All posts by jitu

এবার ‘গ্রেটেস্ট অব অল টাইম’ লেখা বসছে মেসিদের জার্সিতে

 

স্পোর্টস ডেস্কঃ

ইংরেজিতে ‘গ্রেটেস্ট অব অল টাইম’কে সংক্ষেপে বলা হয় ‘গোয়েট’। এর মানে সর্বকালের সেরা। এই লেখা এবার বসছে লিওনেল মেসিদের জার্সিতে। ভড়কে যাবেন না, মেসিকে সর্বকালের সেরা হিসেবে স্বীকৃতি দিয়ে এমনটি লেখা হচ্ছে না। তার ক্লাব পিএসজির সঙ্গে চুক্তি করেছে লাইফস্টাইল প্ল্যাটফর্ম ‘গোয়েট’।

তাদের সঙ্গে এই চুক্তির কারণে পিএসজি ফুটবলারদের জার্সির হাতায় চলতি মৌসুমের শেষ অবধি গোয়েট লেখা থাকবে। কেবল ম্যাচই নয়, পিএসজির অনুশীলন ও ওয়ার্ম আপ জার্সির হাতাতেও লেখাটি থাকবে।

প্রাইমারি এবং রিসেল মার্কেটের মাধ্যমে বিলাসবহুল পোশাক ও আনুষাঙ্গিক জিনিস সরবরাহ করে গোয়েট নামক অ্যাপটি। পুরো বিশ্বে ৩০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে তাদের। পিএসজির সঙ্গে চুক্তির পর সেটা যে আরও বাড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না।

ইতোমধ্যেই নতুন এই লেখাসহ জার্সি গায়ে তুলেছেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র, মার্কো ভেরোত্তি, জর্জিনিও উইজানাল্ডম, আশরাফ হাকিমি। তবে ছিলেন না পিএসজির আরেক বড় তারকা কিলিয়ান এমবাপে, চলতি মৌসুম শেষে যার রিয়ালে যাওয়ার গুঞ্জন বেশ জোরালো।

গোয়েটের সঙ্গে নতুন এই চুক্তি নিয়ে পিএসজির পার্টনারশিপ প্রধান মার্ক আর্মস্ট্রং বলেছেন, ‘পিএসজি পরিবারে গোয়েটকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। এই পার্টনারশিপের কল্যাণে গোয়েট আমাদের জার্সিতে লেখা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকাতে প্রবেশ করল।’

‘গোয়েট ক্লাবের জন্য আদর্শ অংশীদার। এটা বিশ্বজুড়ে সমর্থকদের সঙ্গে খেলাধুলা ও শৈলীর একটি আইকন হিসাবে আমাদের অবস্থানকে শক্তিশালী করবে। একসঙ্গে আমরা সর্বত্র ভক্তদের আনন্দ দিয়ে রোমাঞ্চকর ও সৃজনশীল অভিজ্ঞতা তৈরি করব।’

অনেকক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো : তথ্যমন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে চিত্র উঠেছে তাতে ‘একপেশে ও ভুল তথ্য’ রয়েছে দাবি করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ওই প্রতিবেদনের সঙ্গে তিনি একমত নন।

তিনি বলেন,‘মার্কিন পররাষ্ট্র দফতরের মানবাধিকার প্রতিবেদনটি আমি দেখেছি। আমরা এই রিপোর্টে বাংলাদেশ বিষয়ে প্রতিবেদনের সাথে একমত নই। আমরা মনে করি, এ রিপোর্টের তথ্য-উপাত্ত নির্দিষ্ট কিছু সূত্র থেকে সংগ্রহ করা হয় এবং সেই সূত্রগুলো একপেশে ও অনেক ভুল তথ্য সরবরাহ করায় রিপোর্টটি এমন হয়েছে।’

পহেলা বৈশাখের সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় পাম ভিউ রেস্তোরাঁয় বাংলাদেশ সম্পাদক ফোরাম আয়োজিত ‘মাহে রমজান ও গণমাধ্যম’ শীর্ষক আলোচনা ও ইফতারের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

গত মঙ্গলবার ২০২১ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিপীড়ন ও দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলেও দায়মুক্তি পাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক নিপীড়ন, হত্যা ও দুর্নীতির খুব কম সংখ্যক ঘটনায় তদন্ত ও বিচারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, বাংলাদেশের সংবিধানে একটি সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা রয়েছে; যার অধিকাংশ ক্ষমতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত। একাদশ জাতীয় নির্বাচনে নানা অনিয়মের কথাও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। পুলিশ, র‌্যাব ও বিজিবি সাধারণ জনগণের ওপর নিপীড়ন চালায় বলে মন্তব্য এসেছে ওই প্রতিবেদনে।

ওই প্রতিবেদনের সমালোচনা করে তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, ‘প্রকৃতপক্ষে অনেক ক্ষেত্রে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো, সবক্ষেত্রে না হলেও। কারণ, যুক্তরাষ্ট্রের গুয়ান্তামো বে’তে যেভাবে মানুষকে নির্যাতন করা হয়, সে ধরনের কোনো কারাগার আমাদের দেশে নেই। যুক্তরাষ্ট্রে যেভাবে জর্জ ফ্লয়েডকে হত্যা করা হয়েছে, আমাদের দেশে কখনো এ ধরনের হত্যাকাণ্ড হয়নি। মার্কিন পার্লামেন্টে যেভাবে হামলা করে চারজনকে হত্যা করা হয়েছে, স্পিকারের চেয়ারে দুষ্কৃতিকারী বসে ছিল, এমন কোনো ঘটনা আমাদের দেশে ঘটেনি। গত দশ বছরের পরিসংখ্যানমতে যুক্তরাষ্ট্রে সংখ্যালঘুরা ৩০ শতাংশ হলেও পুলিশের গুলিতে নিহতদের অধিকাংশই এই সংখ্যালঘুরা। এসব কারণে অনেকক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো।’

একইসঙ্গে তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। মানবাধিকার রিপোর্টে যে নিরাপত্তা বাহিনীর কথা আছে, সেই নিরাপত্তা বাহিনীও যুক্তরাষ্ট্রের কাছ থেকে কারিগরি সহায়তা পাচ্ছে। এ কারিগরি সহায়তাসহ অন্যান্য বিষয়ে সহায়তার মাধ্যমে আমাদের যদি কোনো ত্রুটিও থেকে থাকে তা ভবিষ্যতে সংশোধনের সুযোগ রয়েছে বলে আমি মনে করি।’

যারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করছেন, তাদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘সম্প্রতি বিশ্বব্যাংক তাদের প্রতিবেদনে চলতি বছর দেশের অর্থনীতিতে উচ্চ প্রবৃদ্ধির আভাস দিয়েছে। করোনা পরবর্তীতে যে আমাদের অর্থনীতি সুদৃঢ়ভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটিও বিশ্বব্যাংকের রিপোর্টে বলা হয়েছে। যারা রাত-বিরাতে সমালোচনা করেন, আমি আশা করবো তারা এই রিপোর্টের পর বিরূপ সমালোচনা বন্ধ করবেন।’

বাংলাদেশ সম্পাদক ফোরামের উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেন, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন প্রমুখ।

পুরো টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিলেন এলন মাস্ক

 

আন্তর্জাতিক ডেস্কঃ

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নয় শতাংশ শেয়ার কিনে কিছুদিন আগে হইচই ফেলে দিয়েছিলেন ইলন মাস্ক। কিন্তু এরপর প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলে নতুন করে আলোচনা শুরু হয়, ঠিক কী করতে চান টেসলা প্রধান। অবশেষ পরিষ্কার হলো তার সেই উদ্দেশ্য। টুইটারের পুরো মালিকানাই কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন বর্তমান বিশ্বের শীর্ষ এই ধনী।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টুইটার কিনতে ৪ হাজার ১০০ কোটি মার্কিন ডলার খরচ করতে রাজি ইলন মাস্ক। এর প্রতিটি শেয়ার ৫৪ দশমিক ২০ ডলারে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি, যা সোশ্যাল মিডিয়া জায়ান্টের গত ১ এপ্রিলের শেয়ারদরের তুলনায় অন্তত ৩৮ শতাংশ বেশি।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের কাছে পাঠানো এক চিঠিতে ইলন মাস্ক বলেছেন, টুইটারের অসাধারণ সম্ভাবনা রয়েছে, আমি এটি প্রকাশ করতে চাই। তিনি বলেন, বিনিয়োগ করার পর আমি বুঝতে পারছি, টুইটার এর বর্তমান গঠনপ্রক্রিয়ায় না উন্নতি করবে, না সামাজিক বাধ্যবাধকতা পূরণ করবে। টুইটারকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে।

নিজেকে বাকস্বাধীনতার পক্ষে দাবি করা এ মার্কিন ধনকুবের আগে থেকেই টুইটারের বিভিন্ন নীতির সমালোচনা করে আসছেন। টুইটার চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে মাস্ক বলেছেন, এটিই আমার সেরা ও শেষ প্রস্তাব। এটি গৃহীত না হলে শেয়ারহোল্ডার হিসেবে অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হবো।

এর আগে টুইটারের পরিচালনা পর্ষদের সদস্য হওয়ার একটি প্রস্তাব ফিরিয়ে দেন টেসলা সিইও। বিশ্লেষকরা তখন থেকেই ধারণা করছিলেন, এই বিলিয়নিয়ার হয়তো টুইটারে আরও বড় কোনো পদ চান। কারণ পর্ষদের সদস্য হলে তিনি সর্বোচ্চ ১৫ শতাংশ শেয়ারের মালিক হতে পারতেন।

সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, গোল্ডম্যান স্যাশ ও উইলসন সোনসিনি গুডরিচ এবং রোসাটির পরামর্শ নিয়ে ইলন মাস্কের এই প্রস্তাব পর্যালোচনা করবে টুইটার। আর ইলন মাস্কের পরামর্শক হিসেবে কাজ করছে বিনিয়োগ ব্যাংক মরগান স্ট্যানলি।

ছাগল চুরির অভিযোগে দুই শিশুকে গাছে বেঁধে অমানবিক নির্যাতন

 

ডেস্ক রিপোর্টঃ

নড়াইলের লোহাগড়ায় ছাগল চুরির অভিযোগে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার এড়েন্দা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রামে এ ঘটনা ঘটে। ওই দুই শিশু নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

স্থানীয় সূত্র জানায়, ওই দিন দুপুরে জহুর শেখের স্ত্রী দোলেনা বেগমের দুটি ছাগল ছুরি করে পালানোর সময় দুই শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। লিখিত অভিযোগ না থাকায় পরদিন ওই দুই শিশুকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পরে বৃহস্পতিবার এক শিশুর বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, মামলা দায়েরের পর তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাবার কোলে শিশুকে গুলি করে হত্যা: বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে বাবার কোলে থাকা শিশু তাসফিয়াকে (৩) গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর ২টা থেকে ৩টার দিকে নিহত শিশু তাসফিয়ার মরদেহ ময়নাতদন্ত শেষে বাড়িতে পৌঁছলে তাঁর স্বজনরা মরদেহ নিয়ে চৌমুহনী- ফেনী সড়কের সোরেগো পুল এলাকায় অবরোধ করে।

এসময় তারা শিশু হত্যা ও সন্ত্রাসী হামলার বিচার দাবি করে প্রায় এক ঘন্টার সড়ক অবরোধে চৌমুহনী- ফেনী সড়কে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।

ওই সময় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনাস্থলে পৌছে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে স্বজন ও এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

অপরদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মৃত নুর নবীর ছেলে এমাম হোসেন স্বপন (৩০), লতিফপুর গ্রামের সাছুদ্দিনের ছেলে জসিম উদ্দিন বাবর (২৩) ও একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে দাউদ হোসেন রবিন (১৭)। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে বুধবার বিকেল চারটার দিকে বেগমগঞ্জ উপজেলার ১৪নং হাজীপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মালেকার বাপের দোকান নামক স্থানে সৌদি প্রবাসী মাওলানা আবু জাহের (৩৭) এর কোলে থাকা তিন বছরের শিশু জান্নাতুল ফেরদৌস তাসফিয়াকে শীর্ষ সন্ত্রাসী রিমনের নেতৃত্বে তাঁর বাহিনীর সদস্যরা গুলি করে হত্যা করে । আবু জাহের উপজেলার হাজীপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের রাসেদ মিয়ার বাড়ির মৃত জানু সরদারের ছেলে।

নিহতের মামাতো ভাই স্থানীয় ব্যবসায়ী আবদুল্যাহ আল মামুন জানান, বাদশা ওই জায়গা থেকে ৬ ফিট মাটি কাটে। এরপর আরও মাটি কাটতে গেলে আমাদের বাড়ির লোকজন তাকে বাধা দেয়। মাটি কাটতে বাধা দেওয়ার খবর পেয়ে সন্ত্রাসী রিমন ও তার সহযোগীদের নিয়ে বাড়িতে এসে গোলাগুলি করে এবং আমার গর্ভবতী ভাগ্নিকে পেটে লাথি দেয়। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ওই নারীকে প্রথমে চিকিৎসা দিতে বলে।

মামুন অভিযোগ করে আরও বলেন, মাটি কাটার বিরোধের জের ধরে বুধবার বিকেল ৪টার দিকে সন্ত্রাসী রিমনের নেতৃত্বে তার বাহিনীর সক্রিয় সদস্য রহিম, মহিন, সুজনসহ ১০-১৫জন অস্ত্রধারী মালকার বাপের দোকানে এলাকায় অবস্থিত আমার দোকানে এসে আমাকে গালিগালাজ করে। ওই সময় আমার মামা জাহের তার শিশু মেয়ে জান্নাতকে নিয়ে দোকানে আসে চিপস আর চকলেট কিনে দেওয়ার জন্য। সন্ত্রাসী রিমন আমার মামাকে আমার দোকানে দেখে গালমন্দ করে বলে ‘তোর শেল্টারে এরা এসব করছে। এ কথা বলার সাথে সাথে আমাদেরকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে এবং জান্নাতকে ইট দিয়ে আঘাত করে। এরপর মামা দোকান থেকে দ্রুত বের হয়ে বাড়ির দিকে যাবার সময় রিমন ও তার বাহিনীর সদস্যরা পেছন থেকে পুনরায় জান্নাতকে এবং মামাকে লক্ষ্য করে গুলি করলে জান্নাত কানে, মাথায় গুলিবিদ্ধ হয় এবং মামা চোখে গুলিবিদ্ধ হন। এরপর স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে জান্নাত মারা যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, জান্নাতুল ফেরদৌস তাসফিয়াকে বৃহষ্পতিবার মাগরিবের নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, সেহরির সময় নিহতের লাশ ঢাকা থেকে নোয়াখালী পৌছায়। বৃহস্পতিবার দুপুরে তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে নিহতের পরিবারের পক্ষ থেকে ১৭ জনকে এজাহারভুক্ত আসামি এবং ১০-১২জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।’

উল্লেখ্য, গত কয়েক দিন আগে হাজীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব হাজীপুর গ্রামের রাশেদ মিয়ার বাড়ির মো. আলম পার্শ্ববর্তী দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মো. বাদশার কাছে জমির মাটি বিক্রি করেন। কয়েক দিন ধরে ওই জমি থেকে মাটি কেটে নেন বাদশা। যে পরিমাণ মাটি কাটার কথা ছিল তার চেয়ে বেশি মাটি কেটে নেয় বাদশা। এ নিয়ে তাকে বাধা দিলে গত সোমবার ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আলমদের ওপর হামলা চালায় বাদশা। এ সময় তাকে বাধা দিতে আসলে আলমের ভাই ফিরোজের অন্তঃসত্বা মেয়ের পেটে লাথি মেরে জখম করে সন্ত্রাসীরা। এরপরও সন্ত্রাসী নিয়ে আলমদের ওপর একাধিকবার হামলা চালায় বাদশা। এসব ঘটনায় স্থানীয়ভাবে বৈঠক বসে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হয়। এ ঘটনার জেরে বুধবার বিকেল ৪টার দিকে ভাড়াটে সন্ত্রাসী রিমন, মহিন, আকবর, নাঈমসহ ১০-১২ জনের একদল সন্ত্রাসী মালেকার বাপের দোকান এলাকায় এসে গুলি ছুড়লে হতাহতের এ ঘটনা ঘটে।

রণবীর-আলিয়ার বিয়ে আজ

 

বিনোদন ডেস্কঃ

বিয়ের সানাই বাজতে চলেছে রণবীর আলিয়ার। গতকাল হলুদ অনুষ্ঠান হয়ে গেছে। আজ বিয়ের আনুষ্ঠানিকতা।

এতোদিন বিয়ে নিয়ে দুই পরিবার মুখে কুলুপ এটে বসে থাকলেও বুধবার রাতে রণবীরের মা নীতু কাপুরই মিডিয়াকে জানিয়ে দেন, ১৪ এপ্রিল বিয়ে করছেন এই জুটি।

যদিও বুধবার সকালেই ‘ব্রহ্মাস্ত্র’-র একটি ভিডিও শেয়ার করে দু’জনকে শুভেচ্ছা জানিয়েছিলেন আয়ান মুখার্জী ও করণ জোহর।

আয়ান মুখোপাধ্যায় বেশ অভিনব স্টাইলে এই তারকা যুগলকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কেশরিয়া গানের টিজার প্রকাশ্যে আনা হয়েছে মেহেন্দি আর সংগীতের দিন।

নতুন জীবনে প্রবেশ করার জন্য রণবীরকে শুভেচ্ছা জানিয়েছিলেন তার সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোন।

তিনি তাদের সুখী জীবন কামনা করেছেন।

এদিকে ভিডিও পোস্ট করে আয়ান লেখেছেন, ‘এটা রণবীর ও আলিয়ার জন্য, তাদের আগামী পথচলার জন্য, যা শুরুর অপেক্ষা। রণবীর ও আলিয়া আমার কাছে পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ, আমার আনন্দের আশ্রয়, আমার নিরাপদ আশ্রয়, যারা আমার জীবনে সবকিছুকে জুড়ে রয়েছেন আর এই ছবির জন্য নিজেদের সর্বস্ব দিয়েছেন।’

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘বচনা এ হাসিনো’ ছবিতে কাজ করার সময় থেকে দীপিকা আর রণবীর কাপুর একে-অপরকে ডেট করা শুরু করেন। এই সম্পর্কের সময় দু’জন প্রকাশ্যে ডেট করেছেন। রণবীরের ট্যাটু পর্যন্ত নিজের ঘাড়ে করিয়ে নিয়েছিলেন দীপিকা।

জানা যায়, এরপরই নাকি ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রণবীর। এ কারণে দীপিকা পথ ধরেন রণবীর সিংয়ের।

কালবৈশাখী ঝড়ে প্রাণ গেল ৮ জনের

 

ডেস্ক রিপোর্টঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর, শাল্লা ও হবিগঞ্জের বানিয়াচংয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর ও শাল্লা থানার ওসি এবং হবিগঞ্জের বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সলেমানপুর গ্রামে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শশাঙ্ক পাল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৩ এপ্রিল) রাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, মাহিমা আক্তার (৩৫) তার মেয়ে মৌসুমি বেগম (৪) এবং ছেলে মো. হোসেন (১)। এ সময় মহিমা আক্তারের স্বামী মোহাম্মদ হোসেন (৪০) আহত হন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শশাঙ্ক পাল বলেন, বুধবার (১৩ এপ্রিল) রাতে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ঘরে পড়ে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা দুই শিশুসহ তাদের মা চাপা পড়ে মারা যান। এ ছাড়া তাদের বাবাও আহত হয়েছেন।

হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে পৃথক স্থানে দুই শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলায় বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের শামসুল মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৬), একই উপজেলার কাতারী মহল্লার আক্কল আলীর ছেলে শিক্ষার্থী হুসাইন মিয়া (১২) ও জাতুকর্নপাড়া মহল্লার আব্দুর রহমানের মেয়ে জুমা বেগম (১৩)।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার সকালে বানিয়াচংয়ের বিভিন্ন স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে মারা গেছেন বাবা ও ছেলে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার নাসিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, কৃষক মুকুল খা ও তার ছেলে মাসুদ খা।

শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নাসিরপুর গ্রামে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাত হয়। এ সময় খেতে কাজ করছিলেন কৃষক মুকুল খা ও তার ছেলে মাসুদ খা। বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, খেতে থাকা মুকুলের আরেক ছেলে ও তার শ্যালকের ছেলে আহত হয়েছেন। তাদের হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে এ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: শেফাউল আলম, কৃষি কর্মকর্তা মো: নাসির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো: নাসির উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্তী, আনসার বিডিপি কর্মকর্তা নাজমা আকতার, ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর আবু বক্কর সিদ্দিক, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার শাহাদাত হোসেন, চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রেমের আশায় ঠেলা দিয়ে মেহজাবীনের গাড়ি চালানোর চেষ্টা অপূর্বের

 

বিনোদন ডেস্কঃ

প্রেমের আশায় মেহজাবীনের গাড়ি ঠেলা দিয়ে গাড়িটি চালানোর চেষ্টা করছেন অপূর্ব। তবে বাস্তবে নয়, এমন দৃশ্য দেখা যাবে ‘উড়ো প্রেম’ নাটকে।

সিএমভি’র ব্যানারে ‘উড়ো প্রেম’ নামে ঈদের বিশেষ নাটকটি চিত্রনাট্য করেছেন সোহাইল রহমান ও খন্দকার মেহেদী হাসান।

নাটকটির গল্পে দেখা যাবে, আদিল খান সিনেমায় দেখেছেন ধাক্কা খেয়ে নায়ক নায়িকার প্রেম হয়! সিনেমার সেই অসাধারণ ঘটনাটি নিজের জীবনেও ঘটুক, এটাই তার একমাত্র চাওয়া।

এমন অদ্ভুত চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। তার বিপরীতে রয়েছেন মেহজাবীন চৌধুরী। নাটকে প্রেমের আশায় মেহজাবীনের গাড়ি ধাক্কাতেও দেখা যাবে অপূর্বকে!

নির্মাতা মহিম জানান, হালকা কমেডি ও মিষ্টি প্রেমের গল্প এটি। যাতে শেষ পর্যন্ত কি আদিল খানের জীবনে ধাক্কা খেয়ে উড়ো প্রেম আসবে? আর তা দেখার জন্য অপেক্ষা করতে হবে নাটকের শেষ পর্যন্ত।