All posts by jitu

নোয়াখালিতে নতুন জামা না পেয়ে কিশোরীর আত্মহত্যা

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে ঈদে নতুন জামা না পেয়ে বাবার ওপর অভিমান করে এক কিশোরী আত্মহত্যা করেছে।

নিহত নুর নাহার আক্তার ফারহানা (১৩) উপজেলার চরবাটা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের মো.সাহাব উদ্দিনের মেয়ে এবং স্থানীয় হাজী মোশারেফ হোসেন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

রোববার (১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডেও চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,নিহত ফারহানা ঈদে নতুন জামা দেওয়ার বায়না ধরে বাবার কাছে। কিন্তু কিছু দিন আগে তাকে নতুন জামা কিনে দেওয়ায় পুনরায় নতুন জামা দিতে অস্বীকৃতি জানায় বাবা। এতে সে বাবার ওপর অভিমান করে পরিবারের সদস্যদের অজান্তে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

ওসি আরো জানায়,বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করে ওই কিশোরী। শনিবার রাত ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পুনরায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নোয়াখালীতে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে শ্বশুরকে পিটিয়ে হত্যা করল জামাই

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে শ্বশুরকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে।

নিহত মো. মহিন উদ্দিন (৫৮) উপজেলার ২নং সুন্দল পুর ইউনিয়নের মধ্যম সুন্দলপুর গ্রামের মৃত মোহাম্মদ মোস্তফা মিয়ার ছেলে।

গতকাল শনিবার ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ২নং সুন্দলপুর ইউনিয়নের মধ্যম সুন্দলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে থেকে জায়গা সম্পত্তি নিয়ে শ্বশুরের সাথে বিরোধ দেখা দেয় মেয়ের জামাই নুরনবী সুমনের। শনিবার সন্ধ্যার দিকে এ নিয়ে বাকবিতন্ডা হয় নিহতের মেয়ে, মেয়ের জামাই ও নাতিদের সঙ্গে। বাকবিতন্ডার একপর্যায়ে বৃদ্ধ মহিন উদ্দিনকে মেয়ে, মেয়ের জামাই,নাতিরা মারধর করে। এতে তিনি গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের ভাই জহির উদ্দিন অভিযোগ করে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাঁর ভাইকে পিটিয়ে হত্যা করেন মেয়ের জামাই নুরনবী সুমন (৪০) নাতি ইউসুফ নবী অন্তর (২০) মো.শামীম (১৮) এবং মেয়ে শাহেনা আক্তার (৩৮)

এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মৌখিক ভাবে এমন অভিযোগ পেয়েছি। জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁর মেয়ের জামাই, মেয়ে তাকে কিল-ঘুষি দেয়। এরপর হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি আরো জানায়,নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে থানায় এনে রাখা হয়েছে। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঈদযাত্রায় শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি

ডেস্ক রিপোর্টঃ

টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীতে গার্মেন্টসকর্মীসহ শতাধিক যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে।

এ ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও তাদের ঈদের আনন্দ নদীতেই ভেসে গেছে।

রোববার (০১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার নথখোলা সেতুর নিচে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের শঙ্কায় নৌপথে গাজীপুর থেকে গার্মেন্টসকর্মীসহ যাত্রী নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয় চারটি ইঞ্জিনচালিত নৌকা। নৌকাগুলোর মধ্যে তিনটি নৌকা জেলার বাসাইল উপজেলার ঝিনাই নদীর নথখোলা সেতু অতিক্রম করে। অপর নৌকাটি সেতু অতিক্রম করার সময় পানির নিচে থাকা পরিত্যক্ত পিলারে ধাক্কা লেগে ডুবে যায়। যাত্রীরা দ্রুত সাঁতরিয়ে পাড়ে ওঠে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে শিশুসহ শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে।

নৌকার যাত্রী মনিরুজ্জামান বলেন, আমরা গাজীপুর থেকে ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে সিরাজগঞ্জে যাচ্ছিলাম। নৌকাটি ওই ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় পানির নিচে থাকা একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে নৌকার তলা ফেটে যায়। এ সময় যাত্রীরা তাড়াহুড়ো করে নৌকা থেকে নামার চেষ্টা করলে নৌকাটি ডুবে যায়। পরে সবাই সাঁতরিয়ে পাড়ে ওঠে। এ ঘটনায় কেউ মারা যায়নি। তবে নৌকায় অনেকের মালামাল ছিল সে সব পানিতে ডুবে গেছে। আমাদের ঈদের আনন্দ এই নদীতেই ভেসে গেছে।

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার রিপন মিয়া বলেন, ঘটনাটি জানতে পেরে ফায়ার সার্ভিসে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে উদ্ধার তৎপরতা চালানো হয়। এসময় হতাহতের ঘটনা ঘটেনি। নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন। তাদের মধ্যে অনেকেই গার্মেন্টসকর্মী ছিলেন।

বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম বলেন, নৌকাটিতে থাকা অনেকেই গার্মেন্টসকর্মী। তারা অল্পের জন্য বেঁচে গেলেও তাদের মালামাল নদীতেই ভেসে গেছে। আরও কেউ নদীতে নিখোঁজ রয়েছে কিনা এটা পরে বোঝা যাবে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ইঞ্জিনচালিত নৌকাটি শতাধিক যাত্রী নিয়ে সিরাজগঞ্জে যাচ্ছিল। এসময় নৌকাটি নথখোলা ব্রিজ অতিক্রম করার সময় ডুবে যায়। এসময় তারা দ্রুত পাড়ে উঠতে সক্ষম হন। নৌকা ডোবার ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তারা ঈদ করতে বাড়িতে যাচ্ছিলেন। এ ঘটনায় তাদের ঈদের আনন্দটিই নষ্ট হয়ে গেছে।

হাজীগঞ্জে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে মো. জুনাইদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকালে ২নং বাকিলা ইউনিয়নের রাধাসার সাকিনের মজুমদার বাড়ির পূর্ব পাশের পুকুরে ডুবে এ শিশুর মৃত্যু হয়েছে।

নিহত মোহাম্মদ জুনাইদ বাকিলার রাধাসার গ্রামের মো. আবুল খায়ের ও জান্নাত ফেরদাউসের ছেলে।

জানা গেছে, পরিবার ও বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নাঈম জানান, এ নিয়ে গত এক সপ্তাহে উপজেলায় মোট ৪ শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

কুসিকের ১৭ নং ওয়ার্ড: অর্ন্তদ্বন্দ্বে জড়িয়ে দেবর-ভাবী এখন প্রার্থী

ইমতিয়াজ আহমেদ জিতু:
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে নগরীর ১৭ নং ওয়ার্ড। প্রয়াত প্যানেল মেয়র কুসিক কাউন্সিলর সৈয়দ মো: সোহেলের খুনের পর থেকেই এই ওয়ার্ড নিয়ে প্রতিনিয়ত নানা খবর বের হচ্ছে। এবার নির্বাচনকে ঘিরে বেশ উত্তপ্ত এই ওয়ার্ড।

প্রয়াত কাউন্সিলর সৈয়দ মো: সোহেলের স্ত্রী সৈয়দা শাহনাজ আক্তার রুনা ও সোহেলের পিএস হাবিবুর রহমান হাবিবের সাথে অর্ন্তকোন্দলে জড়িয়ে পড়েছে প্রয়াত সোহেলের ছোট ভাই সৈয়দ মো: রোমন। এখন প্রয়াত সোহেলের ঘরেই দুই প্রার্থী। ভাবী ও দেবর একে অপরের শত্রুুতে পরিণত হয়েছে। ত্রিমুখী দ্বন্দ্বে যে কোন সময়ে বড় ধরনের সংঘর্ষের আশংকা রয়েছে এই ওয়ার্ডে।

স্থানীয় একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রয়াত কাউন্সিলর সোহেলের রেখে যাওয়া অঢেল সম্পত্তি ও অর্থের হিসাব, অর্থের লেনদেন – দাবি দাওয়া এবং পিএস হাবিবকে অপসারণ করা না করা ইত্যাদি নিয়ে ভাবী ও দেবরের মধ্যে লড়াই চরমে। রোমন তার ভাবী রুনাকে বলেছিল- পিএস হাবিবকে সাথে না রাখার জন্য। কিন্তু রুনা তার স্বামীর দীর্ঘদিনের কর্মী হাবিবকে দূরে রাখতে চাননি। ফলে দেবর-ভাবীর মধ্যে বিরোধ এখন তুঙ্গে। প্রয়াত কাউন্সিলর সোহেলের স্ত্রী রুনা বিভিন্ন প্রচারণায় সহকর্মী হিসেবে সোহেলের পিএস হাবিবকেই রেখেছেন। বিভিন্ন এলাকায় ভোটের প্রচারণায় রুনা ও পিএস হাবিবকে এক সাথে দেখা যাচ্ছে। অপরদিকে সৈয়দ রোমনও বেশ জোরেসোরে নির্বাচনী প্রচারণায় মাঠে রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, প্রয়াত কাউন্সিলর সোহেল জীবিত থাকাকালেই  তাঁর পিএস হাবিব ও ছোট ভাই রোমনের মধ্যে  বিরোধ ছিল। ওয়ার্ড যুবলীগের নেতৃত্বে হাবিব ও রোমন দুইজনই আসতে চেয়েছিল। সেই থেকেই দুইজনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।  সোহেল হত্যার পর সেই দ্বন্দ্ব আরো জোরালো হয়েছে। এই ওয়ার্ডে একে অপরের  উপস্থিতি সহ্য করতে পারছে না। ফলে দ্বন্দ্ব যে কোন সময় বড় ধরণের সংঘর্ষে রূপ নিতে পারে।

অর্ন্তদ্বন্দ্ব বিষয়ে জানতে দেবর-ভাবীর মুঠোফোনে কল দিয়ে মুঠোফোন সংযোগে তাদের পাওয়া যায়নি।

এখন দেখা যাক- সোহেলের পরিবার কার পক্ষে যায়- ভাবী নাকি দেবর ? এই ওয়ার্ডে দেবর-ভাবী ছাড়াও কাউন্সিলর প্রার্থী হিসেবে আরো আছেন হানিফ মাহমুদ (জাপান আ’ লীগ শাখার সভাপতি) ও মোস্তফা কামাল (ওয়ার্ড আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক)।

কুমিল্লার লাকসামে ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসাম পৌরসভার সামনে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল এক যুবকের।

রবিবার (১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যুবক নোয়াখালী জেলার সোনাপুর এলাকার লুৎফর রহমানের ছেলে ইমরান (২২)।

ইমরানের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’

সহযাত্রীর বরাত দিয়ে জসিম উদ্দিন জানান, নিহত যুবক ঢাকায় একটি গ্রিলের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি ফিরছিলেন।

নিহতের ছোট ভাই মিজান বলেন, ‘ভাইয়া গতকাল রাতেই তার বেতনের টাকা বিকাশে পাঠিয়ে দিয়েছিলেন। মায়ের জন্য কাপড় কিনেছিলেন, সেটা নিয়েই তিনি বাড়ি ফিরছিলেন।’

চাঁদপুরের হাজীগঞ্জের দুই গ্রামে ঈদ উদযাপন

 

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের হাজীগঞ্জের ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা ও শমেসপুর গ্রামের কিছু অংশের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। নাইজার, মালিসহ বেশ কয়েকটি দেশে চাঁদ দেখা যাওয়ায় তাদের সঙ্গে মিল রেখে হাজীগঞ্জবাসীও ঈদ উদযাপন করেছেন বলে জানা গেছে।

রোববার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফ মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন সাদ্রা দরবার শরিফের পীর মুফতি যাকারিয়া চৌধুরী আল মাদানী।

এ বিষয়ে সাদ্রা দরবারের পীরজাদা ড. মুফতি বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী  বলেন, হানাফি, মালেকি ও হাম্বলি— এ তিন মাজহাবের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে পৃথিবীর পশ্চিম প্রান্তেও যদি চাঁদ দেখা যায় আর সে সংবাদ যদি নির্ভরযোগ্য মাধ্যমে পৃথিবীর পূর্ব প্রান্তেও পৌঁছায়, তাহলে পূর্ব প্রান্তের মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ এবং ঈদ করা ওয়াজিব।

সাদ্রার আরেক পীর মাওলানা মো. আরিফ চৌধুরী বলেন, আমার চাচারা ঈদ উদযাপন করলেও আমাদের কাছে তা গ্রহণযোগ্য মনে হচ্ছে না। আমরা সোমবার ঈদুল ফিতর উদযাপন করব।

স্থানীয় বাসিন্দা মশিউর রহমান মুশু  জানান, সকাল থেকে কিছু মানুষ নামাজ পড়েছে। তবে কম। আগামীকাল আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করবো। আজ ঈদের জামায়াতে তেমন মুসল্লীর সমাগম ঘটেনি।

উল্লেখ্য, আরব দেশগুলোর সঙ্গে সংগতি রেখে প্রতিবছর চাঁদপুরের তিনটি উপজেলার ৪০ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয়। সাদ্রা দরবার শরিফের অনুসারীরা ৯৩ বছর ধরেই প্রথম চাঁদ দেখার ভিত্তিতে সাদ্রাসহ ৪০টি গ্রামে ঈদ উদযাপন করে থাকে।

রাশিয়ার হামলায় একদিনেই ২ শতাধিক ইউক্রেনীয় সৈন্য নিহত

 

ডেস্ক রিপোর্ট:

রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় একদিনেই দুই শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। এছাড়া নির্ভুল ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইউক্রেনের ১৭টি সামরিক স্থাপনায়ও আঘাত করেছে রুশ সেনারা। শনিবার (৩০ এপ্রিল) রুশ সেনাদের চালানো এসব হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির এই ঘটনা ঘটে। খবর রয়টার্স।

শনিবার (৩০ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, এ হামলায় ইউক্রেনের সামরিক বাহিনীর একটি কমান্ড পোস্ট এবং সামরিক গুদামও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

রাশিয়ার সশস্ত্র বাহিনী জানিয়েছে, শনিবার তারা উচ্চ-নির্ভুল ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের ১৭টি সামরিক স্থাপনায় আঘাত করেছে। এছাড়া ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইউক্রেনের সামরিক বাহিনীর একটি কমান্ড পোস্ট এবং একটি সামরিক গুদাম ধ্বংস করে দিয়েছে তারা। সামরিক ওই গুদামটি রকেট ও আর্টিলারি সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো।

এদিকে অনলাইনে দেওয়া এক পোস্টে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার রুশ সেনাদের দিনব্যাপী বিমান হামলায় দুই শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। একইসঙ্গে এসব হামলায় ২৩টি সাঁজোয়া যানও ধ্বংস হয়ে যায় বলে জানানো হয়েছে।

এছাড়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসার বিমানবন্দরে রাশিয়া হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ। ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো এই হামলায় বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত ও অকার্যকর হয়ে গেছে বলেও জানিয়েছে দেশটি।

স্থানীয় গভর্নর এই তথ্য নিশ্চিত করলেও অনলাইনে দেওয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই পোস্টে এ বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি।

মুরাদনগরে সরকারি ত্রাণ বাবার নামে চালিয়ে দিলেন উপজেলা চেয়ারম্যান!

 

মাহবুব আলম আরিফ:
কুমিল্লার মুরাদনগরে সরকারি ত্রান বাবার নাম ভাঙিয়ে সাধারণ মানুষের মাঝে বিতরণ করার অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোরের বিরুদ্ধে।

এ ঘটনায় উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়কসহ আওয়ামীলীগের বিভিন্ন নেতা কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ ঝেড়েছেন।

বিভিন্ন নেতা তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে ছবিসহ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, হায়রে প্রতারণা! হায়রে বাটপারি!! হায়রে ভন্ডামী । দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় মুরাদনগর উপজেলার পিছিয়ে পড়া জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রীর বিতরণের ব্যানারে  মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান তার নিজের ছবি ও তার বাবার ছবি ব্যবহার করে জনগণের সাথে প্রতারণা করছেন। কারণ দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় খাদ্য সামগ্রী বিতরণের ব্যানারে উনার বাবার ছবি ব্যবহার করে কিভাবে? মন্ত্রণালয়ের দেয়া খাদ্য সামগ্রী নিজ নামে চালিয়ে দিয়ে মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম কিশোর মুরাদনগরের জনগণের সাথে রাজনীতির নামে প্রতারণা করছে! ”

এই বিষয়ে  মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম কিশোর মুঠোফোনে বলেন, ‘যেহেতু আমার বাবা আওয়ামীলীগের একজন প্রবীণ নেতা, সে হিসাবে আমি আমার বাবার ছবি ব্যানারে লাগাইতেই পারি।’

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, এটা সরকারি ত্রান। এটা মূলত উপজেলা পরিষদের চেয়ারম্যানের নামে এসেছে। তাই উনি বিতরণ করছেন কিন্তু বিতরণ কালে ব্যানারে উনার বাবার ছবি ব্যবহার নিয়ে যে বিতর্ক উঠেছে , এ বিষয়ে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা না বলে আপাতত কোন মন্তব্য করতে পারছিনা।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ২০০৩-০৪ ব্যাচের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ইফতার পার্টি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ২০০৩-০৪ ব্যাচের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে নগরীর বধুয়া কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ ব্যাচের আহমেদ ইমনের উদ্যোগে ই ইফতার মাহফিলের আয়োজন হয়।

বিকেল ৫ টায় সবার পরিচয় পর্বের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আফসু ডেভলোপমেন্ট লিমিটেডের পরিচালক আহমেদ  ইমন, যমুনা ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইসলামি ব্যাংক কর্মকর্তা ফয়সাল আহমেদ ভূইয়া,  বাংলাদেশ পাটকল কর্পোরেশনের কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, জেলা দায়রা জজের পিএস আলমগীর, ব্র্যাক ব্যাংক কর্মকর্তা মো: নুর হোসেন ভূইয়া, এপেক্স এর এসিএ মো: মাইন উদ্দিন, ওয়ান ব্যাংকের কর্মকর্তা ইব্রাহিম খলিল, ব্যবসায়ি মো: ওমর ফারুক, বিআরডিসি ব্যাংকের কর্মকর্তা ওমর ফারুক, চাকুরীজীবি এরশাদুল হক, শহীদ জিয়াউর রহমান কলেজের প্রভাষক শরিফুর রহমান, চট্টগ্রাম রেলওয়ের কর্মকর্তা মো: মীর হোসেন (মিরন), আনসার আলী কলেজের প্রভাষক মো: আলমগীর হোসেন (সুমন), কুমিল্লা ইপিজেডের  শ্রুতি টেক্সটাইলসের কর্মকর্তা আব্দুল মোমেন ভূইয়া, কুমিল্লা সদরের খাদ্য অফিসের চাকুরীজীবি মো: শাহীন মিয়া ও  চাকুরীজীবি মো: সফিউদ্দিন আনোয়ার প্রমুখ।