All posts by jitu

চাঁদপুরে মেয়াদ উত্তীর্ণ মোবিল ও নকল স্টিকার রাখায় ২ লাখ টাকা জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুর:

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনী।

সোমবার (৫ জানুয়ারি) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ মোবিল বিক্রয়ের জন্য সংরক্ষণ করা এবং মোটরসাইকেলের পার্টসের নকল স্টিকার ব্যবহার করে মোড়কজাত করার অপরাধে আলম ব্রাদার্স কে ২ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

যৌথ বাহিনীর সার্বিক সহযোগিতায় এ অভিযানকালে জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। এবং অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় নকল স্টিকার ও মেয়াদ উত্তীর্ণ মবিল ধ্বংস করা হয়।
এছাড়াও এদিন শহরের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডার গ্যাসের ডিলার ও পাইকারি দোকানে অভিযান পরিচালনা করেন। সেই সাথে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাসের বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি মূল্য তালিকা টানানো এবং ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

বুড়িচংয়ে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচংয়ে নাশকতার পরিকল্পনা ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।

পুলিশ সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় বুড়িচং থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা এবং সরকারবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

গ্রেপ্তাররা হলেন বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য নেয়ামতউল্লাহ এবং বুড়িচং উপজেলা যুবলীগের নেতা মো. রমিজউদ্দিন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, নাশকতার পরিকল্পনা ও সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এ মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না।

তিনি আরো জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে বুড়িচং থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

পুলিশ জানায়, তদন্ত শেষে প্রয়োজনে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

দাউদকান্দিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ভোরে থানা এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—দাউদকান্দি উপজেলার তুলতুলি এলাকার আলাউদ্দিন সরকারের ছেলে রিয়াদ সরকার (২৭) ও একই উপজেলার মাদলার এলাকার মৃত নান্নু মিয়ার ছেলে খোকন ব্যাপারী। রিয়াদ পাঁচগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

খোকন ব্যাপারী কৃষকলীগ দাউদকান্দি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী মামলায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। রবিবার রাতে দাউদকান্দি মডেল থানার সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, গ্রেপ্তার আসামিরা বৈষম্যবিরোধী মামলায় আসামি ছিলেন। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

দেশের চাবি আপনার হাতে কুমিল্লায় ভোটের প্রচারনার উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

যাদের বয়স ৩০ কিংবা ৩৫ বছর, তারা বিগত সময়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি এমন মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

‘দেশের চাবি আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে কী পাওয়া যাবে এবং ‘না’ ভোট দিলে কী পাওয়া যাবে না—এ বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করতেই এই উদ্যোগ।

গণভোট নিয়ে প্রচারের লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে গঠন করা হয়েছে ‘গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম’ সেল।

এরই অংশ হিসেবে আজ সকালে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক জনসচেতনতামূলক উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলী ইমাম মজুমদার এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। তবে আমরা বিশ্বাস করি, সেই অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

এ সময় তিনি আরও বলেন, আমরা চাই গোটা বাংলাদেশে একটি সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন হোক, যেখানে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ রেজা হাসান, সদর সার্কেল পুলিশ সুপার সাইফুল মল্লিকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা হাই স্কুলের বই উৎসবে জুলাই হত্যা মামলার আসামি আ’লীগ নেতা সারোয়ার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণ পাড়া উপজেলা হাই স্কুলের বই উৎসবে প্রকাশ্যে জুলাই হত্যা মামলার আসামি, উপজেলা আওয়ামী লীগের ১ নং যুগ্ম আহবায়ক মোস্তফা সারোয়ার খান। চলতি বছরের ১ জানুয়ারি আত্মপ্রকাশ হওয়া এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক করা হয়েছে এ আওয়ামী লীগ নেতাকে।

১ জানুয়ারি উপজেলার সদর ইউনিয়নে প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানের বই উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতার পাশে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণ পাড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন এবং তার ভাই যুবলীগ নেতা জামাল হোসেন, তার ছোট ভাই জাতীয় পার্টি নেতা জাহাঙ্গীর হোসেন।

আওয়ামী লীগ নেতার পাশে একই পরিবারের তিন দলের তিন ভাইয়ের উপস্থিতি এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

ব্রাহ্মণপাড়ায় মা-ছেলেসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে মা-ছেলেসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৪৭ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকায় শিবু পালের দোতলা ভবনে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন শিবু পাল (৪০), মো. মিল্লাত (২০) ও মিল্লাতের মা সাজিয়া বেগম (৪৫)।

রবিবার (৪ জানুয়ারি) রাতে থানা সূত্রে জানা গেছে, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মেহেদী হাসান জুয়েলের নেতৃত্বে শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকায় শিবু পালের দোতলা ভবনে অভিযান পরিচালনা করা হয়। এসময় একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ভবনের দোতলা থেকে আরো দুইজনকে আটক করা হয়।

তাদের দেহ তল্লাশি করে একজনের কাছ থেকে ২২ পিস এবং অপরজনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রবিবার (৪ জানুয়ারি) সকালে গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

চৌদ্দগ্রাম আসনে বিএনপি প্রার্থী কামরুল হুদার বিরুদ্ধে ১১ কোটি ৮৩ লাখ টাকার গ্যাস চুরি অভিযোগ

স্টাফ রিপোর্টার:

দাখিলকৃত হলফনামায় কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, কোটি কোটি টাকার সরকারি গ্যাস চুরি এবং একাধিক মামলা চলমান থাকা সত্ত্বেও মনোনয়ন হলফনামায় এসব তথ্য গোপনের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে প্রায় ১১কোটি ৮৩ লাখ টাকার গ্যাস চুরির অভিযোগ উঠেছে।

শনিবার (৩ জানুয়ারি) কুমিল্লা জেলা রিটানিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের সময় চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মনির হোসেন এই অভিযোগ করেন।

দাখিলকৃত অভিযোগে তিনি বলেন, কামরুল হুদা তার যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স মিয়া বাজার সিএনজি ফিলিং স্টেশন লিমিটেড-এর গ্যাস মিটারে একাধিকবার অবৈধ হস্তক্ষেপ (মিটার টেম্পারিং) করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্যাস চুরি করেন। তার সর্বমোট ১১ কোটি ৮৩ লাখ ৫ হাজার ১০ টাকা সরকারি বকেয়া রয়েছে। এছাড়া তিনি হলফনামায় ফৌজদারি মামলার তথ্যও গোপন করেছেন বলে অভিযোগ করা হয়। এর মধ্যে চৌদ্দগ্রাম থানার মামলা নং–০৯ (তারিখ ০৭/০২/২০১৮), জিআর নং–৪৩/১৮ এবং স্পেশাল ট্রাইবুনাল মামলা নং–৫০/২০২০ সংক্রান্ত তথ্য মনোনয়নপত্রে উল্লেখ করা হয়নি। উক্ত মামলায় কামরুল হুদা ২০ নম্বর আসামি ছিলেন।

অভিযোগকারীর দাবি, নির্বাচন কমিশন ঘোষিত পরিপত্র নং–০৭ এর ৩(খ) এবং পরিপত্র নং–০৬ এর প্যারা–২ অনুযায়ী সরকারি সেবা প্রতিষ্ঠানের নিকট বকেয়া বিল সংক্রান্ত তথ্য হলফনামায় দেওয়া বাধ্যতামূলক। কিন্তু প্রার্থী তা ইচ্ছাকৃতভাবে গোপন করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) সূত্রে জানা জানা গেছে,
কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারে অবস্থিত মেসার্স মিয়া বাজার সিএনজি ফিলিং স্টেশন লিমিটেড-এর বিরুদ্ধে চার দফায় গ্যাস মিটার টেম্পারিংয়ের ঘটনা প্রমাণিত হয়েছে। এসব অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে রাষ্ট্রীয় গ্যাস আত্মসাৎ করা হয়, যার ফলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ধাপে ধাপে বিপুল অঙ্কের বকেয়া নির্ধারণ করা হয়।
২০০৮ সালের ১৯ আগস্ট প্রতিষ্ঠানটিকে সিএনজি ও ক্যাপটিভ উভয় খাতে গ্যাস সংযোগ দেওয়া হয় যেখানে অনুমোদিত লোড ছিল সিএনজি খাতে ঘণ্টায় ৬২৫ ঘনমিটার ও ক্যাপটিভ খাতে ঘণ্টায় ৪৭ ঘনমিটার। কিন্তু সংযোগ পাওয়ার পর থেকেই চার দফায় মিটার টেম্পারিংয়ের ঘটনা ধরা পড়ে। ২০০৯ সালের ১৫ জুন প্রথম দফায় সিএনজি ও ক্যাপটিভ উভয় মিটারে অবৈধ হস্তক্ষেপ প্রমাণিত হলে ৯৫ লাখ ১২ হাজার ৭৪৬ টাকা বকেয়া নির্ধারণ করা হয়। ২০১০ সালের ২৭ অক্টোবর দ্বিতীয় দফায় সিএনজি মিটার নষ্ট অবস্থায় পাওয়া গেলে ৭৬ লাখ ৭১ হাজার ৭২৩ টাকা বকেয়া নির্ধারণ হয় যা পরিশোধ করা হয়। আবার ২০১৬ সালের ২৮ আগস্ট তৃতীয় দফায় মিটার পরিবর্তনের সময় পুনরায় টেম্পারিং ধরা পড়ে এবং এতে ৫ কোটি ৪০ লাখ ৪২ হাজার ২১৯ টাকা বকেয়া নিরূপণ করা হয়। একই বছরের ২৯ অক্টোবর চতুর্থ দফায় আবারও মিটার টেম্পারিংয়ের প্রমাণ পাওয়ায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এ বাবদ ৫ কোটি ৪৭ লাখ ৪৯ হাজার ৪৫ টাকা বকেয়া নির্ধারণ করা হয়। ফলে তৃতীয় ও চতুর্থ দফা মিলিয়ে বকেয়া দাঁড়ায় ১০ কোটি ৮৭ লাখ ৯১ হাজার ২৬৪ টাকা এবং সব মিলিয়ে বর্তমানে পাওনা ১১ কোটি ৮৩ লাখ টাকার বেশি। বকেয়া পরিশোধ এড়িয়ে প্রতিষ্ঠানটি একের পর এক আইনি পদক্ষেপ নেয়। ২০১৬ সালে বিইআরসি-তে বিরোধ নিষ্পত্তি আবেদন নং–৪৪/২০১৬ দায়ের করা হলে ২০১৮ সালের ২৭ মে কমিশন মিটার টেম্পারিং প্রমাণিত উল্লেখ করে আবেদন খারিজ করে। পরে গ্রাহক হাইকোর্টে রিট পিটিশন নং–১১১৫৮/২০১৮ দায়ের করলে ২০২২ সালের ১ ডিসেম্বর আংশিক বিল পরিশোধ সাপেক্ষে সংযোগ প্রদানের নির্দেশ দেওয়া হয়। এতে আপত্তি জানিয়ে বাখরাবাদ আপিল বিভাগে সিভিল আপিল নং–১১৪/২০২৩ দায়ের করে যা বর্তমানে বিচারাধীন।

একই সঙ্গে গ্রাহক পরিশোধিত অর্থ ফেরতের দাবিতে বিইআরসি-তে নতুন করে বিরোধ নিষ্পত্তি আবেদন নং–১১/২০২৪ দায়ের করেছে।

সূত্রমতে,২০০৯ সালে প্রথম দফায় ৯৫ লাখ টাকা,২০১০ সালে দ্বিতীয় দফায় ৭৬ লাখ টাকা (পরিশোধিত),২০১৬ সালে তৃতীয় ও চতুর্থ দফায় মিটার টেম্পারিংয়ের মাধ্যমে।৫ কোটি ৪০ লাখ এবং ৫ কোটি ৪৭ লাখ টাকা বকেয়া নির্ধারণ করা হয়। সব মিলিয়ে বর্তমানে সরকারি পাওনা দাঁড়িয়েছে ১১ কোটি ৮৩ লাখ টাকার বেশি।

বকেয়া পরিশোধ না করে প্রতিষ্ঠানটি একের পর এক আইনি কৌশল অবলম্বন করে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মিটার টেম্পারিং প্রমাণিত উল্লেখ করে আবেদন খারিজ করলেও বিষয়টি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। মামলার সুযোগে এখনো স্থায়ীভাবে সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি।
সরকারি প্রতিষ্ঠানগুলোর নিকট বকেয়া বিল ও চলমান মামলার তথ্য মনোনয়ন হলফনামায় উল্লেখ করা বাধ্যতামূলক হলেও প্রার্থী কামরুল হুদা তা ইচ্ছাকৃতভাবে গোপন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। শুধু মিয়া বাজার সিএনজি নয়—তার যৌথ মালিকানাধীন বাংলা গ্যাস, স্বজন সিএনজি, সাবুরিয়া সিএনজির বিরুদ্ধেও রাষ্ট্রীয় গ্যাস আত্মসাতের অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন,“যিনি রাষ্ট্রীয় গ্যাসের কোটি কোটি টাকা আত্মসাৎ করে জরিমানা বকেয়া রেখে দেন এবং আদালতের আশ্রয় নিয়ে বছরের পর বছর রাষ্ট্রীয় পাওনা ঝুলিয়ে রাখেন, তিনি কীভাবে জনগণের প্রতিনিধি হওয়ার নৈতিক অধিকার রাখেন—এ প্রশ্ন আজ জনমনে।”

এ বিষয়ে মোঃ কামরুল হুদা বলেন,“বিষয়টি বিচারাধীন। আমার কাছে সরকার কোনো টাকা পাবে না।”

তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, বিচারাধীন থাকা সত্ত্বেও সরকারি হিসাব অনুযায়ী উক্ত অর্থ এখনো রাষ্ট্রের পাওনা হিসেবেই বহাল রয়েছে এবং একাধিক দফায় মিটার টেম্পারিংয়ের বিষয়টি নথিপত্রে প্রমাণিত।

কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা গরু চোর/ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার; চোরাই গরু, দেশীয় অস্ত্র ও পিকআপ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

সম্প্রতি কুমিল্লার প্রান্তিক এলাকাসহ আশেপাশের কয়েকটি জেলায় প্রায় গরু চুরি/ডাকাতির ঘটনা ঘটছে। যাদের চুরি/ডাকাতির ধরন একইরকম। উক্ত চুরি/ডাকাতির ঘটনা নিবারনের লক্ষ্যে কুমিল্লা জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং সার্বিক তত্ত্বাবধানে জেলার প্রতিটি থানা এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধির পাশাপাশি চেকপোস্ট ও পুলিশি তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায়, সম্প্রতি চুরি/ডাকাতির ঘটনার তথ্যসমূহ বিশ্লেষণপূর্বক ৪ জানুয়ারি ভোররাত সোয়া ৩ টায় সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় অবস্থান করাকালে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অভ্যাসগতভাবে গরু ডাকাত চক্রের সদস্য চোরাইকৃত গাভী গরু বিক্রয়ের উদ্দেশ্যে পিকআপ গাড়ীযোগে বহন করে ফেনী হতে ব্রাহ্মণপাড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা অভ্যাসগত চোর/ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে।

অভিযানে বিভিন্ন জাতের ০৮ টি চোরাই গরু, চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং চোরাই/ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ডাকাত চক্রের সদস্যগণ ইতিপূর্বে চান্দিনা ও লাকসাম থানা এলাকায় গরু ডাকাতির ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের পূর্ববর্তী অপরাধের রেকর্ড যাচাই করা হচ্ছে এবং চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, চার মামলার আসামি কুমিল্লার চান্দিনা উপজেলার ফাইবুল মাহমুদ @ সিফাত(১৯), ৪ মামলার আসামি নোয়াখালীর সেনবাগ উপজেলার মোঃ বেলাল(৪২), এক মামলার আসামি মোঃ নুর নবী সুমন (২৫) ও গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম এলাকার মোঃ রাহাত রাজু (২৮) ।

এ সময় বিভিন্ন জাতের ৮ টি গাভী গরু, একটি নীল হলুদ রংয়ের পিকআপ গাড়ী ও একটি দেশীয় তৈরী এলজি, যাহা বাটসহ লম্বা ১৯ (উনিশ) ইঞ্চি, ২ রাউন্ড বার বোরের কার্তুজ গুলি, একটি কমলা রংয়ের লোহার কাটার, যাহা বাটসহ লম্বা ২৯.৫ (সাড়ে উনত্রিশ) ইঞ্চি, একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরী ধারালো হাসুয়া, যাহা বাটসহ লম্বা ২৩.৫ ইঞ্চি, একটি প্লাষ্টিকের হাতল যুক্ত লোহার তৈরী কুড়াল, যা হাতলসহ লম্বা ২৪ ইঞ্চি, একটি লোহার রড, যা লম্বা ১৬ ইঞ্চি, একটি প্লাষ্টিকের বাটযুক্ত স্টিলের চাপাতি, যা বাটসহ লম্বা ১১.৫ ইঞ্চি, কমলা রংয়ের বক্সে ২ পিস রকেট প্যারাসুট ফ্লেয়ার (যাহা আসামীরা চুরি/ডাকাতি সময় সংকেত পাঠানোর জন্য ব্যবহার করে), একটি সাদা প্লাষ্টিকের বস্তা জব্দ করা হয়েছে।

কুমিল্লা পুলিশ সুপার জানান, “আমরা দীর্ঘদিন ধরে এই চক্রের তথ্য সংগ্রহ করছিলাম। তারা ঢাকা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা-সিলেট মহাসড়কসহ অন্যান্য এলাকায় পরিকল্পিতভাবে চুরি ও ডাকাতি অভিযান চালাত। গ্রেফতারকৃতরা মূলত আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

দুয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দুয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। আমাদের চেয়ারপারসনের মৃত্যুতে পদটি শূন্য রয়েছে। তার শূন্যতা পূরণে তারেক রহমানকে এ পদে বসানো হবে।’

রোববার সিলেটের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বরাবরের মতো সিলেট থেকে এবারও নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। এ নির্বাচন জাতির জন্য এজন্য গুরুত্বপূর্ণ যে মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে মিডিয়া আশংকার কথা বললেও দল হিসেবে বিএনপি শঙ্কা বোধ করে না। প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি।’

তিনি বলেন, ‘নির্বাচন তার পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় কমিশন নির্বাচন বাস্তবায়ন করবে। গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘যে সুযোগ পেয়েছি সেটি কাজে লাগাই। আজকে সুযোগ এসেছে। এ সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না।’

চান্দিনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় হারুনুর রশিদ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হারুনুর রশিদ কুমিল্লার দেবীদ্বার উপজেলা ব্রাহ্মণখাড়া গ্রামের আব্দুল ওহাব মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হারুনুর রশিদ দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বিদেশ থেকে ফিরে স্থায়ীভাবে দেশে থাকায় প্রবাসী বড় ছেলে পিতাকে মোটরসাইকেল কিনে দেন। রোববার সকালে বাড়ি থেকে চান্দিনা বাজারে আসার পথে মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় চট্টগ্রামমুখী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ থানার সার্জেন্ট নাদিম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করতে অভিযান চলছে।