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে ভেদাভেদ করা এবং কোনো মানুষ না খেয়ে থাকবে আর অন্যেরা অর্থ বৃত্তের পাহাড় গড়ে তুলবে স্মার্ট রাজনীতিতে তা হতে পারে না। কাজেই যারা এই অপরাজনীতির চর্চা করেন স্মার্ট রাজনীতির জন্য তাদেরকেও সঠিক রাজনীতিতে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসডু পাটোয়ারীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতারার।

মোবাইল ব্যবহারে বাঁধা; চান্দিনায় মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

চান্দিনা  প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় মোবাইল ব্যবহারে বাঁধা দেওয়ায় অভিমানে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে তানিয়া আক্তার (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রী।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকালে চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের খিরাসার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসা ছাত্রী তানিয়া আক্তার ওই গ্রামের কেফায়েত উল্লাহ’র মেয়ে। দুই বোন এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় তানিয়া। সে খিরাসার মোহনপুর দাখিল মাদ্রাসার সদ্য ভর্তি হওয়া অষ্টম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লেখাপড়া বাদ দিয়ে মোবাইল চালাচ্ছিল ৮ম শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রী তানিয়া আক্তার। মেয়ের সারাক্ষণ মোবাইল আসক্তিতে বিরক্ত হয়ে বকাঝকা করেন মা হাছিনা বেগম। সকাল সাড়ে ৯টায় মাদ্রাসা যাওয়ার সময় তানিয়া গোমড়া মুখে ঘরে বসে থাকতে দেখে মা আবারও মাদ্রাসা যাওয়ার জন্য চাপ দেয়। কিন্তু মেয়ে তানিয়া আক্তার মোবাইল ছাড়া মাদ্রাসায় যাবে না! ক্ষিপ্ত হয়ে মা আবারও মেয়ের প্রতি ক্ষোভ ঝেড়ে গরুর জন্য ঘাঁস আনতে যান। ফিরে এসে দেখেন মেয়ে তানিয়া গলায় ওড়না প্যাঁচিয়ে নিজের বসত ঘরের তীরের সাথে ফাঁসিতে ঝুলে আছে।

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

চৌমুহনীতে আগুনে পুড়ল ১০ দোকান

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর কবুতর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে চৌমুহনী বাজারের কবুতর হাটে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোর রাতে চুনের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের নৈশপ্রহরীর চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চৌমুহনী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো.বেলাল হোসেন।

তিনি বলেন, খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছে তা জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে দুটি মুদি দোকান, একটি ক্রেকারিজ ও একটি চুনের দোকান সহ ১০টি দোকান পুড়ে গেছে। এতে ৪৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ২ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

কুমিল্লায় ৫০০ বোতল ফেন্সিডিল, ৪৫ কেজি গাঁজা ও মদসহ ৪ জন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় পৃথক দুইটি অভিযানে ৫০০ বোতল ফেন্সিডিল, ৪৫ কেজি গাঁজা ও এক বোতল বিদেশী মদসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩ ফেব্রুয়ারী রাতে কুমিল্লা সদরের মডেল থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন নোয়াখালী জেলার শ্যামবাগ থানার দেবিসিংপুর গ্রামের মৃত নূর ইসলাম এর ছেলে মোঃ শাহীন (৩০) এবং একই জেলার বেগমগঞ্জ থানার মুরাদপুর গ্রামের মোঃ নুরুন্নবী এর ছেলে মোঃ আইয়ুব নবী @ শাকিল (২২)।

পৃথক আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি অভিযানিক দল ৩ ফেব্রুয়ারী রাতে সদরের আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশীসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন চাঁদপুর জেলার চেঙ্গাচর থানার উত্তর মতলব গ্রামের আশরাফুল আলম এর ছেলে মোঃ শামীম (৩০) এবং ফেনী জেলার সোনাগাজী থানার পক্কিয়া গ্রামের আবু তৈয়ুব এর ছেলে মোঃ রাফি (২২)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কুবিতে নেত্রকোনা এসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণদের বিদায় অনুষ্ঠিত

 

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক ছাত্র সংগঠন নেত্রকোনা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায় -২০২৩ অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (২ ফেব্রয়ারি) বিকেল পাঁচটায় প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়েছে।পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এসময় উক্ত এসোসিয়েশনের সাআদ ইবনে সাঈদের সভাপতিত্বে ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিম হক অনন্যার সঞ্চালনায় অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান,আইসিটি বিভাগের প্রভাষক আলিমুল রাজী উপস্থিত ছিলেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন কুমিল্লা কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ,বড়লেখা টিটিসির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো:কামরুল হাসান,কুমিল্লা জজকোর্ট এর এডভোকেট মাহমুদা খানম (শিল্পী),বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমতির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান ও দপ্তর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম।

প্রথমে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।তারপর আলোচনা সভার আয়োজন করা হয়।আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।সবশেষে প্রবীন শিক্ষার্থী ও অতিথিদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে ইঞ্জিনিয়ার মো. কামরুল হাসান বলেন,নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন চাকরি তোমাদের খুঁজে। এজন্য তোমাদের বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধি করতে হবে।

জিল্লুর রহমান বলেন, তোমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমগুলোতে সম্পৃক্ত করবে। তোমাদের সৃজনশীলতা, যুক্তির মাধ্যমে নিজেকে আগামীর জন্য প্রস্তুত করতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে মস্তিষ্ক। তাই মস্তিষ্কের ইতিবাচক ব্যবহার তোমাদের করতে হবে।

নোয়াখালীতে পাওনা টাকা চাইতে গিয়ে ধর্ষণের শিকার নারী

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নে পাওনা টাকা চাইতে গিয়ে এক নারী (৪২) ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত মোজাম্মেল হোসেন মিলন (৫০) উপজেলার দাদপুর ইউনিয়নের বারাহী দিঘী এলাকার বাসিন্দা।

গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার খলিফার হাট সংলগ্ন একটি গ্যারেজে এই ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, কয়েক বছর আগে ভিকটিম সৌদি আরব থাকাকালীন সেখানে তিনি মিলনকে বিয়ে করেন। এরপর বিভিন্ন সময় তার সাবেক স্বামীর কাছে ১০ লক্ষ টাকা দেন তিনি। পরে সৌদি আরবে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। গতকাল বুধবার বিকেলে সে ওই পাওনা টাকা আদায়ের জন্য ঢাকা থেকে উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফার হাট এলাকায় আসেন। সেখানে সাবেক স্বামী তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একটি গ্যারেজে নিয়ে ধর্ষণ করে। পরে ঘটনাস্থল থেকে ভিকটিমকে স্থানীয় লোকজন গাড়িতে তুলে দেন। গাড়িতে উঠলে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে তিনি জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যান। একপর্যায়ে কর্তব্যরত চিকিৎসক বিষয়টি সোনাইমুডী থানা পুলিশকে অবহিত করেন। সোনাইমুড়ী থানা পুলিশ হাসপাতালে গিয়ে বিস্তারিত জেনে ঘটনাস্থল সুধারাম থানা এলাকায় হওয়া ভিকটিমকে নোয়াখালী সদর হাসপাতালে রেফার করেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মো.মিলনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও মুঠোফোন ব্যস্ত পাওয়া যায়। তাই এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। একই বিষয়ে দাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিপন বলেন, সাবেক স্বামীর সাথে এক নারীর ঝগড়া হয়েছে বলে শুনেছি। তবে ধর্ষণের কোনো ঘটনা ঘটেছে কিনা এ বিষয়ে আমি নিশ্চিত নই।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী নারী মৌখিক ভাবে পুলিশকে জানিয়েছে সাবেক স্বামীর কাছে পাওনা টাকা চাইতে গেলে তার সাথে জোরপূর্বক শারীরিক মেলামেশা করে সাবেক স্বামী। ভিকটিম ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।