All posts by jitu

মনোনয়ন পত্র দাখিল করেছেন হাসনাত আবদুল্লাহ

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার বিকাল ৪ টায় জামায়াতের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদকে সাথে নিয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা রাকিবুল ইসলামের নিকট ওই মনোনয়ন পত্র দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেবিদ্বার উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ককরী মোঃ জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান মাসুদ ও এডভোকেট ওবায়দুর রহমান প্রমুখ।

এর আগে রোববার রাতে এ আসনে জামায়াত-এনসিপির আসন সমঝোতা হওয়ায় হাসনাত আবদুল্লাহকে সর্মথন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন জামায়াতের মনোনীত প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন সামিরা আজিম দোলা

সেলিম সজীব:

কুমিল্লা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত কর্নেল (অব.) এম আনোয়ার-উল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা।

আজ সোমবার দুপুরে মনোহরগঞ্জ উপজেলা উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় সামিরা আজিম দোলা বলেন, সাধারণ জনগণের ইচ্ছা ও প্রত্যাশা পূরণের লক্ষ্যেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

সামিরা আজিম দোলা রাজনৈতিক অঙ্গীকারের পেছনে পারিবারিক প্রেক্ষাপটকে অনেকেই গুরুত্বপূর্ণ মনে করেন। তার বাবা কর্নেল এম এ আনায়োরুল আজিম ২০০১ সালে তৎকালীন কুমিল্লা-১০ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছিলেন মোহাম্মদ আবুল কালাম।

চাঁদপুরে ময়লার টাংকির পাশে চিড়া ও মুড়ির মোয়া তৈরির অপরাধে জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুর:

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুর শহরের নতুন বাজার ও গুনরাজদী এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর শহরের নতুন বাজার ও গুনরাজদী এলাকায় অভিযান পরিচালনা করে বাথরুমের ময়লার টাংকির পাশে অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া ও মুড়ির মোয়া উৎপাদন করার অপরাধে উক্ত কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

চাঁদপুর জেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠান মালিক এ ধরনের অনিয়ম পূনরায় করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এছাড়াও এদিন অন্যান্য প্রতিষ্ঠানেও সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করে দেয়া হয় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-৪ আসনে হাসনাতকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী জামায়াতে ইসলামী এবং সমমনা ৮ দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এর কয়েক ঘণ্টা পর কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে জামায়াত নেতা সাইফুল ইসলাম শহিদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে এ ঘোষণা দেন।

এ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে ভোটে লড়বেন দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সাইফুল ইসলাম শহিদ ফেসবুক পোস্টে লিখেন, ‘আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।’

গণতন্ত্র রক্ষা এবং ভোটের অধিকার স্থায়ী করতে ধানের শীষে ভোট দিন: ড. খন্দকার মোশাররফ

জাকির হোসেন হাজারী,দাউদকান্দি:

গণতন্ত্র রক্ষা এবং ভোটাধিকার পারমানেন্ট করতে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার (২৯ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের মনোনয়নপত্র দাখিলের আগে দাউদকান্দি ঈদগাঁ মাঠে দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য শুধু দোয়া নয়, আপনারা দয়া করে আমার জন্য এবং আপনাদের স্বার্থ রক্ষার জন্য, গনতন্ত্র প্রতিষ্টা করার জন্য, এদেশে ভোটের অধিকার পারমানেন্টলি প্রতিষ্টা করার জন্য, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, আপনারাও জয়যুক্ত হবেন।

উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আজকে আপনাদের অনুমতি নিয়েই আমি মনোনয়নপত্র দাখিল করবো। যেহেতু কুমিল্লার মধ্যে আমার আসনটির নাম্বার এক, আমার বিশ্বাস আগামী নির্বাচনে আপনাদের সকলের প্রচেষ্টায় ভোটের মাধ্যমে কুমিল্লা-১ এ যদি আমাকে একনাম্বার করতে পারেন, আমার বিশ্বাস আমাকে হয়তো আপনাদের কাছে আল্লাহতালা এবং আমার দল দেশের একনাম্বার করে পাঠাবেন ইনশাআল্লাহ।

এবারের নির্বাচন কিন্তু শুধু ভোটের ভোট দিচ্ছি না, দেশের পরিবর্তনের জন্য বিশাল ভূমিকা এই নির্বাচনে আমাদেরকে রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভুইয়া, যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম প্রমূখ।

পরে দুপুর সাড়ে ১২টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নাছরীন আক্তারের নিকট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ আসনে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।

নাঙ্গলকোটে আ:লীগ নেতার অবৈধ মাটি বহনকারী গাড়ির চাপায় সাইকেল আরোহীর মৃত্যু

নাঙ্গলকোট প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় অবৈধভাবে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর দৌলখাও ইউনিয়নের ভবানীপুর মুরগাঁও অশ্বদিয়া ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল ওয়াদুদ ভূইয়া। তিনি বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নারায়ণবাতুয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মৃত আব্দুল লতিফ ভূইয়া।

স্থানীয় সূত্র জানায়, বাদ মাগরিবের দিকে ভবানীপুর সংলগ্ন অশ্বদিয়া ব্রিজ এলাকায় একটি অবৈধভাবে মাটি বহনকারী ট্রাক্টর গাড়ির সঙ্গে একটি সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইকেল আরোহী আব্দুল ওয়াদুদ ভূইয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এলাকাবাসীর অভিযোগ, দুর্ঘটনাকবলিত গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল। গাড়িটির মালিক হিসেবে জোড্ডা পশ্চিম ইউনিয়নের যুবলীগ নেতা বেল্লাল ভূইয়ার নাম উঠে এসেছে। তিনি গোহারুয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে ওই গাড়িটি অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহার করা হচ্ছিল।
ঘটনার পর এলাকায় শোকের পাশাপাশি তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবৈধ মাটি কাটা ও মাটি বহন কার্যক্রম বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, নিহতের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনাকবলিত গাড়িটি বর্তমানে খালে পড়ে আছে। তাৎক্ষণিকভাবে উদ্ধার সম্ভব না হওয়ায় নিরাপত্তার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার সকালে গাড়িটি উদ্ধারের চেষ্টা করা হবে।

চাঁদপুরসহ সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট:

ঘন কুয়াশার কারণে সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।

তিনি জানান, আজ বিকেল সাড়ে ৫টায় রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরসহ সারা দেশের সব ধরনের যাত্রীবাহী লঞ্চ ও যাত্রী নৌযানসহ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ এ নির্দেশনা দেয়।

তিনি আরো বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে। আবহাওয়া অধিদপ্তরের বার্তা অনুযায়ী এ আদেশ দেয়া হয়েছে। আর যেসব লঞ্চ নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে পথে রয়েছে তাদের ও অন্যান্য নৌযানকে ‘অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬’ মোতাবেক চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুড়িচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-সালদা সড়কের বুড়িচং উপজেলায় ড্রাম ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী আক্তার হোসেন (৪৮) নামের এক ইন্স্যুরেন্স্য কর্মকতা নিহত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাচওরা সিন্দুরী চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে বুড়িচং থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, কুমিল্লা-সালদা সড়কের বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর পাচওরা চৌমুহনী এলাকায় বেপরোয়া গতির মাটিবাহী ড্রাম ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়। নিহত মোটরসাইকেল আরোহী মোঃ আক্তার হোসেন বাকশীমূল ইউনিয়ন এর ছিনাইয়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। তিনি হল ইন্স্যুরেন্স কর্মকর্তা

এ বিষয়ে বুড়িচং থানার এস আই মোঃ আব্দুল আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘাতক মাটিবাহী ড্রাম ট্রাক সনাক্তের চেষ্টা ও আটকের অভিযান অব্যহৃত চলছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

হাসনাত আব্দুল্লাহকে চেনেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

স্টাফ রিপোর্টার:

জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে চেনেন না বলে মন্তব্য করেছেন একই আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, হাসনাত আব্দুল্লাহকে তো আমি চিনি ই না। এ পর্যন্ত কোনোদিন দেখা হয়নি। ছেলের সাথে আমার পরিচয় নাই কিছুই নাই। আগেও ছিল না এখনো নাই, আমি তাকে কোনোদিন দেখিই নাই। তার বিষয়ে আমি কীভাবে বলব।

তিনি আরো বলেন, ভোটের মাঠে দ্বি-মুখী বুঝি না, ত্রিমুখী ও বুঝি না। আমি সবসময়ই চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন করেছি। এবার ও সেভাবেই নির্বাচনে কাজ করছি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত ১৭ বছরে মানুষ ভোটের মাঠে যেতে পারে না। তারা এবার ভোটের প্রতি আগ্রহী। তাই আমরা আশা রাখি, এবারের ভোটের মাঠের পরিবেশ স্বাভাবিক থাকবে এবং মানুষ আগ্রহ নিয়ে ভোট দিবে।

কুমিল্লার ১১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ ১১৮ জন প্রার্থীর

ডেস্ক রিপোর্ট:

তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার রাজনীতিতে ব্যাপক সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে। জেলার ১১টি সংসদীয় আসনে প্রার্থীদের দৌড়ঝাঁপ চোখে পড়ার মতো।

রোববার সকাল পর্যন্ত এসব আসনে মোট ১১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রেজা হাসানের কার্যালয় এবং সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দুপুর পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায়, মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ২৮ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ১২ জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২২ জন মনোনয়নপত্র নিয়েছেন। এ ছাড়া অন্যান্য রাজনৈতিক দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরও ৫২ জন প্রার্থী।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় এখনও একদিন বাকি থাকলেও শেষ সময় পর্যন্ত প্রার্থীদের উপস্থিতি অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। ফলে মনোনয়ন সংগ্রহকারীর সংখ্যা আরও বাড়তে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুমিল্লার গুরুত্বপূর্ণ ১১টি আসনে বিপুল সংখ্যক প্রার্থীর অংশগ্রহণ এবারের নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে। দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের সক্রিয়তা নির্বাচনী মাঠে বাড়তি উত্তেজনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করছে।