All posts by jitu

নাঙ্গলকোটে বৃদ্ধ বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলো মেয়ে

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোটে বৃদ্ধ বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলো নিজের মেয়ে।

সম্পত্তির বিষয়ে বিরোধের  জেরে বুধবার (৭ সেপ্টেম্বর)  সন্ধ্যায় নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতলী গ্রামে এ খুনের ঘটনা ঘটে।

নিহতের নাম কাশেম মোল্লা বলে জানা গেছে।

(বিস্তারিত আসছে—-)

ভারতের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা যা চেয়েছেন তার সবই তারা দিয়েছে : ওবায়দুল কাদের

 

ডেস্ক রিপোর্ট:

বর্তমান সংকট মোকাবিলা এবং জনগণকে বাঁচাতে ভারতের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা যা চেয়েছেন তার সবই তারা দিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‌‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিএনপি মহাসচিবের একটি বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকারের সময়ে বেগম জিয়া তো বারবার যাননি। একবার সফরে গিয়েও আমাদের আসল কথা, পানি চুক্তির কথা বলতে ভুলে গেছেন। এয়ারপোর্টে সাংবাদিকদের সামনে বললেন, ‘আমি তো ভুলেই গেছি।’ যারা এ ধরনের সেনসিটিভ ইস্যু ভুলে যায়…। শেখ হাসিনা কিছু ভোলেন না।

তিনি বলেন, তিস্তা এবার হয়নি, কুশিয়ারা হয়েছে। ৭টি সমঝোতা স্মারক ও ৫টি চুক্তি হয়েছে। আমরা খালি হাতে ফিরে আসিনি। আমি তো একটাতেই খুশি। বর্তমান সংকটে আমরা কী দেখি। আমার জনগণকে বাঁচাতে হবে। বর্তমান সংকট মোকাবিলায় যা যা দরকার, যা যা আমরা চেয়েছি, ভারত সবই দিয়েছে। কুশিয়ারা হয়েছে, তিস্তাও হবে।

ওবায়দুল কাদের বলেন, ভারত অস্বীকার করেনি আর শেখ হাসিনাও ভুলে যাননি তিস্তার কথা বলতে। আমরা ভুলে যাইনি। পশ্চিমবঙ্গ রাজ্যের কিছুটা স্বার্থের ব্যাপার আছে। সেটা আলাপ আলোচনার মাধ্যমে অগ্রগতি হচ্ছে। আশা করি, অদূর ভবিষ্যতে সেটাও হবে। আপাতত যা পেয়েছি আমি মনে করি তা যথেষ্ট।

মন্ত্রিসভার কয়েকজনের বেফাঁস মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, নিশ্চয়ই প্রধানমন্ত্রী বিষয়টা দেখেন, তার এখতিয়ার, তিনি ভাবছেন। আপনারাও (সাংবাদিক) লেখালেখি করছেন। এগুলো তার দৃষ্টি এড়াচ্ছে বলে আমার মনে হয় না। খোঁজ খবর তিনি নিচ্ছেন। দেশের স্বার্থে দলের স্বার্থে বাস্তবতার নিরিখে যখন যা করতে হয় তিনি বিচার বিশ্লেষণ করবেন, এটা তারই এখতিয়ার। আমাদের মন্ত্রিসভায় যারা আছেন, তাদের অনেকেই তৃণমূল থেকে এসেছেন। বিভ্রান্তি থাকতে পারে বা দুর্বলতা থাকতে পারে, কিন্তু মন্ত্রিসভা দুর্বল নয়। যেটুকু দুর্বলতা আছে এটা কিন্তু প্রধানমন্ত্রী কাভার করছেন। কাজেই আমাদের কোনো কাজ ঠেকে থাকছে না।

সরকারি চাকরিজীবীদের মতো রাজনীতিকদের বয়সসীমার প্রয়োজন আছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারিভাবে একজন মন্ত্রীর তো কোনো বয়স নেই, মুহিত সাহেব ৮০ বছর পার হওয়া পর্যন্ত মন্ত্রী ছিলেন। রাজনৈতিক দলের নেতা হিসেবে এতদিন মন্ত্রী ছিলেন।

রাজনীতির কোনো সময়সীমা থাকা উচিত নয় মন্তব্য করে তিনি বলেন, যতক্ষণ আপনি সক্ষম থাকবেন এটা আপনার নিজের ওপর। যার যার নিজের ওপর নির্ভর করবে। তিনি যদি ‘রিটায়ারমেন্টে যাচ্ছি’ এমন অভিমত প্রকাশ করেন আর দলও যদি মনে করে অবসরে গেলে অসুবিধা নেই, তখন হতে পারে। অথবা তাকে ভিন্ন দায়িত্বে রাখা যায়, যেমন- উপদেষ্টা। উপদেষ্টাদের তো এমন কোনো কাজ নেই। এটা সম্মানজনক পদ, এটা তাকে দেওয়া হয়। একজন রাজনৈতিক নেতা সারাজীবন পলিটিক্স করে জীবনটাকে শেষ করে দিয়েছে। শেষ বয়সে এসে পলিটিক্সটা যদি করার সুযোগ না থাকে তাহলে তো মরার আগেই মরে যেতে হবে। করতে থাকুক, যে যতক্ষণ পারে করুক।

আগামী ডিসেম্বরে নিয়মানুযায়ী আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক।

-ঢাকা পোষ্ট।

বাদুরতলা ও নিউ মার্কেটে মেয়াদহীন পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন,অভিযানে জরিমানা

স্টাফ রিপোর্টার:

কু‌মিল্লা  নগরীর স্টেডিয়াম মা‌র্কেট, বাদুরতলা ও নিউমা‌র্কেট এলাকার ই‌লেকট্রনিক্স শো রুম, নিত‌্যপ‌ণ্যের বাজার ও হো‌টে‌লে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করে  মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বিক্রয় ও বিক্রয়ের উ‌দ্দেশ্যে সংরক্ষণ করায় বাদুরতলা এলাকার সুরভী স্টোর‌কে ৩ হাজার টাকা একই অ‌ভি‌যো‌গে উৎসব বেকা‌রি এন্ড সুইটস‌কে ৪ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ পণ‌্য জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

অব‌হেলা দ্বারা সেবা গ্রহীতার স্বাস্থ‌্যহানী ঘটা‌নো এবং নোংরা-অস্বাস্থ‌্যকর  মগে খাবার পা‌নি সরবরাহ করার অভি‌যো‌গে নিউমা‌র্কেট এলাকার আ‌রিফ হো‌টেল‌কে ৮ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

বুধবার (৭ সে‌প্টেম্বর)  সকাল ১০টা থে‌কে ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে  সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে এ অভিযান পরিচালিত হয় । এ অ‌ভিযা‌নে জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

এছাড়াও আজ উক্ত এলাকার টি‌ভি, ফ্রিজ ও হোম অ‌্যাপলা‌য়েন্স বিক্রয়কারী শো রুমগু‌লো‌তে মিথ‌্যা বিজ্ঞাপন দি‌য়ে ভোক্তা‌কে প্রতা‌রিত করা‌ হ‌চ্ছে কিনা সেটি দেখ‌তে বি‌শেষ তদার‌কি করা হয় এবং সকল‌কে ভোক্তা অ‌ধিকার আইন মে‌নে ব‌্যবসা প‌রিচালনার নি‌র্দেশনা দেওয়া হয়। পাশাপা‌শি নিউমা‌র্কেট এলাকার মাছ, মাংস, ডিম ও সবজির দোকা‌নেও তদার‌কি করা হয় এবং সকল‌কে ভোক্তা অ‌ধিকার লঙ্ঘণ না করার নি‌র্দেশনা দেওয়া হয়।

এসডিজি স্থানীয়করণ টুল ও পদ্ধতি নিয়ে কেসিসি কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে জিআইজেড বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:
জিআইজেড বাংলাদেশ এবং জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) যৌথ আয়োজনে গত ২ থেকে ৪ সেপ্টেম্বর খুলনায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) স্থানীয়করণে ব্যবহৃত বিভিন্ন টুলস এবং পদ্ধতি বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

নগরের হোটেল সিটি ইন-এ আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) কর্মকর্তারা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য ব্যবহৃত নগরের নিজস্বতার ওপর ভিত্তি করে কাস্টমাইজ করা বিভিন্ন টুল সম্পর্কে কেসিসি কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন কেসিসি, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রায় ৩০ জন কর্মকর্তা।

বর্তমানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নগর এলাকার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কারণে বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকার বেশ কিছু পরিকল্পনা প্রণয়ন করেছে যার মাধ্যমে ২০৩০ সালের ভেতর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তবে, এসব পরিকল্পনার সঠিক বাস্তবায়নের জন্য স্থানীয় পর্যায়ের চাহিদা ও প্রেক্ষাপট সংযোজন করা প্রয়োজন। বাংলাদেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে এসডিজি স্থানীয়করণের লক্ষ্যে বিভিন্ন টুলস ও পদ্ধতির আধুনিকায়ন করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার উদ্দেশ্যে কর্মশালায় এই টুল ও পদ্ধতিগুলো প্রয়োগ করা হয়।

প্রশিক্ষণ কর্মশালাটিতে এসডিজি অর্জনের জন্য স্থানীয় সরকারের ভূমিকা, স্টেকহোল্ডার এনালাইসিস এবং এংগেজমেন্টের জন্য বিভিন্ন টুল, স্থানীয় কার্যক্রমকে সহায়তা করতে রিসোর্স মোবিলাইজ করার উপায়সমূহ এবং স্থানীয় সরকার পর্যায়ে জলবায়ু পরিবর্তন ও অভিযোজন সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় ।

অনুষ্ঠানের প্রধান অতিথি এবং খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এ সময় বলেন, “২০৩০ সালের মধ্যে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য উন্নয়ন পরিকল্পনায় এসডিজির অন্তর্ভুক্তিকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক সালেহ আহমেদ মুজাফফর তার বক্তব্যে স্থানীয় সরকার কর্মকর্তাবৃন্দের দক্ষতা বৃদ্ধির জন্য এনআইএলজি কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

জিআইজেড বাংলাদেশের আইসিআইসিএফ প্রকল্পের প্রধান পরামর্শক ড. ফেরদৌস আরা হোসেন বলেন, “জলবায়ু পরিবর্তন এবং এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশ সরকারের অগ্রাধিকার ভিত্তিতে গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে সহায়তা করছে জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশন।”

২০৩০ সালের ভেতর এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য স্থানীয় সরকার পর্যায়ে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে থাকে। এ লক্ষ্যে, জিআইজেড বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত ‘ইমপ্রুভড কোঅর্ডিনেশন অব ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্স’ (আইসিআইসিএফ) প্রকল্পটি এনআইএলজি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) এর সাথে কাজ করে যাচ্ছে।

এশিয়া ও বিশ্বকাপ ২০২২: আবারো রাকুতেন ভাইবারের ক্রিকেট ফিয়েস্তা

 

ডেস্ক রিপোর্ট:
এ বছর ক্রিকেট ফ্যানদের ভিন্নধর্মী অভিজ্ঞতা প্রদানে তাদের জন্য মজাদার নানা কর্মসূচি নিয়ে আসবে রাকুতেন ভাইবার। ক্রিকেট ভাইবস চ্যানেলের মাধ্যমে মেসেজিং অ্যাপটি বাংলাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেটের সাথে নিজেদের সম্পৃক্ত করেছে। ‘ক্রিকেট টকস’ এর বেশ কিছু এপিসোড (পর্ব) সহ অংশগ্রহণমূলক ফ্যান কুইজ এবং ক্রিকেট সুপারবট চালুরও পরিকল্পনা রয়েছে ভাইবারের। নতুন সুপারবটটি হবে অটোমেটেড ফিচারসমৃদ্ধ, যা খুব শিগগিরই চ্যানেলটিতে যুক্ত হবে; যেখানে ক্রিকেটপ্রেমীরা ম্যাচের সময়সূচি (যা আসন্ন ক্রিকেট ম্যাচ সম্পর্কে ফ্যানদের জানাবে), লাইভ আপডেট এবং ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী সহ অনেক কিছু জানতে পারবেন।

ক্রিকেট উত্তেজনাকে আরও রোমাঞ্চপূর্ণ করে তুলতে, ক্রিকেটপ্রেমীদের জন্য ক্রিকেট সুপারবটে মাসব্যাপী একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে। সেপ্টেম্বরে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ফ্যানরা সঠিকভাবে ক্রিকেট ট্রিভিয়া’র প্রশ্নগুলোর উত্তর প্রদানের মাধ্যমে পয়েন্ট অর্জন ও জমাতে পারবেন।

দেশে ক্রিকেটের জনপ্রিয়তাকে আরও বাড়াতে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের নিয়ে এর আগেও নানা ক্যাম্পেইন আয়োজন করেছে ভাইবার। এ বছরের শুরুতে ভাইবার ও ডায়লগের মাধ্যমে ভাগ্যবান ক্রিকেটপ্রেমীরা স্টেডিয়ামে বসে শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ সরাসরি উপভোগের সুযোগ পান।

এ নিয়ে রাকুতেন ভাইবারের অ্যাপেক অঞ্চলের সিনিয়র ডিরেক্টর ডেভিড সে বলেন, “ক্রিকেট নিয়ে আমাদের আগের ক্যাম্পেইনগুলো সফল হয়েছে; এ বিষয়টিই যৌথ সহযোগিতার মাধ্যমে ফ্যানদের জন্য আকর্ষণীয় ও নানান ফিচারসমৃদ্ধ ক্যাম্পেইন চালু করতে আমাদের অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের ফ্যানরা কীভাবে প্রতিক্রিয়া দেখায় বা কীভাবে তাদের পছন্দের দল ও খেলোয়ারদের সমর্থন করে এটা খেলার প্রতি শুধু তাদের নিবেদনেরই বহিঃপ্রকাশ নয়, পাশাপাশি এটা প্রমাণ করে বাংলাদেশি ফ্যানরা কতোটা উদ্যমী। এ বিষয়টি আমাদের উদ্ভাবনে অনুপ্রাণিত করার পাশাপাশি স্টিকার প্যাক, লেন্স, স্পেশাল চ্যানেল সেগমেন্ট ও নানা বিষয় নিয়ে আসতে উদ্বুদ্ধ করে। ধীরে ধীরে যে ফ্যানবেইজ তৈরি হয়েছে তাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং এর অংশ হতে পেরে আমরা সম্মানিতবোধ করছি।”

এশিয়া কাপ ক্রিকেট ও আসন্ন ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ভাইবার এর ক্রিকেট ভাইবস চ্যানেলে বিশেষজ্ঞদের নিয়ে এসে খেলার ভবিষ্যদ্বাণী ও ম্যাচ পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার আয়োজন করবে। চলতি মাসের ২০ আগস্ট খেলাপ্রেমীদের পছন্দের ফারভিজ মাহারুফ ও আরিফুল রনি ক্রিকেট টকস এর এক্সক্লুসিভ এপিসোড এ বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদের সাথে আলোচনায় অংশ নেন। চ্যানেল মেম্বাররা ক্রিকেট ভাইবস চ্যানেলের নতুন পর্বে বাঁ-হাতি ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসেকে অতিথি হিসেবে প্রত্যাশা করছেন। ফ্যানরা ক্রিকেট ভাইবস চ্যানেল ও ক্রিকেট সুপারবট এ যুক্ত হয়ে প্রতিদিনের খেলার আপডেট, এক্সক্লুসিভ কনটেন্ট সহ বিভিন্ন বিষয় জানতে পারবেন।

অলরাউন্ড পারফরমেন্সের জন্য অত্যাধুনিক কুলিং সিস্টেমের রিয়েলমি জিটি মাস্টার এডিশন

 

ডেস্ক রিপোর্ট:
স্মার্টফোন ও প্রযুক্তিপ্রেমী মানুষদের জন্য তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি ফাইভজি প্রযুক্তি সমর্থিত রিয়েলমি জিটি মাস্টার এডিশন স্মার্টফোনটি উন্মোচন করেছে। স্মার্টফোনটির দুর্দান্ত ফিচারগুলোর মধ্যে রয়েছে- এর অনন্য সুটকেস থেকে অনুপ্রাণিত ডিজাইন, শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭৭৮জি ফাইভজি প্রসেসর এবং অত্যাধুনিক ভেপার চেম্বার কুলিং সিস্টেম; একসাথে এই সবগুলো ফিচার ব্যবহারকারীদের অভূতপূর্ব অভিজ্ঞতা দিবে।

রিয়েলমি ব্র্যান্ডটির সবচেয়ে এক্সক্লুসিভ ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর মধ্যে অন্যতম জিটি মাস্টার এডিশন সিরিজ। জাপানের বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার নাওতো ফুকাসাওয়ার সুটকেস থেকে অনুপ্রাণিত ডিজাইনের কারণে স্মার্টফোনটি দেখতে দুর্দান্ত, হাত থেকে পিছলে যাবে না এবং এতে সহজে স্ক্র্যাচও পরবে না। দৃঢ়তার প্রত্যয়ে উদ্বুদ্ধ হয়ে চমৎকারভাবে ডিজাইন করা এ ফোনে ব্যবহার করা হয়েছে বিশেষ ‘ভেগান লেদার,’ এর ফলে ব্যবহারকারীদের সামনে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতার নতুন এক দিগন্ত উন্মোচিত হবে।

ভিডিও দেখা এবং গেমিং অভিজ্ঞতাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে স্মার্টফোনটিতে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ১২০ হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও, ৬৫ ওয়াটের সুপারডার্ট চার্জ সিস্টেমের কারণে ৩৫ মিনিটেরও কম সময়ে চার্জ হবে স্মার্টফোনটির ৪,৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। পাশাপাশি, নিখুঁত ও ঝকঝকে ছবির জন্য স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী ও ইন্টেলিজেন্ট ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, সাথে রয়েছে স্ট্রিট ফটোগ্রাফি ফিল্টার। ফলে, এখন ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে ফটোগ্রাফি করতে পারবেন। জীবনের গুরুত্বপূর্ণ সব মুহুর্তের ছবিগুলোকে ক্যামেরাবন্দী করতে ফ্ল্যাগশিপ এই ফোনটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা। ডিভাইসটির আলট্রা-সুইফট পারফরম্যান্স নিশ্চিত করতে এটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি ফাইভজি প্রসেসর। এটির ফাইভজি চিপসেট ম্যাচলেস স্পিডের ক্ষেত্রে ৬ এনএম পর্যন্ত সক্ষমতা পেতে পারে, যা জিটি মোড চালু করার মাধ্যমে সর্বোচ্চ সীমায় পৌঁছাবে।

গেমিংয়ের ক্ষেত্রে প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিতে স্মার্টফোনটিতে তাপ নির্গমন কার্যকরী ভেপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও চমকপ্রদ করতে জিটি মাস্টার এডিশনে অন্যান্য ফিচারের সাথে যুক্ত করা হয়েছে- ইনটেলিজেন্ট এডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি, ইউনিফাইড কন্ট্রোল অব সিস্টেম রিসোর্সেস এবং স্পেশাল সিনারিও অপটিমাইজেশন। ডিভাইসে এই আধুনিক প্রযুক্তিগুলোর সমন্বয় ঘটার কারণে, ফোনটি দীর্ঘসময় ব্যবহার করলেও ফোনের তাপ অনুভব করবেন না ব্যবহারকারীরা। একটি মিড-রেঞ্জের স্মার্টফোন থেকে ক্রেতারা যা চান তার সবই আছে রিয়েলমি জিটি মাস্টার এডিশনে। আকর্ষণীয় ও শক্তিশালী পারফরমেন্সের এই স্মার্টফোনটি এখন পাওয়া যাচ্ছে মাত্র ৩৪,৯৯০ টাকায় (+ভ্যাট)। যারা মিড-রেঞ্জের মধ্যে অলরাউন্ড স্মার্টফোনের খোঁজ করছেন, এই ফোনটি তাদের চাহিদা পূরণে সক্ষম হবে।

মুরাদনগরে সিভিল সার্জনের সার্টিফিকেট চাওয়ায় ইউপি সচিবকে মারধর ! আহত ৪

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগরে জন্ম নিবন্ধনের আবেদনের সাথে সিভিল সার্জনের সার্টিফিকেট চাওয়ায় ইউপি সচিবকে মারধরের ঘটনা ঘটেছে। এসময় সেবা প্রত্যাশী ও ইউনিয়ন পরিষদের লোকজনের মারামারিতে দু’পক্ষের ৪ জন আহত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার ধামঘর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, ওই ইউনিয়নের রামনগর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মোঃ করিম হোসেন তার ছোট ভাই আঃ রহিম, বোন সালেহা বেগম ও ভাগিনা সিয়াম গাজীকে নিয়ে পুরনো জন্ম নিবন্ধন থেকে বয়স বাড়িয়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের সার্টিফিকেটসহ একটি আবেদন নিয়ে যায় ইউপি সচিবের কাছে। এসময় বয়স বেশি হওয়ায় সিভিল সার্জনের সার্টিফিকেট নিয়ে আসার পরামর্শ দেন ইউপি সচিব নাইম সরকার। তখন সেবা প্রত্যাশী করিম হোসেন ও ইউপি সচিব নাইম সরকরের মধ্যে বাকবিতন্ডা তৈরি হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে ইউপি সচিব নাইম সরকারকে ঘুষি মারে করিম হোসেন। বিষয়টি দেখতে পেয়ে উপস্থিত ইউপি সদস্য রাসেল মিয়া, স্থানীয় লোকজনসহ করিম হোসেন ও তার সাথে থাকা লোকদেরকে আটকাতে গেলে দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এসময় ইউপি সদস্য রাসেল মিয়া, স্থানীয় আরাফাত চৌধুরী, সেবা প্রত্যাশী করিম হোসেন তার ছোট ভাই আহত হয়।

ধামঘর ইউনিয়ন পরিষদের ইউপি সচিব নাইম সরকার বলেন, করিম হোসেন আমার কাছে কয়েকটি আবেদন  নিয়ে আসে। তখন সেখানে দেখি সবারই বয়সের সমস্যা, আমি তাকে নিয়ম অনুযায়ী কুমিল্লা সিভিল সার্জনের সার্টিফিকেট নিয়ে আসতে বললে সে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে আসা সার্টিফিকেট নিয়ে আমার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। বাকবিতন্ডার এক পর্যায় সে আমাকে ঘুষি মারে, তখন ইউপি সদস্য রাসেল মিয়াসহ উপস্থিত সেবা প্রত্যাশীরা আমাকে বাচাতে আসলে তাদের কেউ মারধর করে করিম হোসেন ও তার লোকজন।

তবে সেবা প্রত্যাশী করিম হোসেন বলেন, নানা অযুহাতে আমাকে তিন মাস ঘুরানোর পর আমি স্বাস্থ্য কমপ্লেক্সের সার্টিফিকেটসহ আবেদন নিয়ে গেলে সচিব সাব আমারে জানায় কুমিল্লা থেকে কাগজ আনতে হবে। তখন আমি উনার কাছে জানতে চাই আর কোন কাগজ লাগবে কি না। তিনি কোন উত্তর না দিয়ে আমার হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নেয়। হঠাৎ পেছন থেকে রাসেল মেম্বার আমাকে মারধর শুরু করে এক পর্যায় আমি গিয়ে সচিব সাবের উপরে পরি। আমি উনাকে মারধর করিনি, এসময় রাসেল মেম্বার ও তার লোকজন আমার মাথা ফাটানোসহ ছোট ভাই, বোন, ভাগিনাকে আহত করে।

ধামঘর ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, আমি আমার রুমে বসে জন্ম নিবন্ধনের কাগজে স্বাক্ষর করছিলাম। পরে শুনি করিম হোসেন কোন প্রকার সিরিয়াল না মেনে রুমের ভিতরে প্রবেশ করে সচিবের সাথে বাকবিতন্ডা করছে। এক পর্যায় সে সচিবের গায়ে হাত তুললে সেখানে থাকা সেবা প্রত্যাশীরা তাদেরকে আটকানোর চেষ্টা করে। তাদেরকে কেউ ইচ্ছাকৃত ভাবে মারধর করেনি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরুড়ায় আদালতের রায়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়ায় ব্যাক্তি মালিকানাকাধীন জায়গা অবৈধভাবে দখল মুক্ত করতে আদালতের রায় অনুযায়ী দখল উচ্ছেদ পরিচালনা করেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান।

মঙ্গলবার(৬ সেপ্টেম্বর) দুপুরে বরুড়া পৌর এলাকার ঝলম সড়কে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
সরে জমিনে গিয়ে দেখা যায়,মঙ্গলবার দুপুরে কুমিল্লার বরুড়া পৌরসভার ঝলম সড়কে বিবাদী মালেকের বাড়িতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উল্লেখ্য,বরুড়া পৌরসভাস্থ মৃত মোসলেম মিয়ার স্ত্রী মাজেদা খাতুনের ৭ শতক ভূমি প্রতিবেশী আব্দুল মালেক জোর পূর্বক দখল করে বাড়ি নির্মান করে দীর্ঘদিন দখন করে রেখেছে।এ বিষয়ে মাজেদা খাতুন ১৯৯৬ সালে কুমিল্লার আদালতে মামলা দায়ের করলে ২০১৩ সালে মাজেদা খাতুনের পক্ষে আদালত রায় দেয়।রায় দেওয়ার পর বিভিন্ন আপিলের প্রেক্ষিকে দখলকৃত ভূমি উচ্ছেদ হয় নি।গত কিছুদিন পূর্বে আদালত পূরনায় মাজেদা খাতুনের পক্ষে রায় দিয়ে জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেয়।

এ বিষয়ে বরুড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান বলেন,আদালতের রায় অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে”। সহযোগীতা করেন স্থানীয় পুলিশ প্রশাসন।