All posts by jitu

শোডাউন করে মহানগর আ’লীগের সম্মেলনে যাওয়ার ঘোষণা এমপি সীমা, তানিম মিঠু ও কবিরদের

স্টাফ রিপোর্টার:

৫ নভেম্বর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলন। তবে সম্মেলনের দাওয়াত পায়নি আওয়ামী লীগের একটি বড় অংশ। তবুও সম্মেলনকে ঘিরে বৃহস্পতিবার শো-ডাউন করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। এ শো-ডাউনের নেতৃত্ব দিয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। বৃহস্পতিবার কুমিল্লা মডার্ণ স্কুলের সামনে থেকে শুরু হওয়া এ শো-ডাউনে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি ছিল। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কুমিল্লা প্রধান প্রধান সড়কগুলো। কুমিল্লার কান্দিরপাড়, রাজগঞ্জ ও প্রেস ক্লাব মোড় থেকে হাজার হাজার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী পূবালী চত্বরে এসে জমায়েত হয়।

এসময় নেতারা আগামী ৫ নভেম্বরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত থাকবেন এবং সম্মেলন সফল করতে কাজ করবেন। কেউ বাধা দিলে পাল্টা জবাবের হুঁশিয়ারি দেন।

এ সময় বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা এমপি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুর উর রহমান মাহমুদ তানিম ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আনিছুর রহমান মিঠু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদারসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের সহ সভাপিত আলহাজ্ব ওমর ফারুক, মহানগর আওয়ামীলীগ নেতা শফিক সিকদার, আওয়ামীলীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরান, মহানগর আ’লীগ নেতা জিএস জাকির, আ’লীগ নেতা শাহিন, এড.জসিম উদ্দিন প্রমুখ।

তিতাসে ইয়াবাসহ আটক ১

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লার তিতাস উপজেলায় ৫২ পিস ইয়াবাসহ মো. নবীর হোসেন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তিতাস থানার এস.আই করিম, এস.আই তপন ও এস.আই পুষনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।

আটককৃত নবীর হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. শাহজালালের (ফকিরার) ছেলে।

এ বিষয়ে তিতাস থানার অফিসার ইনর্চাজ সুধীন চন্দ্র দাস সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আমার দ্বায়িত্ব থাকা কালীন তিতাসে মাদকসহ যে কোন অপরাধ করবে কাউকেই ছাড় দেওয়া হবেনা। তিনি আরো বলেন আইন তার নিজস্ব গতিতে চলবে।

আটককৃত ব্যক্তি নবীর হোসেনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে আজ (৩ নভেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় কুমিল্লা জেলা জর্জ আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।

কুবি ছাত্রলীগ: পদ প্রত্যাশীদের দৌড়ে অছাত্র, বয়স উত্তীর্ণ ও অভিযুক্তরা

নাঈমুর রহমান রিজভী :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের দৌড়ঝাপে প্রায় অর্ধশত জীবনবৃত্তান্ত জমা দিয়েছে নেতাকর্মীরা। বর্তমান সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও ২০১৭ সালে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রেজা ই এলাহির সমর্থকদের অন্তত অর্ধশত নেতাকর্মী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। যেখানে অছাত্র, বয়স উত্তীর্ণ এবং অভিযুক্তরা দৌড়ঝাপে এগিয়ে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে সভাপতি ইলিয়াস সমর্থিত পদ প্রত্যাশী নেতাকর্মীরা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কর্মসূচী ও পরিকল্পনা সম্পাদক সাদ্দাম হোসেন এবং উপ-সাংস্কৃতিক সম্পাদক ফাহিম ইসলাম লিমনের নিকট জীবনবৃত্তান্ত জমা দেন।

এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রেজা ই এলাহি সমর্থিত পদ প্রত্যাশী নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ে না এসে কুমিল্লা সদর দক্ষিণ থানা আওয়ামীলীগের কার্যালয়ে তাদের জীবনবৃত্তান্ত জমা দেন। এবিষয়ে কথা বলতে চাইলে রেজা ই এলাহি জানান, যেকোনো ধরনের সহিংসতা কিংবা বিশৃঙ্খলা এড়াতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমরা এখানে জীবনবৃত্তান্ত জমা দিয়েছি।

দুই গ্রুপের অর্ধশত নেতাকর্মী জীবনবৃত্তান্ত জমা দিলেও অছাত্র ও বিভিন্ন অভিযোগ ও মামলায় দোষী সাব্যস্তরা জীবনবৃত্তান্ত জমা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উদীয়মান নেতাকর্মীরা।

নাম উল্লেখ না করার শর্তে এক নেতা বলেন, দীর্ঘদিন ধরে এই ক্যাম্পাসে রাজনীতি করে আসতেছি। এখন যদি যাদের ছাত্রত্ব নেই বা যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে তারা পদ পেয়ে যায় তাহলে আমরা পদবঞ্চিত হবো। তাই আমি কেন্দ্রীয় নেতাকর্মীদের বলবো সবকিছু বিবেচনা করে যারা যোগ্য তাদের হাতে নেতৃত্ব দেওয়ার জন্য।

ইলিয়াস সমর্থিত গ্রুপে সিভি জমা দিয়েছেন, কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান হোসাইন ও বর্তমান সভাপতি নাজমুল হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাসান রকি, দত্ত হল ছাত্রলীগের সভাপতি রাফিউল আলম দীপ্তসহ অন্তত ৩০জন। এছাড়া শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান বিদ্যুৎ শীর্ষ পদে আসার জন্য দৌড়ঝাপ চালিয়ে যাচ্ছেন। যার মধ্যে ইমরান হোসাইন, মেহেদী হাসান বিদ্যুৎ ও রকিবুল হাসান রকির ছাত্রত্ব নেই।

বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী অনূর্ধ্ব-২৭ বছর ( ২০০৬ সাল থেকে শেখ হাসিনার নির্দেশে অনুর্ধ্ব ২৯ নির্ধারিত) বয়সী বাংলাদেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র বা ছাত্রী বাংলাদেশ ছাত্রলীগের প্রাথমিক সদস্য হতে পারেন। তবে সদস্যপদ ঠিক রাখার মূল শর্ত হলো শিক্ষা জীবন অব্যাহত থাকা। কিন্তু কুবি ছাত্রলীগের পদপ্রত্যাশীদের মধ্যে অনেকেরই ছাত্রত্ব নেই এবং বয়স উত্তীর্ণ।

খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যুৎ পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতক ২০১১-১২ সেশনের শিক্ষার্থী। শিক্ষাগত যোগ্যতার সনদ অনুযায়ী তার বয়স ৩১ বছর চলমান। তিনি ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী সদস্য নয়। এছাড়াও ২০১৯ সালে ১০ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় প্রত্নতত্ব বিভাগের ১১ তম ব্যাচের এক ছাত্রীকে হেনস্তা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইমরান হোসাইন বাংলা বিভাগের স্নাতক ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তারও ছাত্রত্ব নেই। রকি মার্কেটিং বিভাগের স্নাতক ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। এদের সবারই স্নাতকোত্তরের ফলাফল প্রকাশিত হয়েছে এবং কেউই নিয়মিত ছাত্র নয়।

অন্যদিকে রেজা সমর্থিত গ্রুপের রেজা ই এলাহি, শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস, ফিন্যান্স ৯ম ব্যাচের শিক্ষার্থী ইকবাল হোসাইন খান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোবারক হোসেন মাহী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম সম্পাদক মুমিন শুভসহ জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন অন্তত ২০জন।
রেজা ২০১০-১১ শিক্ষাবর্ষে লোকপ্রশাসন বিভাগে ভর্তি হয়ে ২০১৬ সালে স্নাতক পাশ করে বেরিয়ে যান। শিক্ষাগত যোগ্যতার সনদ অনুযায়ী তাঁর বয়স বর্তমানে ৩০। বর্তমানে তার বিরুদ্ধে ২০২০ সালের ৮ মার্চ বরুড়ার তালুকপাড়া গ্রামের ফাতেমা বেগম (৩১) নামের এক নারীকে ধর্ষণ চেষ্টা, ভাংচুর, জালিয়াতি ও লুটতরাজের একটি মামলা কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু দমন বিশেষ ট্রাইবুনাল-০২ এ বিচারাধীন রয়েছে। যেখানে তিনি ১ নম্বর আসামী। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও কাজী নজরুল ইসলাম হলের তৎকালীন সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ হত্যার এজাহারভুক্ত আসামী।

স্বজন নৃবিজ্ঞান বিভাগের স্নাতক ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী। তিনিও খালেদ সাইফুল্লাহ হত্যার ২ নম্বর চার্জশীটভুক্ত আসামি। এই মামলায় ৫৫ দিন জেল খেটেছেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে মাদকসেবন ও চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়াও ২০১৮ সালের ১ মার্চ বাংলাদেশ ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কারও করা হয়। পরে আবার তা প্রত্যাহার করা হয়।
ইকবাল ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতক ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রলীগের কোন পর্যায়ের কর্মী বা সমর্থক ছিলেন না এবং কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রমে সংযুক্ত ছিলেন না বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও তার বাসা শিবিরের রাজনীতির কেন্দ্রস্থল ছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়াও গত ১ই অক্টোবর তার নেতৃত্বে ক্যাম্পাসে বহিরাগতদের মোটরবাইক শোডাউন ও বঙ্গবন্ধু হলে ভাংচুরের ঘটনা ঘটেছে।

মমিন শুভর ছাত্রত্ব থাকলেও তাকে সংগঠনের নীতি- আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২৬ মার্চ ২০২০ সালে সংশ্লিষ্ট পদ থেকে অব্যহতি দেয় শাখা ছাত্রলীগ।

রেজা ই এলাহি বলেন, আমার ছাত্রত্ব নেই তোমাকে কে বলছে। আমার ছাত্রত্বের ডকুমেন্ট আছে। আমি ম্যানেজমেন্ট বিভাগের স্টুডেন্ট।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান বলেন, বিভাগের সান্ধ্যকালীন একটা কোর্সে তার (রেজা) ভর্তি আছে।

সংশ্লিষ্টরা বলছেন, পদ নেওয়ার জন্য তিনি ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে ছাত্রত্ব নিয়েছেন।

সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, অছাত্র, মাদকের সাথে সম্পৃক্ত ও ফৌজদারি মামলার আসামি কাউকে যেন কমিটিতে আনা না হয় সে ব্যাপারে আমরা দায়িত্বপ্রাপ্ত নেতাদের বলেছি এবং সভাপতি, সাধারণ সম্পাদকের নিকটও আমরা বিষয়টি পেশ করেছি। বাকিটা ওনারা বিবেচনা করে দেখবে।

এ বিষয়ে জানতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিক মুঠোফোনে কল দেওয়া হলেও পাওয়া যায়নি।

কুবি শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত নিতে আসা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কর্মসূচী ও পরিকল্পনা সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, কমিটি কবে হবে এটা আমি বলতে পারবো না এটা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক যাচাই বাছাই করে দেখবে। গঠনতন্ত্র পরিপন্থী কাউকে নেতা বানাবে না এটা হচ্ছে মূল কথা। ছাত্রলীগ সব সময় গঠনতন্ত্র মেনে চলে।

তিনি আরও বলেন, ছাত্রলীগ ছাত্রদের সংগঠন সেক্ষেত্রে ছাত্রত্ব থাকতে হবে বয়সও যা নির্ধারণ করা আছে সেটার মধ্য থেকে কোন অছাত্র, মাদকাসক্তকে নেতৃত্বে আনার সুযোগ নেই। এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। ছাত্রত্বের সনদ ছাড়া সিভি এলাউ না। কেউ যদি এমন করে থাকে তাহলে তার সিভি বাতিল হয়ে যাবে। মোটকথা হচ্ছে গঠনতন্ত্রে যে শর্ত আছে সেগুলো মেনে নেতৃত্বে আসা লাগবে।

দেবিদ্বারে জীর্ণ সেতু, শিক্ষার্থীসহ পথচারীদের ঝুঁকিতে চলাচল

দেবিদ্বার সংবাদদাতা:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাও গ্রামের খালের ওপরের সেতুটি কয়েক মাস ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীসহ আশপাশের এলাকার বাসিন্দারা।

তুলাগাও গ্রামে গিয়ে দেখা যায়, সেতুর মাঝখানে ঢালাই ধসে গর্ত হয়ে গেছে। এতে পিকাপ, ইজিবাইক ও ভ্যান চলাচল অনেকটাই বন্ধ। এলাকাবাসী ঝুঁকি নিয়ে পারাপার করছেন। তাঁরা জানান, প্রতিরাতেই সেতু পেরোতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।

স্থানীয় জনপ্রতিনিধিদের তেমন কোনো তৎপরতা না থাকায় স্থানীয় বাসিন্দারা জ্মইটগাছ দিয়ে রেখেছেন । কিন্তু যোগাযোগের তাগিদে প্রতিনিয়ত সেতু দিয়ে মোটরসাইকেল, ভ্যান, এলাকার মানুষ ও শিক্ষার্থীদের চলাচল করতে হচ্ছে। শিশুরা ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। এদিকে আশপাশের বিভিন্ন মাদরাসা ও বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীকে ঝুঁকিপূর্ণ সেতুটি পেরোতে হওয়ায় বিপাকে পড়েছেন অভিভাবকেরা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, অনেকদিন ধরে সেতুটির মাঝখানের ঢালাই উঠে গিয়ে গর্ত হয়েছে। সেতুটি দিয়ে বড় কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে এলাকার উৎপাদিত কৃষি পণ্য বাজারে আনতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখন সেতুর ওপর দিয়ে হেঁটে আসাও ঝুঁকিপূর্ণ।

এবিষয়ে কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য ও সুলতানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান সরকার বলেন, সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। এটির ওপরে ভাঙা থাকায় এলাকাবাসীদের যাতায়াতের ক্ষেত্রে ঝুঁকি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। এটি দ্রুত মেরামত করা প্রয়োজন। আমি ছবি তুলে উপজেলা প্রকৌশলীকে পাঠিয়েছি আশা করছি সেতুটি নতুন করে করা হবে।

চৌদ্দগ্রামে পাইপগানসহ যুবক আটক

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি পাইপগান (এলজি) সহ আমির হোসেন প্রকাশ ল্যাংড়া আমির (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

আটককৃত আমির হোসেন উপজেলার গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা পূর্বপাড়ার মৃত মো: ইউনুস এর ছেলে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে দশটায় চৌদ্দগ্রাম থানার এসআই উগ্যজাই মারমার ও এএসআই কামরুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আমির হোসেনকে পাইপগানসহ তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশী চালিয়ে তার হেফাজতে থাকা দু’টি রাবার বুলেট, একটি চাইনিজ কুড়াল ও দু’টি ছুরি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে’।

মহিচাইল ইউপি নির্বাচনে চেয়ারম্যান: এমপি প্রাণ গোপালের ইউনিয়নে নৌকার পরাজয়

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর শোচনীয় পরাজয় হয়েছে। এমপি প্রাণ গোপালের ইউনিয়নে  চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোসা. মাকসুদা আক্তার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৪ হাজার ২৮৪ ভোট। নির্বাচনের আগেই এমপি প্রাণ গোপালের লোকজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এমপি প্রাণ গোপালের লোকজনের প্রচারণার ভিডিও ভাইরাল হয়েছিল।

বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে নির্ধারিত সময় ৪টার পরও চলে ভোট গ্রহণ। সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কন্ট্রোল রোম থেকে ভোটের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার আশরাফুল হোসেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোটরসাইকেল প্রতীকে কামরুল হাসান ভূইয়া পেয়েছেন ২ হাজার ১৩৫ ভোট। নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু মুছা মজুমদার পেয়েছেন ১ হাজার ১৮৫ ভোট।

ওই ইউনিয়নে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাতি ৩ প্রার্থীর মধ্যে অটোরিক্সা প্রতীক নিয়ে লোকমান হোসেন শাহজাহান ১ হাজার ৮৩৬ ভোট, চশমা প্রতীক নিয়ে ময়নাল হোসেন ভূইয়া পেয়েছেন ৬৫৮ ভোট, ঘোড়া প্রতীক নিয়ে মোজাম্মেল হক পেয়েছেন ১ হাজার ৫৯৮ ভোট।

দাউদকান্দিতে চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোর দায়ে ৩ জনের কারাদন্ড

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদে চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোর দায়ে ৩ জনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

চিংড়িতে জেলি মেশানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০১ নভেম্বর) ২০২২  রাত  সাড়ে ১০ টায় দাউদকান্দির আমিরাবাদ নামক স্থানে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করা হয়৷

সহকারী কমিশনার (ভূমি), দাউদকান্দি, কুমিল্লা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দাউদকান্দি সার্কেলের এএসপি ফয়েজ ইকবালসহ দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

অভিযানকালে চিংড়িতে জেলি মেশাচ্ছেন এমন অবস্থায় ০৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার গাংনির মোল্লার হাটের মিকরাইল উল্লাহ(২২), একই এলাকার  সহিদুল শেখ(২২)  এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার আজহারুল ইসলাম(৪০) ।

অভিযানকালেব তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, খুলনা, বাগেরহাট, এবং সাতক্ষীরা থেকে চিংড়ি এখানে আসার পর ওজন বাড়িয়ে বেশি লাভের আশায় চিংড়িতে জেলি পুশ করে বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়৷ অপরাধ স্বীকার করায় তাদের প্রত্যেককে মোবাইল কোর্ট ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।।

নোয়াখালীতে ৪ ডাকাত গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিনটি ছোরাসহ ৪ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে গ্রেফতার ডাকাতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে,সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের নন্দনপুর গ্রামের খোনার বাড়ীর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডাকাত দলের দুই সদস্য রায়হান উদ্দিন ওরফে রনি (২২) মো. সোহেল কে আটক করা হয়। এ সময় আটককৃতদের হেফাজত থেকে ৩ টি ছোরা ও ডাকাতি কাজে ব্যাবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। এসময় আরো ৬ডাকাত পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তাদের তথ্য মতে ডাকাত দলের আরো দুজন সদস্য আব্দুর রাজ্জাক (২৫) ও মো. নাঈম (২২) কে জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয়।

নোয়াখালীর এসপি মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার ডাকাতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আফজল খান কারিগরি ও কমার্স কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল

 

মোঃ বশির আহমেদ:

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আফজল খান কারিগরি ও কমার্স কলেজের ২০২২ ইং সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠান এডভোকেট আফজল খান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আফজাল খান কারিগরি ও কমার্স কলেজের সিনিয়র প্রভাষক আকমল হাসান ফরহাদের সঞ্চালনায় আল ক্বোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক ইঞ্জিনিয়ার মোঃ নিজামুদ্দীন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ তাপস কুমার বকসী। বিদায়ী ছাত্র -ছাত্রী এবং একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে প্রধান অতিথি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এডভোকেট আফজল খান স্মরণে অত্র প্রতিষ্ঠান এবং কুমিল্লা জেলার প্রতি প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ এডভোকেট আফজল খানের স্মৃতিচারণ করেন এবং উনার অবদানের কথা তুলে ধরেন। আরো বক্তব্য প্রদান করেন অত্র কলেজের সিনিয়র প্রভাষক মোঃ হানিফ , উত্তম, ফরহাদ প্রমুখ।

পরীক্ষার্থীদের সফলতা ও সকলের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়। আপ্যায়ন এবং পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশ পত্র বিতরন ও সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।