,

কালিরবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে হত্যা, ছোট ভাইয়ের স্ত্রী আটক

আজকের কুমিল্লা ডট কম :
March 14, 2026
news-image

হাবিবুর রহমান মুন্না।। 

কুমিল্লার কালিরবাজার ইউনিয়নের রায়চো ৭ নম্বর ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাই মোঃ বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই আনিসুর রহমান, তাদের বাবা আব্দুল বারেক এবং আনিসুরের স্ত্রী রোকেয়া বেগমের বিরুদ্ধে। গতকাল শুক্রবার (১৩ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে সেই বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং অভিযোগ রয়েছে, এ সময় বিল্লাল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যান্টনমেন্ট ফাঁড়ির ইনচার্জ মোঃ ফারুক হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাইয়ের স্ত্রী রোকেয়া বেগমকে আটক করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলার এজাহার প্রস্তুতির কাজ চলছে বলেও জানান তিনি।

পুলিশ জানায়, নিহত বিল্লাল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।