All posts by jitu

চান্দিনায় কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

 

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নতুন যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.জিয়াউল হক মীর।

রোববার (২০ মার্চ) বিকেলে চান্দিনা উপজেলা পরিষদে ইউএনও কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি সার্বিক বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনটিভি প্রতিনিধি কাজী রাশেদ, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মামুনুর রশিদ সরকার, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ ও দৈনিক আমাদের কুমিল্লা প্রতিনিধি প্রভাষক মাসুমুর রহমান মাসুদ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মো. জাকির হোসেন, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগান্তর ও দৈনিক বাংলার আলোড়ণ প্রতিনিধি মো. আবদুল বাতেন, মানব জমিন প্রতিনিধি তুহিন ভূইয়া, দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক আজকের কুমিল্লা প্রতিনিধি মো. শরীফুল ইসলাম, এশিয়ান টিভির প্রতিনিধি মো. আশিকুর রহমান রাসেল,দৈনিক ভোরের কলাম প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ প্রমুখ।

প্রাইভেটকারে করে ফেনসিডিল পাঁচারের সময় র‌্যাবের অভিযান

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদর এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২০মার্চ সকালে সদরের আমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে প্রাইভেটকারে ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন নোয়াখালী জেলার সেনবাগ থানার খাজুরিয়া সরদার পাড়া গ্রামের মোঃ সাইদুল হক এর ছেলে মোঃ নাদিম@ শহিদুল(২৭)।

এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

কুমিল্লায় টিসিবি পণ্য ক্রয়, নগরীর ১৪ নম্বর ওয়ার্ডে হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য কিনতে এসে প্রথম দিনে ভোগান্তি ও হয়রানির শিকার হয়েছেন নগরীর ১৪ নং ওয়ার্ডের শতাধিক কার্ডধারী। কার্ডধারীরা জানান, কার্ড থাকা সত্ত্বেও ডিলারের লিস্টে নাম না থাকায় কয়েক ঘন্টা অপেক্ষার পর তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। তবে এ অভিযোগের দায় নিতে রাজি নয় কাউন্সিলর কিংবা টিসিবি’র ডিলাররা। তারা জানান, সিটি কর্পোরেশনের তালিকায় গরমিল থাকায় ভোগান্তিতে পড়েছেন অনেকে।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম নিয়ে রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। জেলা প্রশাসক বলেন, পণ্য বিতরণে কোন অনিয়ম হলে অথবা পণ্যের দাম বেশী নিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পরিবার প্রতি ৬কেজি পণ্য ও রমজানে ২কেজি বাড়িয়ে ৮কেজি পণ্য ক্রয় করতে পারবেন এ কার্ডধারীরা। জেলা প্রশাসন থেকে জানা যায়, কুমিল্লা জেলায় মোট দুই ধাপে ২ লক্ষ ৬৪ হাজার ৭২৪ জন এর মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৫৩ হাজার ২২৮ জন জন ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্যের ভর্তুকি মূল্যে পণ্য কেনার সুবিধা ভোগ করবেন। জেলার ১৭টি উপজেলার, ৮টি পৌরসভা ও কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ২৩টি স্পটে এ পণ্য বিক্রি করা হবে। ১১৭ জন ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রির কার্যক্রম চলছে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর নুরজাহান আলম পুতুল বলেন, আমার দেওয়াকার্ড প্রাপ্তদের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনের টিসিবি’র ট্রাক থেকে ফেরত দেওয়া হয়েছে, তালিকায় তাদের নাম নেই বলে। টিসিবির পণ্য ক্রয় করতে গিয়ে ফেরত আসা উত্তেজিত শতাধিক ব্যাক্তি আমার বাসার সামনে এসে জড়ো হয়। আমি তাদের কোন সদোত্তর দিতে পারি নি। বিষয়টি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীকে জানিয়েছি।

১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেলিম খান বলেন, সিটি কর্পোরেশন থেকে ডিলারদের কাছে পণ্য ও তালিকা দেওয়া হয়েছে। এখানে অনেকের তালিকা বাদ পড়ায় মানুষ এসে ভোগান্তিতে পড়েছে। তালিকার নামের বিষয়ে আমার কিছু করার নাই। আমি শুধু তদারকি করছি।

পণ্য বিক্রয়ের এজেন্ট মের্সাস দিবা এন্টারপ্রাইজের মোহাম্মদ আরিফুল হক বলেন, সিটি কর্পোরেশন থেকে দেওয়া তালিকা অনুযায়ী পন্য বিক্রয় করা হচ্ছে। বাদ পড়া বিষয়টি আমাদের না।

অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, যারাই কার্ড পেয়েছেন তারাই এই পণ্য কেনার সুবিধা পাবেন। কারো কোন অভিযোগ থাকলে আামাকে লিখিত অভিযোগ জানালে- আমি সে অনুযায়ী ব্যবস্থা নিবো।

ক্রেতাদের জন্য হোয়াটসঅ্যাপ চ্যাট সার্ভিস নিয়ে এলো স্যামসাং বাংলাদেশ

 

ডেস্ক রিপোর্ট:

গ্রাহকসেবা উন্নত করার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো হোয়াটসঅ্যাপ চ্যাট নামে নতুন একটি সার্ভিস চ্যানেল চালু করছে স্যামসাং। ক্রেতারা এখন সরাসরি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বছরের ৩৬৫ দিনই স্যামসাং -এর বিশেষজ্ঞ সার্ভিস এজেন্টদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সার্ভিস নিতে পারবেন। ক্রেতাদের প্রাসঙ্গিক কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো তথ্য জানার প্রয়োজন হলে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে (০৮০০০৩০০৩০০) চ্যাট করতে পারবেন। আগামী (২২ মার্চ) থেকে এ ডিজিটাল কমিউনিকেশন প্ল্যাটফর্ম যাত্রা শুরু করবে।

স্যামসাং ক্রেতাদের সার্ভিস বিবেচনায় নিয়ে এ হোয়াটসঅ্যাপ চ্যাট সেবা চালু করা হবে। ক্রেতারা এক্ষেত্রে চ্যাটের মাধ্যমে তাৎক্ষণিক, কার্যকরী ও নিরবচ্ছিন্ন সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও, ক্রেতাদের সেবায় স্যামসাং -এর ২৪/৭ কল সেন্টার, দেশজুড়ে ইন-হোম সার্ভিস, ই-মেইলে সেবা পাবার সুবিধা এবং দেশজুড়ে ৪০টিরও বেশি সার্ভিস সেন্টার রয়েছে।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হোয়ানসাং উ বলেন, “আমরা এখন দ্রুত ও তাৎক্ষণিক যোগাযোগের যুগে বাস করছি।” তিনি আরও বলেন, “অনেক ক্রেতা, বিশেষ করে তরুণ প্রজন্মের ক্রেতারা সরাসরি আমাদের সার্ভিস সেন্টারে আসাকে ঝামেলা মনে করেন। তাই, ক্রেতাদের ব্যস্ত সময়ের বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা হোয়াটসঅ্যাপ সাপোর্ট চ্যানেল উন্মোচন করার সিদ্ধান্ত নেই, যাতে আমাদের ক্রেতারা তাদের প্রয়োজন অনুযায়ী দ্রুত সময়ে সেবা নিতে পারেন।”

ক্রেতারা ০৮০০০৩০০৩০০ নাম্বার তাদের মোবাইলে সেভ করে নিয়ে, এবং হোয়াটসঅ্যাপে সেবা নিতে পারবেন। এছাড়াও, তারা স্যামসাং বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট (www.samsung.com/bd), মাইগ্যালাক্সিঅ্যাপ এবং ফেসবুক পেজে (www.facebook.com/SamsungBangladesh) গিয়েও চ্যাট সেবা নিতে পারবেন।
আরও বিস্তারিত জানতে কল করুন: ০৮০০০৩০০৩০০ (টোলমুক্ত, ২৪/৭ কল সেন্টার)

বৈশ্বিকভাবে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ৫জি স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি

ডেস্ক রিপোর্ট:
বিশ্বের শীর্ষ ছয় স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে রিয়েলমি, সবাইকে ছাপিয়ে বৈশ্বিকভাবে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ৫জি স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে। পাশাপাশি, রিয়েলমি প্রবৃদ্ধির দিক থেকে বিশ্বের ২০টি বাজারে ৫জি স্মার্টফোন শিপমেন্টের ক্ষেত্রে শীর্ষ পাঁচে স্থান দখল করেছে। এরই মাধ্যমে ৫জি স্মার্টফোন সবার হাতের নাগালে নিয়ে আসার ক্ষেত্রে বাজারের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে রিয়েলমি।

কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে বছর প্রতি ১৬৫ শতাংশ প্রবৃদ্ধির সাথে রিয়েলমি’র ফাইভজি শিপমেন্ট; সকল স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ডের মতো পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে সম্প্রসারণের কারণে ব্র্যান্ডটির দ্রুত প্রবৃদ্ধি ঘটেছে। বিশেষ করে, রিয়েলমি ৮ ফাইভজি ও জিটি সিরিজের জন্য এই প্রত্যেকটি দেশে রিয়েলমি এখন সবচেয়ে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড।

উল্লেখ্য, গত বছরের চতুর্থ প্রান্তিকে ৫০ লাখ বা তার বেশি ইউনিট ফাইভজি শিপমেন্ট করা ব্র্যান্ডগুলোকে প্রধান ফাইভজি ব্র্যান্ড হিসেবে বিবেচনা করা হয়।

রিয়েলমির ফাইভজি ডিভাইসগুলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা এবং এশিয়া প্যাসিফিকের মতো অঞ্চলগুলোতেও প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে। এসব অঞ্চলেই রয়েছে রিয়েলমি’র ২০টি বাজারের (এর মধ্যে রয়েছে ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, মরক্কো, মিয়ানমার এবং সিঙ্গাপুর) সবচেয়ে বড় অংশ, যেখানে রিয়েলমি’র স্মার্টফোন শিপমেন্ট শীর্ষ পাঁচের মধ্যে রয়েছে।

রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি বলেন, “এটি ফাইভজি স্মার্টফোন সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণে আমাদের নিরলস কাজ করার প্রতিফলন। একটি উদীয়মান টেক ব্র্যান্ড হিসেবে, রিয়েলমি সর্বদা বিশ্বব্যাপী তরুণ ব্যবহারকারীদের ৫জি’র মতো সর্বাধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা গ্রহণে উত্সাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সারা বিশ্বের ফ্যানদের কাছে আমরা আকর্ষণীয় এবং ভবিষ্যৎ উপযোগী ডিভাইস সরবরাহ অব্যাহত রাখবো।”

৫জি স্মার্টফোনগুলোকে জনপ্রিয় করার ব্যাপারে বিশেষ গুরুত্ব প্রদানে, রিয়েলমি তাদের নাম্বার সিরিজ ৫জি ডিভাইসগুলোর এএসপি ২০২০ এর প্রথম প্রান্তিকের ২৭০ মার্কিন ডলার থেকে চলতি বছরের প্রথম প্রান্তিকে ২০০ মার্কিন ডলারের (৯ ফাইভজি) নিচে নামিয়ে এনেছে এবং একই সাথে, ব্যবহারকারীদের চাহিদা মেটাতে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ জিটি সিরিজের অধীনে আরও উন্নত ফাইভজি স্মার্টফোন নিয়ে এসেছে।

চাঁদপুরে ১ লক্ষ ৪৫ হাজার ফ্যামিলি কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুরেও শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকিমূল্যের নিত্যপণ্য বিক্রির কার্যক্রম। জেলায় ১ লক্ষ ৪৫ হাজার ১৪৭ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে এ পণ্য বিক্রি করা হবে।

তারই ধারাবাহিকতায় রবিবার (২০ মার্চ) সকালে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে ১ হাজার ৬৬ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেশের মানুষের কথা চিন্তা করেন। মানুষের কষ্টের কথা ভাবেন। সে কারনে তিনি এ বড় একটি কর্মযজ্ঞের কার্যক্রম আমাদেরকে দিয়েছেন। যাতে আমরা টিসিবির এই পণ্য সামগ্রী দরিদ্র মানুষের মাঝে পৌঁছে দিতে পারি সূলভ মূল্যে। সারাদেশে ১ কোটি মানুষের মাঝে টিসিবি পণ্য পৌঁছে দেওয়া হবে দুইবার। একবার রোজার আগে এবং আরেকবার রোজার মাঝামাঝি সময়ে। চাঁদপুরেও ১ লাখ ৪৫ হাজার ১৪৭ জন ফ্যামিলি কার্ডধারী এই সুবিধা পাবেন। এই রমজানে দরিদ্র মানুষ যাতে কষ্ট না পায়, তারা যেন সূলভ মূল্যে এই নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণের প্রথম ধাপে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি চিনি এবং পরবর্তী ধাপে রোজার মাঝামাঝি সময়ে ২ কেজি ছোলা যুক্ত করা হবে। এই কার্যক্রম যাতে সুন্দরভাবে বিতরণ করতে পারি সেজন্য তদারকি কমিটিতে উপজেলা প্রশাসন, পুলিশ সদস্য, জনপ্রতিনিধি ও একজন ট্যাগ অফিসার নিয়োজিত থাকবেন। আমি আশা করবো মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে এই কার্যক্রমটি শুরু করেছেন সে উদ্দেশ্যটি যেন সফল হয় সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি। এক্ষেত্রে সাংবাদিকদেরকেও প্রচারের মাধ্যমে এ কার্যক্রম সফল করার জন্য অনুরোধ জানান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার যে জনগণের পাশে আছে আজ এই কার্যক্রমের মাধ্যমে তা প্রমাণ হলো। স্বল্প আয়ের মানুষ যাতে এই রমজানে কষ্ট করতে না হয় তাই জেলার ১ লক্ষ ৪৫ হাজার ১৪৭ জনের মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনি ও ১টি পৌরসভায় ১৫ হাজার ২৬৮ জনকে এ সুবিধা দেওয়া হবে। চাঁদপুরের উন্নয়নে এ এলাকার কৃতি সন্তান মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। সেই সাথে সুখি সমৃদ্ধ দেশ উপহার দিতে সকল পর্যায়ের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করছি।

রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীর পরিচালনায় টিসিবি পণ্য বিতরণের উদ্বোধকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলাল উদ্দিন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল কালাম পাটওয়ারী, বর্তমান কমিটির সহ সভাপতি সোহরাব পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সোহেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাজী মিজানুর রহমান পাটওয়ারী, কৃষি বিষয়ক সম্পাদক খোকন রায়, ইউপি সচিব মোহাম্মদ রাকিবুল হাসান খান, সহকারী কাম কম্পিউটার অপারেটর নূরে আলম, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোহসিন খান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, সকল ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াছ এর সার্বিক তত্ত্বাবধানে টিসিবি পণ্য বিতরণ করেন চাঁদপুর পুরাণ বাজারের মেসার্স লক্ষ্মী ভান্ডারের সত্ত্বাধিকারী টুটুল মনিসহ ডিলারে লোকজন।

কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের মধ্যে দিয়ে কুমিল্লার উন্নয়ন করতে হবে- এমপি বাহার

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদর আসনের সাংসদ ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেন, সকলের ঐক্যবন্ধ প্রচেষ্ঠায় কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের মধ্যে দিয়ে কুমিল্লার উন্নয়ন করতে হবে।

সংযুক্ত আরব আমিরাত (দুবাই) আগমন উপলক্ষে, দুবাইয়ে বসবাসরত প্রবাসীদের সংগঠন গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটি এর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, প্রবাসীদের নিরলস পরিশ্রমের ফলে বাংলাদেশের অর্থনীতিক অগ্রগতী হচ্ছে। প্রবাসীরা দিনরাত পরিশ্রম করে রেমিটেন্স দেশে পাঠাচ্ছে, তাই প্রবাসীদের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১ টায় শারজাহ্ ইওয়ান হোটেলে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন দুইবায়ে নিযুক্ত বাংলাদেশ কন্স্যুলেট, কনসাল জেনারেল বি.এম জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা হাজী এম.এ বাসার, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম সিআইপি, উপদেষ্টা শাহ মোহাম্মদ মাকসুদ।

গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি মোঃ মাহাবুব আলম মানিক সিআইপি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন কাউছার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যগণ, প্রবাসী শ্রমিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগন।

 

বিবিরবাজার এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের বিবির বাজার এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারী আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৯ মার্চ কুমিল্লা সদরের বিবির বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন সদরের বিবির বাজার গাজীপুর গ্রামের আবদুল জলিলের ছেলে মোঃ আবদুস সাত্তার (৩০)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেদীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশর বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনাইমুড়ীতে মাদ্রাসার শ্রেণি কক্ষে আ’লীগের বর্ধিত সভা

নোয়াখালী প্রতিনিধি:
মাদ্রাসার শ্রেণি কক্ষে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে স্থানীয় নেতাকর্মিদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

শনিবার (১৯ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার সোনাইমুড়ী আলিয়া মাদ্রাসার একাডেমিক ভবনের তয় তলায় একটি শ্রেণি কক্ষে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

নাম প্রকাশে অইচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা জানান, বর্তমান মেয়াদে আওয়ামীলীগ সরকার দীর্ঘ ১৪ বছর ক্ষমতায়। বর্তমানে দুই মেয়াদে (সোনাইমুড়ী-চাটখিল) আসনের সংসদ সদস্য আওয়ামীলীগ হওয়ার পরও উপজেলায় দলীয় কোনো কার্যালয় নেই। এতে তৃণমূলের দলীয় নেতাকর্মীরা ক্ষুদ্ধ আবার হতাশও।

সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফম বাবুল বাবুর সঞ্চালনায় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নির্দেশনা অনুয়ায়ী আগামী ২৩ জুলাই জেলা আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষ্যে জেলার সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে সম্মেলন করার লক্ষ্যে আজ এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু জানান, উপজেলায় দলীয় কার্যালয় করার জন্য উদ্যেগ নেওয়া হয়েছে। তবে বিয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে তিনি পরে কথা বলবেন বলেও জানান।