All posts by jitu

সবার সামনে অধ্যক্ষকে হকিস্টিক দিয়ে ‘পেটালেন’ এমপি ওমর ফারুক

 

ডেস্ক রিপোর্ট:

এক কলেজ অধ্যক্ষকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সরকার দলীয় সংসদ-সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে। প্রায় ১৫ মিনিট সময় ধরে সবার সামনে অধ্যক্ষকে পেটানো হয় বলে জানা যায়। তবে ওমর ফারুক চৌধুরী এসব অভিযোগ অস্বীকার করেছেন।

আহত সেলিম রেজা গোদাগাড়ীর রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ। ফারুক চৌধুরীর বেপরোয়া লাথি, কিল-ঘুষি ও হকিস্টিকের আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে কালশিরা জমেছে।

জানা যায়, গত ৭ই জুলাই রাতে নগরীর নিউমার্কেট সংলগ্ন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন ওমর থিম প্লাজার চেম্বারে এ ঘটনা ঘটে। ঘটনার সময় গোদাগাড়ী উপজেলার বিভিন্ন কলেজের আরও সাতজন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উপস্থিত ছিলেন। প্রায় ১৫ মিনিট সময় ধরে সবার সামনে অধ্যক্ষ সেলিম রেজাকে বেপরোয়াভাবে পিটিয়ে জখম করলেও কেউ তাকে বাধা দিতে সাহস পায়নি।

ঘটনার বিবরণ দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, গোদাগাড়ীর মাটিকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুল আউয়াল রাজু ফোন করে বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের ৭ই জুলাই রাত ৯টায় থিম ওমর প্লাজায় এমপির চেম্বারে উপস্থিত হতে নির্দেশ দেন। তার ফোন পেয়ে রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাসহ আটজন অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফারুকের চেম্বারে হাজির হন। ফারুক প্রথমেই অধ্যক্ষ সেলিম রেজার কাছে জানতে চান তার কলেজের কতিপয় শিক্ষক একজন অধ্যক্ষ ও দলীয় নেতার স্ত্রীকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলেছেন। প্রিন্সিপাল হিসাবে তিনি কী ব্যবস্থা নিয়েছেন।

জবাবে অধ্যক্ষ সেলিম বলেন, যদি আপনার কাছে প্রমাণ থাকে আমি তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। আমি এই বিষয়ে কিছুই জানি না।

এর পরপরই তিনি ফোনের রেকর্ড অন করে বিষয়টি অধ্যক্ষ সেলিমকে শুনতে বলেন। এরই মধ্যে ফারুক ভীষণ উত্তেজিত হয়ে পড়েন। সেলিম রেজাকে জাপটে ধরে প্রথমেই তার বাম চোখের নিচে সজোরে ঘুষি মারেন। এরপর উপর্যুপরি চলতে থাকে কিল ঘুষি ও লাথি।

এক পর্যায়ে অধ্যক্ষ সেলিম প্রায় অচেতন হয়ে পড়লে চেম্বারে আগে থেকে রাখা হকি স্টিক বের করে বেশ কয়েকটি আঘাত করেন সেলিমের বাম হাত, কোমর ও শরীরের নিম্নাঙ্গে। এক পর্যায়ে অধ্যক্ষদের একজন সেলিমকে এমপির কব্জা থেকে ছাড়িয়ে নিয়ে চেম্বার থেকে বের করে আনেন।

অধ্যক্ষ সেলিম রেজা গণমাধ্যমকে বলেন, ওই ঘটনার পর থেকে তিনি বাড়িতেই থাকছেন। এরপর তিনি হোয়াটসঅ্যাপে সংসদ সদস্যের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী কলেজ অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে বলেন, ম্যানেজিং কমিটি গঠন নিয়ে আমার চেম্বারে তারা অনেকেই এসেছিল। নিজেরা মারামারি শুরু করলে আমি গিয়ে তাদেরকে থামাই। অধ্যক্ষ সেলিম রেজার শরীরে মারধরের চিহ্ন কীভাবে হলো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জানি না।

সোনারতরী রক্তদান ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি: স্বেচ্ছাসেবীদের মিলন মেলা ও সম্মাননা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন, বাংলাদেশ (SBDFB) এর ২য় বর্ষপূর্তি  উপলক্ষে  স্বেচ্ছাসেবীদের মিলন মেলা ও সামাজিক সংগঠন এবং রক্তদাতাদের সম্মাননা – ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ জুলাই) দিনব্যাপি কুমিল্লায় ভার্চুয়াল ফান টাউনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০০ সংগঠন ও ২৭ জন সুপার হিরো রক্তদাতাকে সম্মাননা প্রদান করে সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ।

উক্ত অনুষ্ঠান উদ্ভোধন করেন ফান টাউনের সিইও ইফতেখার হোসেন রুবেল ।  এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও চ্যানেল বাংলাদেশের চেয়ারম্যান মোঃ ইমতিয়াজ আহমেদ (জিতু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SBDFB  এর উপদেষ্টা জাকির খাঁন, উপদেষ্টা  দৈনিক আজকের কুমিল্লার প্রধান অতিথি সালাহ উদ্দিন সোহেল, সদর দক্ষিণ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সদস্য কুয়েত প্রবাসী মোহাম্মদ ইয়াসিন ,  স্বপ্ন ইন্টেরিয়র এর চেয়ারম্যান মো: আবুল হাসেম,   রয়েল কোচ কুমিল্লার জিএম সাইফুল ইসলাম শরিফ ,  সমাজ সেবক ফয়সাল মোল্লা ,  সমাজ সেবক মোঃ ফাইজুল আলম মজুমদার ,  বারপাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা  আরিফুর রহমান,  প্রবাসী  রেদোয়ান হোসেন , SBDFB – এর দাতা সদস্য রাশেদ মাহমুদ শাওন  , মামুন শিকদার,  কলেজ প্রভাষক ত্বোহা হাসান ভুঁইয়া স্বাধীন ।

আরো উপস্থিত ছিলেন পরিচালকদের মাঝে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম, সাজ্জাদ হোসাইন রাকিব,জিয়াউল হাসান, সাদিয়া আক্তার, তাছলিমা আক্তার, এডমিন, সাইফুল ইসলাম সফি,মাহমুদুল হাসান মারিফ, কার্যকরি সদস্য নওশিন নাহার সোহাগী, রাবেয়া আক্তার, সজিব,রিমন, সবুজ, সেলিম গাজি, নাহিদসহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SBDFB – এর প্রতিষ্ঠাতা পরিচালক সাদ্দাম হোসেন হাদী। অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালক সদস্য হাবিবুর রহমান ও রেবেকা সুলতানা ,  কার্যকরী সদস্য  মোঃ আলাউদ্দিন ।

চাঁদপুরে জনপ্রিয় অভিনেতা দিলদারের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি জনপ্রিয় অভিনেতা আলহাজ্ব দিলদার হোসেন পাটোয়ারীর ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ জুলাই) চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের তার নিজ গ্রাম শাহতলী পাটোয়ারী বাড়ি জামে মসজিদে বাদ আছর এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদের আয়োজন করেন আলহাজ্ব দিলদার হোসেন পাটোয়ারীর মেজো ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন পাটোয়ারীর ছোট ছেলে মোহাম্মদ রাসেল পাটোয়ারী। এসময় উপস্থিত মুসল্লীগণ আলহাজ্ব দিলদার হোসেন পাটোয়ারীর আত্মার মাগফেরাত কামনা করেন।

আলহাজ্ব দিলদার হোসেন পাটোয়ারীর ভাতিজা রাসেল পাটোয়ারী বলেন, আজ ১৯ বছর পূর্ণ হয়েছে আমার জেঠা মৃত্যুবরন করেছে। আল্লাহ যেনো তার জীবনের সকল গুনাহ মাফ করে দেন এবং তাকে যেন জান্নাতুল ফেরদৌসের দান করেন। সেই জন্য এই দোয়া আয়োজন করা হয়েছে। এছাড়াও আমি ও আমার পরিবার চাঁদপুরবাসীর কাছে দোয়া চাই। সবাই যাতে আমাদের জন্য দোয়া করে।

সে সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব দিলদার হোসেন পাটোয়ারীর ভাতিজা মোবারক পাটোয়ারী। শাহতলী কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মোহাম্মদ আবদুল মান্নান, মোহাম্মদ আবদুল হালিম। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বুড়িচংয়ে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত, হাসপাতালে সন্তানরা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ে রাস্তা পার হতে গিয়ে এক দম্পতি বাসচাপায় নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি তাদের দুই সন্তান। দুর্ঘটনার পরপরই বাসচালককে আটক করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের কাবিলা এলাকায় বুধবার রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোকাম ইউনিয়নের বাড়াইর গ্রামের ইদ্রিস মিয়া ও তার স্ত্রী লুৎফা বেগম।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

স্থানীয় ইউপি সদস্য আবাদ মিয়া জানান, সন্তানদের নিয়ে একটি গাড়ি থেকে কাবিলা বাসস্ট্যান্ড এলাকায় নামেন ওই দম্পতি। বাড়ি যাওয়ার জন্য মহাসড়ক হেঁটে পার হচ্ছিলেন তারা। এ সময় ঢাকাগামী ঢাকা এক্সপ্রেসের বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে লুৎফা বেগম ও হাসপাতালে নেয়ার পথে ইদ্রিস মিয়ার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দম্পতির দুই সন্তানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে মেয়েটির অবস্থা আশঙ্কাজনক।

ওসি বেলাল জানান, মরদেহ দুটি থানায় আছে। বাসচালক আবদুর রহমানকে আটক করা হয়েছে।

কুমিল্লার লালমাইয়ে শিশু ধর্ষণের বিচার ৫ হাজার টাকায়

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লার লালমাই উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর মাত্র ৫ হাজার টাকায় ধর্ষণের বিচার করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের গজারিয়া ব্রাহ্মণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই ব্রাহ্মণপাড়া গ্রামের ৯ বছরের এক মেয়ে শিশুকে বাড়ির পাশের আখ ক্ষেতে নিয়ে ধর্ষণ করে একই বাড়ির ফজর আলীর ছেলে আব্দুল মতিন (৬৫)। আব্দুল মতিন সম্পর্কে মেয়েটির দাদা হয়। প্রথমবার ধর্ষণের পর কাউকে এই ঘটনা বললে শিশুকে জবাই করে দেবে বলে হুমকি দেয় মতিন। পরবর্তীতে দ্বিতীয়বার আবার ধর্ষণ করে মতিন। দ্বিতীয়বার ধর্ষনের শিকার হয়ে শিশুটি কাঁদতে কাঁদতে আসে তার পরিবারের কাছে। পরিবার তাকে আস্বস্ত করলে সে তার সাথে ঘটে যাওয়া ঘটনার সম্পূর্ণ বর্ণনা দেয়।

এরপর, স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মজুমদারকে ঘটনার বিস্তারিত খুলে বলেন ও বিচার চান বাবা।

ঈদের পরদিন সোমবার (১১ জুলাই) সকালে ওই গ্রামের জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা মাঠে ধর্ষণে বিচারের প্রকাশ্যে সালিস বসে। গ্রামের সর্দার মিজানুর রহমান, ফিরোজ আহমেদ ভূইয়া, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মজুমদার এবং আরেক সর্দার বাবুল মজুমদার ওই সালিসে রায় দেন।

সালিশে ভুক্তভোগীর সাক্ষ্য নেয়া হয় এবং ধর্ষক মতিনের স্বীকারোক্তিতে অভিযোগ প্রমাণিত হলে মতিনকে ৫ হাজার টাকা জরিমানা করেন সালিশদাররা। এরপর সালিশদাররা তার পরিবারকে নিষেধ করেন যেন ঘটনার কোন মামলা বা অভিযোগ না দায়ের করেন।

এ বিষয়ে কথা বলতে ধর্ষক মতিনকে ও তার মেয়ে জেসমিন আক্তারকে কল দিলেও তাদের পাওয়া যায়নি।

ধর্ষণের বিচার পাঁচ হাজার টাকায় সমাধান করা পেরুল দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম মজুমদারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি অন্যায় করি ফালাইছি। আমনে আসেন আমনের সাথে গ্রামবাসী নিয়া সরাসরি বসে কথা বলমু। আমি এখন কিচ্ছু বলতে পারমুনা।

ধর্ষণের সালিশে উপস্থিত ছিলেন গ্রামের মিজানুর রহমান নামের এক ব্যক্তি। তিনি বলেন, ঘটনা সত্য। তবে ধর্ষণের বিচারটিতে গ্রামের সবাই উপস্থিত ছিল। আমরা গোপনে কোন কিছু করিনি। সব সবার সামনেই করেছি। গ্রামে আসেন বসেন সবার সাথে আমাদের সাথেও দেখা করেন দেখবেন সব সত্য পাবেন।

পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ বলেন, আমি এই ঘটনার কিচ্ছুই জানিনা। পাঁচ টাকায় ধর্ষণের ঘটনার বিচার করা হয়েছে যদি এমন কোন ঘটনা আসলেই ঘটে থাকে তবে আমি এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আগামীকাল নিশ্চয়ই যাবো এবং বিষয়টি খতিয়ে দেখব। যদি এমন কোন ঘটনা ঘটে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ধর্ষণের শিকার ভুক্তভোগী শিশুর বাবা বলেন, আমি কুমিল্লা শহরে রিক্সা চালাই। আমার স্ত্রী একটা বিস্কুট কোম্পানিতে চাকরি করে। আমরা দুজনে কয়টা পয়সা ইনকাম করে ছেলেমেয়েদের পড়াশোনা করাই। যে কারণে আমি সব সময় বাড়ির বাইরে থাকি এবং আমার স্ত্রী দিনের কিছু সময় বাড়ির বাইরে থাকে। এই সুযোগ নিয়েছে মতিন। এরপর আমি বিচারের জন্য মেম্বারের কাছে যাই। মেম্বার আমারে বলে ঈদের পরে বিচার হইব। ঈদের পরে আমাদের গ্রামের সরদার মিজানুর রহমান, মজু, বাবুল ও জাহাঙ্গীর মেম্বরসহ কয়েকজন মাদ্রাসার সামনের একটা চা দোকানে প্রকাশ্যে সালিশ বসায়। সালিশে প্রথমে তারা মতিনকে পঞ্চাশবার কানে ধরানো ও ১০০ বেতের বাড়ি দেয়ার বিচার করে। পরে আবার তারা নিজেরাই এ সিদ্ধান্ত থেকে ফিরে যায়। এবং পরে সিদ্ধান্ত নেয় মতিনকে ৫ হাজার টাকা জরিমানা করবে। সালিশে আমি প্রকাশ্যে বলে দিয়েছি এই রায় আমার পছন্দ হয় নাই। আমি এটা মানি না। আমি বলছি, আমি আমার মেয়ের শরীর বেচি নাই। টাকা দিয়ে আবার এই ঘটনার কি বিচার! এ বিচারের প্রতিবাদ করায় আমার আত্মীয়-স্বজনের উপর হামলা করেছে তারা। এখনো দুইজন হাসপাতালে ভর্তি। এখন তারা বলতেছে আহতরা হাসপাতাল থেকে আসলে আবার সালিশ হবে। আমি বলছি হইল হোক কিন্তু আমার বিচার পছন্দ না হইলে আমি থানায় যাব।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব বলেন, এখনও এমন কোন বিষয় আসলে শুনিনি। যদি লিখিত অভিযোগ পাই অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

লালমাই উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহী অনুপম বলেন, আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম যদি এমন ঘটনা ঘটেই থাকে তাহলে তা অবশ্যই অন্যায়। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বাইক দুঘর্টনায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে জিলা স্কুলের ২০০০ ব্যাচের মোমেন, তাঁর স্ত্রী নিহত

 

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

বারোআউলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আমির উদ্দিন বলেন, ‘ভোর সোয়া ৬টার দিকে একদল বাইকার বেশ কয়েকটি বাইক নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম শহরের দিকে রওনা করে। একটি বাইকে ছিলেন আব্দুল মোমেন রোহিত ও তার স্ত্রী আনিকা। পথে তাদের বাইক এক নারীকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারায়। পড়ে গিয়ে স্বামী-স্ত্রী গুরুতর আহত হন।

‘ঘটনাস্থলে প্রাণ হারান ওই নারী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর আনিকাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

আহত আব্দুল মোমেন রোহিত নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাইকারদের মধ্যে মহসীন কামাল  বলেন, ‘আমরা ঢাকা থেকে চট্টগ্রামের কাপ্তাইয়ের উদ্দেশে রওনা করেছিলাম। বারৈয়ারহাট দিয়ে না ঢুকে চট্টগ্রাম শহর হয়ে যেতে চেয়েছিলাম। সীতাকুণ্ডের ফৌজদারহাটে জলিল স্টেশনের সামনে সড়ক বিভাজক থেকে এক মানসিক ভারসাম্যহীন নারী সড়কে লাফ দিলে রোহিত ভাইয়ের বাইকের সঙ্গে তার ধাক্কা লাগে।’

তিতাসে মৃত পাগলের ঘরে মিললো আড়াই কোটি টাকা ও বিদেশি মুদ্রাসহ স্বর্ণালংকার

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লা তিতাস উপজেলার গাজীপুর গ্রামের আধ্যাত্বিক পাগল মরহুম হাজ্বী আমির হোসেন অরফে বিষা পাগলার ঘরে পাওয়া গেছে ২ কোটি ৪৫ লাখ নগদ টাকা, বিভিন্ন ধরনের বিদেশি মুদ্রা ও প্রায় ৫ ভরি স্বর্ণসহ একটি আইফোন মোবাইল।

বুধবার (১৩ জুলাই) সকালে স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, মরহুম বিষা পাগলার ওয়ারিশ ও সাধারণ মানুষের উপস্থিতিতে তার ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, গত শুক্রবার রাতে ৫৫ বছর বয়সে আধ্যাত্বিক পাগল বিষা পাগলা তার নিজ বাড়িরর বিল্ডিংয়ে স্বাভাবিক মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার ছেলে-মেয়ে ও স্ত্রী কিছুই ছিলো না। তাই তার আত্মীয়রা তাকে তার ক্রয়কৃত ৩০ শতাংশ জমিতে দাফন করে। দাফনের পর থেকে গত কয়েকদিন ধরে বিষা পাগলার আত্মীয়রা সন্দেহ করছিলো তার ঘরে থাকতে পারে টাকা পয়সাসহ স্বর্ণালংকার। এমন সন্দেহ থেকে গতকাল মঙ্গলবার রাতে তার ওয়ারিশদের সামনে রেখে স্থানীয় জনপ্রতিনিধিরা তার ঘরের সিন্ধুক খুলে দেখে লক্ষ লক্ষ টাকা।

এমন খবর মানুষের মুখে মুখে ছড়িয়ে পরলে তার বাড়িতে জমায়েত হয় হাজার হাজার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দরা। এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তিতাস থানার পুলিশ। পরে উক্ত টাকা ও অন্যান্য জিনিসপত্র উপস্থিত সকলের সামনে বস্তা বন্দী করে মরহুম বিশা পাগলার বিল্ডিংয়ের একটি রুমে তালা বদ্ধ করে পুলিশ পাহারায় রাখা হয়। পরের দিন বুধবার পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীরা টাকা গুলো গননা করে ওয়ারিশ হিসেবে তার বড় ভাই আওলাদ হোসেন, ছোট ভাই জামাল হোসেন, বোন মোর্শেদা, পালক মেয়ে তাসলিমা ও ভাতিজা মিঠুর কাছে বুঝি দেয়।

এসময় মহসিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল সিকদার, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, বলরামপুর ইউপি চেয়ারম্যান নুর নবী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, কাজী কবির হোসেন সেন্টু, আতিক, ওহিদ মাস্টার ও রমজান মেম্বারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এবিষয়ে মরহুম বিষা পাগলার বড় ভাই আওলাদ বলেন, আমার ভাই একজন আধ্যাত্বিক পাগল ছিলো তার কাছে অনেক দুর দুরান্ত থেকে মানুষ আসতো এবং মানুষও তাকে ভালোবেসে টাকা-পয়সা ও বিভিন্ন জিনিসপত্র দিয়ে জাইতো। এগুলো সে জমিয়ে রাখতো কিন্তু মৃত্যুর পর তার ঘরে এতো টাকা পাওয়া যাবে আমরা কল্পনা করতে পারি নাই। এছাড়াও তিনি আরো বলেন, জীবিত থাকতে আমার ভাইয়ের স্বপ্ন ছিলো রাস্তার পাশে একটি মসজিদ করার। কিন্তু সে স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগেই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন আমরা আমার ভাইয়ের রেখে যাওয়া টাকা দিয়ে একটি মসজিদ, মাদ্রাসা ও একটি মাজার তৈরি করবো।

তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস বলেন, মঙ্গলবার রাতে উপজেলার গাজীপুর গ্রামে মৃত বিষা পাগলা নামে এক পাগলের ঘরে বিপুল পরিমাণ টাকা পাওয়ার খবর পেলে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং পুলিশের হেফাজতে টাকা গুলো উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা তাদের ওয়ারিশদের হাতে বুঝিয়ে দেয়।

এবার প্রেমের টানে কুমিল্লায় আসলেন মালয়েশিয়ার তরুণী

 

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ার তরুণী নূর আজিমা। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাও গ্ৰামের সাইফুল ইসলামের প্রেমের টানে কুমিল্লায় চলে এসেছেন।

মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিলমুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসহাক।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ১০ বছর ধরে মালয়েশিয়ার পেনাং শহরে ব্যবসা করেন। ব্যবসার সুবাদে ওই শহরের বাসিন্দা নূর আজিমার সঙ্গে পরিচয় হয় সাইফুলের। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জের ধরে সোমবার প্রেমিক সাইফুলের গ্রামের বাড়িতে ছুটে আসেন মালয়েশিয়ান ওই তরুণী।

প্রেমিক সাইফুল বলেন, “নূর আজিমা অত্যন্ত ভদ্র এবং মার্জিত চরিত্রের নারী। সে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি বলেছি তুমি বাংলাদেশে এসে আমার পরিবারের সঙ্গে কথা বলো। আমার পরিবার যদি চায় তবে আমি তোমাকে বিয়ে করব। আমার কথা মেনে নিয়ে সে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেয়। পরে আমার এবং তার পরিবারের সম্মতিতে আমরা বিয়ে করি। সে বাংলাদেশে থাকার আগ্রহ প্রকাশ করেছে।”