All posts by jitu

মুরাদনগরে ট্রাক্টর খাদে পড়ে চালকসহ ৩ জন নিহত

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগরে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ তিন জন নিহত ও একজন আহত হয়েছেন।

শনিবার (০৯ এপ্রিল) ভোর পৌনে ৬টায় উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া-দড়িপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের বল্লভবাড়িয়া এলাকার শাহ আলমের ছেলে ট্রাক্টর চালক বাবলু মিয়া (২২), একই এলাকার বাবুল মিয়ার ছেলে টুটুল(২২) ও শহিদুল ইসলামের ছেলে হাসান মিয়া (২৩)। রিপোর্ট লেখা পর্যন্ত আহত শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি হতাহতরা সবাই উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা এলাকার আশামনি ইটভাটায় মালামাল পরিবহনের কাজ করতো।

জানা যায়, শনিবার ভোরে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা এলাকার আশামনি ইটভাটায় যাওয়ার সময় মোচাগড়া এলাকায় এসে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় ট্রাক্টরের চালক বাবলু ও দুই শ্রমিক টুটুল এবং হাসান ঘটনাস্থলেই মারা যায়। আরো একজন শ্রমিক আহত হয়।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম তিনি বলেন, ভোরে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন মারা যায়। লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাতীয় পরিষদে ষড়যন্ত্রের চিঠি প্রকাশ করবে পাকিস্তান সরকার

 

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, শনিবার জাতীয় পরিষদে, সরকারকে উৎখাত করতে বিদেশী ষড়যন্ত্রের প্রমাণের যে চিঠি তাদের কাছে আছে সেটি প্রকাশ করা হবে।

শুক্রবার প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে ফেডারেল কেবিনেট বৈঠক শেষে এমন তথ্য জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী।

তাছাড়া বিষয়টি তদন্ত করতে সরকার একটি কমিটিও গঠন করেছে বলে জানিয়েছেন ফাওয়াদ চৌধুরী।

এ ব্যাপারে পাক তথ্যমন্ত্রী বলেন, সরকার জাতীয় পরিষদের সকল সদস্যের কাছে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ‘বিদেশি ষড়যন্ত্রের’ প্রমাণ ও সাক্ষী উপস্থাপন করবে।

পাকিস্তানের তথ্যমন্ত্রীর কথা, এরপরও যদি বিরোধী দলের সদস্যরা অনাস্থা ভোট আয়োজন করতে চায়, তখন পাকিস্তানের জনগণ ঠিক করবে কে কোথায় দাঁড়িয়ে আছে।

এদিকে ২ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক সাক্ষাৎকারে বিদেশি কোনো একটি দেশের পাঠানো একটি চিঠির কথা উল্লেখ করে বলেছিলেন যে তিনি ক্ষমতায় থাকা পর্যন্ত ওই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চায় না।

তার বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র চলছে এবং এর পরিপ্রেক্ষিতেই জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব এসেছে বলে দাবি ইমরানের।

বিষয়টি উল্লেখ করে তথ্যমন্ত্রী ফাওয়াদ বলেন, তদন্ত কমিশনের দায়িত্ব হবে বিদেশি চিঠির অস্তিত্ব প্রকাশ করা।

ওই চিঠিতে পাকিস্তানের শাসনক্ষমতার বিষয়ে হুমকি আছে কি না, কমিশন তাও তদন্ত করবে বলে জানান ফাওয়াদ।

তিনি আরও বলেন, ওই চিঠির সঙ্গে স্থানীয় কারা সংশ্লিষ্ট এবং কোথা থেকে এই ষড়যন্ত্রের শুরু কমিশন তা তদন্ত করবে।

পাক তথ্যমন্ত্রী দাবি করেন, তাদের কাছে থাকা গোয়েন্দা তথ্য অনুযায়ী, পার্লামেন্টের আটজন সদস্য সরাসরি এ ষড়যন্ত্রে জড়িত আছেন।

তাছাড়া সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, সেই রায়টি পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন ফাওয়াদ চৌধুরী।

তিনি জানিয়েছেন, বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আপিল করা হবে।

তাছাড়া তিনি জানিয়েছেন, শুক্রবার রাতে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন ইমরান খান

সূত্র: দ্য ডন অনলাইন

চাঁদপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

বিশেষ প্রতিনিধিঃ

বর্ণাঢ্য আয়োজনে ও আনন্দগণ পরিবেশে ঐতিহ্যবাহী সংগঠন চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক, দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৮ এপ্রিল শুক্রবার বিকালে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে তাদের নিজস্ব ভবনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের মিলন মেলা লক্ষ্যকরা যায়। আনন্দগন পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি এমপি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণমানুষের অধিকার রক্ষায় আমরা নিরপেক্ষ নই, আমরা পক্ষপাতিত্ব করবোই। নারী বিদ্বেশী সরকারকে কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়া যাবেনা। তাই বারবার শেখ হাসিনার সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। আমরা চাঁদপুরের সাংবাদিকদের ন্যায় ও নীতির পক্ষে সব সময় পাশে ছিলাম ও থাকবো। মন্ত্রী বলেন, অতিসম্প্রতি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় মোঃ জাকির হোসেন খান নামের একজন সাংবাদিক অর্থসংকটে সুচিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন, যা আমাকে ব্যথিত করেছে। সময়মত আমি জানতে পারলে কিছু করার চেষ্টা করতাম। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাংবাদিকদের কল্যাণে অনেক কাজ করেছে। তিনি মরহুম সাংবাদিক জাকিরের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বলেন, সকলকে নিজ জায়গা থেকে স্ব-স্ব দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তাহলে, চাঁদপুরের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমি যেকোন প্রয়োজনে চাঁদপুরের সাংবাদিকদের পাশে থাকবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, চাঁদপুরের সাংবাদিকদের ঐক্য দেখে আমি মুগ্ধ। যেকোন প্রয়োজনে আমি তাদের পাশে থাকবো।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদাউস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর নারী মুক্তিযোদ্ধা ডাঃ বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর পৌরসভার তরুন মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু,সদর উপজেলার চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান,দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকার প্রকাশক ইকবাল বিন বাশার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী সাহাদাত, জালাল চৌধুরী, বিএম হান্নান, শরিফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, জিএম শাহীন সহ প্রমুখ।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের কল্যাণ তহবিলে শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু ও পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রত্যেকে এক লক্ষ টাকা করে মোট তিন লক্ষ টাকা অনুদান হিসাবে প্রদানের তাৎক্ষণিক ঘোষণা দেন।

অনুষ্ঠান শেষে চাঁদপুর প্রেসক্লাবের নব গঠিত কমিটির সদস্যদেরকে প্রধান অতিথি ক্রেস্ট দিয়ে অভিষিক্ত করেন।

তিতাসে যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টার:

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের  দেশব্যাপী কর্মসূচী মোতাবেক কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু  রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন।

শুক্রবার তিতাস উপজেলায় শত শত রোজাদারের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।

বাংলাদেশ প্রেসক্লাব কাতারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ইউসুফ পাটোয়ারী লিংকন :
কাতারে বাংলাদেশ প্রেসক্লাব এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাজধানী দোহার নাজমায় একটি স্থানীয় রেষ্টুরেন্ট হল রুমে অসংখ্য প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দোয়া ও ইফতার সম্পন্ন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ শামীমের উপস্থাপনায় এবং সংগঠনের সভাপতি ইউসুফ পাটোয়ারী লিংকনের সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে মাহে রমজানের তাৎপর্য ও দ্বীনি বিষয়ে আলোচনা করেন কাতার ধর্মমন্ত্রনালয়ের পেশ ইমাম এবং আল নূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক হযরত মাওঃ ইউসুফ নূর।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কাতার এর বিপ্লবী সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার আবু রায়হান, বঙ্গবন্ধু পরিষদ কাতার এর সভাপতি হাজী হাসান মাবুদ, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কাতারের সভাপতি মোঃ আবুল কাশেম সরকার। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ি অধ্যাপক বাবু তপন মহাজন, শাহ আলম খান, মাহবুব আলম, আবু সালেহ মিঠু, এম এম নূর, বাবু হারাধন শীল, মশিউর রহমান মিঠু, মোজাম্মেল হোসেন সোহাগ, এসকে শফিক, আশরাফুল ইসলাম, মোঃ নাছির উদ্দীন চৌধুরী, মোঃ ফখরুল, এম এ মান্নান, মোঃ মানিক চৌধুরী, মোঃ রহিম পারভেজ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ সজীব, দপ্তর সম্পাদক খন্দকার সাদ্দাম হোসেন, প্রচার প্রকাশনা সম্পাদক বিপুজিজ মজুমদার বিসুসহ অনেকে।
শেষে প্রবাসে থাকা সকল বাংলাদেশিসহ মুসলিম উম্মাহের প্রতি রহমত, বরকত ও মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

কুমিল্লায় ওজ‌নে কারচুপিসহ নানা অ‌ভি‌যো‌গে ৫ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

স্টাফ রিপোর্টার:
রমজা‌নের ৬ষ্ঠ দি‌নে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার টমছম ব্রিজ বাজার ও ঝাউতলা এলাকায় বি‌শেষ তদার‌কি কার্যক্রম প‌রিচালনা করা হয়ে‌ছে।

শুক্রবার সকাল ১০টা থে‌কে সা‌ড়ে ১২টা পর্যন্ত এ তদার‌কি কার্যক্রম প‌রিচা‌লনা করা হয়।

এ সময় বৈদ‌্যু‌তিক ফ‌্যানের নী‌চে ওজন প‌রিমাপক যন্ত্র রে‌খে ভোক্তা‌কে ওজ‌নে কম দেওয়ায় বাবু‌লের ম‌ুরগীর দোকান‌কে ২ হাজার টাকা, মূল‌্য তা‌লিকা না রাখায় ইয়া‌ছি‌নের মুরগীর দোকান‌কে ১ হাজার টাকা, ওজ‌নে কম দেওয়ায় আ‌নি‌ছের সব‌জির দোকান‌কে ১ হাজার টাকা, অন‌্যায‌্য মূ‌ল্যে তরমুজ বি‌ক্রি করায় জা‌কি‌রের তরমু‌জের দোকান‌কে ১ হাজার টাকা এবং বাসী খাবার কাঁচা খাবা‌রের সা‌থে একই ফ্রিজে সংরক্ষণ করায় হাফসা রে‌স্তোরাঁ‌ এন্ড সি ফুড‌কে ৫ হাজার টাকাসহ আজ মোট ৫ প্রতিষ্ঠান‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। আজ‌কের অ‌ভিযা‌নে ব‌্যবসায়ী‌দের পাকা ক্রয় র‌সিদ সংরক্ষণ, দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন কর‌তে নি‌র্দেশনা দেওয়‌া হয়। রমজা‌নে যা‌তে অযা‌চিতভা‌বে পণ্যের দাম বা‌ড়ি‌য়ে বি‌ক্রি করা না হয় সে ব‌্যাপা‌রে উ‌ল্লি‌খিত এলাকার ব‌্যবসায়ী‌দের‌কে পরামর্শ দেওয়া হয়।

কু‌মিল্লা জেলা প্রশাস‌নের সা‌র্বিক দিক নি‌র্দেশনায় জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম এ তদার‌কি কার্যক্রম প‌রিচালনা ক‌রেন এবং স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

গুচ্ছতেই থাকছে কুবি, আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়ার আশঙ্কা

 

কুবি  প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসির) সিদ্ধান্ত অনুযায়ী স্নাতক প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। যার ফলে আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়ার আশঙ্কা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ইউজিসির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।

তিনি বলেন, সরকারী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধু আমরা নয় আরও অনেক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে ইচ্ছুক। অবশ্যই আমরা চ্যালেঞ্জগুলো জানিয়েছি। ভর্তি কার্যক্রমের দীর্ঘসময়, শিক্ষার্থী সংকট ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা মাত্র একবার অনুষ্ঠিত হয়েছে। কিছু সমস্যা তো ছিলই। অবশ্যই এক বছরে কোন বিষয়ের ফল পাওয়া যায়না। এ পদ্ধতিতে যে সমস্যাগুলো ছিল সেগুলা সমাধানে চেষ্টা করবে টেকনিক্যাল কমিটি। কেন্দ্রীয়ভাবে সবকিছুর আয়োজনের কথা বলা হয়েছে। নতুন করে আরও ২টি বিশ্ববিদ্যালয় গুচ্ছতে যুক্ত হয়েছে।

এদিকে গত ৩১ মার্চ সময় ও আর্থিক হয়রানি, আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, শিক্ষার্থী সংকটসহ নানা অব্যবস্থাপনার কথা চিন্তা করে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা না নেওয়ার পক্ষে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, গুচ্ছ পদ্ধতির নানা অব্যবস্থাপনার কথা চিন্তা করে শিক্ষক সমিতি গুচ্ছতে পরীক্ষা না নেওয়ার পক্ষে। আমরা অধিকাংশ শিক্ষকদের মতামতের ভিত্তিতে গুচ্ছ পদ্ধতিতে না যেতে উপাচার্য মহোদয়কে লিখিত দিয়েছি। এখন যেহেতু গুচ্ছ পদ্ধতিতে যাবার সিদ্ধান্ত নিয়েছে কুবি। সেক্ষেত্রে পরবর্তীতে সকল শিক্ষকদের সাথে বসে সিদ্ধান্ত নিতে পারব।

গুচ্ছ পদ্ধতিতে অংশ নেওয়ার ঘোষণার পরপরেই বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় শিক্ষার্থীদের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরণের মক্তব্য করেন তারা।

আইন বিভাগের শিক্ষার্থী রাকিব মাহামুদ লিখেছেন, এবার শিক্ষার্থীদের হয়রানি আর বিশ্ববিদ্যালয় থেকে আঞ্চলিক বিদ্যালয়ে পরিণত হওয়াটা কী উনারা দেখেন নি? চোখ কান বন্ধ করে এভাবেই চেয়ারে বসে দায়িত্ব পালন করতে..।

আবু হুরাইরা নামের এক শিক্ষার্থী বলেন, আঞ্চলিক বিশ্ববিদ্যালয় হতে বেশী দূর নেই। আমাদের ব্যাচের ৬৫%+ কুমিল্লার বাহিরের শিক্ষার্থী, দেশের আনাচে কানাচে থেকে এসেছে। এদিকে ডিপার্টমেন্টের ১৫ তম ব্যাচের বেশীর ভাগ শিক্ষার্থীই কুমিল্লা আর এর আশেপাশের এলাকা থেকে, গুটি কয়েক ঢাকা আর চিটাগাং থেকে!

উল্লেখ্য, গতবছর প্রথমবারের মত গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে অন্তর্ভূত হয়েছে।

ডেপুটি স্পিকারের রুলিং খারিজ, ইমরানের ধাক্কা

ডেস্ক রিপোর্ট:

ডেপুটি স্পিকারের রুলিং খারিজ। পাকিস্তান সুপ্রিম কোর্টের রায়, শনিবার অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে হবে ইমরান খানকে।

ঐতিহাসিক রায় দিলো পাকিস্তান সুপ্রিম কোর্ট। ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার খারিজ করে দিয়েছিলেন বিদেশি চক্রান্তের প্রসঙ্গ তুলে। কিন্তু সুপ্রিম কোর্টের রায়, ডেপুটি স্পিকারের রুলিং অসাংবিধানিক। ইমরানের সুপারিশ মেনে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট আরিফ আলভি।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, সেই নির্দেশও অসাংবিধানিক। তারা ন্যাশনাল অ্যাসেম্বলিকে পুনরুজ্জীবীত করেছে। সংক্ষিপ্ত রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, শনিবার সকাল সাড়ে দশটার মধ্যে ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন ডাকতে হবে। অনাস্থা ভোটপর্ব নিয়ে বেশি দেরি করা চলবে না। আর অনাস্থা ভোটের ফলাফল ঘোষণা না করে অধিবেশন শেষ করা যাবে না।

ইমরানের রাজনৈতিক ধাক্কা:

সুপ্রিম কোর্টের এই রায়কে রাজনৈতিক ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ক্রিকেটার থাকার সময় অনেক হারা ম্যাচ জিতিয়েছেন ইমরান। কিন্তু রাজনীতির ময়দানে যেভাবে তিনি বিরোধীদের আনা অনাস্থার মোকাবিলা করতে চাইছিলেন, তা সুপ্রিম কোর্টের রায়ের ফলে বানচাল হয়ে গেল। প্রবীণ সাংবাদিক আশিস গুপ্ত ডিডাব্লিউকে বলেছেন, এটা ইমরানের রাজনৈতিক জীবনে বড় ধাক্কা হয়ে থাকবে।

ইমরান শুক্রবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন। ইমরান আবার জানিয়েছেন, তিনি শেষ বল পর্যন্ত লড়বেন।

ইমরান খান: জানা-অজানা কিছু তথ্য
পুরো নাম

ইমরান খান নামেই সবার কাছে পরিচিত তিনি৷ কিন্তু তাঁর পুরো নাম কি জানেন? আহমেদ খান নিয়াজী ইমরান হচ্ছে তাঁর পারিবারিক নাম৷

সুপ্রিম কোর্টের রায়

সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে মতৈক্যের ভিত্তিতে। পাঁচ বিচারপতির বেঞ্চে রায় নিয়ে কোনো মতবিরোধ ছিল না। সংক্ষিপ্ত রায়ে বিচারপতিরা বলেছেন, ডেপুটি স্পিকারের রুলিং সংবিধান ও আইনসম্মত নয়। এর কোনো আইনি বৈধতা নেই। রায়ে বলা হয়েছে, ওই অবস্থায় ইমরান খান সংবিধান অনুসারে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেয়ার সুপারিশ করতেই পারেন না। তার সুপারিশের ভিত্তিতে প্রেসিডেন্টের সিদ্ধান্তও তাই অসাংবিধানিক। এর ফলে প্রধানমন্ত্রী, সব কেন্দ্রীয় মন্ত্রী, পরামর্শদাতারা তাদের পদ ফিরে পাবেন বলে রায়ে বলা হয়েছে।

সেই সঙ্গে বিচারপতিরা এটাও স্পষ্ট করে দিয়েছেন, এই রায়ের সঙ্গে দলত্যাগবিরোধী আইনের কোনো সংযোগ নেই। দলত্যাগ বিরোধী আইন তার মতো করে লাগু হবে।

বিরোধীদের দাবি

বিরোধীরা দাবি করছেন, তাদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠতা আছে। ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধী নেতা শাহবাজ শরিফ সাংবাদিকদের বলেছেন, আদালত মানুষের প্রত্যাশা পূর্ণ করতে পেরেছে। পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টোর মতে, সুপ্রিম কোর্টের রায়ে গণতন্ত্র ও সংবিধান জয়ী হলো।

বালিওয়াল বলেছেন, অনাস্থা প্রস্তাব নিয়ে এবার ভোটাভুটি হবে। তারপর বিরোধীরা ক্ষমতায় আসবে। নির্বাচনী সংস্কার হবে। এরপর স্বচ্ছতার সঙ্গে ভোটে যাওয়া হবে।

 

সদর দক্ষিণে ‘বন্দুকযুদ্ধে’ র‌্যাব সদস্যসহ গুলিবিদ্ধ ৪

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১ র‌্যাব সদস্যসহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের নালবাগ এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাব বলছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় মাদক চোরাকারবারিদের আটক করতে অভিযান চালায়। এ সময় র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়া হলে র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে ১ র‌্যাব সদস্যসহ ৪ জন গুলিবিদ্ধ হন।

র‌্যাব-১১ সিপিসি ২ কুমিল্লার কোম্পানির অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, আহত র‌্যাব সদস্যের নাম করপোরাল রুবেল হোসেন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন সাহিদুর, মসিউর, শিহাব। তাদের বাড়ি নীলফামারী জেলায়।

তিনি আরও জানান, আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত র‌্যাব সদস্যের অবস্থা গুরুতর হওয়ার তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় ২ মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বিনিদ্র কলমে জলজোৎস্না

 

হাসান কল্লোল:
একদিন আপনাকে নিয়ে কবিতা লিখবো,
যেদিন আমার কলম খুব স্বাধীন হবে!
আনন্দ বাগানে ফুটবে হাস্নাহেনার মত
চাঁদের কোমল পাপড়ি!

আমার বেঁচে থাকার জন্য
কারো কাছে করুন