All posts by jitu

মুরাদনগরে জুমার নামাজের খুতবাকে কেন্দ্র করে মাদ্রাসা ভাংচুর, আহত ১৫

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে জুমার নামাজের খুতবাকে কেন্দ্র করে মাদ্রাসা, ২টি ঘর ও দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’পক্ষের ১৫ জন আহত হয়েছে। ঘটনার পর পর অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ ঘটনাস্থল পরিদর্শন করেছে বাঙ্গরা বাজার থানার ওসি ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূইয়া জনি।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে কুরন্ডী গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দু’পক্ষের লোকজনের সাথে কথা বলে জানা যায়, ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৭ মাস অতিবাহিত হলেও সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম ও নির্বাচিত সদস্য সবুজ মিয়ার দ্ব›দ্ব শেষ হয়নি এখনো। নির্বাচনী সেই প্রতিহিংসার জেরে ইউপি সদস্য সবুজ মিয়া গত কুরবানীর ঈদের নামাজ ঈদগায়ে গিয়ে পরতে বাধা দেয় নূরুল ইসলামের পরিবারের লোকজনকে। তখন তারা ঈদের নামাজ মসজিদে আদায় করতে সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ জাহানের অনুমতি নিলেও সবুজ মিয়ার লোকজন মসজিদে তালা ঝুলিয়ে দেয়। পরে তার কোন উপায় না পেয়ে একই এলাকার কুরন্ডী ফুরকানিয়া মাদ্রাসায় ঈদের নামাজ আদায় করে। তার পর থেকে সেখানেই জুম্মাসহ সকল প্রকার নামাজ আদায় করেন নূরুল ইসলামের পরিবারের লোকজন। মাদ্রাসা ও মসজিদ কাছাকাছি হওয়ায় গত ১৯ আগষ্ট জুমার খুতবাকে কেন্দ্র করে আবারো দু’পক্ষের লোকজনের মধ্যে সৃষ্টি হয় উত্তেজনা। পরে বিষয়টি নিষ্পত্তির লক্ষে শুক্রবার (২৬ আগষ্ট) রাতে দু’পক্ষের লোকজন নিয়ে বসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বাহার খাঁন। সেখান থেকে ফেরার পথে দু’পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তারই জের ধরে শনিবার সকাল ৮টার দিকে ইউপি সদস্য সবুজ ও তার লোকজন নূরুল ইসলামের ভাই ইউনুছের বাড়ি, দোকান ও কুরন্ডী ফুরকানিয়া মাদ্রাসায় হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় নূরুল ইসলামের লোকজন প্রতিবাদ করতে আসলে দেশিয় অস্ত্রের আঘাতে দু’পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তিনজনকে ভর্তি দিয়ে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

কুরন্ডী মসজিদ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান বলেন, নির্বাচনকে কেন্দ্র করেই তাদের দু’পক্ষের মধ্যে এই দ্বন্দ। আমিসহ গণ্যমান্য অনেকেই বহুবার চেষ্ট করে কোন সমাধান করতে পারিনি। এই ঘটনার পরেও যদি কোন সমাধান না হয় তাহলে এটি দু’পক্ষের মাঝে ভয়াবহ রূপ ধারণ করবে।

বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহার খাঁন মুঠোফোনে বলেন, বিষয়টি নিয়ে আমি শুক্রবার রাতে বসে ছিলাম কিন্তু কোন সমাধান করতে পারিনি।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি এবং কাউকে আটকও করা হয়নি।

কুমিল্লায় রোগীদের প্রেসক্রিপশনের ছবি তোলার হিড়িক

 

কুমিল্লা সংবাদদাতাঃ

রোগীদের প্রেসক্রিপশনে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের নয়া কলাকৌশলের অংশ হিসেবে ছবি তোলার হিড়িক অব্যাহত রয়েছে।

কুমিল্লার উপজেলার নানা হাসপাতাল, ক্লিনিকে অবস্থানরত বিভিন্ন ঔষধ কোম্পানীর এমআরদের কাছ থেকে এমন দৃশ্য চোখে পড়ে। বৃহত্তর এলাকার প্রত্যান্ত গ্রামাঞ্চল থেকে আসা অসহায় রোগীরা চিকিৎসকদের কাছে চিকিৎসা সেবা শেষে বেরিয়ে আসার সাথে সাথে বেশ কিছু এমআরগন ঐ রোগীর প্রেসক্রিপশন কেড়ে নিয়ে নিজের মোবাইলে ছবি করে। এতে করে রোগীরা বিপাকে পড়ার পাশাপাশি বিব্রতবোধ ও প্রকাশ করে। আবার অনেক রোগী নিরুপায় হয়ে প্রেস ক্রিপশনটি তাড়াতাড়ি দিয়ে ফেলে।

প্রাপ্ত তথ্যমতে, রোগীর প্রেসক্রিপশন হাতে নিয়ে ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা মোবাইলে ছবি তোলার কারন হচ্ছে যে, উক্ত কোম্পানীর ঔষধ চিকিৎসকরা ঠিকমত প্রেসক্রিপশনে লিখছে কিনা তার জলন্ত প্রমাণ সরুপ ছবি তুলে ঐ কোম্পানীর উদ্বর্তন কর্তৃপক্ষকে ইমেইল কিংবা ম্যাসেনজারের মাধ্যমে জানান দেয়। মূলত কোম্পানীর কাছ থেকে বাহ বাহ কুড়ানো বা প্রমোশনের জন্য এটি করে থাকে বলে জানা যায়। এই নিয়ে পাড়া মহল্লার রোগীরা বিব্রতবোধ প্রকাশ করে থাকে।

অসহায় কয়েক রোগীর মতে, একদিকে রোগী নিয়ে মহাবিপদে, অন্যদিকে ঔষধের প্রেসক্রিপশন নিয়ে ছবি তোলার হিড়িক আসলেই দু:খজনক।

যে কোন হাসপাতাল বা ডাক্তারের চেম্বার কিংবা বড় ফার্মেসীর সামনে রোগীদের কাছ থেকে প্রেসক্রিপশন চেয়ে নিয়ে স্মার্ট চেহারার কিছু যুবক তার মোবাইলে সেই প্রেসক্রিপশনের ছবি তুলে নিচ্ছে, এটা এখন নিত্য নৈমিত্তিক একটা দৃশ্য।

হাসপাতালে বিভিন্ন ওষুধ কোম্পানীর মেডিকেল প্রতিনিধি রোগীদের চিকিৎসাপত্র নিয়ে টানা হেচড়া করে। এতে প্রতিনিয়তই হয়রানি শিকার হতে হচ্ছে রোগীদের। হয়রানি থেকে রেহাই পেতে কতৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

ডাঃ কামরুল হাসান বলেন,প্রেসক্রিপশনে রোগীর অনেক গোপন বিষয় লিখে রাখতে হয় আমাদেরকে; ভবিষ্যত রেকর্ড এবং রোগীর সু-চিকিৎসার স্বার্থেই এটা জরুরী। এটার ছবি তুলতে দিলে রোগীদের অজান্তেই কিন্তু তাদের ব্যাক্তিগত গোপন তথ্যাদি অন্যের হাতে চলে যায়। এভাবে প্রেসক্রিপশনের ছবি তোলা একদিকে যেমন অনৈতিক, ভোক্তা অধিকার এবং অন্যান্য আইনের দৃষ্টিতে তেমনি এটা বে-আইনীও বটে।
আর, সম্মানিত রোগীদের কাছে আমার অনুরোধ, কাউকে এভাবে আপনার প্রেসক্রিপশনের ছবি তুলতে দেবেন না। কেউ জোড় করে আপনার গোপনীয়তা ভঙ্গ করতে চাইলে প্রয়োজনে আইনের সাহায্য নিন!

কুমিল্লার সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন বলেন,ঔষধ কম্পানির লোকেরা আমার কন্ট্রোলেনা। আমি হসপিটাল কতৃপক্ষকে বিষয়টি জানাচ্ছি।

বিক্রি করতে না পারায় প্রতিদিন কোটি ডলার মূল্যের গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া

 

আন্তর্জাতিক ডেস্কঃ

প্রতিদিন কোটি ডলার মূল্যের গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া। স্যাটেলাইটে তোলা ছবি থেকে এ বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। দেখা গেছে, রাশিয়া তাদের একটি গ্যাস স্থাপনায় প্রতিদিন প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে ফেলছে যার আর্থিক মূল্য প্রায় এক কোটি ডলার। খবর বিবিসির।

রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রমের নতুন এই স্থাপনাটি ফিনল্যান্ড সীমান্তের কাছে সেন্ট পিটার্সবার্গের উত্তর-পশ্চিমে অবস্থিত। বিশেষজ্ঞরা বলছেন, এই গ্যাস এর আগে নর্ডস্ট্রিম ওয়ান পাইপলাইন দিয়ে জার্মানিতে রপ্তানি করা হতো। জুলাই মাসের মাঝামাঝি সময়ের পর থেকে রাশিয়া এই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে।

মস্কো বলছে কারিগরি ত্রুটির কারণে গ্যাসের সরবরাহ কমে গেছে। কিন্তু জার্মানি বলছে, ইউক্রেনে সামরিক অভিযান শুরু হওয়ার পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস আমদানি কমিয়ে দেওয়ার পর রাজনৈতিক কারণেই মস্কো গ্যাসের সরবরাহ কমিয়ে দিয়েছে। এর জের ধরে ইউরোপ জুড়ে জ্বালানির মূল্য নজিরবিহীন হারে বেড়ে গেছে।

ব্রিটেনে জার্মানির রাষ্ট্রদূত জানান, কোথাও গ্যাস বিক্রি করতে না পারায় রাশিয়া এখন এই গ্যাস পুড়িয়ে ফেলছে। জ্বালানি বিষয়ক কোম্পানি রাইস্টাড এনার্জি বলছে, পোর্তোভায়ার ওই এলএনজি স্থাপনায় প্রতিদিন ৪০ লাখ ঘনমিটারেরও বেশি গ্যাস পোড়ানো হচ্ছে।

ফিনল্যান্ডের বেশ কয়েকজন নাগরিক প্রথমে দেখতে পান যে রাশিয়ার সীমান্তের ওপারে দাউ দাউ করে আগুন জ্বলছে। তারা মনে করেন সেখানে হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে।

নর্ডস্ট্রিম ওয়ান পাইপলাইন যেখান থেকে শুরু হয়েছে, পোর্তোভায়ার এই স্থাপনাটি তার খুব কাছে। এই পাইপলাইন দিয়েই জার্মানিতে গ্যাস সরবরাহ করা হয়। জুন মাসের পর গবেষকরা দেখতে পান যে, ওই স্থাপনা থেকে বেরিয়ে আসা তাপ উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে গেছে।

ধারণা করা হয় ওই স্থাপনায় প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে ফেলার কারণে সেখানে এই তাপ উৎপন্ন হচ্ছে। যেসব কেন্দ্রে গ্যাস পরিশোধন করা হয় সেখানে গ্যাস পুড়িয়ে ফেলা একটি স্বাভাবিক ঘটনা। সাধারণত কারিগরি ও নিরাপত্তাজনিত কারণেই তা করা হয়ে থাকে।

কিন্তু এই স্থাপনায় যে পরিমাণে গ্যাস পোড়ানো হচ্ছে তা বিশেষজ্ঞদের বিস্মিত করেছে। যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ড. জেসিকা ম্যাকার্টি বলেন, কোনো এলএনজি কারখানায় এতো গ্যাস কখনো পুড়তে দেখিনি। জুন মাসের শুরুতে আমরা প্রচুর গ্যাস জ্বলতে দেখলাম। কিন্তু সেটা আর বন্ধ হলো না বরং প্রচুর পরিমাণে গ্যাস পুড়তেই থাকলো।

যুক্তরাজ্যে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মিগুয়েল বের্গার বলছেন, ইউরোপ গ্যাসের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমাতে চাইছে এবং এর প্রভাব পড়েছে রুশ অর্থনীতির ওপর।

তিনি বলেন, তাদের কাছে আর কোনো দেশ নেই যাদের কাছে তারা এই গ্যাস বিক্রি করতে পারে। ফলে তাদেরকে এই গ্যাস পুড়িয়ে ফেলতে হচ্ছে।

জ্বলে ওঠা গ্যাস সামলাতে কাজ করে এরকম একটি কোম্পানি ক্যাপটেরিওর। এর প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক ড্যাভিস বলেন, রাশিয়ার ওই স্থাপনায় যে গ্যাস জ্বলছে সেটা কোনো দুর্ঘটনার কারণে ঘটেনি। তিনি মনে করেন ইচ্ছাকৃতভাবেই এই গ্যাস পোড়ানো হচ্ছে।

পরিচালনাকারীরা সহজেই কোনো স্থাপনা বন্ধ করে দিতে চান না। তারা মনে করেন, এটি পুনরায় চালু করা কারিগরি দিক থেকে কঠিন কিংবা ব্যয়বহুল হতে পারে। সম্ভবত এখানেও তাই হয়েছে।

কোনো কোনো বিশেষজ্ঞ মনে করছেন, এই পাইপলাইনে এতো বেশি গ্যাস চলে আসছে যে, তা সামাল দিতে গিয়েই সেখানে গ্যাস পুড়িয়ে ফেলা হচ্ছে। আবার অনেকে মনে করছেন যন্ত্রপাতির অভাবের কারণে এমনটা হয়ে থাকতে পারে।

ফিনল্যান্ডের এলইউটি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক এসা ভাক্কিলাইনেন বলেন, এতো সময় ধরে গ্যাস জ্বলার অর্থ হতে পারে যে তাদের কাছে হয়তো কিছু যন্ত্রপাতি নেই।

তিনি বলেন, রাশিয়ার ওপর যে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার ফলে তেলও প্রক্রিয়াজাত করতে প্রয়োজনীয় উঁচু মানের ভাল্ভ তারা তৈরি করতে পারছে না। হয়তো কিছু ভাল্ভ ভেঙে গেছে এবং তারা সেখানে নতুন ভাল্ভ বসাতে পারছে না।

এ বিষয়ে গ্যাজপ্রমের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। বিজ্ঞানীরা বলছেন, প্রতিদিন এতো গ্যাস পোড়ানোর ফলে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি পরিবেশকেও এর মূল্য দিতে হচ্ছে। কোভিড মহামারির কারণে সারা বিশ্বেই জ্বালানির মূল্য বেড়ে গেছে। তবে লকডাউনসহ কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার পর অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে শুরু করে। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর জ্বালানির মূল্য ফের বাড়তে শুরু করে।

এবার কাতার বিশ্বকাপ থেকে কতো টাকা আয় হতে যাচ্ছে?

 

স্পোর্টস ডেস্কঃ

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ফিফা ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো কাতারে হতে যাওয়া এ বিশ্বকাপ থেকে বিশাল অঙ্কের আয় হবে বলে জানিয়েছেন টুর্নামেন্টের সিইও নাসের আল খাতের।

সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ফিফার অনুমান অনুযায়ী আসন্ন কাতার বিশ্বকাপ থেকে সবমিলিয়ে রাজস্ব আদায় হবে প্রায় ৬ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৫৭ হাজার কোটি টাকার বেশি।

এসময় বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকদের থাকা ও ভালোভাবে খেলা উপভোগের ব্যাপারে তৎপর থাকার কথা জানান নাসের আল খাতেন। বিশ্বকাপের ম্যাচের টিকিটের জন্য তুমুল চাহিদা ছিল বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

নাসের আল খাতের বলেছেন, ‘ফিফার অনুমান অনুযায়ী ২০২২ সালের বিশ্বকাপ থেকে আয় হবে ৬ বিলিয়ন ডলার।’

শুরুতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ রাখা হয়েছিল ২১ নভেম্বর, সোমবার। সেটিকে এখন একদিন এগিয়ে আনা হয়েছে ২০ নভেম্বর, রোববারে। এর পেছনে বিশ্বকাপের স্টেকহোল্ডারদের আগ্রহের কথা জানিয়েছেন নাসের আল খাতের।

তার ভাষ্য, ‘বিশ্বকাপের অনেক স্টেকহোল্ডার চেয়েছেন উদ্বোধনটা যেনো রোববারে হয়।’ উল্লেখ্য, বিশ্বের সিংহভাগ দেশে সাপ্তাহিক ছুটির দিন রোববার।

প্রয়াণ দিবসে কবি নজরুলের স্মৃতিধন্য শহর কুমিল্লায় নানা আয়োজন

 

কুমিল্লা সংবাদদাতাঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম প্রয়াণ দিবসে কবির স্মৃতিধন্য শহর কুমিল্লায় আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানমালার।

আজ সকালে শিল্পকলা একাডেমিতে জাতীয় কবির ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমী, নজরুল পরিষদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কবি যেখানে আটক ছিলেন সেই কোতয়ালী থানায় কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান।

নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে শিশু-কিশোরদের জন্য সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রায় দুই শতাধিক শিশু কিশোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কৈশোর ও তারুণ্যের স্মৃতিবহ শহর কুমিল্লা। কুমিল্লায় নজরুলের প্রেম-প্রণয় এবং বিরহের স্মৃতি জড়িয়ে আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কবি এই শহরে আটক হয়ে ছিলেন এবং পরবর্তীতে আবারও গ্রেফতার হয়ে কারাবরণও করেছেন।

শেখ হাসিনার অধীনে দেশে কোন নির্বাচন হবেনা: জাপা মহাসচিব

 

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় পার্টি (জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একসময় তত্বাবধায়ক সরকারের জন্য রাজপথে ছিলাম। ঐ সময়ে আন্দোলন করতে গিয়ে জেল, হামলা, মামলার শিকার হয়েছিলাম। যুগোপৎ আন্দোলনের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংবিধানে নির্বাচনকালীন সরকার দেন। কিন্তু যেই শেখ হাসিনার নেতৃত্বে তত্বাবধায়কের আন্দোলন করি সেই শেখ হাসিনাই সরকার গঠন করে সংবিধান থেকে নির্বাচনকালিন নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেন। চিরদিন সরকারে থাকার জন্য শেখ হাসিনা ইচ্ছেমতো আইন প্রণয়ন করছে। শেখ হাসিনা দরবেশের বেশে শিকারি হয়েছে। আগামীতে শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না। এ সরকারকে হঠাতে হবে। আমরা এখন ২০ দলীয় জোটের সাথে আছি। খালেদা জিয়াকে মুক্ত করবো। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায় করে ছাড়ব, ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আমরা কাজী জাফর আহমেদের স্বপ্ন বাস্তবায়ন করব।

তিনি আরও বলেন, শেখ হাসিনা এখন জনগণের এমপি নন। বাংলাদেশে গত ১৪ বছরে ১০ লক্ষ টাকা টাকা পাচার হয়েছে। ওনি এখন লুটেরাদের সরকার প্রধান।

শনিবার সকালে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুস্পস্তবক অর্পন শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা কাজী নাহিদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি (জাফর) এর যুগ্ম মহাসচিব কাজী মোঃ নজরুল, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, জাপা’র যুগ্ম সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা রফিকুল ইসলাম মিয়াজী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা হুমায়ন কবির মজুমদার, যুগ্ম প্রচার সম্পাদক লোকমান পাটোয়ারী, ভাসানী পরিষদের কেন্দ্রীয় নেতা আবু আসাদ, সুমীর কর, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম বাদশা, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ডাঃ মামুন হাসিব ভুঁইয়া, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের ভাতিজা কাজী আরিফ রহমান, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি কাজী ফয়েজ আহমেদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু তাহের, উপজেলা জাতীয় পার্টি (এরশাদ) সাধারণ সম্পাদক খোরশেদ আলম, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ চৌধুরী পাশা, ছাত্রনেতা মেহেদী হাসান, তানভীর পারভেজ, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি জসিম উদ্দিন, সেক্রেটারী মোঃ শাহজাহান, যুবসংহতি নেতা ইব্রাহীম খাঁ, কবির হোসেন, মোঃ ইয়াছিন, উপজেলা জাতীয় ছাত্রসমাজের আহবায়ক এম আর শাহজাদাসহ দলমত নির্বিশেষে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মুরাদনগরে ড্রেন নির্মাণের নামে সড়ক খুঁড়ে রাখায় ভোগান্তিতে ক্রেতা-ব্যবসায়ীরা

 

মুরাদনগর সংবাদদাতাঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ কাঁচা ও মুদি মালের বাজারের প্রায় এক কিলোমিটারের রাস্তার বেহাল দশায় নাকাল ওই বাজারের হাজার হাজার ক্রেতা ও বিক্রেতারা। গত পাচঁ বছর ধরে চলছে এমন অবস্থা। এরই মধ্যে ড্রেন নির্মাণ কাজ যেন গলার কাটা হয়ে দাড়িয়েছে। ড্রেন নির্মাণের নামে রাস্তা খুঁড়ে রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ে ব্যাপক বৃষ্টিতে এই বাজারের ক্রেতা ও ব্যবসায়ীদের ভোগান্তিত আরো চরমে উঠেছে। মাটি খুঁরাখুরির কাজ ৩ মাস পেরিয়ে গেলেও নেই কাজের কোন অগ্রগতি।

অপর দিকে কর্তৃপক্ষ বলছেন, দ্রুতই এ ড্রেনের কাজ শেষ করা হবে। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ি ও ক্রেতা বিক্রেতাদের মাঝে ক্ষোভ এবং উত্তেজনা বিরাজ করছে। নিজেই বণিক সমিতির আহবায়ক আবার নিজেই ড্রেন নির্মাণেরে ঠিকাদার হওয়ায় কাজের গুনগত মান নিয়েও সন্দিহান রয়েছে ব্যাবসায়ীদের মাঝে।

উপজেলা প্রকৌশলী কার্যালয় সুত্রে জানা যায়, গত ৬ এপ্রিল ৩৬ লাখ ৪৬ হাজার ৬০৫টাকা ব্যয়ে ২১৮মিটার ড্রেন নির্মানের কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস নাজমুল হাছান এন্টার প্রাইজ। পরে সাব-ঠিকাদার হিসেবে কাজটি নিয়ে নেয় এ বাজার বনিক সমিতির আহব্বায়ক চন্দন বনিক। ড্রেন নির্মান কাজের নির্ধারিত সময় পার হয়ে গেলেও তা আবার সময় বাড়িয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়। তবে দ্বিতীয় বারের মতো নির্ধারিত সময়ের পর কাজ শেষ হবে কিনা তা নিয়ে সন্দিহান প্রকাশ করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

জানা যায়, এ উপজেলাসহ আশপাশের ৬টি উপজেলার ব্যবসায়িক প্রানকেন্দ কোম্পানীগঞ্জ বাজার। বৃহত্তম এই পাইকারি বাজার থেকে মালামাল ক্রয় করে পাইকাররা নিয়ে যায় এ উপজেলার আশপাশের ৬টি উপজেলায়। তাছাড়া সাপ্তাহিক রোবার ও বৃহস্পতিবার থাকে এ বাজারে নির্ধারিত হাট তখন এ বাজারে ক্রেতা সমাগম বেড়ে যায় দশগুন বেশি। তাছাড়া সপ্তাহের সব দিনই থাকে ক্রেতা ও পাইকারদের বিপুল সমাগম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়ক থেকে গোমতি নদী বেরীবাধ পর্যন্ত ড্রেন নির্মাণের জন্য সড়ক খুঁড়ে রাখা হয়েছে। কাজ করতে গিয়ে বাজারের দুপাশের গলির মাঝ বরাবর মাটি খুঁড়ে রাস্তার মাঝখানে রাখা হয়। এত করে ব্যবসায়ী ও ক্রেতাদেরে ভিড় ও ভোগান্তী ছিল নিত্যসঙ্গী। গত ৩মাস পূর্বে থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে এ বাণিজ্যিক এলাকায় নির্মাণকাজ শুরু করা হয়েছিল। এমন এক ব্যস্ততম বাজারে ড্রেনের কাজ খুঁড়িয়ে রেখে দেওয়া হয়েছে। সড়ক খোঁড়াখুঁড়ি করে রাখায় সবাইকে ঝুঁকি নিয়ে ড্রেনের ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। এ বাজারের গলি দিয়ে রিকশাসহ কোনো যান চলাচল করতে পারছে না।

ফারুক নামে এক ব্যবসায়ী বলেন, ব্যস্ততম বাণিজ্যিক এ বাজারে রোজার ঈদের আগে ড্রেন নির্মাণ কাজ আরম্ভ করে কর্তৃপক্ষ। যার কারনে দুই ঈদেও কাঙ্খিত ক্রেতা মেলে নি আমাদের। ৩মাস পার হলেও এই মূর্হতে ও ধীরগতিতে কাজ চলায় ভোগান্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরাও। তিনি বলেন, মুরাদনগর, দেবিদ্বার, নবীনগর, বুড়িচংসহ বেশ কয়েকটি উপজেলার মধ্যে কোম্পানীগঞ্জ বাজার সবচেয়ে বড়। এ বাজাওে প্রশাসন সহ কর্তৃপক্ষের সুদৃষ্টি দেওয়া দরকার।

ব্যবসায়ী সেলিম মিয়া বলেন, এমনিতেই লকডাউনে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন তারপর এখন আবার ড্রেন নির্মাণের ধীরগতির কারণে এ এলাকায় প্রতিনিয়ত লেগে থাকছে যানজট। যে কারণে বাজারে আগত সকল ক্রেতা-বিক্রেতা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আমরা চাই দ্রুত যেন এ কাজটি সম্পন্ন করে কর্তৃপক্ষ।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ বাজার বণিক সমিতির আহবায়ক চন্দন বণিক ড্রেন নির্মান কাজ নিজে করার কথা স্বীকার করে বলেন, বৃষ্টির কারনে কাজ করতে বিলম্ব হচ্ছে। কোম্পানীগঞ্জ বাজারের নানা সমস্যার কারনে এ কাজের যে মুল কন্ট্রাক্টর সে পালিয়ে গেছে। এ কারনে বাজারের উন্নয়নের কথা ভেবে আমাকে কাজটি করতে হচ্ছে। রাতের বেলায় কাজ করার কারনে কাজটি দ্রুত করা সম্ভব হচ্ছে না।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নাজমুল হাছান সত্বাধিকারী নাজমুল হাছান বলেন, কাজটি আমি বনিক সমিতির আহব্বায়ক চন্দন বনিককে দিয়ে দিয়েছি। চলতি মাসে কাজের নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে আমরা আবার নতুন করে সময় বাড়িয়েছি। বর্তমানে কাজ চলমান রয়েছে।

মুরাদনগর উপজেলা সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর কবির বলেন, ব্যবসায়ীরা কাজের সময় তাদের ব্যবসা পরিচালনা করার জন্য ড্রেন নির্মাণে বিলম্ব হচ্ছে। ড্রেনের নিচের বেইস ডালাইয়ের কাজটি শেষ করা হলেই দ্রুত ড্রেন নির্মাণ কাজ শেষ হবে।

 

 

কুমিল্লার পদুয়ার বাজার থেকে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ থেকে ৫.৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শনিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার পদুয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, কুমিল্লার বুড়িচংয়ের মিতিলাপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে মোঃ বশির আলম (৪৫) এবং রাজশাহীর দামকুড়া উপজেলার শিতলাই গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ রাসেল (২৪)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি ব্যবহার করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে তাদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।