All posts by jitu

উত্তরায় অগ্নিকান্ডে প্রাণ গেল কুমিল্লার নানুয়াদিঘীর একই পরিবারের তিন সদস্যের

ডেস্ক রিপোর্ট:

উত্তরায় ১১ নম্বর সেক্টরের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় লাগা ভয়বহ আগুনের ঘটনায় প্রাণ গেল কুমিল্লার নানুয়াদিঘীর একই পরিবারের তিনজনসহ একই পরিবারের শিশুসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই দুটি পৃথক পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

শুক্রবার সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৭টা ৫০ মিনিটে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ৭টা ৫৪ মিনিটে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং ৭টা ৫৮ মিনিটে পৌঁছে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ জানায়, হাসপাতালে নেওয়ার পর ও চিকিৎসাধীন অবস্থায় মোট ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক পরিবারের তিনজন এবং অন্য পরিবারের তিনজন রয়েছেন।

রফিকুল আহমেদ আরও জানায়, ‘প্রাথমিকভাবে জানা যায়, দোতলায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। গ্যাস সংযোগ অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে আমাদের ধারণা।’

নিহতদের মধ্যে এক পরিবারের স্বামী-স্ত্রী ও সন্তান রয়েছেন। তারা হলেন- কুমিল্লা শহরের নানুয়াদিঘীর পশ্চিম পাড় কাজী বাড়ী নিবাসী Fair & Faith এপার্টমেন্টের কাজী খোরশেদ আলমের ছেলে কুমিল্লা জিলা স্কুলের ২০০৫ ব্যাচের কাজী রিজভী, তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা ও তাদের সন্তান।

কাজী ফজলে রাব্বী রিজভী এসকেএফ ঔষধ কোম্পানীর, এবং তার স্ত্রী সুবর্ণা স্কয়ার ঔষধ কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকতা ছিলেন। রিজভীর মা ফেরদৌস আরা নওয়াব ফয়জুন্নেসা স্কুলের শিক্ষিকা ছিলেন।

নিহত অন্য তিনজন হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দড়িপারশী এলাকার হাফিজ উদ্দিনের ছেলে হারিছ উদ্দিন ও মো. রাহাব এবং শহিদুলের মেয়ে রোদেলা।

ব্রাহ্মণপাড়ায় গরম পানির পাতিল পড়ে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া পূর্বপাড়ায় চুলার উপরে গরম পানির পাতিল পড়ে ওয়াসানাত নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওয়াসানাত ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের পূর্ব পাড়ার আল আমিনের মেয়ে।

মৃত শিশুর চাচা সোহাগ জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিশুর মা চুলায় পাতিলে গরম পানি বসিয়ে রাখে। সকাল ৯টার দিকে অসাবধানতার বসে শিশুটির গায়ে গরম পড়ে তার শরীর ঝলসে যায়। বাড়ির লোকজন দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

মুরাদনগরে পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার, যুবক আটক

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে মক্তব শেষে আর বাড়ি ফেরা হলো না সাত বছরের শিশু লিসা মনির। উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া মধ্যপাড়ার পিপিয়াপাড়া গ্রামের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাসেল মিয়া (২২) নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা, পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শুক্রবার দুপুরে ওই গ্রামের মোচাগড়া পূর্ব গ্রাম সমিতির পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে লিসা মনির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লিসা মনি মোচাগড়া গ্রামের মো. শরীফ মিয়ার মেয়ে। আটক যুবক রাসেল মিয়া একই গ্রামের রবি আলমের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে লিসার মা তানিয়া আক্তার মেয়েকে স্থানীয় মসজিদের মক্তবে পড়তে দিয়ে বাজারে যান। বাজার থেকে ফিরে মেয়েকে বাড়িতে না পেয়ে তিনি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় স্থানীয় দুই শিশু জানায়, রাসেল মিয়া লিসাকে নিয়ে মোচাগড়া পূর্ব গ্রাম সমিতির পরিত্যক্ত সেপটিক ট্যাংকের দিকে গেছে।

খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা ওই সেপটিক ট্যাংকে গিয়ে লিসার নিথর দেহ দেখতে পান। পরে ক্ষুব্ধ জনতা সন্দেহভাজন রাসেল মিয়াকে আটক করলে সে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

একাধিক স্থানীয় বাসিন্দা জানান, রাসেল মিয়া একজন নেশাগ্রস্ত যুবক হিসেবে এলাকায় পরিচিত। পরিত্যক্ত ওই সেপটিক ট্যাংকের আশপাশে প্রায়ই সে নেশার আসর বসাত বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ধারণা, শিশুটিকে ধর্ষণের উদ্দেশ্যে এ হত্যাকান্ড ঘটাতে পারে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

ঘটনাটি এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কুবিতে বিক্ষোভ

চাঁদনী আক্তার, কুবি:

চব্বিশের জুলাই অভ্যুত্থানের যোদ্ধা, ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ জানুয়ারী) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের শহীদ আব্দুল কাইয়ুম চত্ত্বর হয়ে মেইন গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় উপস্থিত শিক্ষার্থীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ; হাদি ভাই কবরে, খুনি কেন বাহিরে; বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই; তুমি কে আমি কে, হাদি হাদি; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; আমরা সবাই হাদী হবো, গুলির মুখে কথা কবো ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে ইনকিলাব মঞ্চ, কুবি শাখার সাধারণ সম্পাদক হাসান অন্তর বলেন, ‘শরিফ ওসমান হাদীর মতো সৎ ও দেশপ্রেমিক মানুষের হত্যার বিচার না হলে আর কোন মানুষের বিচার হবে না। আমরা স্পষ্ঠ করে বলে দিতে চাই অতি দ্রুত যদি হাদি ভাইয়ের হত্যার বিচার না হয় আমরা আরও কঠিন থেকে কঠিনতর আন্দোলনে যাবো।’

নাঙ্গলকোটে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, গুলাগুলিতে প্রাণ গেল ২জনের

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে গোষ্ঠীগত সংঘর্ষে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার আলিয়ারা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন বুনাই গ্রামের প্রবাস ফেরত দেলওয়ার হোসেন নয়ন। যিনি প্রায় এক মাস আগে দেশে ফিরেছিলেন এবং ১নং আলিয়ারা ইউনিয়নের সাবেক সদস্য ছালেহ আহমেদ ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে দেলওয়ার হোসেন নয়নের পায়ের রগ কেটে দেওয়া হয় এবং পরে গুলি চালানো হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপরদিকে ছালেহ আহমেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নিহতদের পরিবারের অভিযোগ, আলাউদ্দিন মেম্বার ও তার সহযোগীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মুরাদনগরে ছাত্র-জনতার আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় লুট হওয়া একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূঁইয়া বাড়ি ব্রিজসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-১১-এর কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

র‌্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভুত্থান পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানায় দুষ্কৃতিকারীরা হামলা করে এবং থানার অভ্যন্তরে থাকা অস্ত্র, গোলাবারুদ সহ গুরুত্বপূর্ণ নথিপত্রাদি লুটপাট ও ধ্বংস করে।

উক্ত বিশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে কতিপয় স্বার্থন্বেষী মহল ও দুষ্কৃতিকারীরা থানার মালখানা ভেঙে সরকারি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ লুট করে নিয়ে যায়। এরই প্রেক্ষিতে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা করে ১টি চাইনিজ রাইফেল ও ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-১১-এর কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। উদ্ধার হওয়া অস্ত্র-সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে ৫ জেলায় “মেডিকেল ক্যাম্পেইন: ফ্রি স্বাস্থ্য সেবা পেলেন ৭ হাজার ২৯৯ জন

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে ৫ জেলায় “মেডিকেল ক্যাম্পেইন–২০২৬” এর আওতায় মোট ৭ হাজার ২৯৯ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ৬ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

এই ক্যাম্পেইন এর মাধ্যমে ৭ হাজার ২৮৩ জন রোগীকে সাধারণ চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় এবং ১৬টি অপারেশন (স্থানীয় অ্যানেস্থেশিয়ার মাধ্যমে) সফলভাবে সম্পন্ন করা হয়। রোগীদের মধ্যে পুরুষ ছিলেন ২ হাজার ৭২ জন, নারী ৩ হাজার ২৬০ জন এবং শিশু ১ হাজার ৯৬৭ জন।

৬ জানুয়ারি কুমিল্লার লাকসাম উপজেলায়, ৯ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়,
১১ জানুয়ারি নোয়াখালী চৌমুহনীতে, ১৩ জানুয়ারি ফেনি জেলার সোনাগাজী উপজেলায় ও ১৫ জানুয়ারি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

৩৩ পদাতিক ডিভিশনের এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্বাস্থ্যসেবাবঞ্চিত মানুষের জন্য তা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

চাঁদপুরে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ২ শতাধিক নেতাকর্মী

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদরে একযোগে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী। উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজীর নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়।

সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীর নেতৃত্বে এই বিশাল কর্মীদল বিএনপিতে যোগদান করেন। অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীরা বিএনপি নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে দলের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করেন। এ সময় বিএনপির স্থানীয় নেতারাও আওয়ামী লীগ থেকে আসা এসব নেতাকর্মীদের মিষ্টি মুখ করিয়ে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন।

উক্ত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন এবং সাধারণ সম্পাদক হযরত আলী বেপারী। এছাড়াও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ দলটির বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ নবাগত সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, দলের নীতি ও আদর্শকে মনেপ্রাণে ধারণ করে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করতে হবে। তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করতে নতুন যোগদানকারীদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

কুমিল্লা জেলার ১১ আসনে পোস্টাল ব্যালট ভোটার সংখ্যা ১ লাখ ১১ হাজারের বেশি

স্টাফ রিপোর্টার:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লার ১১ সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের লক্ষ্যে নিবন্ধিত হয়েছেন মোট ১ লাখ ১১ হাজার ৫৫০ জন ভোটার।

এসব ভোটারের মধ্যে দেশের বিভিন্ন স্থানে চাকরিরত, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত এবং বিভিন্ন দেশে প্রবাসী রয়েছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান।

আসনভিত্তিক পোস্টাল ব্যালটের ভোটারদের মধ্যে কুমিল্লা-১( দাউদকান্দি -মেঘনা) আসনে পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন ৮ হাজার ৫৯৯ জন যার মধ্য পুরুষ ৭৬৯৯ মহিলা ৯০০,কুমিল্লা -(হোমনা-তিতাস) আসনে পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন সাত হাজার ২৯০ জন।যার মধ্যে পুরুষ ৬৬৪৫ নারী ৬৪৫ জন,কুমিল্লা – ৩ মুরাদনগর আসনে ৯৪৯৮ যার মধ্যে পুরুষ ৮৯০৭ ও নারী ৫৯১ জন,কুমিল্লা – দেবিদ্বার আসনে ১০১০৫ জন,যার মধ্যে পুরুষ ৯৩৮৯ ও নারী ৭১৬ জন,কুমিল্লা -৫( বুড়িচং -ব্রাহ্মনপাড়া) আসনে ১২৩৩০ জন যার মধ্যে পুরুষ ১১৩০০ ও নারী ১০৩০ জন,কুমিল্লা -৬( আদর্শ সদর- সিটি করপোরেশন – সদর দক্ষিণ) আসনে ১১৯১৬ জন,যার মধ্যে পুরুষ ১০৫৫১ ও নারী ১৩৬৫ জন,কুমিল্লা -৭ চান্দিনা আসনে ৫৭২২ জন,যার মধ্যে পুরুষ ৫৩৯১ জন ও নারী ৩৩১ জন,কুমিল্লা -৮ বরুড়া আসনে ৮৪৪৮ জন,কুমিল্লা -৯ ( লাকসাম -মনোহরগঞ্জ) আসনে ১১১৬৩ জন যার মধ্যে পুরুষ ১০৪৬৯ নারী ৬৯৪ জন,কুমিল্লা -১০( নাঙ্গলকোট -লালমাই) আসনে ১৩৯৩৮ জন যার মধ্যে পুরুষ ১৩০৯৪ নারী ৮৪৪ ও কুমিল্লা -১১ চৌদ্দগ্রাম আসনে মোট পোষ্টাল ভোটার ১২৫৪১ জন,যার মধ্যে ১১৮১৩ ও নারী ৭২৮ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান জানান, নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে জাতীয় নির্বাচনের জন্য প্রতীক সম্বলিত ব্যালট পেপার এবং গণভোটের জন্য গোলাপি রঙের আরও একটি ব্যালট পেপার প্রেরণ করবে নির্বাচন কমিশন।

পাঠানো নিয়মাবলী অনুসরণ করে ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠিয়ে দেবেন। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের সময় শেষ হলে বিকাল সাড়ে ৪টায় রিটার্নিং অফিসারের দফতরে এজেন্টদের উপস্থিতিতে এসব ব্যালটের ভোট গণনা করা হবে।

চাঁদপুরের শাহরাস্তিতে খাল থেকে নারীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাড়ির পাশের খাল থেকে খুরশীদা বেগম (৭০) নামে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত খুরশীদা সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের পূর্ব হাজি বাড়ির মৃত মো. আলীর মেয়ে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে সূচিপাড়া ইউনিয়নের ফেরুয়া গ্রামের হাজী বাড়ি সংলগ্ন খালের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীরা জানায়, খুরশীদা বেগম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বাবার বাড়িতে থাকতেন। গত প্রায় ৫ বছর আগ থেকে তিনি মানসিক রোগে আক্রান্ত। বাড়ির লোকজন তাকে বিভিন্নস্থানে চিকিৎসা করান। প্রায় সময় তিনি না বলে বাড়ি থেকে বের হয়ে যেতেন। লোকজন গিয়ে তাকে খুঁজে আনতেন।

বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে খাবারের পরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। সকালে তাকে নাস্তা খাওয়ার জন্য ঘরে ডাকতে গিয়ে আরে খুঁজে পাননি। পরে ঘটনাস্থলে মরদেহ পাওয়া গেছে এমন সংবাদে ওই বাড়ির লোকজন সেখানে গিয়ে তার মরদেহ শনাক্ত করে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবু রহমান জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে ওই বৃদ্ধার শরীরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।