All posts by jitu

নোয়াখালীতে ৭ হাজার ইয়াবাসহ নারী আটক

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে ৭ হাজার ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃত আসমা বেগম (৩০) সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের ইউনুছের স্ত্রী।

জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার পুরাতন পুলিশ কোয়ার্টার থেকে ওই নারীকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে ৭ হাজার পিস ইয়াবা ও ৮ গ্রাম আইচ উদ্ধার করা হয়।

সোমবার রাতে জেলা মাদক অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃত নারী ও তার স্বামী দীর্ঘদিন কক্সবাজার উখিয়া থেকে মাদক এনে বিভিন্ন স্থানে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তার স্বামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ সময় তার স্বামী ইউনুছ টের পেয়ে পালিয়ে যায়।

নিউইয়র্কে লেকের পানিতে ডুবে কুমিল্লার শ্যালক-ভগ্নিপতির মৃত্যু

স্টাফ রিপোর্টার:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি লেকের পানিতে ডুবে শ্যালক-ভগ্নিপতির মৃত্যু হয়েছে। রোববার নিউইয়র্কের টাউন অব বেথেলের হোয়াইট লেকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের গ্রামের বাড়ি কুমিল্লায়।

কুমিল্লার বরুড়া উপজেলার পেড্ডা গ্রামের রুহুল আমিনের বড় মেয়ের স্বামী আফরিদ হায়দার (৩৩) ও তার ছোট ছেলে বাছির আমিন (১৮)। নিহত আফরিদ হায়দারের গ্রামের বাড়ি নোয়াখালীতে। এ ঘটনায় রুহুল আমিনের ছোট মেয়ে নাছরিন আমিন মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার দুপুরে নিউইয়র্কে বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশানের সাধারণ সম্পাদক বদরুল হক আজাদ জানান, শনিবার রুহুল আমিন পুরো পরিবার নিয়ে টাউন অব বেথেলে অবসর যাপনে যান। রোববার দুপুরে রুহুল আমিনের মেয়ের জামাই আফরিদ পাশের হোয়াইট লেকে গোসল করতে নামেন। এসময় হঠাৎ করেই আফরিদ পানিতে তলিয়ে যায়। দুলাভাই আফরিদকে বাঁচাতে শ্যালক বাছির পানিতে ঝাঁপিয়ে পড়েন। তাদের দুজনকে বাঁচাতে এগিয়ে যান রুহুল আমিনের ছোট মেয়ে নাছরিন। এতে তিনজনই লেকের পানিতে তলিয়ে যায়। তবে তাদের কেউ জানতেন না লেকে পানি এত গভীর, এতে সাঁতার না জানায় শ্যালক দুলাভাই উঠতে না পারলেও শ্যালিকা কোনো রকম বেঁচে যান। এ সময় লেকের পাড় থেকে মেয়ের জামাই, নিজের ছেলে-মেয়েকে বাঁচাতে ঝাপিয়ে পড়েন রহুল আমিনের স্ত্রী রাহেলা আমিন। এতে তাদের শেষ রক্ষা হয়নি। নিহত দুজনকে নিউইয়র্কেই দাফন করা হবে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় নিহতদের পরিবার এবং স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

কুমিল্লায় আ’লীগের বাঁধার মুখে বিএনপির সমাবেশ পন্ড, ধাওয়া পাল্টা ধাওয়া

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাসে আওয়ামী লীগের বাধার মুখে পণ্ড হয়েছে উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ কর্মসূচি। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। তিতাস উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বন্দরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। পূর্ব নির্ধারিত কর্মসূচি আনুযায়ী সকাল ৭টা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে তিতাস উপজেলা সদরে আসতে থাকেন।

খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরসহ বিভিন্ন সড়কে অবস্থান নেন। এক পর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে বিএনপি নেতারা বন্দরামপুর এলাকা থেকে মিছিল বের করলে আওয়ামী লীগ নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করেন। এ সময় উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষের নেতাদের দাবি এ ঘটনায় কেউ আহত হয়নি।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান  বলেন, বিএনপি নেতাকর্মীরা জ্বালাও-পোড়াও আন্দোলনের ডাক দেয়। উপজেলা সদরে তাদের নেতাকর্মীরা জড়ো হওয়ার খবরে আমরা উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে অবস্থান নিই। এক পর্যায়ে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

এদিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন মোল্লা  বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল বের করলে বন্দরামপুর এলাকায় বিপরীত দিক থেকে আওয়ামী লীগ পাল্টা মিছিল বের করে। এ সময় আমাদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়। তবে এ ঘটনায় আমাদের কোনো নেতাকর্মী আহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, গণতান্ত্রীক দেশে আমাদের বাক স্বাধীনতা হরণ করেছে আওয়ামী লীগ। এই ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, বর্তমানে পরিস্থতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আমি পরীমনির স্বামী, তার জন্য আমি সত্যিই গর্বিত- রাজ

বিনোদন ডেস্কঃ

সন্তান জন্মের পর বেশ উচ্ছ্বসিত ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজ। তারা একমাত্র সন্তানের নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। ইতোমধ্যে সন্তানের আকিকাও সম্পন্ন করেছেন তারা।

এদিকে পরীমনিকে বিয়ের পর থেকে শরিফুল রাজকে অভিনেতা কিংবা চিত্রনায়ক ছাড়া পরিচয় করানো হতো পরীমনির স্বামী হিসেবে। বিষয়টি কখনো এই চিত্রনায়ক নিজে ফেস করেছেন কিনা, জানতে চাইলে রাজ বলেন, অনেকবার এই প্রশ্নের মুখোমুখি হয়েছি।

রাজ বলেন, সবাই বোধ হয় এই প্রশ্নই করে আমাকে। কিন্তু আমি জানি না এই প্রশ্ন কেন করা হয়। পরীমনির স্বামীকে তো পরীমনির স্বামীই বলবে। আমি তো তার হাজবেন্ড। এটা খুবই নরমাল ইস্যু। এটাকে প্রায়োরিটি দিয়ে আলাদা করে ফোকাস করার তো কিছু নেই। হ্যাঁ, এটা আমার আইডেনটিটি। এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি যে পরীমনির স্বামী, এটা তো খুব প্রাউডের ব্যাপার। এটাকে ডিনাই করার তো কোনো সুযোগই নেই।

তিনি আরও বলেন, এটাকে কেন সবাই একদম নির্দিষ্ট করে প্রশ্ন করে আমি জানি না। যারা এই প্রশ্ন করেন তাদের বলতে চাই, আমি পরীমনির স্বামী। তার জন্য সত্যিই গর্বিত আমি। অভিনেতা হিসেবে যেমন আইডেন্টিটি শরিফুল রাজ, শরিফুল রাজের এটাও আইডেন্টিটি যে পরীমনির স্বামী।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এর পর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা। সবশেষ গত ১০ আগস্ট পুত্রসন্তানের মা-বাবা হন এই তারকা দম্পতি।

অনিয়মের দায়ে কুমিল্লায় ৪ স্বাস্থ্যকেন্দ্র বন্ধ

 

ডেস্ক রিপোর্টঃ

সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে কুমিল্লায় চার প্রতিষ্ঠানকে বন্ধ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (২৯ আগস্ট) দিনভর অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্ধ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, কুমিল্লা নগরীর সদর হাসপাতাল পাশের ফেয়ার কনসালটেশন ও ডায়াগনস্টিক সেন্টার, চৌদ্দগ্রামের গুণবতী বাজারের হেলথ মেডিকেল সেন্টার, নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও অলি আহমেদ ডায়াগনস্টিক সেন্টার।

সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, অনিবন্ধিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে। সব নিয়ম মেনে তারা প্রতিষ্ঠান পরিচালনা করতে চাইলে পুনরায় অনুমতি দেওয়া হবে।

জেলা জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরে ডুবে সামিয়া (৩) ও ইলমা (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

সামিয়া ওই গ্রামের নুরুল ইসলাম ও ইলমা জুয়েল মিয়ার মেয়ে। মৃত ওই দুই শিশু সম্পর্কে চাচাতো বোন।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল আলীম ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সামিয়া ঘর থেকে মোবাইল ফোন নিয়ে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশে খেলতে যায়। এ সময় ইলমাও তার সঙ্গে যায়। একপর্যায়ে ইলমা পুকুরে পড়ে যায়। ইলমাকে বাঁচাতে সামিয়াও পুকুরে নামে। দুজনেই পানিতে তলিয়ে যায়।

ঘরে মোবাইলফোন খুঁজে না পেয়ে পরিবারের লোকজন সামিয়ার খোঁজে বের হয়। খোঁজাখুজির একপর্যায়ে পুকুর পাড়ে গিয়ে দেখে মোবাইল ফোনটি পড়ে আছে। কিছুক্ষণ পরে পুকুরে দুজনের লাশ ভাসতে দেখে। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম বলেন, বাড়ির পাশে পুকুরে ডুবে ওই শিশু দুটির মৃত্যু হয়। তবে কোন অভিযোগ না থাকায় শিশু দুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে সোপর্দ করা হয়েছে।

কুমিল্লার বরুড়ায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে জোরপূর্বক দোকান দখল

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লার বরুড়ায় ১৫০-২০০ জন সন্ত্রসীবাহিনী আগ্নেয়াস্ত্র ও দেশী অস্ত্র নিয়ে অতর্কিত হামলা, ভাংচুর জোরপূর্বক দোকান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার ভাইউকসার ইউনিয়নের কয়েকজন বাসিন্দা।

সোমবার (২৯ আগস্ট) ভাউকসার বাজারে এই সংবাদ সম্মেলন করেন ভাউকসার এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে আবুল কাসেম ও আবুল কালাম, রফিকুল ইসলাম, শাহ আলম, রবিউল আলমসহ স্থানীয়রা।

এসময় আবুল কালাম বলেন, গত ২২ শে আগস্ট গালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউলের নেতৃত্বে আবু তাহের ও আব্দুর রশিদ, সোহাগ, বাবর মিয়া, বকুল খান, হিরন মিয়াসহ ১৫০-২০০ জনের সন্ত্রসীবাহিনী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা, ভাংচুর এবং জোরপূর্বক ভাবে দোকান দখল করে। সংবাদ সম্মেলনে তারা বলেন, আমাদের পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত মালিকানাধীন ও দখলীয় ভাউকসার পশ্চিম বাজারস্থিত মেইন রোড সংলগ্ন ভাউকসার পয়ালগাছা রোডের দক্ষিণ পাশে সিদ্দিক মার্কেটের সত্যাধিকারী। কিন্তু আবু তাহের ও আব্দুর রশিদ ভূয়া দলিল করে মালিকানা দাবী করছে। তারা বিভিন্ন দুর্নীতির আশ্রয় নিয়ে তাদের নামে বিএস রেকর্ড করিয়া নেয় এবং মালিকানা দাবী করে। উক্ত মালিকানার বিষয়ে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে একটি বন্টন মামলা করি। যাহার মামলা নম্বর-৫৮/০৯ ইং। উক্ত মামলাতে আমরা ডিগ্রী প্রাপ্ত হই। এতে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে একাধিক মামলা চলমান থাকা অবস্থায় রবিউল ও তাহেররা সন্ত্রাসী ভাড়া করে আমাদের মার্কেট ভাংচুরসহ জায়গা বেদখল, মারধর ও ব্যাপকভাবে হামলা চালিয়ে ভাংচুর করে। এতে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়। ঘটনার দিন ২২ শে আগস্ট সাড়ে ১০ টা হতে সাড়ে ১১টার সময় এ হামলা করে। আমরা নিরুপায় হয়ে জরুরী সেবায় ৯৯৯ এ কল দিয়ে ঘটনার বিস্তারিত বরুড়া থানা পুলিশকে জানাই। পুলিশের উপস্থিতিতে আবু তাহের মৃত অহেদ আলী প্রকাশ্যে ভাউকসার বাজারে বলেন, যে এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল সাহেবের নির্দেশেই এই ভাংচুর করেছে তারা। থানা কর্তৃপক্ষ উক্ত বিষয়ে কোনো প্রতিকার না করায় কুমিল্লার বিজ্ঞ আদালতে দ্রুত বিচার পাওয়ার জন্য ১৫০-২০০ জন সন্ত্রাসীবাহিনীর বিরুদ্ধে ২৪ আগস্ট মামলা করি। কিন্তু দুঃখের বিষয় থানা কর্তৃক আমরা পূর্বে কোন বিচার পাইনাই বিধায় আদালতে মামলা দায়ের করি। আদালত আবারও বরুড়া থানাকেই তদন্তের ভার দেয়। আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপনের চেষ্টা করেছি যে , আমরা বরুড়া থানা কর্তৃক উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কোন ন্যায় বিচার পাবো না। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীদের গ্রেফতারের দাবিতে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করলাম।

এ ঘটনার বিষয়ে অভিযুক্ত আবু তাহের বলেন, আমরা সম্পত্তির মালিক। আর আমাদের এমপি সাব বলছে এটা আমরা নিতে। তাই আমরা এসেছি আমাদের জায়গা নিতে। হামলার বিষয়ে প্রশ্ন করলে তিনি প্রশ্নের উত্তর না দিয়ে বলেন আপনাদের অন্য কিছু জানার থাকলে বলেন।

অভিযুক্ত গালিমপুর ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায়। যদিও আবু তাহের একজন বিএনপি নেতা কিন্তু আমরা আওয়ামী লীগের ক্ষমতায় কোন অন্যায় হতে দিতে পারিনা। তাই আবু তাহেরের জায়গা তাকে বুঝিয়ে দিতে সেখানে গেছি। কে তার দোকান ভেঙেছে তা আমরা জানিনা।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, গত ২২ ই আগষ্ট ৯৯৯ এ ফোন পাওয়ায় আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি যেন কোন প্রকার অপৃতিকর ঘটনা না ঘটে। যেহেতু দুই পক্ষের মধ্যে আদালতে দেওয়ানি কোটে মামলা চলে এটি আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভারতে চিকিৎসার জন্য খুব বেশি লোক যায় না বলে দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ থেকে প্রতিবেশি ভারতে চিকিৎসার জন্য খুব বেশি লোক যায় না বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, যখন দেশেই স্বাস্থ্যসেবার ব্যবস্থা করবেন, তখন লোকে বাইরে যাবে না।

সোমবার (২৯ আগস্ট) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

হারুনুর রশীদ তার প্রশ্নে জানতে চান, বিগত সরকারের দোহাই দিয়ে আর কোনো লাভ নেই। কারণ ১৫ বছর টানা আপনারা ক্ষমতায়। দেশে স্বাস্থ্যসেবা পাচ্ছে না বলেই মানুষ প্রতিবেশি ভারতে চিকিৎসার জন্য চলে যাচ্ছে। এতে দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হচ্ছে। সেই সুযোগ সৃষ্টি করার জন্য আপনারা স্বাস্থ্যখাতগুলো দুর্বল করে রাখছেন কি না জানি না।

জবাবে বিএনপির আমলে স্বাস্থ্যসেবা খাতে কোনো উন্নয়ন হয়নি দাবি করে মন্ত্রী বলেন, আপনারা (বিএনপি) কিছুই তৈরি করেননি। গত ১৫ বছরে এ খাতে যে উন্নয়ন হয়েছে তাতে দেশের মানুষের গড় আয়ু ৭৩ বছর, এমডিজি অর্জন হয়েছে। ভ্যাকসিন হিরো হয়েছেন। আপনাদের সময় একটা পুরস্কারের মুখও কেউ দেখে নাই। সেটা ভুলে গেলে চলবে না। আপনারা সেটা ভুললে চলবে না।

জাহিদ মালেক বলেন, আপনাদের (বিএনপি) সময়ে কয়টা হাসপাতাল ছিল? এখন কয়টা হাসপাতাল আছে সেটা জানেন? দুই/একটা বলতে হয়। দেশে ১১১টি মেডিকেল কলেজ হাসপাতাল আছে। আপনাদের সময় ১০টাও ছিল না। এখন নার্সিং ইনস্টিটিউট আছে সাড়ে ৩০০। আপনাদের সময় সিট ছিল সাড়ে ৬০০। এখন ৩৪ হাজার নার্সিং আসন রয়েছে।

২০২১ সালের জুনে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে চিকিৎসা নিতে আসা রোগীর ৫৪ দশমিক ৩ শতাংশ বাংলাদেশি।

বাংলাদেশে একই রোগের ওষুধে কোম্পানিভেদে দামের তারতম্য আছে, এটার সমন্বয় করতে সরকার কোনো উদ্যোগ নেবে কি না- জাতীয় পার্টির পীর ফজলুর রহমানের এমন এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধের দাম ঔষধ প্রশাসন দাম নির্ধারণ করে দেয়। তার মধ্যে এর কাঁচামাল যেগুলো আমদানি করা হয় এবং অন্যন্য উৎপাদন খরচ ধরে ভ্যাট যোগ করে একটা মূল্য ঠিক করে দেওয়া হয়। কিন্তু ওষুধের তার পরের দামটা (ভোক্তা পর্যায়ে) ওষুধ প্রশাসন দেখে না। ভ্যাট নির্ণয়টা সঠিক আছে কি না, সেটা তার এখতিয়ার। এসেনসিয়াল ড্রাগসের ১৩০টির মতো (ওষুধ) আমরা নিয়ন্ত্রণ করে থাকি। বাকি শত শত ওষুধের দাম আমরা নিয়ন্ত্রণ করি না। আমরা শুধু ভ্যাট ও উৎপাদন খরচ দেখে থাকি।

তিনি বলেন, আসলে দামের এত তারতম্য হওয়া উচিত না। অনেকেই কাঁচামাল ইউরোপ থেকে আনে। তাদের দাম বেশি। কেউ ভারত ও চীন থেকে আনে, তাদের আবার দাম একটু কম থাকে। এটারও একটা তারতম্য হয়। তারপরও দামের এত তারতম্য হওয়া উচিত না। আমরা বিষয়টি দেখবো। এই বিষয়ে যা যা করার দরকার আমরা করবো।

জাতীয় পার্টির সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের প্রতি ১০ হাজার জনগণের জন্য চিকিৎসা সেবায় ১০ জন জনবল রয়েছেন। চিকিৎসক, নার্স ও অন্যান্য মিলে। কিন্তু বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এটা দ্বিগুনেরও বেশি থাকা উচিত। আমরা চেষ্টা করছি এই জনবল পূরণ করতে।

জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মিলে ১০ হাজারের মতো রয়েছে। এখানে কিছু কিছু জায়গায় ভালো চিকিৎসা আছে, কিছু জায়গায় দিচ্ছে না। আর অনুমোদনহীনও আছে। সেগুলোর বিরুদ্ধে দেশব্যাপী চলা অভিযানে প্রায় এক হাজার ৭০০ লাইন্সেসবিহীন প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।পাশাপাশি একটা আইন পাস করেছি। যার মাধ্যমে বেসরকারি হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে। যাতে আগামীতে স্বাস্থ্যসেবা খাতে উন্নতি করবে।

পরে সম্পূরক প্রশ্নে জাপার আরেক সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, স্বাস্থ্যমন্ত্রী প্রশ্নের জবাবে যে কথা বলেছেন, তাতে বলতে হয় সাপ হয়ে দংশন করেন, ওঝা হয়ে ঝাড়েন। অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরের সামনেই সারাদেশে ভুয়া, ভেজাল ক্লিনিকগুলো গড়ে উঠছে। যখন গড়ে ওঠে তখন কেউ দেখার থাকে না, শত শত হাজারে। যখন কেউ মারা যায় কিংবা গণমাধ্যমে যাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।’

তবে তার প্রশ্নের এই অংশের জবাব দেননি স্বাস্থ্যমন্ত্রী।

সরকারদলীয় সংসদ সদস্য মোসলেম উদ্দিনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, কমিউনিটি ক্লিনিক এখন থেকে চার কক্ষের হবে। প্রথামিকভাবে জরাজীর্ণগুলো নতুনভাবে নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকি-ই এই ডিজাইনে হবে।

সরকারদলীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধির হার অনেক কমেছে। টিএফআর আগে ছিল ৬। অর্থাৎ প্রতিটি মা শিশু জন্মদিত ৬ জন করে। এখন সেটা কমে ২ দশমিক ১। খুলনা ও উত্তরবঙ্গে টিএফআর দুইয়ের নিচে নামছে। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে একটু বেশি আছে। সেখানে তিনের কাছাকাছি।

লিটারে ৫ টাকা কমলো জ্বালানি তেলের দাম

 

ডেস্ক রিপোর্টঃ

ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার রাত থেকেই এ দাম কার্যকর হবে বলে নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ।

কিছুক্ষণের মধ্যেই এটির প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এর পরদিনই দাম কমানোর সিদ্ধান্ত নিল সরকার।

নতুন সিদ্ধান্তে ডিজেল ও কেরোসিনের দাম হবে লিটারে ১০৯ টাকা। পেট্রোল ১২৫ এবং অকটেন ১৩০ টাকা করে কিনতে পাওয়া যাবে।

চলতি মাসের ৫ তারিখ রাতে হঠাৎ লিটার প্রতি সর্বোচ্চ ৪৬ টাকা দাম বাড়িয়ে ঘোষণা আসে। জ্বালানি তেলের দামের হঠাৎ এই বৃদ্ধিতে প্রভাব পড়ে বাজারে। মুহূর্তেই বাড়তে থাকে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম।

এতে দ্রব্যে লাগামহীন ঊর্ধ্বগতির চাপে দিশেহারা অবস্থা সাধারণ মানুষের। এ নিয়ে গত কয়েকদির তুমুল আলোচনা-সমালোচনার পর জ্বালানি তেলের দাম সমন্বয়ের পদক্ষেপ নিয়েছে সরকার।