All posts by jitu

নোয়াখালীতে বিএনপির ১২ নেতাকর্মীসহ ৩৫ জন গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ১২ নেতাকর্মীসহ মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে।

রোববার (২৮ আগস্ট) সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর মধ্যে, সুধারাম থানায় ১জন, বেগমগঞ্জ থানায় ৭জন, চরজব্বর থানায় ১জন এবং সোনাইমুড়ী থানায় ৩জন।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, সুবর্ণচর উপজেলার শ্রমিক দলের সভাপতি মঞ্জুরুল আলম (৪২), নোয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.চাঁন মিয়া (৪৩), জেলা বিএনপির সমর্থক বেগমগঞ্জের রসুলপুরের ৫নম্বর ওয়ার্ডের আব্দুর রশিদ (৪৪), আব্দুর রহমান (৩২), নূরনবী চৌধুরী (৪৮), ইসমাইল হোসেন রতন (৫৭) , চৌমুহনী পৌরসভার করিমপুরের তোফায়েল (৬৬), চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো, সুফল (৩৫), ৪ নম্বর ওয়ার্ডের মো. জসিম উদ্দিন (৫৭) , সোনাইমুড়ী উপজেলার কৌশলাবাগের বিএনপি কর্মি সালমান মুহাম্মদ আহসান ভূঁইয়া (৪৬), ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুল মোতালেব (৪৫) এবং মাসিমপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী (৩৪)।

এসপি আরও জানায়, সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে এসএসসি পরিক্ষার্থীর লাশ উদ্ধার, প্রেমিক আটক

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে আশিকা জাহান সিপা (১৭) নামে এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের গৃহশিক্ষককে আটক করেছে পুলিশ।

রোববার দুপুর দেড়টার দিকে পৌর এলাকার মুন্সেফপাড়া বোডিং মাঠ পুকুর থেকে সিপার লাশ উদ্ধার করা হয়।

সিপা জেলা শহরের গভর্মেন্ট মডেল গার্লস হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। তিনি সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিরামপুর গ্রামের শাহীন মিয়ার মেয়ে। তার পরিবার জেলা শহরের মুন্সেফপাড়া ভাড়া বাসায় থাকে।

এ ঘটনায় আটক গৃহশিক্ষক মো. বাইজিদ সরকার (২৬) কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুরের মুখলেছুর রহমানের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র।

পুলিশ এবং হাসপাতাল সূত্র জানায়, বাইজিদ সরকার মুন্সেফপাড়ায় বিভিন্ন বাসায় প্রাইভেট পড়াতেন। সিপাকেও তার বাসায় গিয়ে গত তিন বছর ধরে পড়াচ্ছিলেন। পড়ানোর সুযোগে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

সম্প্রতি সিপা বিয়ের জন্যে বাইজিদকে চাপ দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। শনিবার রাত আড়াইটার দিকে সিপা বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়।

অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে রোববার দুপুরে বোডিং মাঠ পুকুরে সিপার লাশ ভেসে উঠে। খবর পেয়ে তার পরিবারের লোকজন ও প্রেমিক বাইজিদ ঘটনাস্থলে আসেন। এ সময় স্থানীয়রা তাকে পিটুনি দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

বাইজিদ সরকার পুলিশকে জানিয়েছেন, সিপার সঙ্গে প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে তার পরিবারের সদস্যরা আমাদের দুজনকে রাস্তায় একসঙ্গে দেখে ফেলেন। এরপর থেকে সে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। গতকাল রাত আড়াইটার দিকে সিপা তাকে ফোন করে বিয়ের কথা বলে। এই মুহূর্তে বিয়ে করা সম্ভব নয় জানালে সে বাসা থেকে বের হয়ে যাচ্ছে বলে জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম জানান, স্থানীয় লোকজন লাশ ভাসতে দেখে খবর দেয়। মেয়েটির প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

৬ দিনের মাথায় আবারও হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

ডেস্ক রিপোর্টঃ

ছয় দিনের মাথায় আবারও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার রাত পৌনে ৮টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে তার কয়েকটি পরীক্ষা করানো হয়। পরে প্রয়োজনীয় আরও কয়েকটি পরীক্ষার জন্য চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করা হয়।

এর আগে ২২ আগস্ট এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। এরপর তার সাতটি পরীক্ষা করানো হয়। পরীক্ষার রিপোর্ট দেখে মেডিকেল বোর্ড তাকে ভর্তি না করিয়ে বাসায় নেওয়ার পরামর্শ দেন। এরপর সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন।

ওইদিন গুলশানে চেয়ারপারসনের বাসার সামনে এক প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেন, এর আগে পরীক্ষায় ম্যাডামের তিনটি ব্লক ধরা পড়ে। একটিতে রিং লাগানো হয়। বাকি দুটির চিকিৎসা হবে। এনজিওপ্লাস্টির পর ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে রুটিন চেকআপ করাতে হয়। সেজন্য ইসিজি, ইকো, আলট্রাসনোগ্রাম, এক্স-রে করানো হয়।

এ ছাড়া রক্তের কয়েকটি পরীক্ষাও করানো হয়েছে। রিপোর্টগুলো পাওয়ার পর মেডিকেল বোর্ড পরবর্তী করণীয় ঠিক করবে। চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া প্রয়োজন বলে জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

গত বছরের এপ্রিলে খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। এরপর জুন পর্যন্ত খালেদা জিয়াকে পাঁচ দফা বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে ভর্তি করা হয়।

টানা দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সবশেষ ২৪ জুন বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১০ জুন গভীর রাতে হৃদরোগের সমস্যা দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি রিং পরানো হয়। চিকিৎসকরা তখন তার হৃদযন্ত্রে আরও দুটি ব্লক ধরা পড়ার কথাও জানিয়েছিলেন।

এর আগে ৬ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একই হাসপাতালে নেওয়া হয়েছিল। ৭৮ বছর বয়সি খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর কয়েক দফা তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

পাকিস্তানকে হারিয়ে ভারতের দুর্দান্ত জয়

 

স্পোর্টস ডেস্কঃ

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু করল ভারতীয় ক্রিকেট দল। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেন রবিন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া।

রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে ১৯.৫ ওভারে ১৪৭ রানেই অলআউট হয় পাকিস্তান।

টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারান ওপেনার লোকেশ রাহুল। অভিষিক্ত নাসিম শাহর বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।

এরপর সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ৪৯ রানের জুটি গড়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। রোহিত আউট হওয়ার মাত্র ৩ রানের ব্যবধানে ফেরেন কোহলি। তিনি ৩৪ বলে ৩৫ রান করেন।

চতুর্থ উইকেটে রবিন্দ্র জাদেজার সঙ্গে ৩১ বলে ৩৬ রানের জুটি গড়ে ফেরেন সুরাইয়া কুমার যাদব (১৮)।

এরপর হার্দিক পান্ডিয়ার সঙ্গে পঞ্চম উইকেটে ২৯ বলে ৫২ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান রবিন্দ্র জাদেজা। জয়ের জন্য শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল মাত্র ৭ রান।

মোহাম্মদ নওয়াজের করা ওভারের প্রথম বলে বোল্ড হয়ে ফেরেন জাদেজা। ওভারের দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন কার্তিক। তৃতীয় বলে কোনো রান নিতে পারেননি পান্ডিয়া।

জয়ের জন্য শেষ ৩ বলে ভারতের প্রয়োজন ছিল ৬ রান। চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন পান্ডিায়। তিনি ১৭ বলে চার বাউন্ডার আর এক ওভার বাউন্ডারিতে ৩৩ রান করে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত। আগে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ২.৩ ওভারে দলীয় ১৫ রানে ফেরেন তিনি।

এরপর রিজওয়ানের সঙ্গে ১৯ বলে ২৭ রানের জুটি গড়ে ফেরেন ফখর জামান (১০)।

তৃতীয় উইকেটে ইফতেখার আহমেদকে সঙ্গে নিয়ে ৩৮ বলে ৪৫ রানের জুটি গড়েন রিজওয়ান। ১২.১ ওভারে দলীয় ৮৭ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন ইফতেখার। তিনি সাজঘরে ফেরার আগে ২২ বলে ২৮ রান করেন।

ইনিংসের শুরু থেকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে যাওয়া মোহাম্মদ রিজওয়ান ফেরেন ১৫তম ওভারের প্রথম বলে। ৪২ বল খেলে মাত্র ৪৩ রানে ফেরেন পাকিস্তানের এই তারকা ওপেনার।

ওই ওভারের তৃতীয় বলে ফেরেন খুশদিল শাহ। ১৪.৩ ওভারে ৯৭ রানে পাকিস্তান হারায় টপ অর্ডারের ৫ ব্যাটসম্যানের উইকেট।

ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৯.৫ ওভারে ১৪৭ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান। ভারতের হয়ে ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট নেন পেসার ভুবনেশ্বর কুমার। ৩ উইকেট শিকার করেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ, শক্ত অবস্থানে আ.লীগ

স্টাফ রিপোর্টারঃ

এক সময় নানা কারণে আলোচিত সমালোচিত কুমিল্লার দাউদকান্দি উপজেলার রাজনীতি। বিএনপির প্রভাবশালী নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন এর এলাকা একসময় বিএনপির শক্ত ঘাঁটি বলা হলেও দীর্ঘদিন ধরে এ উপজেলায় বিএনপির রাজনীতির প্রদীপ প্রায় নিবু-নিবু।

মাঠে তেমন দেখা মেলেনি নেতাকর্মীদের। মামলা-হামলার ভয়ে কোনোভাবে টিকে থাকার রাজনীতিতে নিজেদের মানিয়ে নিয়েছিলেন বিএনপির নেতাকর্মীরা।

অপরদিকে গত একযুগে এ উপজেলায় নিজেদের শক্ত অবস্থান বানাতে সক্ষম হয়েছে বলে মনে করেছে আওয়ামী লীগ। মাঠের নেতাকর্মীরা বলছেন দলীয় শৃঙ্খলা এবং শক্ত সাংগঠনিক ভিত্তি বানাতে দারুণ সফলতা দেখিয়েছে টানা তিনবারের এমপি সুবিদ আলী ভূইয়ার নেতৃত্ব দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ। আওয়ামী লীগের দাবি, দাউদকান্দি উপজেলায় এখন তাদের নিরুঙ্কুশ জন সমর্থন তৈরি হয়েছে।

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এক সময়ের শক্ত এই ঘাঁটিতে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। কিন্তু বিপরীত মেরুতে শক্ত অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। কোনোভাবেই তাদের সূদৃঢ় অবস্থান থেকে সরে দাঁড়াতে চাইছেন না তারা। বিএনপি কর্মসূচি দিলেই আওয়ামী লীগ থেকেও আসছে পাল্টা কর্মসূচি। জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল সোমবার(২৯ আগষ্ট) বিএনপি দাউদকান্দিতে বিক্ষোভ সমাবেশ ডাকেন। এ সমাবেশকে প্রতিহত করতে পাল্টা কর্মসূচি ঘোষণা করেন দাউদকান্দি উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ।

এনিয়ে রাজনৈতিক কার্যক্রমে রাজনীতির মাঠে ফের উত্তাপ ছড়াতে শুরু করেছে। এ প্রসঙ্গে দুই দলের শীর্ষ নেতারাও নিজেদের কর্মসূচি পালনে দৃঢ়তা এবং কোনো ধরনের ছাড় না দেওয়ার কথা বলছেন।
দলের কর্মসূচি প্রসঙ্গে দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি জাহাঙ্গীর আলম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাউদকান্দিতেও জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি নিয়েছে বিএনপি। আমরা সবসময়ই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, তাই আশা করছি দাউদকান্দিতেও আমরা শান্তিপূর্ণ ভাবে দলীয় কর্মসূচি পালনে প্রশাসন নিরপেক্ষ রেফারীর ভূমিকা পালন করবে।

বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে উল্লেখ করে জেলা আওয়ামী লীগের সদস্য ও দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন বলেন, সন্ত্রাস-নৈরাজ্যের মাধ্যমে বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। তারা জনমনে আতংক সৃষ্টি করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেষ্টা করছে। কেউ যেন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, এজন্য দাউদকান্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সরব থাকতে কর্মসূচি দিয়েছি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন বলেন, আমাদের কর্মসূচি আগে থেকেই নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচি বানচাল করতে একইদিনে কর্মসূচি ঘোষণা করছে ক্ষমতাসীন দল। এসব অপরাজনীতি আওয়ামী লীগের ফ্যাসিবাদি চরিত্রের বহিঃপ্রকাশ। আজ (রোববার) হোমনা বিএনপি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ করেছে। সেখানেও সরকারী দল পাল্টা কর্মসূচি দিলেও প্রশাসন নিরপেক্ষ রেফারীর ভূমিকা পালন করেছে। এতে শান্তিপূর্ণ ভাবে উভয়েই যার যার অবস্থানে দলীয় কর্মসূচি পালন করেছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল আজকের কুমিল্লাকে বলেন, বিএনপি সমাবেশের কোন অনুমতি নেয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সমাবেশের বিষয়টি জেনেছি, তারপরো পুলিশ সতর্কবস্থায় রয়েছে, যাতে কোন ধরনের সংঘর্ষ বা আইন শৃঙ্খলার অবনতি যে না ঘটে। আর পুরো বিষয়টি পুলিশের নজরে রয়েছে।

কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীসহ ২ নারীর মরদেহ উদ্ধার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পৃথক স্থান থেকে পুলিশ দশশ শ্রেণির এক স্কুলছাত্রীসহ দুই নারীর মরদেহ উদ্ধার করেছে।

রোববার (২৮ আগস্ট) সকাল ১০টা ও দুপুর ৩টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ড ও চরকাঁকড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ব্যাপারী বাড়ির নেওয়াজ শরীফ উদ্দিনের স্ত্রী বিবি ফাতেমা লুনা (২২) ও বসুরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার এন্তাজ মিয়ার বাড়ি আবু নাছেরের মেয়ে লুবনা আক্তার পপি (১৯)। সে স্থানীয় বসুরহাট আইডিয়াল একাডেমির দশম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে লুনা তার স্বামীর বসতঘরের নিজ কক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে সকালের দিকে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে,পারিবারিক কলহের জের ধরে সে গলায় ফাঁস দেয়।

নিহতের ভাই আলাউদ্দিন অভিযোগ করেন,আত্মহত্যা নয় আমার বোনকে হত্যা করা হয়েছে। আমার ভগ্নিপতিকে বিদেশ যাওয়ার জন্য সাড়ে ৩ লাখ টাকা না দেয়ায় সে আমার বোনকে মেরে ফেলেছে। নিহতের পরিবার এ হত্যাকান্ডের বিচার দাবি করেন। খবর পেয়ে একাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে বিষয়টি খতিয়ে দেখছে।

অপরদিকে নিহতের মা ফেরদৌস আরা জানান, তার মেয়ে লুবনা আক্তার পপি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। রোববার ভোর সাড়ে চারটার দিকে ফজরের আযান শুনে তার ঘুম ভাঙ্গলে কাউকে না ডেকে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য ঘরের বাহিরে যায়। ওই সময় বসতঘরের দক্ষিণ পার্শ্বে টিউবওয়েলে তাহার মেয়ে হাত-মুখ ধৌত করার সময় একই বাড়ির পাখি (২৫) ও সুমাইয়া আক্তারের (২০) সাথে কথা বলে। পরবর্তীতে আমার ছেলে আমির হোসেন ফয়সাল সোয়া ৭টার দিকে বসতঘরের মাঝের গলিতে তার বোনের নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে। তবে তাৎক্ষণিক নিহতের পরিবার ও পুলিশ মৃত্যুর কোন কারণ জানাতে পারেনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান, দুটি মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। রোববার সন্ধ্যার দিকে দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পরবর্তীতে ময়নাতদন্তনের প্রতিবেদন হাতে পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

চাঁদপুর সদর হাসপাতালের ক্যান্টিনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুর শহরের ৫নং ঘাট স্ট্যান্ড রোড এলাকা ও ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (২৮ আগস্ট) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালের ক্যান্টিনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়া করে, খাবার নিম্নমানের এবং পরিমানে কম দেয়ার অপরাধে ক্যান্টিন মালিককে ২০ হাজার টাকা, সদর হাসপাতালের নিচে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ার অপরাধে দত্ত ফার্মেসীকে ১৫ হাজার টাকা ও চাঁদপুর শহরের ৫নং ঘাট স্ট্যান্ড রোড এলাকায় সারের দোকানে সরকারি নির্ধারিত মূল্যে সার ও কীটনাশক বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন বিষয়টি যাচাই করে মেসার্স মান্নান ব্যাপারীকে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকাসহ সর্বমোট ৩৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।

জেলা স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় তদারকি অভিযানকালে নূর হোসেন বলেন, অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এবং ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়।

৭ বছর ধরে আমেরিকায় বসে বেতন পান নাঙ্গলকোট মাদ্রাসার সহকারী অধ্যক্ষ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন গত ৭ বছর ধরে পরিবার নিয়ে আমেরিকায় বাস করছেন। দীর্ঘ এ সময় কমিটিকে ম্যানেজ করে বেতন-ভাতা উত্তোলন করেছেন তিনি। তবে বিষয়টি জানতে পেরে চলতি বছরের ১২ মার্চ থেকে তার বেতন বন্ধ করে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৫ সাল থেকে প্রতি বছর অসুস্থতার কথা বলে আমেরিকায় আসা-যাওয়া করেন মাওলানা মহিউদ্দিন। এ সময়ে প্রায় ২৫ লাখ টাকা বেতন উত্তোলন করেন তিনি। মহিউদ্দিন বক্সগঞ্জ ইউনিয়নের বাকীহাটি গ্রামের মৃত আশ্রাফ উদ্দিনের ছেলে।

অনুসন্ধানে জানা গেছে, ১৯৮৯ সালে আরবি প্রভাষক হিসেবে বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় নিয়োগ পান মাওলানা মহিউদ্দিন। পরবর্তীতে সহকারী অধ্যক্ষ হিসেবে তার পদোন্নতি হয়।

২০১২ সালে তার বড় মেয়ে আমেরিকায় চলে যান। এর দুবছর পর বড় ছেলেও আমেরিকায় চলে যান। ২০১৫ সালে পরিবার নিয়ে মহিউদ্দিনও সেখানে চলে যান। গত ৭ বছর ধরে আমেরিকায় বসবাস করে আসছেন। ডিজিটাল ফিঙ্গার মেশিনেও ফিঙ্গার দেন, হাজিরা খাতায় স্বাক্ষরও করেন। প্রতি মাসে কমিটিকে ম্যানেজ করে বেতন-ভাতাও উত্তেলন করেন।

৩৪ হাজার টাকা বেতন ও ঈদ বোনাস মিলে এ পর্যন্ত প্রায় ২৫ লাখ টাকা উত্তোলন করেছেন মহিউদ্দিন। বিষয়টি জানতে পেরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দীন চলতি বছরের ১২ মার্চ থেকে তার বেতন-ভাতা বন্ধ করে দেন।

সূত্রে জানা গেছে, মহিউদ্দিনের এ অপকর্মে সহায়তা করেছেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ও কম্পিউটার শিক্ষক মনির।

এ বিষয়ে অধ্যক্ষের বক্তব্য নিতে গেলে কম্পিউটার শিক্ষক মনির সাংবাদিকদের তথ্য দিতে অধ্যক্ষকে নিষেধ করেন।

অভিযুক্ত সহকারী অধ্যক্ষ মাওলানা মো. মহিউদ্দিন আমেরিকায় থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার ছোটভাই মাওলানা নেছার উদ্দিন বলেন, ২০১৫ সালে আমার ভাই আমেরিকা যান। তিনি প্রতি বছর যে প্রসেসিংয়ে আসা-যাওয়া করেন, তাতে উনার কোনো সমস্যা হয় না। তবে উনার বড় একটা অপারেশন হয়েছে, এ জন্য আসতে দেরি হচ্ছে।

অভিযোগের বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম বলেন, মহিউদ্দিন আমেরিকায় আসা-যাওয়া করেন। সর্বশেষ মার্চ মাসের দিকে তিনি আমাদের জানিয়েছেন তিনি অসুস্থ। ঢাকায় একটি হাসপাতালে ভর্তি আছেন। মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন। পরে শুনি তিনি আমেরিকায় চলে গেছেন। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানালে তিনি বেতন-ভাতা বন্ধের নির্দেশ দেন। পরে আমরা তার বেতন-ভাতা বন্ধ করে দেই।

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মফিজুর রহমান মাসুদ বলেন, তিনি কমিটিতে নতুন। দায়িত্ব পাওয়ার পর শিক্ষক মহিউদ্দিনের বেতন-ভাতা বন্ধ করে দেন। আগামী মিটিংয়ে উনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দীন বলেন, মাওলানা মহিউদ্দিন আমেরিকায় আসা যাওয়া করতেন। এ বছর থেকে অনুপস্থিত আছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব বলেন, বিষয়টি জেনেছি। শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র-যুগান্তর

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মো. আল আমিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ১১টায় কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ দৌলতপাà§