All posts by jitu

দেবিদ্বারে এমপির উদ্যোগে ১০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার:

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭- তম শাহাদাত বার্ষিকীতে কুমিল্লার দেবিদ্বারে এমপি রাজী মোহাম্মদ ফখরুলের উদ্যোগে প্রায় ১০ হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

এর আগে এমপি রাজী মোহাম্মদ ফখরুল অসুস্থ্য শরীর নিয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করেন। পরে  দুপুরে নিজ হাতে  সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

সোমবার (১৫ আগস্ট) বেলা ১১ টার দিকে  উপজেলা পরিষদ মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি রাজী মোহাম্মদ ফখরুল। এ সময় আরো উপস্থিত ছিলেন  কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,  উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উন নবী তালুকদার,  দেবিদ্বার থানা  পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা  ( ওসি) কমল কৃষ্ণ ধর প্রমুখ।

বাংলাদেশে সংকট নেই, সংকটে আছে বিশ্ব : নৌ-প্রতিমন্ত্রী

 

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সংকটে নেই, বিশ্ব সংকটে আছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার (১৫ আগস্ট) রাজধানীর বিআইডব্লিউটিএর মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সংকটে নেই, বিশ্ব সংকটে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বনেতা। বিশ্ব সংকটে শেখ হাসিনা এক সাহসী উচ্চারণ। শেখ হাসিনার জীবনে আর কী সংকট আছে? তিনি বাবা-মা, ভাইবোনসহ আপনজনদের হারিয়েছেন। তার কষ্ট চেপে রেখে প্রতীজ্ঞা করেছেন- বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে হবে।’

তিনি বলেন, ‘যারা বলেন- বঙ্গবন্ধু হত্যার পর কোনো প্রতিবাদ হয়নি! তারা ভুল করছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে যায়- সেটিই প্রতিবাদ। প্রথম প্রতিবাদ হয় টুঙ্গিপাড়ায়। বুলেটের সামনে প্রতিবাদের মুখে বঙ্গবন্ধুকে যথাযথ মর্যাদায় দাফন করা হয়।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর যে বাংলাদেশে কাঁদতে দেয়নি, মুজিবের নাম উচ্চারণ করতে দেয়নি; সেই বাংলাদেশে আজ মুজিব আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে, এটিই সবচেয়ে বড় জয়। জাতির পিতাকে সপরিবারে হত্যাকাণ্ডকে জিয়া, এরশাদ এবং খালেদা জিয়া পারিবারিক হত্যাকাণ্ড বলেছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে ঘটনা তারা উপস্থাপন করেছিল; দীর্ঘ ৪৭ বছরেও সেটি তারা প্রমাণ করতে পারেনি। সত্য ছাড়া তা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।’

‘জিয়া, এরশাদ এবং খালেদা জিয়া মিথ্যার ওপর দাঁড়িয়ে বাংলাদেশকে অন্ধকারের পথে নিয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগ প্রগতি ও আলোর পথে দেশকে এগিয়ে নিয়ে গেছে; অন্যদিকে জিয়া, এরশাদ ও খালেদা জিয়া দেশকে উল্টোপথে- দুর্নীতি ও লুটেরার দিকে নিয়ে গেছেন। দারিদ্র্য থেকে দেশকে আরও দারিদ্র্য বানিয়েছেন। কিছু লোক দারিদ্র্যকে বিক্রি করে নিজেদের আখের গুছিয়েছে। জালিয়াতি দিয়ে কোনো কিছু করা যায় না- তা প্রমাণিত।’

অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানে জাতির পিতাকে নিয়ে বিআইডব্লিউটিএর সদস্য (প্রকৌশল) মতিউর রহমানের লেখা ‘কবিতায় বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. নিজামুল হক, বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি রকিবুল ইসলাম তালুকদার এবং বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি মো. আবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল হক।

প্রতিমন্ত্রী পরে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলে অংশ নেন এবং নাবিক ও ঘাটকর্মীদের মাঝে খাবার বিতরণ করেন।

এর আগে প্রতিমন্ত্রী সকালে ঢাকা থেকে অনলাইনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে অংশ নেন।

শোক দিবসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ,পুলিশের গাড়ি ভাংচুর

 

ডেস্ক রিপোর্ট:

বরগুনায় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

সোমবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে এ ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা শিল্পকলা একাডেমির আলোচনা সভায় যোগ দেন। সভাপতি পদবঞ্চিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লাসহ সমর্থকরা ওই সভায় যান। বেলা ১১ টার দিকে জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা নেতাকর্মীদের নিয়ে শিল্পকলায় আসলে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জে  ছাত্রলীগ নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে বরগুনা নদী বন্দরের পন্টুনের একটি কক্ষ থেকে কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শিল্পকলায় প্রবেশের সময় ছাদ থেকে তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে অজ্ঞাতরা। তাদের ইট-পাটকেলে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

সভাপতি পদ বঞ্চিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে যান।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ছাত্রলীগের গ্রুপিং থেকেই ঘটনার শুরু। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয় হবে।

কুমিল্লা সদরে গাজাঁসহ ২ যুবক আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের উকিলপাড়া এলাকা হতে ১৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৪ আগস্ট দুপুরে সদরের উকিলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার পাচড়া গ্রামের মৃত. মোঃ আবুল হাশেমের ছেলে মোঃ ঈমান হোসেন (৩০) এবং একই উপজেলার চরনল গ্রামের মৃত. আব্দুল সোবহানের ছেলে মোঃ শাহীন (৩৫)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বরুড়ায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়ায় বজ্রপাতে মো. সিদ্দিকুর রহমান (৫৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের ইলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর রহমান ওই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

নিহতের ছোট ভাই নজির মিয়া জানান, সকালে মো. সিদ্দিকুর রহমান বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে নিজের জমিতে কাজ করতে যান। সাড়ে ৯টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হয়। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খোশবাস উত্তর ইউনিয়নের সবুজ ছাতা ক্লিনিকে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয় সম্পর্কে অবগত হয়েছি। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

প্রবাসীর স্ত্রীকে অচেতন করে নগ্ন ভিডিও ধারণ

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে (৩২) অচেতন করে নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতার আসামিরা হলেন, উপজেলার কড়িহাটি গ্রামের নুর হোসেন ড্রাইভারের ছেলে মোতাহের হোসেন স্বপন (৩৮) একই গ্রামের মৃত হোসেনের ক্ত ছেলে মিজানুর রহমান টিপু (২৯)।

সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,  রোববার (১৪ আগস্ট) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে দুইজনকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে চাটখিল থানায় এ মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৯।

মামলার এজাহার বলা হয়েছে, গত সোমবার ৮ আগস্ট দুই আসামি সুকৌশলে গৃহবধূর রান্না ঘরে থাকা দুধের সাথে ঘুমের চেতনা নাশক ওষুধ মিশিয়ে দেয়। প্রতিদিনের ন্যায় গৃহবধূ তার সন্তানদের নিয়া রাতের খাবার দাওয়ার শেষে রান্না ঘর থেকে দুধ পান করে তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত অনুমানিক ১টা ৩৫ মিনিটের দিকে ২ আসামি গৃহবধূর শয়ন কক্ষের ঢুকে গৃহবধূর পরিহিত জামা কাপড় খুলে বিবস্ত্র অবস্থায় ছবি ও ভিডিও ধারণ করা কালে সে টের পেলে স্বপন তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে গৃহবধূর শৌচিরৎকারে দুই আসামি পালিয়ে যায়।

এজাহার সূত্রে আরও জানা যায়, পরবর্তীতে গৃহবধূর বিবস্ত্র ছবি আসামি টিপুর মুঠোফোনে প্রেরণ করে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে বিবস্ত্র ছবি ও ভিডিও গৃহবধূর প্রবাসী স্বামীর কাছে প্রেরণ সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহবধূর সঙ্গে অনৈতিক কার্যকলাপ করার কুপ্রস্তাবসহ বিভিন্ন ধরনের হুমকি দেয় আসামিরা।

ওসি তদন্ত আরও জানায়,লিখিত অভিযোগ পেয়ে গতকাল রাতেই দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। সোমবার সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

জাতীয় শোক দিবসে কুমিল্লায় বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী।

দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৫ আগস্ট) সকালে কুমিল্লা নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্যগণ, জেলা প্রশাসন, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, কুমিল্লা মহানগর আওয়ামীলীগসহ অন্যান্য রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির জনক ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর সাংসদ ও মহানগর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহা উদ্দিন বাহার, সংরক্ষিত সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা, জেলা পরিষদ প্রশাসক রিয়ার এডমিরাল(অব) আবু তাহের, কুমিল্লা সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ড. শফিকুল ইসলাম, কুসিকের প্যানেল মেয়র হাবিবুর আল আমীন সাদি প্রমুখ।

শোক দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আ’ লীগের উদ্যোগে নগরীর রামঘাট কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে  প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবল হক মুজিব এমপি। এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া  সকালে মহানগর আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে এমপি বাহারের নেতৃত্বে পৃথক ভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এদিকে এমপি আনজুম সুলতানা সীমার নেতৃত্বে নগরীতে একটি শোক র‌্যালি বের হয়।

কুমিল্লা মহানগর বিএনপির ৮টি ওয়ার্ডে আহবায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা মহানগরীর ৮টি ওয়ার্ডে মহানগর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

১৪ আগস্ট মহানগর বিএনপির আহবায়ক (দায়িত্বপ্রাপ্ত) শওকত আলী বকুল ও সদস্য সচিব মো: ইউসুফ মোল্লা টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নগরীর ৬ নং ওয়ার্ডে আহবায়ক হোসেনুজ্জামান চৌধুরী দুলাল, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ বাবুল মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ সেলিম, যুগ্ম আহবায়ক শিল্পি আক্তার ও সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন টিপু।

৯ নং ওয়ার্ডে আহবায়ক এড. জসিম উদ্দিন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী ওসমান গণি, যুগ্ম আহবায়ক জামসেদ হারিসুল ইসলাম লুনিক, যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর ও সদস্য সচিব মোঃ জামাল হোসেন ভূইয়া।

১৯ নং ওয়ার্ডে আহবায়ক মো: ফরিদ আহমেদ মজুমদার , সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মোঃ হারুনুর রশীদ, যুগ্ম আহবায়ক মোঃ হারুনুর রশীদ, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান বাবুল ও সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান।
২৩ নং ওয়ার্ডে আহবায়ক মো: এরশাদুর রহমান , সিনিয়র যুগ্ম আহবায়ক মোবারক হোসেন, যুগ্ম আহবায়ক হুমায়ন কবির, যুগ্ম আহবায়ক আবুল কাশেম ও সদস্য সচিব মাহাবুব আলম।

২৪ নং ওয়ার্ডে আহবায়ক নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক অব্দুল হান্নান, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, যুগ্ম আহবায়ক মোঃ ফরিদ ও সদস্য সচিব মোঃ হানিফ।

২৫ নং ওয়ার্ডে আহবায়ক মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম, যুগ্ম আহবায়ক আবদুস সালাম (বিডিআর), যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম (আর্মি) ও সদস্য সচিব মোস্তফা কামাল।

২৬ নং ওয়ার্ডে আহবায়ক মোঃ মোতাহের হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুর রব মিন্টু, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক রুহুল আমিন ও সদস্য সচিব মোঃ আবু সাইদ।

২৭ নং ওয়ার্ডে আহবায়ক মোহাম্মদ হানিফ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবু হানিফ, যুগ্ম আহবায়ক মোঃ সফিকুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব মোঃ আব্দুল কুদ্দুছ।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট:

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সোমবার (১৫ আগস্ট) বেলা ১১টা ৫৯ মিনিটে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।

এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এরপর প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। পরে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার সমাধিসৌধ প্রাঙ্গণে বিশেষ দোয়া-মাহফিলে অংশ নেবেন।

এর আগে, জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া-মাহফিলে অংশ নিতে নিজের গ্রামের বাড়ি এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে সোমবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টা ৩৫ মিনিটে টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান প্রধানমন্ত্রী।

টুঙ্গিপাড়ার কর্মসূচিতে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফিরে আসবেন।

এদিন সকাল সাড়ে ৬টায় ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।

এরপর সকাল ৭টা ২০ মিনিটে বননী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং ফুলের পাপড়ি ছড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পনেরই আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এদিনে ঘাতকরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে।

এদিন জাতির পিতার সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব, তিন পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, দশ বছরের শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, একমাত্র সহোদর বীর মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, কৃষকনেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সেরনিয়াবাত, যুবনেতা বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, বেবী সেরনিয়াবাত, আরিফ সেরনিয়াবাত, সাংবাদিক শহীদ সেরনিয়াবাত, সুকান্ত বাবু, আব্দুল নঈম খান রিন্টুসহ পরিবারের ১৮ জন সদস্যকে ঘৃণ্য ঘাতকরা এ দিনে হত্যা করে। রাষ্ট্রপতির সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল জামিল এবং কর্তব্যরত পুলিশের বিশেষ শাখার এএসআই সিদ্দিকুর রহমান নিহত হন। ঘাতকদের কামানের গোলার আঘাতে মোহাম্মদপুরে একটি পরিবারের বেশ কয়েকজন হতাহত হন।