All posts by jitu

রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতির কুমিল্লায় যাত্রাবিরতি

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম–ঢাকা যাত্রাপথে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির কুমিল্লায় যাত্রাবিরতি করেছেন।

গতকাল সোমবার (১২ জানুয়ারি) সকালে কুমিল্লা রেলস্টেশনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি, কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি, কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ ফেরদৌস মাহমুদ মিঠু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম (ম্যাক), সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত আলী মজুমদার (অঃপ্রঃ এ, এই এন, কুমিল্লা), অর্থ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম এবং সদস্য জসিম উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা রেলস্টেশনের স্টেশন মাস্টার মোঃ শেখ আনোয়ার হোসেন, কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শাহেদুর রহমান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ এসআই মোঃ ফরহাদ হোসেন ও হাবিলদার ইকবাল হোসেন।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি ২০২৬ সালের বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির ক্যালেন্ডার বিতরণ করা হয়। একই সঙ্গে সংগঠনের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রমসহ সার্বিক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নিখোঁজের ১২ দিন পর আলাউদ্দিন (২৮) নামে এক অটোরিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে বাঙ্গরা বাজার থানার পুলিশ ঘোষঘর পূর্বধইর ইউনিয়নের হিরাপুর কবরস্থান সংলগ্ন ভুড়ি নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে।

নিহত আলাউদ্দিন দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের সুলতান আহমেদের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক এবং তিন সন্তানের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় উপজেলার ফুলতলী এলাকায় অটোরিকশার ত্রুটি ঠিক করার কথা বলে বাড়ি থেকে বের হন আলাউদ্দিন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। ওই রাত থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

দীর্ঘদিন কোনো খোঁজ না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও আলাউদ্দিনের ছবি ছড়িয়ে তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করা হয়।

সোমবার বিকেলে হিরাপুর এলাকার ভুড়ি নদীর পাড়ে দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়রা একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের পরিবারের সদস্যরা লাশটি আলাউদ্দিনের বলে শনাক্ত করেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আলাউদ্দিনকে হত্যার পর কচুরিপানার নিচে লাশ লুকিয়ে রাখা হয় এবং তার অটোরিকশাটি ছিনতাই করা হয়। নিখোঁজের প্রায় ১২ দিন পর শিয়ালে টেনে বের করায় লাশটি ভেসে ওঠে। এ সময় একটি পা শিয়ালে খেয়ে ফেলে বলে ধারণা করা হচ্ছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বাঙ্গরা বাজার থানায় লাশ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত দেবিদ্বার বা বাঙ্গরা বাজার থানায় এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কোন থানায় মামলা রুজুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর মামলার প্রক্রিয়া অনুযায়ী অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

৯ জানুয়ারি থেকে আজ ১৩ জানুয়ারি পর্যন্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ৬ জেলার ১৮ টি এলাকায় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় গরীব ও দুঃস্থ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

উক্ত কর্মসূচির আওতায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এ সহায়তায় দায়িত্ব পালনরত অবস্থায় স্থানীয় গরীব ও দুঃস্থ জনগণের মাঝে মোট ৪ হাজার পিস শীতের কম্বল বিতরণ করা হয়।

দাউদকান্দি আর্মি ক্যাম্পের অধীনে চরগোপাল, চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অধীনে মাস্টারপাড়া এতিমখানা, কুমিল্লা সদর সমাজসেবা আর্মি ক্যাম্পের অধীনে দক্ষিণ সদর জোর কানন ভূমি অফিস এলাকা, চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্পের অধীনে শুভপুর ইউনিয়ন, কুমিল্লা সদর সমাজসেবা আর্মি ক্যাম্পের অধীনে অনন্যপুর আশ্রয় প্রকল্প, কুমিল্লা মেঘনা আর্মি ক্যাম্পের অধীনে চালিভাঙ্গা ইউনিয়ন, দেবিদ্বার আর্মি ক্যাম্প, বুড়িচং আর্মি ক্যাম্প, আখাউড়া আর্মি ক্যাম্প, নোয়াখালী সদর এলাকা, বেগমগঞ্জ এলাকা, কোম্পানীগঞ্জ এলাকা, সোনাইমুড়ি এলাকা, ফেনী সদর, দাগনভূঞা এলাকা, ফুলগাজী, লক্ষীপুর সদর ও রায়পুর এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।

শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাবাহিনী সূত্র।

ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার:

দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ( ১৩ জানুয়ারি) ভোররাতে ফেনী জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে সদর উপজেলার বিরিঞ্চি এলাকা হতে ১টি ৯ মিঃমিঃ পিস্তল (ম্যাগাজিনসহ) এবং ১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র এবং সরঞ্জামাদি যথাযথ প্রক্রিয়ায় ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।

দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় জুনাইদ হোসেন (২২) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর (ছয়গুরা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুনাইদ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সমীবাদ গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে এবং তিনি মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সোনাকান্দা আলিয়া মাদরাসার তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর এলাকায় কুমিল্লাগামী একটি সিএনজিকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ইটবোঝাই ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী জুনাইদ হোসেন নিহত হন। এ সময় সিএনজি চালকও গুরুতর আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান রাত সোয়া ৯টার দিকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মুরাদনগরে বুড়ির খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন এলাকায় বুড়ির খাল থেকে অজ্ঞাত এক যুবকের (আনুমানিক ৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে বাঙ্গরা বাজার থানাধীন খোষঘর এলাকার হিরাপুর কবরস্থানের পাশের বুড়ির খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবকের পরনে ছিল কালো রঙের গেঞ্জি। সুরতহাল রিপোর্টে প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশটি অর্ধেক পচে যাওয়ায় মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, স্থানীয়রা খাল থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এখনো পর্যন্ত নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।

তিনি আরও জানান, মৃত্যুর রহস্য উদঘাটন ও পরিচয় নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

অজ্ঞাত এই যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় চরম কৌতূহল ও উদ্বেগ বিরাজ করছে।

বিএনপির প্রার্থী মঞ্জু মুন্সিসহ ৬ নেতার হোয়াটসঅ্যাপ হ্যাক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সিসহ ৬ নেতার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক করে বিকাশে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন স্তরের নেতাদের হোয়াটসঅ্যাপে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটায় দলের ভেতরে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সূত্রে জানা যায়, হঠাৎ করে একাধিক নেতার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় অথবা অন্য ডিভাইস থেকে লগইন হওয়ার নোটিফিকেশন আসে। পরে দেখা যায় তাদের নাম ব্যবহার করে পরিচিতজনদের কাছে বিভ্রান্তিকর তথ্য, লিংক ও বিকাশে টাকা চেয়ে পাঠানো হচ্ছে বার্তা। এতে সামাজিক ও রাজনৈতিকভাবে বিভ্রান্তি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

বিএনপির মনোনীত এমপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরকার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম (ভিপি শাহিন) দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) আবুল কালাম আজাদ, দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদের হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে।

হোয়াটসঅ্যাপ হ্যাকের শিকার হওয়া দেবিদ্বার উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) বলেন, আমার একাউন্ট হ্যাকড করে প্রতারকচক্র বিভিন্ন জনের কাছে টাকা চাচ্ছে। আমার পরিচিত অনেকেই টাকাও দিয়েছে। হ্যাক হওয়া অ্যাকাউন্টগুলো ব্যবহার করে দলের অভ্যন্তরীণ তথ্য সংগ্রহ কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে অপতৎপরতা চালানোর আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, একাধিক বিএনপি নেতার হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার সংবাদ পেয়েছি, প্রতারকরা বিভিন্ন জনের কাছে টাকা চাইছে। নেতাকর্মীদের হোয়াটসঅ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক কোনো লিংক, কোড বা কল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

কুমিল্লায় গরু ভাগাভাগির দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগরে গরু ভাগাভাগি ও হজের টাকা পরিশোধ সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে বাবা খুনের মর্মান্তিক ঘটনা ঘটেছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর (পূর্ব পাড়া) গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত সুরুজ মিয়া (৬৫) সুবিলারচর গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে। অভিযুক্ত ঘাতক ফয়েজ মিয়া (৩২) নিহতের বড় ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুরুজ মিয়া জীবদ্দশায় তার তিন ছেলেকে আলাদা করে জমিজমা ও সম্পত্তি বুঝিয়ে দেন। তবে শর্ত ছিল বাবার হজের জন্য নির্ধারিত টাকা পরিশোধের পর ছয়টি গরু তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হবে। সোমবার বিকেলে বাবার হজের টাকা পরিশোধ না করেই বড় ছেলে ফয়েজ মিয়া গরু বিক্রির উদ্যোগ নিলে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়।

একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ফয়েজ মিয়া কাঠের চেলি দিয়ে তার বাবা সুরুজ মিয়ার মাথায় এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সুরুজ মিয়া মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্ত ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, “গরু ভাগাভাগি সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়াসহ আইসিসির যে ৩ সুপারিশ

ডেস্ক রিপোর্ট:

নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তাব শ্রীলঙ্কায় খেলা আয়োজন করার। কিন্তু আইসিসি এখনও তাতে সাড়া দেয়নি।

তবে, ভারতের মাটিতে গিয়ে নিরাপদে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তিনটি সুপারিশ করেছে আইসিসির সিকিউরিটি টিম। আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসি সিকিউরিটি টিমের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে বলে উল্লেখ করেছে। এই তিনটি বিষয়কে এড়িয়ে খেলতে যাওয়ার সুপারিশ করা হয়েছে ওই চিঠিতে। তবে, ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, এসব মেনে ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ।

তিনটি সুপারিশের মধ্যে বড় একটি কারণ, বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা। ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, মোস্তাফিজ দলে থাকলে তা দলের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দেবে বলে জানানো হয়েছে চিঠিতে। অর্থাৎ মোস্তাফিজকে বাদ দিতে হবে অনেকটা এমন শর্ত জুড়ে দিয়েছে আইসিসি।

ড. আসিফ নজরুল বলেন, ‘ক্রিকেটের বিষয়ে (ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়া নিয়ে) আমরা আইসিসিকে দুটি চিঠি দিয়েছি এবং তাদের উত্তরের অপেক্ষায় আছি। এরই মধ্যে আইসিসির সিকিউরিটি টিম একটি চিঠি দিয়েছে। যেখানে তিনটি বিষয়ে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ১. দলে মোস্তাফিজের অন্তর্ভুক্তি; ২. সমর্থকদের জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করা; ৩. নির্বাচন যত এগিয়ে আসবে, নিরাপত্তা ঝুঁকি তত বৃদ্ধি পাবে।’

অর্থাৎ ক্রীড়া উপদেষ্টার দেওয়া তথ্যমতে ভারতের মাটিতে বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে যে শঙ্কার কথা বিসিবির পক্ষ থেকে আইসিসিকে জানানো হয়েছে, সেটাকেই আক্ষরিক অর্থে স্বীকার করে নিয়েছে আইসিসি। বাংলাদেশ দলের মূল স্ট্রাইক বোলার মোস্তাফিজকে নিয়ে খেলতে গেলে নিরাপত্তা বিঘ্নিত হবে।

আবার বাংলাদেশের সমর্থকরা নিজ দেশের জার্সি পরে যদি ঘোরাফেরা করে, গ্যালারিতে যায়, তাহলে তারা আক্রান্ত হওয়ার শঙ্কা তৈরি হবে। তার ওপর বাংলাদেশের জাতীয় নির্বাচনও ভারতের মাটিতে বাংলাদেশিদের জন্য নিরাপত্তার জন্য বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্যই প্রমাণ করে যে বর্তমানে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো কোনো পরিস্থিতি নেই। আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল তৈরি করা বা সমর্থকদের জার্সি পরতে বাধা দেওয়া— এমন উদ্ভট ও অবাস্তব প্রত্যাশা হতে পারে না।’

বাংলাদেশকে ভারতের বাইরে শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা আরব আমিরাত- যেখানেই হোক, খেলার সুযোগ তেরি করে দিতে আইসিসির প্রতি আহ্বান জানান ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘গত ১৬ মাস ধরে ভারতে যে বাংলাদেশবিদ্বেষী এবং উগ্র সাম্প্রদায়িক পরিবেশ বিরাজ করছে, তাতে সেখানে খেলা অসম্ভব। আমাদের স্পষ্ট কথা, ক্রিকেটে কারও মনোপলি থাকা উচিত নয়। আইসিসি যদি সত্যিই গ্লোবাল অর্গানাইজেশন হয়, তবে আমাদের খেলার সুযোগ শ্রীলঙ্কা, পাকিস্তান অথবা সংযুক্ত আরব আমিরাতে দেওয়া উচিত।’

কথা উঠেছিল, ইংল্যান্ড তো শ্রীলঙ্কার মাটিতে গিয়ে গত বেশ কয়েক বছর ধরে খেলে না। তাদের সব ম্যাচের ভেন্যুই ভারতে। তো ইংল্যান্ডের ম্যাচের ভেন্যু পরিবর্তন করতে হলে তাদের অনুমতির প্রয়োজন রয়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশকে অন্তত ভেন্যু পরিবর্তন করে একটি ম্যাচ হলেও ভারতের মাটিতে খেলতে হতে পারে।

এ নিয়েও কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। তিনি জানিয়ে দেন, ভেন্যু পরিবর্তন করা হলেও ভারত তো ভারতই। সে যে ভেন্যুতেই হোক। সব মিলিয়ে ভারতের কোনো ভেন্যুতেই খেলা নিরাপদ নয় বাংলাদেশের জন্য। ড. আসিফ নজরুল বলেন, ‘ভারত যদি ভেন্যু পরিবর্তন করে কেরালা বা অন্য কোথাও নেয়, তাতেও আমাদের আপত্তি আছে; কারণ ইন্ডিয়া মানে তো ইন্ডিয়াই। যেখানে আমাদের প্লেয়ারদের খেলার মতো নিরাপদ পরিবেশ নেই, সেখানে আমরা নতি স্বীকার করব না। আইসিসি সিকিউরিটি টিমের চিঠিই বড় প্রমাণ যে ভারতের কোনো জায়গায়ই খেলার উপযুক্ত পরিবেশ নেই।’

হাজীগঞ্জে ৭ প্রতিষ্ঠানকে গুণতে হলো এক লাখ ২৩ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনী।

সোমবার (১২ জানুয়ারি) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে পঁচা বাসী খাবার সংরক্ষণ করা এবং অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে হাজী সুইটস কে ৫০ হাজার টাকা, একই অপরাধে নবাবী হোটেল কে ১৫ হাজার টাকা, রিজিক হোটেল কে ৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ সস ব্যবহার করার অপরাধে খাওয়া দাওয়া হোটেল কে ৩০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে মিডওয়ে ফার্মেসী কে ১০ হাজার টাকা, ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ার অপরাধে হাজীগঞ্জ জেনারেল হাসপাতাল কে ৮ হাজার টাকা এবং মিথ্যা ডক্টর পদবি ব্যবহার করার অপরাধে দেশ ফার্মেসী কে ৫ হাজার টাকাসহ ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

জেলা স্যানেটারি ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর মোঃ জসিম উদ্দিন এবং যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযানকালে জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করেন। এবং অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিকগণ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।