All posts by jitu

বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে দুই মাদক কারবারিকে মদসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো,চাঁদপুরের শাহরাস্তি থানার নিজ মেহার গ্রামের বর্ধন বাড়ির মৃত পরেশ চন্দ্র পালের ছেলে উত্তম কুমার পাল (৫২) ও মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ি থানার হাসাইল গ্রামের রায় বাড়ির বলরাম চন্দ্র রায়ের ছেলে অজয় রায় (৩৩)।

বুধবার (১০ আগস্ট) সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল মঙ্গলবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়াগ কলেজ গেট এলাকা তাদের গ্রেফতার করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি মদ বিক্রিরকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের থেকে ১৪ বোতল বিদেশি হুইস্কি ও তিন বোতল ভদকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

নোয়াখালীতে গণপিটুনিতে গরু চোরের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। তাৎক্ষণিক পুলিশ নিহত গরু চোরের নাম ঠিকানা জানাতে পারেনি।

বুধবার (১০ আগস্ট) ভোর রাতের দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা বাজারে এ ঘটনা ঘটে। নিহত যুবক ফেনী জেলার দাগনভূঞা উপজেলার বাসিন্দা বলে জানা যায়।

চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়দল হক কচি বলেন, এ ঘটনায় জনতার হাতে ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া আরো এক গরু চোরকে স্থানীয় লোকজন আটক করে বুধবার সকাল ৯টার দিকে পুলিশে সোপর্দ করে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের অর্জুনতলা সংলগ্ন আবুল বাশারের বাড়ির জাকির হোসেনের গোয়ালঘর থেকে ৪টি গরুর বাছুর ও একই গ্রামের নুর উদ্দিনের গোয়ালঘর থেকে ৪টি গরুর বাছুরসহ মোট ৮টি গরুর বাছুর চুরি করে সংঘবদ্ধ গরু চোর চক্র। গরু চুরি করে লেগুনা গাড়ি যোগে পালিয়ে যাওয়ার সময় গরুর মালিকরা বিষয়টি টের পেয়ে চারিদিকে ফোন করে খবর দিয়ে দেয়।

এসপি বলেন, খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা চরফকিরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার এলাকার সাদ্দামের দোকানের সামনে ট্রাক্টর দিয়ে রাস্তায় ব্যারিকেড দেয়। এরপর ব্যারিকেডের মুখে ভোর পৌনে ৪টার দিকে স্থানীয় লোকজন চোরাই গরু ভর্তি গাড়ি আটক করে। ওই সময় গাড়িতে থাকা ৪জন গরু চোরের মধ্যে ৩জন পালিয়ে যেতে সক্ষম হলেও এক গরু চোরকে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। গণপিটুনিতে ওই গরু চোর ঘটনাস্থলে নিহত হন । খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এসপি আরও বলেন, উত্তেজিত জনতা গুরু চুরির কাজে ব্যবহৃত লেগুনাগাড়িতে আগুন ধরিয়ে পার্শ্ববর্তী খালে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গরু চুরি,উদ্ধার ও গ্রামবাসীর হাতে গণপিটুনিতে নিহতের ঘটনায় পৃথক মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ইউক্রেনকে গোপনে রাডার বিধ্বংসী মিসাইল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

 

ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্রের পেন্টাগন সোমবার জানিয়েছে, তারা গোপনে ইউক্রেনকে রাডার বিধ্বংসী মিসাইল পাঠিয়েছে। এসব মিসাইল রাশিয়ার রাডার ধ্বংস করে দেওয়ার কাজে ব্যবহার করা হবে।

এরমাধ্যমে প্রথমবারের মতো রাডার বিধ্বংসী মিসাইল পাঠানোর বিষয়টি প্রকাশ্যে স্বীকার করল যুক্তরাষ্ট্র।

আন্ডার সেক্রেটারি ডিফেন্স ফর পলেসি কলিন কাহল মিসাইল পাঠানোর বিষয়টি জানান।

তবে কতগুলো মিসাইল, কোন ধরনের মিসাইল বা কোন সময় এগুলো পাঠানো হয়েছে সেটি খোলাসা করেননি তিনি।

তবে গণমাধ্যম সিএনএন একজন সামরিক কর্মকর্তার বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এজিএম-৮৮ হাইস্পিড এন্টি রেডিয়েশন মিসাইল (হার্ম) দিয়েছে।

এটি ৩০ মাইল দূরে আঘাত হানতে পারে৷ রাশিয়ার শক্তিশালী এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানতে পারবে।

এই এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইউক্রেনের বিমান বাহিনী তাদের কার্যক্রম চালাতে পারছিল না।

তাছাড়া যুক্তরাষ্ট্রের পাঠানো এ মিসাইল রাশিয়ার কাউন্টার ব্যাটারি রাডারেও আঘাত করতে পারবে৷ এ কাউন্টার ব্যাটারি রাডার নিয়ে ইউক্রেনের কামান ধ্বংস করে থাকে রাশিয়া।

তবে ইউক্রেনের পক্ষ থেকে এখনো এ মিসাইল পাওয়ার কথা স্বীকার করা হয়নি। তবে রাশিয়ার স্থাপনার ওপর ইউক্রেনের হামলার পর এ মিসাইলের অস্তিত্ব পাওয়া গিয়েছিল।

সূত্র: সিএনএন

পেশাগত দায়িত্ব পালনের সময় হামলা ও মারধরের শিকার ২ সাংবাদিক

 

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর কামরাঙ্গীরচরে এসপিএ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনের সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক হাসান মিসবাহ ও ক্যামেরাপারসন সাজু মিয়া হামলা ও মারধরের শিকার হয়েছেন।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় ক্যামেরা ভাঙচুর করা হয়। মোবাইল ও গাড়ির চাবি ছিনিয়ে নেওয়াসহ প্রায় দুই ঘণ্টা তাদের আটকে রাখা হয়।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, কামরাঙ্গীরচরে এসপিএ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে দুজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলা করা হয়। এসপিএ ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে মিলন নামে এক এসআই তাদের মারধর করেন। পরে থানা থেকে পুলিশ গিয়ে মিসবাহ ও সাজুকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এসপিএ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের মালিক এম এইচ ওসমানীসহ তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া সাংবাদিকদের মারধরের অভিযোগে কামরাঙ্গীরচর থানার এসআই মিলন হোসেনকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে।

অবশেষে চৌদ্দগ্রামে অস্ত্র হাতে ভাইরাল যুবলীগ নেতা জুয়েলের আগ্নেয়াস্ত্র লাইসেন্স বাতিল

 

স্টাফ রিপোর্টারঃ

অবশেষে অস্ত্র হাতে বহুল আলোচিত চৌদ্দগ্রাম শ্রীপুর ইউনিয়ন এর নালঘর গ্রামের যুবলীগ নেতা মোস্তফা মনিরুজ্জামান জুয়েলের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান। গত ৭ আগষ্ট জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।

চিঠিতে তিনি উল্লেখ করেন, ২১ জুলাই ২০২২ তারিখের কুমিল্লা জেলা বিশেষ শাখা স্মারক নম্বর ৭৫৪৮ ও ১৬ জুলাই ২২তারিখের চৌদ্দগ্রাম থানার জিডি নং ৬৮১ যার স্বারক নং ৮০৯৯ এর প্রাপ্ত তথ্য মতে গত ১৪ জুলাই বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতিবাচকভাবে মোস্তফা মনিরুজ্জামান জুয়েল তার নামে ইস্যুকৃত দেখতে অত্যাধুনিক ও সামরিক বাহিনীর অস্ত্রের মতো মনে হলেও পয়েন্ট ২২ (.২২) বোর রাইফেল যা জিএসজি-৫ মডেলের রাইফেল। জার্মানির তৈরি অস্ত্রটির মডেল এ-৩৫৪৯১৬ বর্ণিত এ অস্ত্র প্রদর্শন পূর্বক সাধারণ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন করায় তার মালিকীয় আগ্নেয়াস্ত্র লাইসেন্স বাতিলের সুপারিশ এর প্রেক্ষিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান ও নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ এর অনুচ্ছেদ ২৫(ক) এবং অস্ত্র আইন ১৮৭৮এর ১৮(ক) ধারা অনুযায়ী তার অনুকূলে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সটি বাতিল করা হল।

উল্লেখ্য, গত ১৪ তারিখ জুয়েলের আগ্নেয়াস্ত্র ছবিসহ একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সারাদেশে তোলপাড় শুরু হয়,এর পরদিন মনিরুজ্জামান জুয়েল এর স্ত্রী আগ্নেয়াস্ত্র টি চৌদ্দগ্রাম থানায় জমা দেন এবং গত ১৭ জুলাই জুয়েল কে একটি চেক ডিজওনার মামলায় গ্রেফতারী পরোয়ানার প্রেক্ষিতে ঢাকা বনানী থেকে গ্রেফতার করে পরদিন ১৮ জুলাই চৌদ্দগ্রাম থানা পুলিশ আদালতে সোপর্দ করলে আদালত মনিরুজ্জামান জুয়েল কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে জুয়েল কুমিল্লা কারাগারে রয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

জয়া আহসানের সাথে গল্পে মাতলেন বার্জারের ‘স্মৃতির আঙিনা’ ক্যাম্পেইনের অংশগ্রহণকারীরা

 

ডেস্ক রিপোর্টঃ

“বার্জার লাক্সারি সিল্ক ইমালশন ‘স্মৃতির আঙিনা” ক্যাম্পেইনের সেরা ২০ অংশগ্রহণকারীর সাথে এক জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বার্জারের ‘স্মৃতির আঙিনা’ ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা দেয়ালে তাদের স্মরণীয় সব মুহূর্তগুলো তুলে ধরেছিলেন, তারই অংশ হিসেবে দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) ক্যাম্পেইনের সেরা ২০ অংশগ্রহণকারীর জন্য গতকাল (০৮ আগস্ট) রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করে।

এ অনুষ্ঠানে, ক্যাম্পেইনের অংশগ্রহণকারীরা ও জয়া আহসান ছাড়াও উপস্থিত ছিলেন বার্জারের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং -এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মোহসিন হাবিব চৌধুরী, সেলস -এর জেনারেল ম্যানেজার একেএম সাদেক নাওয়াজ, হেড অব ব্র্যান্ডস সেঁজুতি সালেক সেতু, মার্কেটিং এর ক্যাটাগরি ম্যানেজার সাইদ শরীফ রাসেল এবং লাক্সারি সিল্কের ব্র্যান্ড ম্যানেজার আমরিনা তাসনিম রোশনি।

বাড়ির দেয়াল সকল স্মরণীয় মুহূর্তের সাক্ষী। দেয়ালের সে বিশেষ সব মুহূর্তের স্মৃতিকে তুলে ধরতে ‘স্মৃতির আঙিনা’ ক্যাম্পেইন চালু করা হয়; একইসাথে, এর লক্ষ্য ছিলো অংশগ্রহণকারীদের মধ্যে সৃষ্টিশীলতাকে উৎসাহিত করা। এর আগে, এ ক্যাম্পেইনের সেরা ৩ অংশগ্রহণকারীর বাসায় যান জয়া আহসান। এ ক্যাম্পেইনের সেরা ২০ অংশগ্রহণকারী বার্জার এক্সপ্রেস পেইন্টিং সেবা নেয়ার ক্ষেত্রে ৫০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা পান; অন্যদিকে, অন্যান্য সকল অংশগ্রহণকারী পান ১০ শতাংশ ডিসকাউন্ট। এখন জনপ্রিয় এ তারকার সাথে ডিনার করার সুযোগ পেলেন ক্যাম্পেইনের সেরা ২০ অংশগ্রহণকারী। এছাড়াও ছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিতু রাজ-এর মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা।

এ আয়োজন নিয়ে উচ্ছস্বিত জয়া বলেন, “বার্জার দেশের অন্যতম ব্র্যান্ড, যারা ক্রেতাদের সেরা মানের পেইন্টস সল্যুশন প্রদানের পাশাপাশি আরও উন্নত ইন্টেরিয়ের নিশ্চিত করার মাধ্যমে তাদের নিজস্ব লাইফস্টাইলের তুলে ধরার ব্যাপারে যত্নশীল। ‘স্মৃতির আঙিনা’ ক্যাম্পেইনের অংশগ্রহণকারীদের সাথে চমৎকার এ অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি সত্যিকার অর্থেই আনন্দিত। আমি বার্জারসহ সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাই চমৎকার এ সময়ের জন্য।”

বার্জারের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, “স্মৃতির আঙিনা’ ক্যাম্পেইনের লক্ষ্য ছিলো আমাদের দেয়ালের গুরুত্ব এবং এ নিয়ে আমাদের স্মরণীয় সব স্মৃতিকে তুলে ধরা। অংশগ্রহণকারীরা এ অনুষ্ঠান উপভোগ করেছেন বলেই আমার বিশ্বাস। এ আয়োজনকে উপভোগ্য করে তোলার জন্য আমি আমাদের ক্যাম্পেইনের সকল অংশগ্রহণকারী ও জয়া আহসানকে ধন্যবাদ জানাই। আমরা ভবিষ্যতেও আমাদের মূল্যবান ক্রেতাদের জন্য এমন ক্যাম্পেইন নিয়ে আসার ব্যাপারে প্রত্যাশী।”

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে পারবে বিবাহিতরাও

 

বিনোদন ডেস্কঃ

দীর্ঘ ৭০ বছর পর বড়সড় পরিবর্তন এলো মিস ইউনিভার্স প্রতিযোগিতায়। এতদিন শুধুমাত্র অবিবাহিতরাই অংশগ্রহণ করতে পারতেন এই প্রতিযোগিতায়। এবার এই প্রক্রিয়াতে পরিবর্তন আনলেন প্রতিযোগিতার কমিটিতে থাকা সদস্যরা। আগামী বছর থেকেই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন বিবাহিত নারীরাও। এমনকী মায়েরাও।

সম্প্রতি একটি আন্তর্জাতিক পত্রিকায় ঐ সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুরই পরিবর্তন ঘটে। এটা তারই অংশ। এই সিদ্ধান্তটা সময়ের নিরিখে খুবই স্বাভাবিক একটা সিদ্ধান্ত। তবে তাদের এই সিদ্ধান্ত যে যুগান্তকারী ও ঐতিহাসিক তা একবাক্যে স্বীকার করেছে গোটা ফ্যাশন দুনিয়া।

২০২৩ সালে ৭২ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা হবে নতুন এই নিয়মে। যেখানে মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজকরা জানিয়েছেন, আমরা বিশ্বাস করি, যেকোনো নারীর ব্যক্তিগত সিদ্ধান্ত যেন তার জীবনের সাফল্যে বাধা না হয়ে দাঁড়ায়।

২০২২ সাল অবধি একমাত্র ১৮ থেকে ২৮ বছর বয়সী অবিবাহিত নারীরাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতেন। সন্তানের মায়েরা তো দূরঅস্ত, বিবাহিত বা ডিভোর্সড হলেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার নিয়ম ছিল না। এবার ১৮ থেকে ২৮ বছর বয়সী যেকোনো নারীই হতে পারেন মিস ইউনিভার্স। তবে বয়সের ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে কিনা তা এখনও জানায়নি মিস ইউনিভার্স কতৃর্পক্ষ।

কুমিল্লায় বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উদযাপন

 

ইসতিয়াক আহমেদঃ

কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সোমবার (৮ই আগস্ট) সকাল ১০টায় ঢাকার গণভবন প্রান্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জম্নবার্ষিকী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ (পিপিএম বার) কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কানিজ তাজিয়া সহ আরো অনেকে তাছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা বিষয়ক আধিদপ্তরে আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে জেলার ৩০ জনকে ২০০০ টাকা করে মোট ৬০০০০ টাকা নগদ অর্থ প্রদান করা হয় এবং কুমিল্লা সিটি করপোরেশনের মধ্যে ৩০ জনকে এবং বিভিন্ন উপজেলার ১২০ জন নারীকে মোট ১৫০ টি সেলাইমেশিন বিতরণ করা হয়।

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে

 

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালী হাতিয়ায় বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে চার জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। আজ মঙ্গলবার দুপুরে জীবিত উদ্ধার হওয়া জেলেরা এই তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার কবলে পড়া ট্রলারের মালিক হাতিয়ার জাহাজমারা আমতলি গ্রামের বাসিন্দা লুৎফুল্লাহিল মজিব নিশান জানান, মঙ্গলবার ভোরে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর জেলার দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবে যায়। পরে পাশে থাকা একটি ট্রলার চার জেলেকে উদ্ধার করে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর নিয়ে আসে। উদ্ধার হওয়া জেলেরা মঙ্গলবার বিকেলে মোবাইলে এই সংবাদ তাকে জানান।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধারে চেষ্টা করা যাচ্ছে না বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, এমভি নিশান নামে ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাট থেকে গত এক সপ্তাহ আগে ১৭ মাঝি মাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যায়। ট্রলারে থাকা সকল মাঝি মাল্লার বাড়ি হাতিয়ার উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

নিখোঁজ জেলেদের মধ্যে একজন মো. সোহেল (২২), উপজেলার জাহাজমারা আমতলী গ্রামের এনায়েত মাঝির ছেলে। তাঁর ভাই মো. রাসেল জানান, জীবিত উদ্ধার হওয়া চারজনের মধ্যে একজন ট্রলারের মাঝি মো. শামীম (৪৫)। তাঁর সঙ্গে মোবাইলে যোগাযোগ হয়েছে। শামীম তাকে জানান, ট্রলারটি ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। এতে তিনিসহ চারজনকে অন্য একটি ট্রলার উদ্ধার করে। তবে অন্যদের সবাই কেবিনের মধ্যে থাকায় বেঁচে থাকার সম্ভাবনা নেই। সাগর উত্তাল থাকায় সেখানে কোনো ট্রলার যাওয়া সম্ভব হচ্ছে না।

হাতিয়ার জাহাজমারা ইউপি চেয়ারম্যান মাসুম বিল্লাহ জানান, দুর্ঘটনার কবলে পড়া ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাটের। নিখোঁজ ১৩ জেলের মধ্যে ৫ জনের বাড়ি জাহাজমারা আমতলী গ্রামে। অন্য ৮ জনের বাড়ি একই উপজেলার হরনী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। সবার বাড়িতে শোকের মাতম চলেছে।

এ ব্যাপারে হাতিয়ার জাহাজমারা ফাঁড়ি থানার ইনচার্জ এস আই মাসুদ জানান, সাগরে ট্রলার ডুবে জেলে নিখোঁজ হওয়ার ঘটনাটি শুনেছি। ঘটনাটি পটুয়াখালী জেলার পাশে কোন এক জায়গায় হবে। তবে এখন পর্যন্ত লিখিতভাবে কেউ কিছুই জানাননি।

লজ্জার হারের পর জরিমানা হল টাইগারদের

 

স্পোর্টস ডেস্কঃ

টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেও পরাজয় বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার প্রথম ওয়ানডে ৫ উইকেটে হারের পর রবিবার দ্বিতীয় একদিনের ম্যাচটিও হেরেছে একই ব্যবধানে। সিরিজ হারের হতাশার সঙ্গে আইসিসির দেওয়া শাস্তিও পেতে হলো তামিম ইকবালদের।

রবিবার (৭ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাবে খেলতে নামা টাইগার ক্রিকেটারদের মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিষয়টি আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় আইসিসি।

যেখান বলা হয়, নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করে তামিম ইকবালের দল। যা আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা ২.২২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।

তামিম ইকবাল স্লো ওভার রেটের দায় স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।