All posts by jitu

কুমিল্লার হোমনায় দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলের মৃ’ত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার হোমনা থানায় দায়িত্ব পালনকালে মোক্তার হোসেন নামের এক পুলিশ কনস্টেবলের মৃ’ত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মৃ’ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. সাইফুল ইসলাম জানান, মোক্তার হোসেন রাতে থানায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অ’সুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।

এদিকে পুলিশ সদস্য মোক্তার হোসেনের মৃ’ত্যুতে শোক প্রকাশ করেছে হোমনা থানা-পুলিশ। একই সঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

এসএসসির প্রথম দিনে পরীক্ষা দিয়ে হতাশ, নামাজরত অবস্থায় ছাত্রীর মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

লক্ষ্মীপুরের কমলনগরে নামাজরত অবস্থায় রিদমি আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসএসসির প্রথম দিনের পরীক্ষা খারাপ হওয়ার হতাশা থেকেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরফলকন মাতাব্বরহাট এলাকার গফুর উদ্দিন হাজিবাড়িতে এ ঘটনা ঘটে।

রিদমি উপজেলার তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। ওই বাড়ির ব্যবসায়ী মোজাম্মেল হকের মেয়ে।

পরিবার ও স্কুলশিক্ষকরা জানান, বেলা ১১টা থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়। তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরীক্ষার হল ছিল হাজিরহাট মিল্লাত একাডেমি। অন্যান্য সহপাঠীর সঙ্গে রিদমিও বাংলা প্রথম বিষয়ে পরীক্ষায় বসে। নির্ধারিত সময় শেষের মুহূর্তেও তার লেখা শেষ করতে পারেনি। বাড়িতে গিয়ে রিদমি অনেক কান্না করে। পরীক্ষা খারাপ হওয়ায় সে খাবারও খায়নি।

রিদমির চাচা ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, পরীক্ষার হলে শেষ সময়ে তার লেখা শেষ হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে উত্তরপত্র জমা দিতে হয়েছে। এতে সে পরীক্ষা নিয়ে হতাশ হয়ে পড়ে। বাড়িতে এসে অনেক কান্নাকাটি করেছে। দুপুরের খাবারও খায়নি। মাগরিবের নামাজরত অবস্থায় হঠাৎ দাঁড়ানো থেকে পড়ে যায়। পরে স্থানীয় গ্রাম্য চিকিৎসক আনা হয়। চিকিৎসক এসে রিদমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদ বিল্লাহ বলেন, রিদমি ভালো ছাত্রী ছিল। তার মৃত্যু বেদনাদায়ক। পরীক্ষার হতাশায় দুপুরে খাবারও খায়নি শুনেছি। শারীরিক দুর্বলতা ও পরীক্ষা নিয়ে হতাশার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নোয়াখালীতে আশ্রয়ণের ঘর নির্মাণে নিন্মমানের মালামাল ব্যবহারের অভিযোগ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের আওতাধীন ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে নিন্মমানের ইট, বালুসহ যাবতীয় মালামাল ব্যবহারের অভিযোগ ওঠেছে।

ওই ঘরগুলোতে নিন্মমানের মালামাল ব্যবহারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে টনক নড়ে প্রশাসনের।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার চর দরবেশ গ্রামের ওই আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়ায় ঘর নির্মাণে ব্যবহৃত নিন্মমানের মালামাল ফেরতসহ সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে অব্যাহতি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চর দরবেশ গ্রামে ২ একর ৪৬ শতাংশ সরকারি খাস জমিতে প্রতিটি ঘরের সামনে ১০ ফুট, পাশে ৬ ফুট ও পেছনে ৮ ফুট জায়গা রেখে ৮০টি ঘর নির্মাণের কাজ হাতে নেওয়া হয়। প্রতিটি ঘর নির্মাণের জন্য বরাদ্ধ করা হয় ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। গত আগস্ট মাসে সরকারি ওই খাস জমি মাটি ভরাট শেষে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে ঘরগুলো নির্মাণের কাজ শুরু করা হয়। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে ঘরগুলোর নির্মাণ কাজ সম্পন্ন করতে নির্মাণ সামগ্রী সরবরাহের দায়িত্ব দেয়া হয় হাজী নিজাম উদ্দিন নামের এক ঠিকাদারকে। ২০২৩ সালের জানুয়ারীর মধ্যে ঘরগুলোর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রত্যেকটি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য আর্শিবাদ স্বরুপ। কিন্তু মাঠ পর্যায়ে সেই ঘরগুলো নির্মাণে নিন্মমানের মালামাল ব্যবহারসহ নানা অনিয়ম করা হচ্ছে। এখানে জমিতে মাটি ভরাটের সাথে সাথে কাঁদা মাটির ওপর গত সপ্তাহ থেকে ঘরগুলো নির্মাণ কাজ শুরু করা হয়। ঘরগুলোতে যে ইট ও বালু ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিন্মমানের। ঢালাই ছাড়াই কাঁদা মাটির মধ্যে ঘরের ওয়ালগুলো তোলা হচ্ছে। ঠিকাদর হাজী নিজাম উদ্দিন নিন্মমানের ইট-বালু ব্যবহারে নিষেধ করা হলেও তিনি তা মানেননি। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। পরে নিন্মমানের ইট-বালুর ভিডিও করে ফেসবুকে আপলোড করলে তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, ঘরগুলো নির্মাণে যেই ইট ব্যবহার করা হচ্ছে, তা একেবারই নিন্মমানের। নির্মাণ কাজে ব্যবহৃত মসলায় সিমেন্টের পরিমানও অনেক কম। ওয়াল নির্মাণ করা হচ্ছে কাঁদাময় মাটির মধ্যে। সবমিলিয়ে ঘর নির্মাণের কাজে ব্যবহৃত সকল মালামাল নিয়েই প্রশ্ন তোলেন স্থানীয়রা।

এদিকে, নোয়াখালীর বিভিন্ন উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণের কাজে মালামাল সরবরাহ করে আসছেন হাজী নিজাম উদ্দিন নামের এই ব্যক্তি। এরআগেও কোম্পানীগঞ্জ, সেনবাগ ও কবিরহাটে আশ্রয়ণের ঘর নির্মাণে নিন্মমানের মালামাল সরবরাহের অভিযোগ ওঠে হাজী নিজাম উদ্দিনের বিরুদ্ধে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, ওই ৮০টি ঘর নির্মাণের কাজ আমরাই তদারকি করছি। শুধু মাত্র মালামাল সরবরাহ করার জন্য হাজী নিজাম উদ্দিন নামের এক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। গত কয়েকদিন বৃষ্টি হওয়ার সুযোগে হাজী নিজাম উদ্দিন কথা মতো ভালো মালামাল সরবরাহ না করে নিন্মমানের ইট-বালু সরবরাহ করে কাজ শুরু করেন। বিষয়টি দুঃখজনক। বিষয়টি আমরা জানার সঙ্গে সঙ্গে তাকে মালামাল সরবরাহের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে নিন্মমানের ইট-বালু ব্যবহারের বিষয়টি আমাদের নজরে আসায় আজ সরেজমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়ায় নিন্মমানের সকল মালামাল ফেরত দিয়ে মালামাল সরবরাহকারীকে এই কাজ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। এখন সরকারি নির্দেশনা অনুযায়ী মানসম্মতভাবে আমরা নিজেরাই ঘরগুলো তৈরী করবো।

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে গাঁজাসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ৪৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণের নোয়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোশারফ হোসেন (২৪) এক যুবককে আটক করা হয়। সে নোয়াগ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

পৃথক আরেকটি অভিযানে শুক্রবার দুপুরে চৌদ্দগ্রামের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ মোঃ সুমন মিয়া (৩০) এক যুবককে আটক করা হয়। সে চৌদ্দগ্রামের কৃষ্ণনগর (পূর্ব পাড়া) গ্রামের লাখী মিয়ার ছেলে ।

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

এবার প্রেমের টানে চাঁদপুরে মালয়েশিয়ার তরুণী

 

ডেস্ক রিপোর্টঃ

প্রেমের টানে বাংলাদেশে এসেছেন মালয়েশিয় এক তরুণী। তার নাম নূর আয়েশা। মালয়েশিয়ার পেনাং শহরের বাসিন্দা তিনি। স্থানীয় একটি ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি চাকরিও করছেন।

গত বুধবার নূর আয়েশা বাংলাদেশে আসেন। সঙ্গে তার মা, ভাই ও ভাইয়ের স্ত্রীও এসেছেন। পরদিন বৃহস্পতিবার রাতে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় প্রেমিক ওমর ফারুকের তার সঙ্গে বিয়ে সম্পন্ন হয় তার।

বর ওমর ফারুক চাঁদপুর সদর উপজেলার বড় শাহতলীর চৌধুরী বাড়ির মৃত কামালের ছেলে। তিনি হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামে একটি ভাড়া বাসায় থাকেন।

জানা গেছে, ওমর ফারুক সাত বছর আগে মালয়েশিয়ায় যান। সেখানে ফেসবুকে নূর আয়েশার সঙ্গে পরিচয় হয়। পরে দুজনে প্রেমের সম্পর্কে জড়ান। চার মাস আগে ওমর ফারুক বাংলাদেশে চলে আসেন। এরপর বিয়ে উপলক্ষ্যে গত বুধবার পরিবার নিয়ে বাংলাদেশে আসেন আয়েশা।

বিয়ের অনুষ্ঠানে নূর আয়েশার মা, ভাই ও ভাবি এবং ওমর ফারুকের অভিভাবকরা উপস্থিত ছিলেন। বাঙালি বধূ সেজে বিয়ের পিঁড়িতে বসেন কনে আয়েশা। বিয়ের আগে তাদের গায়েহলুদ দেওয়া হয়।

ওমর ফারুক বলেন, সত্যিকারের ভালোবাসা কোনো বাধা মানে না। একই কথা বলেন নূর আয়েশাও। মালয়েশিয়া ফিরে দুজনই নতুনভাবে ক্যারিয়ার শুরু করতে চান।

চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্য চীনের চাংশা শহরের এক বিশাল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এতথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতের সংখ্যা এখনো অজানা। তবে ঠিক কী কারণে এই আগুন লেগেছে তা এখন পর্যন্ত জানা যায়নি বলে খবরে বলা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সিসিটিভি জানিয়েছে, ওই ভবন থেকে কালো ধোঁয়া উড়ছে, এতে কয়েক ডজন ফ্লোর ভয়াবহভাবে পুড়ছে।

পুলিশ প্রধান মার্টিন হেউইট এই ঘটনাকে ‘ভয়ঙ্কর খবর’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আগুন নেভাতে ও উদ্ধার অভিযান পরিচালনা করতে দমকলবাহিনী কাজ শুরু করেছেন।

রিপোর্টে বলা হয়েছে, ওই ভবনে সরকারি এক টেলিকমিউনিকেশনের কোম্পানিও আছে। হুনান প্রদেশের চাংশা শহরের অন্তত এক কোটি লোকের বসবাস।

কুমিল্লায় প্রাইভেটকারে ডালাভর্তি করে গাঁজা পাচাঁরের সময় ডিবির অভিযান

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরে একটি কালো রংয়ের টয়োটা ব্রান্ডের এলিয়ন প্রাইভেট কার (যাহার রেজি নং-ঢাকা মেট্রো গ-২২-৭৯৮১) তল্লাশীকালে গাড়ীর পেছনের ডালার মধ্যে ৩০(ত্রিশ) কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় গাড়ীর চালক মোঃ নূর নবী(২৭) ও আরোহী সাদ্দাম হোসেনকে (৩৫) আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার ( ১৬ সেপ্টেম্বর) ভোর ৬ টায় কুমিল্লা সদরের কাপ্তান বাজার হইতে চাঁনপুর ব্রীজগামী পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন নারায়গঞ্জ সদরের সিমরাইল সানারপাড়ের দেলোয়ার হোসেনের ছেলে গাড়ীর চালক মোঃ নূর নবী এবং কুমিল্লা সদরের বি পাড়া উপজেলার দক্ষিণ তেঁতাভূমি এলাকার মৃত শফিকুল ইসলাম প্রকাশ ধনু মিয়া প্রকাশ মানিক প্রকাশ সালামের ছেলে সাদ্দাম হোসেন ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ সাদ্দাম এবং মোঃ নুর নবী জানায়, তারা উভয়েই উক্ত গাঁজা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত গাঁজা সরবরাহের জন্য অদ্য তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানায়।

এ ঘটনায় ডিবির এস.আই (নিঃ) তুষ্ট লাল বিশ্বাস বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

 

স্পোর্টস ডেস্কঃ

অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে লাল সবুজের প্রতিনিধিরা। ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে কে সেটা নিশ্চিত হবে আজ সন্ধ্যার দ্বিতীয় সেমিফাইনালে, সেখানে মুখোমুখি হবে ভারত ও নেপাল। ২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে বাংলাদেশ প্রথমবারের মতো সাফের ফাইনাল খেলেছিল।

ভুটান এবারই প্রথম সাফের নারী ফুটবলের সেমিফাইনাল খেলছে। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে তারা শেষ চারে উঠেছে। ভুটান বাংলাদেশকে অতীতে হারানো তো দূরের কথা, বলই জালে পাঠাতে পারেনি। তাই ম্যাচটিতে বাংলাদেশই পরিষ্কার ফেভারিট ছিল। এরপরও খানিকটা শঙ্কা ছিল ভুটানের কোচ বিশ্বকাপ খেলা ফুটবলার। তার কোচিংয়ে আগের ভুটানের চেয়ে এই ভুটানের বেশ পার্থক্য রয়েছে।

ম্যাচে অবশ্য সেই পার্থক্য পরিলক্ষিত হয়নি। খেলা শুরুর দুই মিনিটের মধ্যেই সিরাত জাহান স্বপ্না বাংলাদেশকে এগিয়ে নেন। কাউন্টার অ্যাটাকে স্বপ্না বল পেয়ে বক্সের মধ্যে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন। খানিকটা ইনজুরি নিয়ে খেলা স্বপ্নাকে ম্যাচের ১২ মিনিটে মাঠ থেকে উঠে যেতে হয়।

স্বপ্না বেরিয়ে যাওয়ার ছয় মিনিট পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এবার গোলদাতা অধিনায়ক সাবিনা। মিডফিল্ড থেকে বল পেয়ে ডান প্রান্ত দিয়ে এগিয়ে যেতে থাকেন। গোলরক্ষককে একা পেয়ে কোনাকুনি শটে গোল করেন।

৩০ মিনিটে ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকার হেডে গোল করে স্কোরলাইন ৩-০ করেন। বাম প্রান্ত থেকে করা ক্রসে বক্সের মধ্যে আনমার্কড থাকা কৃষ্ণার হেডে গোল করতে কোনো সমস্যাই হয়নি। পাচ মিনিট পর ব্যবধান আরো বাড়ান বদলি ফুটবলার ঋতুপর্ণা চাকমা। ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির নয় মিনিট পর অধিনায়ক সাবিনা খাতুন নিজের দ্বিতীয় গোল করেন। সংঘবদ্ধ আক্রমণে বক্সের মধ্যে ফাঁকা জায়গায় বল নিয়ে ঠাণ্ডা মাথায় প্লেসিং করেন এই ফরোয়ার্ড। তিন মিনিট পর বক্সের বাইরে থেকে নেয়া সাবিনার ফ্রি কিক গোলরক্ষকের হাত থেকে ফস্কে গেলে সামনে দাঁড়িয়ে থাকা মাসুরা পারভীন টোকা দিয়ে বল জালে পাঠান।

শেষ সময়ে তহুরা খাতুন ব্যবধানটা ৭-০ করেন। এরপর একেবারে শেষ মুহূর্তে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। তাতে বাংলাদেশ ৮-০ গোলের বিশাল জয় নিয়েই ফাইনাল নিশ্চিত করে ফেলে।

জাতীয় পার্টি কোনো জোটে নেই বললেন জিএম কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি কোনো জোটে নেই। গেল নির্বাচনেও আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির কোনো জোট ছিল না। তখন কিছু আসনে নির্বাচনি সমঝোতা হয়েছিল। আসনভিত্তিক আমাদের নেতাকর্মীরা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন, আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পার্টির পক্ষে কাজ করেছেন। এ কারণেই আওয়ামী লীগের সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে।

শুক্রবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে হিন্দু মহাজোটের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা দেশ ও মানুষের পক্ষে কথা বলতে চাই। আমরা সবসময় সত্য কথা বলতে চাই। ভালো কাজ করলে আমরা আওয়ামী লীগের সঙ্গে থাকতে পারি। কিন্তু আওয়ামী লীগ যদি গণমানুষের আস্থা হারিয়ে ফেলে, তা হলে আগামীতে আমরা তাদের সঙ্গে নাও থাকতে পারি।

অ্যাডভোকেট দীনবন্ধু রায়ের সভাপতিত্বে ও প্রিয়াংকা সুকুলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারী গোস্বামী, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তী, জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে।

সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান এইচএম শাহরিয়ার আসিফ, সম্পাদকমণ্ডলীর সদস্য জহিরুল ইসলাম মিন্টু, আহাদ ইউ চৌধুরী শাহিন, যুগ্ম সম্পাদকমণ্ডলীর সদস্য হেলাল উদ্দিন, এমএ সোবহান, আক্তার হোসেন দেওয়ান, মাশুক রহমান, মাহমুদ আলম, সমরেশ মণ্ডল মানিক, দ্বীন ইসলাম শেখ, ইব্রাহিম আজাদ, সদস্য আবুল হাসান আহমেদ জুয়েল, শেখ সরোয়ার হোসেন, ফরিদ আলম, জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক আল মামুন জাতীয় পার্টি শাহজানপুর থানার সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, বাড্ডা থানার সাধারণ সম্পাদক এসএম আমিনুল হক সেলিম, উজ্জল চাকমা।

কুমিল্লার কোটবাড়ি থেকে গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ মোঃ বাপ্পি (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

১৫ সেপ্টেম্বর রাতে উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটককৃত যুবক কুমিল্লার রাজেন্দ্রপুর (পশ্চিমপাড়া) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত ট্রাকের ভিতরে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।