All posts by jitu

সৌদিতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রিয়াদ হোসেন (২২) নামে কুমিল্লার বুড়িচং উপজেলার এক যুবক নিহত হয়েছেন। কর্মক্ষেত্র থেকে বাসায় ফেরার পথে বুধবার সন্ধ্যায় এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত রিয়াদ হোসেন (২২) জরুইন বড়বাড়ির মৃত মোখলেছুর রহমানের দ্বিতীয় পুত্র। রিয়াদের বড়ভাই কয়েক দিন আগে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ছেলের মৃত্যুর খবর শুনে রিয়াদের বিধবা মা বারবার মূর্ছা যাচ্ছেন।

নিহত রিয়াদের নিকট আত্মীয় সূত্রে জানা, কিছু দিন পূর্বে একই গ্রামের আবদুল হক চৌধুরীর নাতিনের সঙ্গে তার মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয়। রিয়াদ আনুষ্ঠানিকভাবে বিয়ে করার জন্য দেশে আসার প্রস্তুতি নিচ্ছিল।

নিহত রিয়াদের নিকটাত্মীয় মানবাধিকার কর্মী জহিরুল ইসলাম বলেন, সৌদিতে বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে লাশ দেশে আনার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

কুমিল্লার লাকসামে স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসামে কিস্তির টাকা পরিশোধ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক স্বামী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শুকতলা গ্রামে নতুন বাড়ির নিজ ঘরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শুকুর আলী (৪৫)। তিনি সাতবড়িয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। তিনি পেশায় ছিলেন একজন শ্রমিক। খবর পেয়ে বিকালে লাশ উদ্ধার করে লাকসাম থানা পুলিশ।

স্বজনরা জানান, সাতবড়িয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে শুকুর আলীর সঙ্গে আজগরা গ্রামের আবুল হাশেম মেয়ের মাহফুজা বেগমের কয়েক বছর আগে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে তিনটি সন্তানও রয়েছে। বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়ে সংসার ও সন্তানের লেখাপড়ার খরচ চালাতেন তারা। সংসার চালাতে গিয়ে ঠিকমতো কিস্তির টাকা পরিশোধ করতে পারতেন না তারা। কয়েক দিন ধরে শুকুরের সঙ্গে তার স্ত্রী মাহফুজা বেগমের কিস্তির টাকার বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়, যা ঝগড়ায় পরিণত হয়।

একপর্যায়ে উপস্থিত লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। বৃহস্পতিবার সকালে স্ত্রী মাহফুজা বেগমকে মারধর করেন স্বামী শুকুর আলী। এ বিষয় নিয়ে স্ত্রী মাহফুজা বেগম স্থানীয় মেম্বার বাড়িতে যান। সেখান থেকে আসার পর মাহফুজা বেগম ঘরে ঢুকে দেখতে পান তার স্বামী ঘরের চালের কাঠের সঙ্গে গলায় রশি লাগানো অবস্থায় ঝুলে আছেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে শুকুর আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

হোমনায় নেশার টাকা না পেয়ে বাবা-মাকে মারধরের অভিযোগে ২ বখাটের জেল

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার হোমনায় সন্তানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নেশার টাকার জন্য বাবা-মাকে শারিরিক নির্যাতন ও ঘরের আসবাবপত্র ভাঙচূরের অভিযোগ করেন দুই পিতা-মাতা।

অভিযোগকারী ভুক্তভোগীদের একজন বয়ষ্ক মুক্তিযোদ্ধা অন্যজন ব্যবসায়ী। তাদের অভিযোগের ভিত্তিতে নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে থানা পুলিশকে সঙ্গে নিয়ে বুধবার বিকেলে তথ্য উদঘাটনে উপজেলার কাশিপুর ও শ্রীপুর কৃষ্ণপুর গ্রামে যান।

সেখানে এদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগের সত্যতা মেলে। এসময় তাদের ব্যবহৃত গাঁজা সেবনের সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।

পরে উপস্থিত লোকজনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দুই যুবককে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন কাশিপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল বাতেনের ছেলে মো. সোহাগ (২৪) ও শ্রীপুর কৃষ্ণপুর গ্রামের মো. হোসাইন (১৯)।

এতে মো. সোহাগকে ৬ মাস ও হোসাইনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ উভয়কে নগদ দুইশ টাকা করে জরিমানা করে বৃহস্পতিবার তাদের জেল হাজতে পাঠানো হয়।

নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বুধবার বিকেলে তাদের নিজ নিজ গ্রামে তথ্য উদঘাটনের মাধ্যমে গাঁজা সেবনের অপরাধে এই আদেশ দেন। এসময় তাদের ব্যবহৃত গাঁজা সেবনের সরঞ্জামাদিও উদ্ধার হয়।

সোহাগের পিতা মুক্তিযোদ্ধা আ. বাতেন এবং হোসাইনের পিতা কবির হোসেন ভ্রাম্যমাণ আদালতের সামনে অভিযোগ করে বলেন, মাদকাসক্ত সন্তানের অত্যাচারে তারা অতিষ্ট হয়ে গেছেন।

নেশার টাকা না পেলেই তাদের মারধর করেন। মাদকাসক্ত এমন বখাটে সন্তানদের জন্য সমাজে তারা মুখ দেখাতে পারছেন না। সাজাপ্রাপ্তরা ভ্রাম্যমাণ আদালতের সামনেও মাদক সেবনের কথা স্বীকার করেন।

নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, তাদের বাবা-মায়ের অভিযোগ ছিল- সন্তান নেশার টাকা না পেয়ে প্রায়ই তাদের মারধর করতেন। পরে তথ্য উদঘাটনের জন্য তাদের নিজ নিজ গ্রামে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলেও এর সত্যতা পাওয়া যায়। তখন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৬ মাস ও ৩ মাস করে জেল এবং দুইশ টাকা করে জরিমানার আদেশ দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়।

সূত্র: সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু ।

অবশেষে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

 

আন্তর্জাতিক ডেস্ক:

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নিজ দলের মন্ত্রীদের গণপদত্যাগ ও এমপিদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৭ জুলাই) সরকারপ্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। খবর রয়টার্সের।

এদিন ডাউনিং স্ট্রিটে সরকারি বাসভবনের দরজায় দাঁড়িয়ে জনসন জানান, সহকর্মীদের মতামতকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের দায়িত্ব সামলাবেন এ কনজারভেটিভ নেতা।

এর আগে অবশ্য পদত্যাগ করতে অস্বীকার করেছিলেন বরিস জনসন। বলেছিলেন, একজন প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে কঠিন পরিস্থিতির মোকাবিলা করা। তাই আমি পদত্যাগ করবো না। তাছাড়া আমার প্রতি বড় ম্যানডেট রয়েছে।

তবে এরপর একযোগে ৫৪ মন্ত্রী পদত্যাগ করলে জনসন সরকারের পতন কেবল সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়। শেষপর্যন্ত দলীয় মন্ত্রী-এমপিদের অনুরোধে ক্ষমতা ছাড়তে রাজি হন তিনি।

সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কে জড়িয়েছেন বরিস ও তার সরকার। করোনা লকডাউন চলাকালে সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটে একাধিক মদের আসর বসিয়ে তিনি সমালোচনার জন্ম দেন। গত মাসে তার বিরুদ্ধে দলীয় আস্থাভোট আনা হলেও তাতে পার পেয়ে যান বরিস।

তবে দলে নতুন করে বিতর্ক শুরু হয় ডেপুটি চিফ হুইপ হিসেবে ক্রিস পিনচারকে নিয়োগের ঘোষণা দেওয়ার পর। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বরিস স্বীকার করেন, ক্রিস পিনচারের অসদাচরণের অভিযোগের বিষয়টি তার জানা ছিল। তারপরও চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে ডেপুটি চিফ হুইপ করেন তিনি। এটি ছিল তার একটা ‘বাজে ভুল’। বরিসের এই স্বীকারোক্তি তাকে চাপে ফেলে দেয়।

বৃহস্পতিবার সরকারি বাসভবনের দরজায় দাঁড়িয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা দেন, তিনি পদত্যাগ করেছেন। এ কারণে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া এখনই শুরু করা উচিত।

জনসন বলেন, পৃথিবীর সেরা চাকরি ছেড়ে দিতে হওয়ায় আমি দুঃখিত। তবে এটি বিরতি।

তিনি বলেন, আমরা এত কিছু দিচ্ছি, এত বিশাল ম্যান্ডেট রয়েছে, যখন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে অর্থনীতির পরিস্থিতি ভালো নয়, তখন সরকার পরিবর্তন করা উদ্ভট ব্যাপার। আমার আফসোস হচ্ছে, বিতর্কে জিততে পারিনি।

জনসন আরও বলেন, রাজনীতিতে কেউই অপরিহার্য নয়। আমাদের উজ্জ্বল এবং ডারউইনীয় ব্যবস্থা অন্য নেতা তৈরি করবে।

নোয়াখালীতে দিনদুপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য মো.হাসিবুল বাশারকে (২৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে এক আসামিকে আটক করে পুলিশ। তবে পুলিশ তাৎক্ষণিক আটককৃত আসামির নাম ঠিকানা জানাতে পারেনি।

বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের সুবাহান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাসিবুল বাশার উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের ইউনুস মৌলভীর বাড়ির মৃত আবুল বাশারের ছেলে।

বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী জানান, পূর্ব শক্রতার জের ধরে উপজেরার ২ নং গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের বিএনপি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হাসান,মাদক ব্যবসায়ী মাসুমও তাদের অস্ত্রধারী সাঙ্গপাঙ্গরা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপালপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সুবাহান মার্কেট এলাকায় হাসিবুলের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা হাসিবুলকে ছুরি দিয়ে মাথায় ও গলায় জবাই করে গুরুত্বর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রাহাত চৌধুরী অভিযোগ করে আরো বলেন, কয়েক বছর আগে জেলা আওয়ামী লীগ নেতা জাবেদ মিয়ার হাত ধরে ২ নং গোপালপুর ইউনিয়নের সালাউদ্দিন নামে এক ব্যক্তি বিএনপি থেকে ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতিতে আসেন। এরপর সালাউদ্দিনের হাত ধরে হাসান বিএনপি থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। হাসানের অপর সহযোগী মাসুম এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। কিছু দিন আগে হাসান ও মাসুম তাদের অনুসারীদের নিয়ে আরেক ছেলের পায়ের রগ কেটে দেয়। ওই ঘটনায় বেগমগঞ্জ থানায় মামলা হলেও পুলিশ তাদের কিছুই করতে পারে নি। ওই ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিলে এ ঘটনা ঘটত না। হাসান ও মাসুমের প্রধান ক্ষমতার উৎস আওয়ামী লীগে অনুপ্রবেশকারী সালাউদ্দিন বলেও তিনি মন্তব্য করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পুলিশ তাৎক্ষণিক একজনকে আটক করেছে। অভিযুক্ত অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

কুমিল্লা রেলস্টেশনের ছিনতাইকারী চক্রের ৯ সদস্য দেশীয় অস্ত্রসহ আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা  রেলস্টেশনের  আশপাশ এলাকার চিহ্নিত  ছিনতাইকারী/ডাকাত চক্রের ৯ সদস্যকে দেশীয় ০৮টি বিভিন্ন আকৃতির ছুরি, রামদাসহ  আটক করেছে ডিবি পুলিশ।

পবিত্র ঈদকে কেন্দ্র করে  জেলাজুড়ে চুরি, ছিনতাই, ডাকাতি, রোধ কল্পে পুলিশ সুপার  বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি),  কোতোয়ালি মডেল থানা পুলিশ ধর্মপুর রেলগেট ম্যাক্স কোম্পানির গোডাউনের এলাকা থেকে এক বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময়  দেশীয় ০৮টি বিভিন্ন আকৃতির ছুরি, রামদাসহ জব্দ করে। এ সময় ৮ জনকে আটক করে।

আটক হওয়া ছিনতাইকারি-ডাকাত  চক্রের সদস্যরা হলেন,  মোঃ নাজমুল (২৪),   মোঃ রিয়াদ (২০),  মোঃ শুক্কুর মিয়া(২৪),  মোঃ ইমন(২৫),  মোঃ ইসমাইল হোসেন (২২),  মোঃ রমজান হোসেন (২২), মোঃ শাওন হোসেন (২০)
ও মোঃ সাইমন(২১) ।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ডাকাতরা আসন্ন ঈদ উপলক্ষে রাত্রিবেলায়  বাস /ট্রেনে আসা যাত্রীদের মালামাল ও টাকা পয়সার লুট করার উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছিল ।

নিখোঁজের ৫ দিন পর নদী থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

কুষ্টিয়ায় নিখোঁজ সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদবয়রা গ্রামের নতুন ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত ৫ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।

নিহত রুবেল (৩১) কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

জানা গেছে, গত ৩রা জুলাই রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তার পত্রিকা অফিসে থাকা অবস্থায় রুবেলের মোবাইলে একটি কল এলে তিনি অফিস পিয়নকে বাইরে থেকে আসছি বলে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।

পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় জিডি করে তার পরিবার। বৃহস্পতিবার দুপুরের দিকে ব্রিজের নিচে নদীতে মরদেহ ভেসে ওঠে। পরনের জামা-কাপড় ও মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করা হয়েছে।

বিয়ের অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার নির্দেশ

 

ডেস্ক রিপোর্টঃ

দেশের চলমান লোডশেডিং মোকাবিলায় প্রত্যেককেই বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভা কক্ষে (দ্বিতীয় তলা) সারাদেশে বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে তিনি এ কথা জানান।

তৌফিক-ই-এলাহী বলেন, আজকের সভায় যেটা সিদ্ধান্ত হল, প্রত্যেককে বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে। পারিবারিক ও কর্মক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে। বাজার-শপিংমল-মসজিদ-অফিস-আদালতে এসির ব্যবহার কমাতে হবে। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে রাখা যাবে না। এছাড়া দোকানপাট ও শপিংমল তাড়াতাড়ি বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, দেশে এখন করোনা আবার বাড়ছে, সেই কারণে আমরা যদি অফিসের কর্ম ঘণ্টা কমিয়ে আনি, মাঝে মধ্যে যদি (ওয়ার্কিং ফ্রম হোম) বাসা থেকে অফিস করতে পারি, তাহলে আমাদের অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে এবং আমরা টিকে থাকতে পারবো।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বিয়ে-শাদীর অনুষ্ঠানও যেন সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করা হয়। রাতে যেসব অনুষ্ঠান হয়, সেগুলো যেন ৭টার মধ্যে শেষ হয়, এক্ষেত্রে সামান্য কিছু সময় দেরি হতে পারে।

তৌফিক-ই-এলাহী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট শুধু বাংলাদেশে নয়, উন্নত দেশগুলোতেও একই অবস্থা বিরাজ করছে। জাপানের আয় আমাদের চেয়ে ২০ শতাংশ বেশি। সেখানেও লোডশেডিং হচ্ছে, সেখানেও বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছে। ব্রিটেন, অস্ট্রেলিয়াসহ সারা পৃথিবীর উন্নত দেশগুলোতেও লোডশেডিং হচ্ছে। তারাও বিদ্যুৎ সাশ্রয়ের দিকে মনোযোগী হচ্ছে। তাদের তুলনায় আমরা অনেক ভালো আছি। তবে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই।

তিনি আরও বলেন, চলমান এ পরিস্থিতি একটি যুদ্ধের মতো, সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব। এজন্য প্রধানমন্ত্রী সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী হতে বলেছেন।

সভায় জ্বালানির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অংশগ্রহণ করেন।

২৫ বছর রজতজয়ন্তী উপলক্ষে জিলা স্কুল-৯৮ ব্যাচের আলোচনা ও চায়ের আড্ডার আয়োজন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জিলা স্কুলের -৯৮ ব্যাচের ২৫ বছর (২০২৩) রজতজয়ন্তী উপলক্ষে প্রাথমিক আলোচনা ও চায়ের আড্ডার আয়োজন করা হয়েছে।

ঈদের পরদিন (১১ জুলাই) বিকেল ৫ টায় নগরীর পশ্চিম বাগিচাগাঁওয়ের উইন্ড কনভেনশন সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

এমপি মেরীর বিরুদ্ধে ফেসবুকে কটুক্তি, উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-২ আসনের সাংসদ সেলিমা আহমেদ মেরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ বক্তব্য লেখার প্রতিবাদে তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের বিরুদ্ধে গণপ্রতিবাদ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছে তিতাস উপজেলার আ’লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে তিতাস উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।পরে বিভিন্ন সড়কে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুন্সী মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ  সম্পাদক নাসির হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক সোহেল সিকদার ও আলম হোসেন, কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও কুমিল্লা উঃ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও তিতাস সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহবায়ক মোঃ মোকবুল মাহমুদ প্রধান ও নাজমুল হাসান কিরন, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভিটিকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম খোকা, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার ও সাধারন সম্পাদক খাইরুল খন্দকার রুবেলসহ হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকরা।