All posts by jitu

মার্তিনেজের পক্ষে ফ্রান্সকে জবাব দিলেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক :

কাতার বিশ্বকাপ শেষ হয়েছে ১০ দিন আগে। তবে এখনো শেষ হয়নি বিতর্ক। ফ্রান্স বনাম আর্জেন্টিনা কথার লড়াই শুরু হয়েছে।

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের পুতুল কোলে বিজয় উদযাপন করেছিলেন। এর পর মার্তিনেজকে ‘ফুটবলের কুপুত্র’ আখ্যা দিয়েছেন ফ্রান্সের আদিল রামি।

এবার আদিল রামিকে পাল্টা আক্রমণ করলেন আর্জেন্টিনার ডি মারিয়া। খবর ফুটবল৩৬৫-এর। ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছিলেন রামি। তিনি মার্তিনেজের আচরণ ভালোভাবে নেননি। রামি বলেন, ‘ফুটবলের সব থেকে খারাপ ছেলে মার্তিনেজ। কেউ পছন্দ করে না ওকে।’ ছেড়ে দেয়নি আর্জেন্টিনাও। ডি মারিয়া বলেন, ‘মার্তিনেজ বিশ্বের সেরা গোলরক্ষক। এখানে কান্নাকাটি করে লাভ নেই।’

প্রত্যুত্তরে এক টুইটবার্তায় ডি মারিয়ার কতগুলো কান্নার বিভিন্ন ছবি দিয়ে রামি লিখেছেন— ‘আমাকে শেখাতে পারবে?’

বিশ্বকাপ জেতার পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছেন মার্তিনেজ। কখনো পুরস্কার মঞ্চ থেকে ‘অশ্লীল’ অঙ্গভঙ্গি করেছেন, কখনো সাজঘরে এমবাপ্পের জন্য নীরবতা পালন করেছেন এবং কখনো আবার আর্জেন্টিনায় ছাদখোলা বাসের ওপর এমবাপ্পের পুতুল নিয়ে জয়োল্লাস করেছেন। ফ্রান্সের পক্ষ থেকে সেই আচরণ ভালোভাবে নেওয়া হয়নি। ফ্রান্সের ফুটবল সংস্থার পক্ষ থেকে অভিযোগ জানানো হয় আর্জেন্টিনাকে। এবার ফুটবলাররাও মুখ খুললেন মার্তিনেজের বিপক্ষে।

এমবাপ্পে যদিও মার্তিনেজ সম্পর্কে কোনো কথা বলেননি। মার্তিনেজ তার আচরণ সম্পর্কে বলেন, ‘ফরাসি ফুটবলাররা আমাকে কটূক্তি করছিল। সে কারণেই ওদের জবাব দিয়েছিলাম। আমি ভাবমূর্তি নিয়ে ভাবি না।’

সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারাল ২ বাংলাদেশি

 

স্টাফ রিপোর্টার:
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে হাতীবান্ধার দোলাপাড়া সীমান্তে ৮৮৮ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ফকিরপাড়া ইউপির পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে নাজির হোসেন মংলু (৪০) ও বড়খাতা দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে সাদিক হোসেন (২৩)।

এ ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন পূর্ব ফকিরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সাজু (২৫)।

আহত সাজুর পরিবার সূত্র জানা গেছে, তিনি রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে গোপনে চিকিৎসা নিচ্ছেন।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলা সীমান্ত দিয়ে ১০/১২ জনের একটি দল ভারত থেকে গরু নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছিলেন। এসময় সীমান্তের ৮৮৮ মেইন পিলারের অধীন ৮ নম্বর সাব পিলার এলাকায় পৌঁছলে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতাই থানার বড় মধুসূদন বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এ সময় ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যান দুই বাংলাদেশি। পরে সঙ্গীরা গুলি বিদ্ধ নিহতদের নিজ বাড়িতে নিয়ে আসেন।

বড়খাতা ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুল ইসলাম বলেন, গভীর রাতে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে দুজন নিহত হয়েছেন। তাদের মরদেহ নিজ বাড়িতে আছে।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে দুইটি মরদহ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠাবেন।

সদরের বারপাড়া হতে ২৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের বারপাড়া এলাকা হতে ২৩ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২৮ ডিসেম্বর রাতে সদরের বারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের বারপাড়া গ্রামের মোঃ মনির হোসেন এর ছেলে মোঃ রিফাত (২১)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

নোয়াখালীতে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি  :
নোয়াখালীর চাটখিল উপজেলায় এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তার নাম সালমা আক্তার রক্সি (২০)। সে উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের রামনারায়নপুর গ্রামের চইয়্যাল বাড়ির সৌদি প্রবাসী মানিকের স্ত্রী।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন সকালের দিকে ওই গৃহবধূ তার স্বামীর বাড়িতে তার শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে দাবি করে শ্বশুর বাড়ির লোকজন।

নিহত সালমা আক্তার রক্সি রামনারায়নপুর ইউনিয়নের রামনারায়নপুর গ্রামের নাজির উল্যাহ কবিরাজ বাড়ির মো.সোলোমানের মেয়ে।

নিহতের মা মুন্নি অভিযোগ করে বলেন, ৯মাস আগে একই গ্রামের বাড়ির পাশের চইয়্যাল বাড়ির রফিকের ছেলে সৌদি প্রবাসী মো.মানিকের কাছে তার মেয়েকে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর জানতে জানাজানি হয় মানিকের সাথে তার এক মামাতো বোনের প্রেম ছিল। এই নিয়ে ওই মামাতো বোনের পরিবার প্রায় আমার মেয়েকে হুমকি দিত। কিভাবে আমার মেয়ে তার স্বামীর ভাত খায় তারা তা দেখে নিবে। এই সব ঘটনা নিয়ে আমার মেয়ের সাথে তার স্বামীর পারিবারিক কলহ শুরু হয়। এক দিন আগে তার রক্সির স্বামী প্রবাস থেকে তাকে হোয়াটস অ্যাপে বিশ্রি ভাষায় ভয়েস পাঠায়। পরে আমার মেয়ে এসব কথা আমাদেরকে শুনাতে মুঠোফোন নিয়ে বাবার বাড়িতে আসে। কিন্তু তার স্বামী ওই সব মেসেজ ডিলেট করে দেওয়ায় আর কাউকে সে ওই সব ভয়েস শুনাতে পারেনি। নানা কারণে বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজনের সাথে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। আমার মেয়েকে শ্বশুর বাড়ির লোকজন কৌশল করে মেরে ফেলে ঝুলিয়ে রেখেছে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো.আবু জাফর জানান,, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে জানা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি  :
নোয়াখালীর চাটখিল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।

নিহত শিহাব উদ্দিন স্মরণ (২৬) উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পাঁচঘরিয়া গ্রামের মো. সেলিমের ছেলে ও নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র । সে নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-স্কুল বিষয়ক সম্পাদক এবং নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি শাখার সভাপতি ছিল।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার কচুয়া টু বটতলী সড়কের বাংলাবাজার এলাকার বসু বাড়ির দরজায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন রামনারায়নপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হারুন অর রশিদ বাহার ও নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু ।

ইউপি চেয়ারম্যান বাহার বলেন, নিহত স্মরণ বেলা সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত কাজে আরেক মোটরসাইকেল আরোহী সহ চাটখিলের সোমপাড়া থেকে সাহাপুরের উদ্দেশে রওয়ানা দেয়। যাত্রা পথে তাদের মোটরসাইকেলটি কচুয়া টু বটতলী সড়কের বাংলাবাজার এলাকার বসু বাড়ির দরজায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেডের কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে স্মরণ মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। এতে আরেক মোটরসাইকেল আরোহী হালকা আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো.আবু জাফর জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ড ভ্যান আটক করে। খবর পেয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ সময় চালক পালিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সংগ্রহকালে কুমিল্লায় সাংবাদিক মাহফুজের উপর হামলা; ক্যামেরা ও মোবাইল ছিনতাই

স্টাফ রিপোর্টার:

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি জবরদখল করে গৃহ নির্মাণ করছে।  ভুক্তভোগীর এমন  অভিযোগ পেয়ে তথ্য সংগ্রহে ভিডিও ও স্থীরচিত্র ধারনের সময় সাংবাদিকের উপর হামলা, ক্যামেরা ও ফোন ছিনতাই করা হয়। এসময় সাংবাদিকদের বহনকারী গাড়ির গ্লাস ভাংচুর করাসহ মারধর করা হয়।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২ টায় কুমিল্লা সদরের কালির বাজার ইউপির আনন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভুগী সাংবাদিক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব, বুড়িচং প্রেস ক্লাবের সহ সভাপতি এবং দৈনিক ভোরের কলাম এর স্টাফ রিপোর্টার মাহফুজ বাবু জানান, “কালির বাজার ইউপির আনন্দপুর উত্তরপাড়া এলাকার সন্ত্রাসী আব্দুল মান্নান, আব্দুল লতিফ খোকন, আবু হানিফ নোমান, হাবিব গং এর সাথে জমি সংক্রান্ত বিবাদ রয়েছে প্রতিবেশী জান্নাতুল ফেরদৌস কল্পনা’র। ভুক্তভোগী কল্পনা আক্তার এ বিষয়ে জবর দখল ও নারী নির্যাতনসহ একাধিক মামলা দায়ের করেছেন। বিবাদপূর্ণ সম্পত্তিতে স্থাপনা নির্মাণে আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। আদলতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাড়ি নির্মাণ করা হচ্ছে এবং ঘটনাস্থলে মারামারি ও প্রাণহানী ঘটাতে পারে, অভিযোগে দৈনিক যুগান্তর প্রতিনিধি ইকবাল হোসেন সুমন সহ ঘটনাস্থলে যাই। ভুক্তভোগী নারী সাংবাদিকদের সরেজমিনে দেখানের সময় অভিযুক্ত হানিফসহ তার সহযোগীরা ঐ নারীর ওপর হামলা করে মারধর শুরু করে। এসময় ভিডিও চিত্র ধারণ ও ছবি তোলার সময় আমার ওপর হামলা চালায় আবু হানিফ। হামলা ও মারধরের একপর্যায়ে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। উপস্থিত সন্ত্রাসীরা আমার ব্যবহৃত প্রাইভেটকারের  গ্লাস ভাংচুর করে। এ সময় বাঁধা দিয়ে প্রতিবাদ করলে যুগান্তর প্রতিনিধি ইকবাল হোসেনকেও লাঞ্ছিত করা হয়। এসময় আইনি সহায়তা পেতে তাৎক্ষণিকভাবে পুলিশ কে ফোন দেয়া হয়। খবর পেয়ে কোতয়ালি মডেল থানার আওতাধীন নাজিরা বাজার ফাঁড়ি পুলিশের এএসআই রিন্টুসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে আসার আগেই অভিযুক্ত সন্ত্রাসী আবু হানিফ সহযোগীদের নিয়ে পালিয়ে যায়।
প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষ মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হবে।

এদিকে মারধর ও হামলায় আহত ভুক্তভোগী কল্পনা আক্তার বর্তমানে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে। ফোনে প্রতিবেদকে তিনি জানান, সাংবাদিকদের সামনেই  আমাকে মারধর করা হয়। এরপর সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নিয়ে লাঞ্ছিত করার পর সাংবাদিকরা চলে গেলে হানিফ ও তার সহযোগী হাবিব সহ আরো ৭/৮ জন ঘরে ঢুকে এলোপাতাড়ি মারধর করে। পেটে , কানে ও মাথায় গুরুতর আঘাত করেছে। কান দিয়ে রক্ত পড়ছে। শারিরীক অবস্থা ভালো হলে আগামীকাল থানায় মামলা দায়ের করবো।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ  সানজুর মোরশেদ বলেন, বিষয়টি শুনেছি। সাংবাদিকের ওপর হামলার বিষয়টি দুঃখজনক। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা, মারধর ও ক্যামেরা ছিনতাইসহ গাড়ি ভাংচুরের ঘটনার তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আহম্মেদ আবু জাফরসহ সংগঠনে নেতৃবৃন্দ, সহকর্মী সাংবাদিক, বুড়িচং প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা ও শাস্তি নিশ্চিতের দাবি জানান।

রাজধানি হোটেল থেকে ৩৩ জন নারী-খদ্দের ও হোটেল স্টাফ আটক, মালিক শান্ত পলাতক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের জাগুড়ঝুলির রাজধানি হোটেল থেকে পতিতাবৃত্তির অভিযোগে ৩৩ জন নারী-পুরুষ ও হোটেল স্টাফকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি ) পুলিশ। আর ৬ জনকে উদ্ধার করা হয়েছে, যাদেরকে বাধ্য করে পতিতাবৃত্তি ব্যবসায় আনা হয়েছিল। এ ঘটনার পর হোটেল মালিক জসিম উদ্দিন শান্ত পলাতক রয়েছেন। এ ঘটনায় হোটেল মালিক শান্ত, ম্যানেজার মিন্টুসহ ১০ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মানব পাচাঁর আইনে মামলা হয়েছে। এর মধ্যে হোটেল স্টাফ ৭ জন আটক হয়েছেন। এর মধ্যে হোটেলের টোকেনম্যান নয়ন আটক রয়েছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

হোটেল মালিক জসিম উদ্দিন শান্ত কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহবাদ ইউনিয়নের নওয়াবগন্জ উত্তরপাড়া এলাকার মাওলানা আলী আশরাফের বাড়ির ছায়েদ আলীর ছেলে।

পুলিশ ও একাধিক স্থানীয় সূত্র জানায়, হোটেল মালিক শান্ত দেশের বিভিন্ন জেলা থেকে মেয়ে এনে পতিতাবৃত্তি ব্যবসা করে আসছে। আবার অনেককে জিম্মি করেও এ ব্যবসায়ও রাখা হচ্ছে। দেশের চাদঁপুর , ময়মনসিংহ, গাজীপুর, নাটোর, নারায়নগন্জ, ঢাকাসহ বিভিন্ন এলাকার মেয়েদের এ হোটেলে এনে পতিতাবৃত্তি ব্যবসা করছে জসিম উদ্দিন শান্ত। বিভিন্ন খদ্দের থেকে দেড় হাজার, ১ হাজার ও ৫ শত টাকার বিনিময়ে এ ব্যবসা করাচ্ছেন এই শান্ত। তাঁর রয়েছে একাধিক সিন্ডিকেট। বড় বড় ব্যবসায়ি, রাজনীতিবিদদের নামে বিভিন্ন মেয়েদের দিয়ে মামলা করিয়ে হয়রানি করে থাকেন এই শান্ত। শান্ত কিছু কথিত সাংবাদিক ও আইনশৃঙখলা বাহিনীর কিছু অসৎ সদস্যকে মাসিক মাসোহারা দিয়ে থাকেন বলে একাধিক সূত্র জানায় ।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া জানান, এই ঘটনায় দুটি মামলা হয়েছে। ২০ জন মেয়ে ও ৬ জন খদ্দের এর বিরুদ্ধে পতিতাবৃত্তির অভিযোগে মামলা হয়েছে। এছাড়া হোটেল মালিক শান্ত ও ম্যানেজার মিন্টুসহ ১০ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মানব পাচাঁর আইনে মামলা হয়েছে।

নাঙ্গলকোটের ৫ আ’লীগ নেতাকে দল থেকে অব্যাহতি

 

স্টাফ রিপোর্টার:
দলের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা অমান্য করার অভিযোগে বাংলাদেশ আওয়ামীলীগ নাঙ্গলকোট উপজেলা শাখার ৫ নেতাকে দল থেকে অব্যহতি দেয়া হয়েছে।

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিপরীতে নির্বাচন করার অভিযোগে তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামীলীগ নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি মোঃ শামছুউদ্দীন কালু ও সাধারণ সম্পাদক মোঃ আবু ইউছুফ ভূঁইয়ার ২৭ ডিসেম্বরের যৌথ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে দল থেকে অব্যাহতির বিষয়ে অবিহিত করা হয়

অব্যাহতি প্রাপ্ত নেতৃবৃন্দরা হলেন  আওয়ামী লীগের নাঙ্গলকোট উপজেলা শাখার রায়কোট (দঃ) ইউনিয়নের সভাপতি মাস্টার রেজাউল হক ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী লীগ নাঙ্গলকোট উপজেলা শাখার সদস্য জোড্ডা পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মিয়াজী, নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়ন শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন তালুকদার মিন্টু, নাঙ্গলকোট উপজেলা শাখা আওয়ামী লীগের সদস্য মোঃ আবুল কালাম ভূঁইয়া, উপজেলা শাখা আওয়ামী লীগ কমিটির সদস্য জোরদা (পঃ) চেয়ারম্যান মাসুদ রানা ভূঁইয়া।

তারা দলীয় প্রার্থী ( নৌকা প্রতীকের) বিরুদ্ধে প্রার্থী হওয়া তাদের বিরুদ্ধে এ শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অব্যাহতির বিষয়ে দলীয় পক্ষ থেকে পৃথক পৃথক চিঠি  প্রেরণ করা হয়েছে।

নোয়াখালীতে মেলার নামে অশ্লীল নৃত্যের আসর, উপচে পড়া ভিড় শিক্ষার্থীদের

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কবিরহাটের জগদানন্দ গ্রামে বিজয় মেলার নামে মাদক ব্যবসা ও অশ্লীল নৃত্য আসর চালানোর অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান মুনাফ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক কামাল উদ্দিন বাবুলের বিরুদ্ধে। আর এসব প্রদর্শনীতে দর্শক সারিতে ভিড় বাড়ছে স্কুল-কলেজের শিক্ষার্থীদের।

স্থানীয়দের অভিযোগ, স্থানীয় প্রশাসনের যোগসাজশে মাদক ব্যবসা ও এ নগ্ননৃত্যের সুযোগ হয়েছে এবং চলছে। ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন কোম্পানি এ মেলার উদ্বোধন করেন।

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে মুকবুল চৌধুরী হাট বিজয় মেলায় গিয়ে দেখা যায়, মেলায় রয়েছে নামসর্বস্ব ১৫-২০টি দোকান। মেলার মূল আকর্ষণ হলো নগ্ননৃত্যের আসর। রাত ১১টার থেকে উঠতি বয়সী স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থী আর গ্রাম্য যুবকদের উপচেপড়া ভিড়। নগ্ননৃত্য চলাকালে মুঠোফোনে ভিডিও এবং ছবি ধারণ একেবারেই নিষিদ্ধ। মুঠোফোনে ভিডিও এবং ছবি ধারণ করলে মেলা কমিটির লোকজন ছিনিয়ে নেয় মুঠোফোন। এসব বিষয়ে ধানসিঁড়ি ইউনিয়ন চেয়ারম্যান কামাল উদ্দিন কোম্পানীর কাছে স্থানীয় একালাবাসী একাধিকবার অভিযোগ করেও কোন প্রতিকার পাননি।

জানা যায়, ১৬ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মুকবুল চৌধুরী হাট বিজয় মেলার অনুমোদন নেয় মেলা আয়োজক কমিটি। মেলায় তারা যাত্রাপালার অনুমোদন নিলেও রাতের আঁধারে চলছে উলঙ্গনৃত্য আর ভ্রাম্যমাণ বেচাকেনা চলছে চোলাই মদ-ইয়াবা ও গাঁজা। মেলা আয়োজক কমিটির একাধিক সদস্য জানান, কবিরহাট থানার পুলিশের সাথে চুক্তি হয়েছে মঙ্গলবার রাত থেকে মেলায় ১২টি জুয়ার আসর বসবে। ১৬ ডিসেম্বর থেকে মেলা শুরু হয়েছে বলে মেলা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা শরিয়ত উল্যাহ সাইমুন জানান, মেলায় প্রথম দিন থেকেই চলছে অশ্লীল নাচ-গান। তাতে উঠতি বয়সের কিশোর ও যুবকেরা নষ্ট হতে বাধ্য। অনেক এসএসসি পরীক্ষার্থী নিয়মিত যাত্রা দেখতে যায়। এ জন্য তারা পড়ালেখায় পিছিয়ে পড়ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেলা আয়োজন কমিটির সহ-সভাপতি আবদুল মান্নান মুনাফ ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বাবুল বলেন, গতকাল আমরা মেলায় ছিলাম না। যদি আপত্তিকর কিছু হয়ে থাকে থা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন কোম্পানী বলেন, আমি ইউনিয়নের চেয়ারম্যান একেবারে জানিনা বললে ভুল হবে। আমি মন থেকে মেলা পরিচালনার সঙ্গে জড়িত নেই। দায়িত্বে থাকার কারণে অনেক কিছুতে আমাকেও দোষারোপ করা হয়। তবে এখন পর্যন্ত জুয়ার কোন আসর বসেনি। জুয়ার আসর বসলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে, এলাকাবাসী নগ্ননৃত্য চলার বিষয়ে তার কাছে অভিযোগ করার সত্যতাও নিশ্চিত করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, গত দুই দিন আগে আমি নতুন এসেছি এই থানায়। এ বিষয়ে আমি কিছু জানিনা।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা বলেন, এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে তিনি খোঁজ নিবেন।