All posts by jitu

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ভটভটি চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে ভটভটি চাপায় মুসাদ্দিক আলম নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) দুপুর পৌনে ১টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের সুবেদারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুসাদ্দিক উপজেলার শুভপুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার দুপুরে চলন্ত অটোরিকশা থেকে ছিটকে পড়ে ভটভটি চাপায় শিশু মুসাদ্দিক গুরুতর আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় ছয়ঘরিয়া গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

আবারো কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে

 

ডেস্ক রিপোর্টঃ

আবারো কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের সাবেক নেতা উদবাতুল বারী আবুকে আহ্বায়ক ও ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করে ২৫ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে জসিম উদ্দিন (ভিপি জসিম), রাজিউর রহমান রাজিব, আতাউর রহমান ছুটি, মামুনুর রশিদ মজুমদার, এডভোকেট হোসেন মিয়া, শহিদুল্লাহ রতন, শাওকত আলী বকুল, মাহবুবুর রহমান দুলাল (ভিপি দুলাল), নজরুল ইসলাম (ভিপি নজরুল), আবদুল জলিলের নাম রয়েছে।

সদস্য হিসেবে আছেন- সৈয়দ জাহাঙ্গীর আলম, ফরিদ আহম্মদ, কাউসার জামান বাপ্পি, মুজিবুর রহমান কামাল, আবদুর রহমান, মনিরুল ইসলাম বাচ্চু (ভিপি বাচ্চু), জলিস আবদুর রব, রায়হান রহমান হেলেন, জামাল হোসেন, রিয়াজ খান রাজু, নাজমুল হক, নেছার আহমেদ রাজু, মনির হোসেন পারভেজ।

এর আগে চলতি বছরের ৩০ মে সন্ধ্যায় আমিরুজ্জামান আমিরকে আহ্বায়ক ও ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করে ৪৪ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। পরে রাত সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলন করে ওই কমিটির আহ্বায়ক পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন আমিরুজ্জামান আমীর। এতে আহ্বায়কের পদটি শূন্য হলে ৭ জুন সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে ওই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত আলী বকুলকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।

দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) দেবিদ্বার পৌরসভার আলীয়াবাদ এলাকায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এসময় ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন যুগান্তরের স্টাফ রিপোর্টার সাংবা‌দিক আবুল খা‌য়ের।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ১৪৪ ধারা জারি

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ বুধবার দুপুরে একই স্থানে সদর দক্ষিণ বিএনপি ও ছাত্রলীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় এ নির্দেশনা দেয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ।

প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও দলীয় নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে সদর দক্ষিণ উপজেলা বিএনপি সমাবেশ ডাকে। এদিকে সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগ বিএনপির সমাবেশ প্রতিহত করার জন্য পাল্টা সমাবেশ ডাকেন। একই সময়ে একই স্থানে উপজেলা ছাত্রলীগ সমাবেশ ডাকলে সকাল থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। প্রশাসন ওই ঝামেলা এড়াতে বুধবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত শুয়াগাজী বাজার হতে আশপাশ এলাকায় সব ধরনের সভা ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করে।

ইউএনও শুভাশিস ঘোষ বলেন, একই স্থানে দুটি পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। এই সময়ে শুয়াগাজী বাজার হতে আশপাশ এলাকায় সব ধরনের সভা ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ নিয়ে সদর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী বলেন, পূর্ব জোড়কানন ও পশ্চিম জোড়কানন ছাত্রলীগের ছেলেরা শুয়াগাজী বাজারে সমাবেশ ডেকেছে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ‘সুয়াগাজীতে আমাদের পূর্ব নির্ধারিত সমাবেশ ছিল। প্রশাসন ওই স্থানে ১৪৪ ধারা জারি করায় স্থান পরিবর্তন করে আমার বাড়ির পাশে সদর দক্ষিণ উপজেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ করছি।’

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত বিল্লাল বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় একইদিনে ৩ শিশুর মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে কসবা উপজেলায় দুজন ও সরাইলের একজন রয়েছে। বুধবার (৩১ আগস্ট) পৃথক সময়ে এ দুর্ঘটনা ঘটে।

দুপুরে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের খোওড়ায় পুকুর থেকে দুই শিশু এবং বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তিনঘর এলাকায় পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

মারা যাওয়া শিশুরা হলো খেওড়া গ্রামের রবিন মিয়ার মেয়ে আলেয়া আক্তার ও রাজীব মিয়ার মেয়ে জান্নাত আক্তার। তাদের দুজনেরই বয়স চার বছর। এছাড়া শাহবাজপুরের তিনঘর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোশাররফ (৩) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

কসবা খেওড়া গ্রামের স্থানীয়রা জানান, বাড়ির সদস্যরা নতুন ঘর নির্মাণ নিয়ে ব্যস্ত ছিলেন। তাদের অজান্তে আলেয়া ও জান্নাত গোসল করতে বাড়ির পাশের পুকুরে যায়। একপর্যায়ে তারা একসঙ্গে পানিতে ডুবে মারা যায়। পরে তাদের মরদেহ ভেসে ওঠে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর জানা যায় শিশুদের দাফন সম্পন্ন হয়ে গেছে।

এদিকে, সরাইলে মোশাররফ হোসেন (৩) নামের এক শিশু মায়ের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে ডুব দেওয়ার পর নিখোঁজ হয়। বিকেলে তার মরদেহ ভেসে ভেসে ওঠে।

সরাইল থানার ওসি আসলাম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে৷

বিএনপি-জামায়াত এদেশের স্বাস্থ্যসেবা ধ্বংস করেছে: স্বাস্থ্যমন্ত্রী

 

চান্দিনা প্রতিনিধিঃ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, ‘বিএনপি-জামায়াত এদেশের স্বাস্থ্যসেবা ধ্বংস করেছে, মানুষকে পুড়িয়ে মেরেছে আর জননেত্রী শেখ হাসিনার সরকার স্বাস্থ্য খাতে অভাবনীয় উন্নতি সহ মানুষের চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করেছেন।’

বুধবার (৩১ আগস্ট) দুপুরে দুই দিনের কুমিল্লা সফরের প্রথম দিনে চান্দিনা উপজেলার পানিপাড়া পশ্চিম পাড়া ঈদগাহ মাঠে ‘নূরননেসা-মামিনুল কমিউনিটি ক্লিনিক’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আমলে একটি মেডিকেল কলেজ হাসপাতালও প্রতিষ্ঠা করতে পারেনি, একজন ডাক্তারও নিয়োগ দিতে পারেনি বরং মানুষের চিকিৎসার প্রথম ধাপ কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছে। তারা ধ্বংসের রাজনীতিতে বিশ্বাসী আর জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।

তিনি বলেন, এদেশের স্বাধীনতা বিরোধী শক্তিরাই ‘৭৫ এর ১৫ আগস্ট জাতির জনককে স্বপরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে শারীরিক ভাবে হত্যা করলেও তাঁর স্বপ্নকে হত্যা করতে পারিনি। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছেন। যারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আজ তারাই দিনে দিনে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।

দেশের জ্বালানি তেল ও দ্রব্যমূল্য সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক ভাবে সকল দ্রব্যমূল্য তিনগুণ বৃদ্ধি পেয়েছে, আমাদের যাতে শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পড়তে না হয় সেজন্য আগাম ব্যবস্থা নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এখন ধীরে ধীরে তা কমিয়ে আনাও হচ্ছে। এসময় দেশের উন্নয়নে আগামী নির্বাচনের জন্য স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহা ব্যবস্থাপক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার ফাতেমা রহমান, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, স্বাগত বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব সাইদুর রহমান, নাজমুল হক খান, সাইফুল্লাহ হিল আজম, স্বাস্থ্য অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, মহাপরিচালক (মেডিকেল এডুকেশন) অধ্যাপক ডা. একেএম আমিরুল মোরশেদ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম, চান্দিনা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, সিনিয়র সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খান, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান, সূধীজন প্রমুখ।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের মহা ব্যবস্থাপক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম এর নিজ বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপাড়া গ্রামে তাঁর মা নূরননেসা ও বাবা মামিনুল এর নামে সরকারি অর্থায়নে ‘নূরননেসা-মামিনুল কমিউনিটি ক্লিনিক’ প্রতিষ্ঠা করেন। স্বাস্থ্য মন্ত্রী ও তাঁর সফরসঙ্গীগণ দুপুরে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)-এর উদ্দেশ্যে রওয়ানা করেন। বৃহস্পতিবার বিকেলে তিনি কুমিল্লা ত্যাগ করবেন।

ছাত্রদল অপকর্ম করলে কথা নেই, ছাত্রলীগের একটু কিছু হলেই বড় নিউজ: প্রধানমন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

অনুপ্রবেশ নিয়ে ছাত্রনেতাদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ছাত্রলীগকে সংগঠিত করার সময় গ্রুপ ভারী করতে আলতু ফালতু লোক দলে ঢোকালে চলবে না। তাতে নিজেদের, দলের এবং দেশের বদনাম হয়।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের পেছনে লোক লেগেই আছে এবং লেগেই থাকবে। ছাত্রদল কত অপকর্ম করে গেছে সেটা নিয়ে কথা নেই। কিন্তু ছাত্রলীগের একটু কিছু হলেই বড় নিউজ। সেজন্য নিজেদেরই ঠিক থাকতে হবে।

বুধবার (৩১ আগস্ট) বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

দেশের সব আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারী ছাত্রলীগ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, আমি জানি ছাত্রলীগ সম্পর্কে অনেক কথা লেখা হয়। এতবড় একটা সংগঠন আর আমরা ক্ষমতায় আছি বলে অনেকেই ভেতরে ঢুকে যায় এবং নিজেরাই গোলমাল করে। বদনামটা পড়ে ছাত্রলীগের ওপর।

এসময় প্রধানমন্ত্রী ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ব্যক্তিগত স্বার্থ ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে ত্যাগ স্বীকার করে এগিয়ে গেলেই নিজেদের প্রকৃত নেতা হিসেবে গড়ে তুলতে পারবে।

তিনি বলেন, চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে ত্যাগ স্বীকার করে এগোতে পারলে সঠিক নেতা হিসেবে নিজেকে গড়ে তোলা যায়। কিন্তু গড্ডালিকা প্রবাহে অর্থ সম্পদের পেছনে ছুটলে ওই অর্থ সম্পদেই ভেসে যেতে হয়। তাতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও থাকে না, দেশ এবং মানুষকেও কিছু দেওয়া যায় না।

প্রধানমন্ত্রী বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের মানবতার সেবার পাশাপাশি লেখাপড়া শিখতে হবে। ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি আমি চাই। চতুর্থ শিল্পবিপ্লব আসবে এবং সেজন্য আমাদের আজকের প্রজন্ম বা প্রজন্মের পর প্রজন্ম নিজেদের প্রস্তুত করবে।

তিনি বলেন, এখন তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞানের যুগ। এর সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাদীক্ষায় উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। কেননা দেশ চালাতে গেলে শিক্ষা ও জ্ঞানের প্রয়োজন রয়েছে। তেমনি ইতিহাস জানতে হবে এবং দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে।

শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের খুনিদেরই শুধু এদেশে পুরস্কৃত করা হয়নি, ৭ মার্চের ভাষণকে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে স্বাধীনতার পুরো ইতিহাসটা মুছে ফেলে দিয়ে আবিষ্কার হলো এক মেজর হুইসেল দিলেন আর দেশ স্বাধীন হয়ে গেল। আর এজন্য সংগ্রামের যে পথ ও ইতিহাস সেটা তাদের জানা নেই। তাই আমি বলবো, ছাত্ররাজনীতি করতে হলে ইতিহাস জানতে হবে।

তিনি বলেন, ইতিহাস না জানলে শিক্ষা নেওয়া যায় না। ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। আগামী দিনে চলার পথ তৈরি করতে হয়। যদিও ইতিহাসের একইরকম পুনরাবৃত্তি ঘটবে না, তবে সময়ের বিবর্তনে সেটা আসবে। আন্দোলন-সংগ্রাম করেছি বলেই আমরা সেটা জানি।

প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির পিতার আদর্শ বুকে নিয়ে তার হাতে তৈরি করা সংগঠন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি, আমাদের উন্নত বাংলাদেশ গড়তে হবে। আর সারা বাংলাদেশে একটি মানুষ ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী এজন্য ছাত্রলীগ নেতা-কর্মীদের নিজ নিজ এলাকার ভূমিহীন-গৃহহীনদের তথ্য সংগ্রহ করে তাকে দিতে বলেন, যেন তিনি তাদের জন্য গৃহনির্মাণ করতে পারেন।

তিনি বলেন, একেবারে গ্রাম থেকে যেন উন্নয়ন হয় সেই লক্ষ্য অর্জনে এবং আগামী দিনে বাংলাদেশ পরিচালনায় অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ একজন প্রকৃত দেশপ্রেমিক হিসেবে স্বাধীনতার আদর্শে নিজেকে গড়ে তুলতে হবে। যেন সঠিক নেতৃত্ব দেওয়া যায়। ধন-সম্পদ, টাকা-পয়সা এগুলো কাজে লাগে না। করোনার সময় অনেক ধনী মানুষের টাকার পাহাড়ও কাজে লাগে নাই। এটা মাথায় রাখতে হবে। এটাই বাস্তবতা, এটাই সত্য।

এসময় প্রধানমন্ত্রী দেশের প্রকৃত ইতিহাস জানার পাশাপাাশি জ্ঞান আহরণে জাতির পিতার লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা,’ এবং ‘আমার দেখা নয়া চীন’পড়তে ছাত্রলীগ নেতা-কর্মীদের আহ্বান জানান। পাশাপাশি জাতির পিতাকে নিয়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে লেখা সিক্রেট ডকুমেন্ট সিরিজের বইগুলো পড়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

শেখ হাসিনা দেশে খাদ্য উৎপাদন বাড়াতে ছাত্রলীগের নেতা-কর্মীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। কেননা বিশ্ব আরও গভীর খাদ্য সংকটের সম্মুখীন হতে পারে। তিনি বলেন, প্রয়োজন হলে ছাত্রলীগকে ধানের চারা রোপণে সাহায্য করতে হবে, যেভাবে তারা কোভিড-১৯ সময়কালে ধান কাটার সময় সাহায্য করেছিল। তিনি বিদ্যুৎ, পানি এবং জ্বালানি ব্যবহারেও ছাত্রলীগ নেতা-কর্মীদের সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়। এতে বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, মহানগর দক্ষিণের সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জীব চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সভা সঞ্চালনা করেন।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ছাত্রলীগের দুটি প্রকাশনা ‘মাতৃভূমি’ এবং ‘জয়বাংলার’ মোড়ক উন্মোচন করেন। সভার শুরুতে জাতির পিতা ও বঙ্গমাতাসহ পঁচাত্তরের ১৫ আগস্টের শহীদ এবং ৫২’র ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

স্কুলছাত্রীদের ইভটিজিংয়ে বাধা দেওয়ায় মা-ছেলেকে বেদম মারধর

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের কচুয়ার ভূঁইয়ারা গ্রামে স্কুলছাত্রীদের ইভটিজিংয়ে বাধা দেওয়ায় এক স্কুলছাত্র ও তার মাকে বেদম মারধর করেছে বখাটেরা।

এ ঘটনায় গুরুতর আহত আহাদ ও তার মা খোরশেদা বেগম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন খোরশেদা বেগম বলেন, একই গ্রামের প্রতিবেশী সোলেমান মিয়ার ছেলে হৃদয় স্কুলছাত্রীদের বিভিন্ন সময় উত্ত্যক্ত করে। এ ঘটনায় আমার ছেলে প্রতিবাদ করে ও তাকে বাধা দেয়। এর জেরে সোমবার বিকালে আমার ছেলেকে প্রতিবেশী বাবুল, সোলেমান, জহির, হৃদয়সহ বেশ কয়েকজন বেদম মারধর করে। পরদিন মঙ্গলবার সকালে বিচার চাইতে গেলে তারা আমাকেও বেদম মারধর করে।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, স্কুলছাত্র আহাদ ও তার মাকে মারধরের বিষয়টি জেনেছি।

তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রবাসী গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীল কোম্পানীেঞ্জের চরফকিরা ইউনিয়নে বিয়ের প্রলোভনে তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে এক মালেশিয়া প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা চরফকিরা ইউনিয়ন থেকে তাকে গ্রেতার করে পুলিশ। এর আগে,গেত রোববার এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে চারজনকে আসামিকে করে নারীও শিশু নির্যাকন দমন আইনে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আশিকুর রহমান আশিক (২৩) উপজেলার চরফকিরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জাগিদার বাড়ির ছানা উল্যার ছেলে।

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভিকটিম তার খালার বাসায় ৬/৭ বছর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে। অভিযুক্ত আশিক মালয়েশিয়া প্রবাসী। ৪ বছর আগে তার মা-বাবা ভিকটিমসহ তার পরিবারকে জানায় তাদের ছেলে মালয়েশিয়া একটি মেয়ের সাথে সম্পর্ক গড়ে তুলেছে। তাকে ওই মেয়ের কাছ থেকে ফিরিয়ে আনার জন্য সাহায্য করতে হবে। তখন তরুণী তাদের কথা সরল মনে বিশ্বাস করে তার মা-বাবার মাধ্যমে তার সাথে মোবাইলে যোগাযোগ শুরু করে। যোগাযোগের এক পর্যায়ে আশিক তাকে বিয়ে করার প্রস্তাব দিলে তরুণী রাজি হয়। গত ১৮ আগস্ট সে মালয়েশিয়া থেকে দেশে আসে। একপর্যায়ে গত ২৩ আগস্ট রাত ১১টার দিকে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এর কয়েক দিন পর তার খালার বাড়িতে কেউ না থাকার সুবাদে বিয়ে করে আশ্বাস দিয়ে দুই দিন তাকে ধর্ষণ করে। তারপর তাকে নির্যাতিতা তরুণী বিবাহের জন্য বললে সে বিভিন্ন অজুহাতে তালবাহানা করে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে নারীও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত যুবকসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় বুধবার সকালে আসামিকে গ্রেফতার করা হয়। পরে একই দিন দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।