All posts by jitu

কুবিতে দাবি না মানায় উপাচার্যের গাড়ি আটকিয়ে ছাত্রলীগের বাকবিতণ্ডা

 

কুবি প্রতিনিধি:

ছাত্রলীগের দাবি না মানায় উপাচার্যের গাড়ি আটকিয়ে বাকবিতন্ডায় জড়িয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ বাকবিতণ্ডা শুরু হয়। তবে ছাত্রলীগের সকল দাবিকে ‘অন্যায় দাবি’ বলে আখ্যা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড এ. এফ. এম. আবদুল মঈন।

উপাচার্য বলেন, ছাত্রলীগ কিছু অন্যায় দাবি নিয়ে এসেছিল। আমি এসব দাবি মানতে পারবো না বলায় তারা আমার গাড়ি আটকে রাখে।

ঘটনার সূত্রপাত দুপুর সাড়ে ১২ টার দিকে। এসময় উপাচার্যের কার্যালয়ে ছাত্রী হলের কাজ সম্পন্ন, রমজানের মধ্যেই শিক্ষার্থীদেরকে সেখানে উঠানো, নওয়াব ফয়জুন্নেছা হলে পানির সমস্যাসহ অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের দাবিসহ নানা দাবি নিয়ে উপাচার্যের কার্যালয়ে যান বলে দাবি করেন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে সেখানে উপস্থিত একজন শিক্ষক জানান, ছাত্রলীগের নেতা-কর্মীরা নিয়োগ-টেন্ডারসহ নানা দাবি নিয়ে সেখানে যান। উপাচার্য তাদের দাবি না মানায় একপর্যায়ে বাকবিতন্ডার জড়িয়ে পড়েন তারা।

পরে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের গাড়ি আটকিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এরপরই উপাচার্যকে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন তারা। উপাচার্য সাবেক প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে জামাত-শিবির মন্তব্য করেছেন বলেও অভিযোগ করেন ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ।

প্রায় ১০ মিনিট গাড়ি আটকে রাখার পর উপস্থিত শিক্ষকদের হস্তক্ষেপে পরে গাড়ি ছেড়ে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

উপাচার্যের কাছে ছাত্রলীগ কী দাবি করেছে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, মেয়েদের নতুন হলের (নির্মাণাধীন শেখ হাসিনা হল) কাজ শেষ করে রমজানের মধ্যেই শিক্ষার্থীদেরকে সেখানে উঠানো, নওয়াব ফয়জুন্নেছা হলে পানির সমস্যাসহ অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের দাবি নিয়ে গিয়েছিলাম আমরা। তবে উপাচার্য আমাদের দাবি শুনে রাগারাগি করে বেরিয়ে গেলে বিভিন্ন হল সভাপতি-সেক্রেটারির সাথে কথা কাটাকাটি হয়।

তবে উপাচার্য বলেন ভিন্ন কথা। তিনি বলেন, মেয়েদের হলের সমস্যা হলে কোনো মেয়ে শিক্ষার্থী কেন সেখানে উপস্থিত ছিল না। তারা মূলত কিছু অন্যায় দাবি নিয়ে এসেছে।

অন্যায় দাবিগুলো কী ছিল জানতে চাইলে তিনি বলেন, এগুলো সবাই জানে। আমার বলার দরকার নেই। তাদের দাবি ন্যায় হলে তারা লিখিত দেয়নি কেন।

তবে শাখা ছাত্রলীগের সভাপতি বলেন, আমরা কোনো অন্যায় দাবি নিয়ে যাইনি। আমরা রোববারই সকল দাবি লিখিতভাবে দিবো।

কুমিল্লায় “মুজিব বর্ষ ১ম এ প্লাস গ্রুপ স্বাধীনতা দিবস কাপ গল্ফ টূর্ণামেন্ট” অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সেনানিবাসের ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে “মুজিব বর্ষ ১ম এ প্লাস গ্রুপ স্বাধীনতা দিবস কাপ গল্ফ টূর্ণামেন্ট -২০২২” অনুষ্ঠিত হয়েছে।

এ টুর্ণামেন্টে দেশের বিভিন্ন গল্ফ ক্লাব থেকে প্রায় শতাধিক গল্ফার অংশ নেন।

শুক্রবার (১ এপ্রিল) সকালে ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাব মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, এনডিসি, পিএসসি। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গল্ফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ প্লাস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম তমিজ উদ্দিন ভূইয়া।

কুমিল্লার বেলতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

 

স্টাফ রিপোর্টার:

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অজ্ঞাত গাড়ি চাপায় স্বামী স্ত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল ৫টায় সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাছির উদ্দিন (৫০) ও তার স্ত্রী শরিফা আক্তার (৪২)। তারা দাউদকান্দি উপজেলার কুশিয়ারা এলাকার বাসিন্দা ।

বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর  জানান, নিহত স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে দাউদকান্দি যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে তারা নিহত হন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অজ্ঞাত গাড়িটির সন্ধান চলছে।

লালমাই পাহাড়ে কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লালমাই পাহাড়ের সু-উচ্চ চূড়ায় ৫৭০ ফুট উপরে অবস্থিত আদিনা দরবার শরীফ হেফজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন আদিনামুড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আল্লামা হযরত মাওলানা আফজাল হোসেন নূরী।

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্রাহ্মনপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শশীদল আলহাজ্ব আবু তাহের কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এমএ জাহের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সোনার বাংলা কলেজের প্রিন্সিপাল সেলিম রেজা সৌরভ, অর্থ মন্ত্রীর একান্ত সহকারী রাজনীতিবিদ কেএম সিংহ।
অনুষ্ঠানে আদিনামুড়া মাঝার ও মসজিদ কমিটির সভাপতি কাওসার চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আদিনামুড়া হাফেজিয়া মাদ্রাসা – এতিমখানা ও মেহমানখানা কমপ্লেক্স এর সভাপতি আরটিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, সদর দক্ষিণ উপজেলার জোরকানন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা মোরশেদ চৌধুরী, ইকরা ক্যাডেট মাদ্রাসার পরিচালক মাওলানা সরাফত আলী, কুমিল্লা রিপোর্টার ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস, দরবারে বারীয়া শরীফের কুমিল্লা জেলা সভাপতি- বাদল খান, ব্রাহ্মনপাড়া উপজেলার দীর্ঘভূমি আল-আমীন বারীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা- মাওলানা জালাল হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক এর কুমিল্লা প্রতিনিধি – লুৎফর রহমান, বুড়িচং উপজেলার খাড়াতাইয়া বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা- আবদুর রশিদ ঠিকাদার, বাংলা টিভির কুমিল্লা প্রতিনিধি- মো. আরিফুর রহমান মজুমদার , যায়যায় দিন এর স্টাফ রিপোর্টার- আবদুল জলিল ভূইয়া, আজকের পত্রিকা ও এশিয়ান টিভির কুমিল্লা প্রতিনিধি- আকাইদ হোসেন, আরটিভির ক্যামেরাপার্সন সালাউদ্দিন সুমন, প্রধান শিক্ষক আলী আশরাফ ও আদিনা দরবার শরীফ এর খাদেম খন্দকার শিপন মিয়া।

চাঁদপুর সদর হাসপাতালের পলেস্টার খসে মা ও নবজাতক আহত

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি (সদর) জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ছাদের প‌লেস্টার খসে মা ও নবজাতক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় হাসপাতালের তৃতীয় তলায় শিশুদের কেএমসি কর্নারে এ দুর্ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে মা ও নবজাতক।

আহত মা তাসকিয়া (২৭) চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফারাক্কাবাদ গ্রামের রায়েস সরদারের স্ত্রী। হাসপাতালের শিশু ওয়ার্ড সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ প্রসব ব্যাথা নিয়ে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি হন তাসকিয়া। নবজাতক জন্ম নেওয়ার পর তাদেরকে শিশু ওয়ার্ডের কেএমসি কর্ণারে আলাদা ভাবে রাখা হয়।

আহত তাসকিয়া বলেন, আমি আমার নবজাতক মেয়েকে নিয়ে শুয়ে ছিলাম। হঠাৎ আমার মাথায় ছাদের কিছু অংশ ধসে পড়ে। এতে আমার মাথার একপাশ থেথলে যায় এবং আমার মেয়ে আহত হয়। পরে নার্সরা এসে আমাদের উদ্ধার করে।

হাসপাতালের কর্তব্যরত নার্স মিথুন বলেন, আমরা অন্যপাশে ডিউটিতে ছিলাম। শিশু ওয়ার্ডের কেএমসি কর্নারে রোগীদের চিৎকারে শুনে সেখানে যাই। ছাদ ধসে বড় ধরনের কিছু ঘটেনি। ত‌বে মা ও নবজাতক শঙ্কামুক্ত রয়েছে। কেন এমন হয়েছে সেটা কর্তৃপক্ষ বলতে পারবে।

বাংলাদেশে ডিজিটাল পাওয়ার সল্যুশন ও উন্নত ক্লাউড সেবা দিতে চায় হুয়াওয়ে

ডেস্ক রিপোর্ট:

হুয়াওয়ে সম্প্রতি ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনে গত বছরে প্রতিষ্ঠানটির দৃঢ়ভাবে কার্যক্রম পরিচালনার বিষয়টি উঠে এসেছে এবং সামনে কীভাবে হুয়াওয়ে আইসিটি খাতকে সামগ্রিক কল্যাণে কাজে লাগাতে এগিয়ে আসবে সে বিষয়েও আলোকপাত করা হয়েছে।

বার্ষিক প্রতিবেদন উন্মোচন উপলক্ষে ঢাকায় সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মূল বক্তব্য তুলে ধরেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুনফ্যাং, বাংলাদেশ বোর্ড অব ডিরেক্টর জেসন লিজংশেং, চিফ টেকনিক্যাল অফিসার কেভিন স্যু, পাবলিক এফেয়ারস এন্ড কমিউনিকেশন্স ডিরেক্টর ইউয়িং কার্ল এবং আরও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে হুয়াওয়ের আয় হয়েছে ৮.৬৫ ট্রিলিয়ন টাকা (প্রায় ১০০ বিলিয়ন ডলার) যেখানে নিট মুনাফা ১.৫৪ ট্রিলিয়ন টাকা (১৭.৮৫ বিলিয়ন ডলার)। এই অর্জন বিগত বছরের তুলনায় ৭৫.৯ শতাংশ বেশি। ২০২১ সালে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বাবদ প্রতিষ্ঠানটির খরচ হয়েছে প্রায় ২ ট্রিলিয়ন টাকা (২২.৪০ বিলিয়ন ডলার), যা প্রতিষ্ঠানটির মোট রাজস্বের ২২.৪ শতাংশ। পাশাপাশি, বিগত ১০ বছরেরও বেশি সময়ে প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বাবদ খরচ হয়েছে ১১.৪৮ ট্রিলিয়ন টাকা (১৩২.৬৬ বিলিয়ন ডলার) -এরও বেশি।

সামনে ডিজিটাল পাওয়ার ও ক্লাউডে হুয়াওয়ে নিবিড়ভাবে কাজ করে যেতে চায়। এজন্য সামনের দিনগুলোতেও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খাতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে তাদের বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে।

সাংবাদিকদের সাথে এই আলোচনায় প্যান জুনফ্যাং ডিজিটাল বাংলাদেশের স্বপ্নযাত্রায় হুয়াওয়ের বিভিন্ন অংশগ্রহণের কথা তুলে ধরেন। তিনি বলেন, “গত ২৩ বছর থেকে হুয়াওয়ে বাংলাদেশে বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে। এই সময়ে বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অনেক এগিয়েছে এবং এই উত্তরণের একজন সক্রিয় আমরা খুবই আনন্দিত। বাংলাদেশের সামনে যে অমিত সম্ভাবনা সেক্ষেত্রে ইনোভেশন, লোকালাইজেশন ও কলাবোরশনের মাধ্যমে কাজ করে যেতে চাই আমরা।”

এর মধ্যেই হুয়াওয়ের ক্লাউড সার্ভিস বিশ্বব্যাপী সারাবিশ্বে পঞ্চম এবং চীনে তৃতীয় অবস্থান অর্জন করেছে। পাশাপাশি ডিজিটাল পাওয়ার সেক্টরে কাজ করে যাচ্ছে হুয়াওয়ে। বাংলাদেশের ময়মনসিংহ সোলার প্লান্টে হুয়াওয়ের স্মার্ট ফটোভোলটিক সল্যুশন ব্যবহার করা হয়েছে। এই বছর বাংলাদেশে এই খাতগুলোর আরও বেশি সহযোগী হয়ে উঠতে চায় হুয়াওয়ে।

অন্যদিকে বাংলাদেশের আইসিটি ট্যালেন্ট তৈরিতে বেশ অনেকগুলো বছর থেকে কাজ করে যাচ্ছে হুয়াওয়ে। ২০২১ সালে বাংলাদেশ আইসিটি ডিভিশনের সাথে যৌথভাবে ‘বাংলাদেশ আইসিটি স্কিলস কম্পিটিশন’ নামে একটি নতুন প্রোগ্রাম চালু করে হুয়াওয়ে বাংলাদেশ।

জেসন লিজংশেং বলেন, “তথ্য-প্রযুক্তিনির্ভর ভবিষ্যত পৃথিবীতে দক্ষ তরুণদের অনেক প্রয়োজন তৈরি হবে। বাংলাদেশের এক দারুণ শক্তি এই দেশের তরুণ। আমরা চাই এদেশের তরুণরা বিশ্ববাজারে নিজদের জায়গা করে নিক এবং নিজেদের দক্ষতা, দারুণ সব আইডিয়া দিয়ে বাংলাদশকে সামনে এগিয়ে নিয়ে যাক। তাই আমরা গত অনেকগুলো বছর থেকেই এদেশের তরুণদের আইসিটি খাতে দক্ষ করে তুলতে কাজ করে যাচ্ছি। আগামী ২০২৫ সালের মধ্যে আমরা দক্ষিণ এশিয়ার প্রায় এক লক্ষ তরুণদের আইসিটিতে দক্ষ করে তোলার পরিকল্পনা নিয়েছি যেখানে বাংলাদেশ থেকে অনেক তরুণ অংশ নিতে পারবে। এবছর বাংলাদেশ থেকে ছয় হাজাররেও বেশি তরুণ এই সুযোগ পাবে”।

আজকের এই ঢাকার অনুষ্ঠান ছাড়াও হুয়াওয়ের যে গ্লোবাল বার্ষিক প্রতিবেদন প্রকাশের আয়োজন করা হয় সেখানে হুয়াওয়ের সিএফও মেং ওয়ানঝৌউ বলেন, “২০২১ সালে আয় হ্রাস পাওয়া সত্ত্বেও, আমাদের মুনাফা করার সক্ষমতা ও নগদ অর্থের প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং যেকোন পরিস্থিতি মোকাবিলায় আমাদের সক্ষমতা বেড়েছে।” প্রতিষ্ঠানটির প্রধান ব্যবসাগুলো এ মুনাফা বৃদ্ধির মাধ্যমে ২০২১ সালে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নগদ অর্থের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর দায় অনুপাতও ৫৭.৮ শতাংশ কমেছে। পাশাপাশি, এর সামগ্রিক আর্থিক কাঠামো আরও স্থিতিশীল হয়েছে।”

২০২১ সালে হুয়াওয়ের ক্যারিয়ার বিজনেসে ৩.২৮ ট্রিলিয়ন টাকা (৪৪.১৯ বিলিয়ন ডলার) আয় হয়েছে এবং সারা বিশ্বজুড়ে ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলোকে নেতৃস্থানীয় ফাইভজি নেটওয়ার্ক স্থাপনে সহায়তা করেছে। তৃতীয় পক্ষের দ্বারা করা এক পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সুইজারল্যান্ড, জার্মানি, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব সহ ১৩ দেশের গ্রাহকদের জন্য হুয়াওয়ে নির্মিত ফাইভজি নেটওয়ার্কগুলো ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম হয়েছে। ক্যারিয়ার এবং অংশীদারদের সাথে কাজ করার মাধ্যমে হুয়াওয়ে ইন্ডাস্ট্রিয়াল ফাইভজি অ্যাপ্লিকেশনের জন্য ৩০০০ এর বেশি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে। এই ধরনের ফাইভজি অ্যাপ্লিকেশনগুলো বর্তমানে উৎপাদন, খনি, লোহা ও ইস্পাত প্ল্যান্ট, বন্দর এবং হাসপাতালের মতো খাতগুলোতে বড় আকারের বাণিজ্যিক ব্যবহার করেছে।

ডিজিটাল রূপান্তরের প্রবণতা অব্যাহত রাখার জন্য হুয়াওয়ের এন্টারপ্রাইজ ব্যবসাও দ্রুত বৃদ্ধি পেয়েছে, । গত বছর, হুয়াওয়ে সরকার পরিবহন, অর্থ, শক্তি এবং উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ খাতের জন্য ১১টি সিনারিও-বেজড সল্যুশন চালু করেছে। প্রতিষ্ঠানটি একটি কোল মাইন টিম, স্মার্ট রোড টিম এবং একটি কাস্টমস ও পোর্ট টিম সহ একাধিক নিবেদিত প্রাণ দল তৈরি করেছে, যাতে প্রতিষ্ঠানগুলো একত্রিত হয়ে, আরো দক্ষতার সাথে গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারবে৷ সাতশ’টিরও বেশি শহর এবং ২৬৭টি ফরচুন গ্লোবাল ৫০০ কোম্পানি তাদের ডিজিটাল ট্রান্সফরমেশন পার্টনার হিসেবে হুয়াওয়েকে বেছে নিয়েছে এবং হুয়াওয়ে এখন সারা বিশ্বে ছয় হাজারেরও বেশি পরিষেবা এবং অপারেশন পার্টনারদের সাথে কাজ করছে।

হুয়াওয়ের কনজ্যুমার বিজনেস গ্রাহকদের চাহিদা এবং প্রয়োজনকে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠানটির সিমলেস এআই লাইফ কৌশলের অংশ হিসেবে বিশ্বব্যাপী গ্রাহকদের জন্য একটি স্মার্ট, অল-কানেক্টেড এরা নিশ্চিতে গ্লোবাল ইকোসিস্টেম তৈরিতে কাজ করেছে। হুয়াওয়ের এ ব্যবসা ২০২১ সালে ৩.৩০ ট্রিলিয়ন টাকা (৩৮.২১ বিলিয়ন ডলার) আয় করেছে এবং স্মার্ট ওয়্যারেবলস, স্মার্ট স্ক্রিন, ট্রু ওয়্যারলেস স্টেরিও (টিডব্লিউএস) ইয়ারবাড এবং হুয়াওয়ের মোবাইল সার্ভিসেস (এইচএমএস)-এর বিক্রি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে, স্মার্ট ওয়্যারেবলস এবং স্মার্ট স্ক্রিন দু’টি ক্ষেত্রেই বছরে ৩০ শতাংশের ও বেশি বৃদ্ধি হয়েছে। সব মিলিয়ে, ২০২১ সাল পর্যন্ত ২২০ মিলিয়নেরও বেশি হুয়াওয়ে ডিভাইসে হারমনিওস ব্যবহৃত হয়েছে, যা বিশ্বের দ্রুত বর্ধনশীল মোবাইল ডিভাইস অপারেটিং সিস্টেম হয়ে উঠেছে।

অনুষ্ঠানে গুয়ো আরো বলেন, “সামনের দিনগুলোতে হুয়াওয়ে এর ডিজিটালাইজেশন, ইন্টেলিজেন্ট ট্রান্সফরমেশন এবং কার্বন নিঃসরণকে কমিয়ে এগিয়ে যাবে। প্রতিভা, বৈজ্ঞানিক গবেষণা এবং একটি উদ্ভাবনী অনুপ্রেরণার ওপর নির্ভর করে আমরা মৌলিক তত্ত্ব, স্থাপত্য, এবং সফ্টওয়্যারগুলোর জন্য আমাদের দৃষ্টান্তগুলোকে পুনর্র্নিমাণ করার জন্য ক্রমাগত বিনিয়োগ বৃদ্ধি করবো এবং আমাদের দীর্ঘমেয়াদী সক্ষমতা বাড়িয়ে তুলবো।”

২০২১ সালের বার্ষিক প্রতিবেদনের সমস্ত আর্থিক বিবৃতি স্বাধীনভাবে কেপিএমজি কর্তৃক নিরীক্ষিত হয়েছে। কেপিজিএম একটি আন্তর্জাতিক বিগ ফোর অ্যাকাউন্টিং ফার্ম।

যাত্রিক নাট্যগোষ্ঠীর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী নাট্যোৎসব উদযাপন

 

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশে যে সব জেলা গর্ব করার মত সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে তার মধ্যে কুমিল্লা অগ্রগণ্য। বৃহত্তর কুমিল্লা যেমন একদিকে বিশ্বখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতের গুরুদের জন্ম দিয়েছে। অন্যদিকে সংস্কৃতির অন্যান্য ক্ষেত্রেও অনেক নামজাদা ব্যক্তিত্বের আবাসভূমি ছিল এই কুমিল্লা। নিরবচ্ছিন্ন চর্চার ফলেই কুমিল্লা সংস্কৃতির অন্যতম পীঠস্থানে পরিণত হয়েছিল।

সেই ধারাবাহিকতায় ২৩ জুন ১৯৭৫ সালে ৯ জন নাট্যপ্রেমী মানুষের হাত ধরে যাত্রা শুরু করে যাত্রিক নাট্যগোষ্ঠী। এরই মধ্যে প্রতিষ্ঠাতা ৭ জন আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আজও ছায়া দিয়ে রেখেছেন প্রতিষ্ঠাতা সদস্য মোঃ হাসিম আপ্পু ও গিয়াস উদ্দিন আহমেদ।

প্রতিষ্ঠালগ্নের মাহেন্দ্রক্ষণ পেরিয়ে যাত্রিক আজ ৪৭ বছর। বর্তমানে কুমিল্লার সবচেয়ে প্রাচীনমত ও ঐতিহ্যবাহী এবং বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশনের সর্ব প্রথম সদস্য নাট্যদল হিসেবে যাত্রিক স্বীকৃত।

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যাত্রিক নাট্যগোষ্ঠী গত ২৯ ও ৩০ মার্চ ২দিন ব্যাপী নাট্যোৎসব উদযাপন করেছে। নাট্যোৎসবের প্রথম দিন ২৯ শে মার্চ মঙ্গলবার রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি নাটক মঞ্চায়ন করে। এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন হাসান ইমাম মজুমদার, প্রণব সাহা নান্টু, বিদ্যুৎ সরকার, গোলাম হাসনাঈন নাঈম, সাহেদুল হক তপু, নজরুল ইসলাম রতন, মিতা গাঙ্গুলি, ইমরান হোসেন, প্রান্ত গাঙ্গুলি, চৈতী কর্মকার, আব্দুল কাদের প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য অনন্ত হীরা এবং বিশেষ থিয়েটার ফেডারেশনের দপ্তর সম্পাদক খোরশেদুল আলম।

উৎসবের সমাপণী দিনে ৩০ মার্চ, বুধবার নাটক আমি মন্ত্রী হবো মঞ্চস্থ হয়। নাটকটি রচনায় দিলীপ রায়, নির্দেশনায় প্রণবসাহা নান্টু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- প্রণব সাহা নান্টু, নাছের মিয়াজী বাবু, গোলাম হাসনাঈন নাঈম, বিদ্যুৎ সরকার, নজরুল ইসলাম রতন, আরিফুর রহমান মঞ্জু, সাহেদুল হক তপু, ইমরান হোসেন, রবিউল বাশার খান, তুষার শুভ্র নন্দী, মিতা গাঙ্গুলী, চৈত্রী কর্মকার, আব্দুল কাদের প্রমুখ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক চন্দন রেজা।
দুইদিনের নাট্যোৎসব সফল ভাবে সম্পন্ন হওয়ায় যাত্রীকের সভাপতি হাসান ইমাম মজুমদার পৃষ্ঠপোষক, ভভানুধ্যায়ী, সাংবাদিক, বুদ্ধিজীবি, নাট্যকর্মী ও দর্শকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

কুমিল্লা নগরীতে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি, মাইনুদ্দিন বেকারিসহ ৩ রেষ্টুরেন্টকে জরিমানা

 

শাহ ইমরান:

কুমিল্লা নগরীতে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি হচ্ছে অবাধে। এ অভিযোগে মাইনুদ্দিন বেকারিসহ ৩ রেষ্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় নগরীর ফৌজদারি চৌমুহনী ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মাইনুদ্দিন বেকারি, সুগন্ধা রেস্টুরেন্ট বাংলা কিচেন রেস্টুরেন্টকে অস্বাস্থ্য পরিবেশ ও
মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়ার কারণে তিনটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার ( ৩০শে মার্চ) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে মুসলিমা ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।