All posts by jitu

দাউদকান্দিতে কিশোরকে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে ফাহিম (১২) নামে এক কিশোরকে গলা কেটে হত্যার পর অটোরিকশা চুরির ঘটনায় দায়ের হওয়া মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে শাহেদ নামের ওই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি এম আব্দুল হালিম। এর আগে শুক্রবার দিবাগত রাতে দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানান, গ্রেপ্তার শাহেদ মুন্সীগঞ্জ জেলার গজারীয়া উপজেলার পুরানচাষী গ্রামের মৃত রতন মিয়ার ছেলে। গত ২৪ সেপ্টেম্বর পৌরসদরের দক্ষিণ নছরুদ্দী স্লুইচগেইট এলাকায় ১২ বছরের কিশোর ফাহিমকে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরদিন সকালে স্থানীয়দের কাছে তথ্য পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ নিয়ে মামলা দায়ের হয়। গ্রেপ্তার শাহেদ ওই মামলার অন্যতম আসামি।

ওসি এম আব্দুল হালিম জানান, চাঞ্চল্যকর ফাহিম হত্যার অন্যতম আসামি শাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে দাউদকান্দি মডেল থানার উত্তর নসিরউদ্দি স্লুইসগেট এলাকায় ফাহিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে এ ঘটনায় মামলা দায়ের করে ফাহিমের পরিবার।

বুড়িচংয়ে রেললাইন থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেললাইন থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার রাজাপুর নোয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, ঘটনাস্থল থেকে যুবকের একটি কাপড়ের ব্যাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের যে কোনো এক সময়ে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। উদ্ধারকৃত মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন জানায়, রাজাপুর রেলস্টেশনের দক্ষিণ আউটার ঈদগাহ সংলগ্ন এলাকায় রাতের কোনো এক সময়ে ট্রেন থেকে পড়ে ওই যুবক নিহত হয়ে থাকতে পারেন। নিহতকে স্থানীয় কেউ চিনতে পারেনি। তার পোশাক দেখে ধারণা করা হচ্ছে, তিনি খেটে খাওয়া একজন সাধারণ মানুষ।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান জানান, উপজেলার রাজাপুর রেলস্টেশনের দক্ষিণ আউটার এলাকায় ঈদগাহ সংলগ্ন স্থানে ট্রেনে কাটা একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কুবি তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল লতিফের বিরুদ্ধে তার ইঞ্জিনিয়ার বাড়ি নামক ছাত্রী নিবাসের এক আবাসিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

গত ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর একটি উড়োচিঠি মেইল করে ছাত্রীটি এই অভিযোগ জানান।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে প্রকৌশলী লতিফের বাড়িতে ভাড়া থাকছেন। এই সুযোগে তিনি কখনো কটু কথা, কখনো বডি শেমিং, আবার কখনো অশালীন ভাষায় অপমান করে আসছেন। ছাত্রীটির ভাষ্য, “ভাড়া দিতে দেরি করায় তিনি স্যান্ডো গেঞ্জি পরে রুমে এসে অশ্রাব্য ভাষায় চিৎকার-চেঁচামেচি করেন। বলেন—এই এলাকায় এই ভার্সিটি আমরা চালাই, কাকে বিচার দেব?”

তিনি আরও অভিযোগ করেন, প্রকৌশলী লতিফ ধর্মীয় অনুশাসন পালন করে বাহ্যিক ধার্মিকতার ছাপ দেখালেও ছাত্রীনিবাসে মেয়েদের প্রতি তার কুনজর ও অসদাচরণ কমেনি। একই মেসে থাকা আরও কয়েকজন ছাত্রী অতীতেও তার এমন আচরণের শিকার হয়েছেন, কিন্তু ভয় বা বিব্রতবোধের কারণে কেউ প্রকাশ্যে বলতে সাহস পাননি।

অভিযোগপত্রে ছাত্রীটি আরও দাবি করেন, অতীতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের সময় মেয়েদের আন্দোলনে যেতে নিষেধ করেছেন এবং মেস থেকে বের করে দেওয়ার ভয় দেখিয়েছেন। এমনকি তিনি বলেছেন, “আমার মেসে থাকলে আন্দোলন করতে পারবে না; নইলে আওয়ামী লীগের লোকজন মেস ভাঙচুর করবে।”

এমন পরিস্থিতিতে ছাত্রীটি প্রশাসনের কাছে ন্যায়বিচার চেয়ে লিখেছেন, যাতে ভবিষ্যতে কোনো ছাত্রী একই ব্যক্তির দ্বারা হয়রানির শিকার না হয়। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি নিজের নাম-পরিচয় প্রকাশ করেননি।

ওই মেসের অন্তত ৩ জন নারী শিক্ষার্থীর সাথে কথা বলা হলে তারা জানান, উনার এমন আচরণ আছে বিষয়টি সত্য। কিন্তু ওমরা থেকে আসার পর এমন আচরণ কিছুটা কমেছে। জুলাই আন্দোলনের সময় মেয়েদেরকে মেসে থাকতে দেয়নি এই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) আনোয়ার হোসেন বলেন, ‘আমরা একটি মেইল পেয়েছি কিন্তু সেখানে অভিযোগকারীর কোন নাম, পরিচয় কিংবা মোবাইল নাম্বার নেই। তবুও আমরা এই অভিযোগটি যৌন নির্যাতন প্রতিরোধ সেলে পাঠাবো। যেহেতু বিষয়টি এক্সটার্নাল এবং বাহিরের একটি মেসের তাই আমরা এই বিষয়টি সুক্ষ্মভাবে দেখার চেষ্টা করছি।’

যৌন নির্যাতনে প্রতিরোধ সেলের পরিচালক ড. জান্নাতুল ফেরদৌস বলেন, “আমরা ই-মেইলের মাধ্যমে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত অগ্রসর করার জন্য যে তথ্যগুলো প্রয়োজন সেগুলো এখানে অনুপস্থিত। আমরা অভিযোগের  বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য চেষ্টা করছি।”

অভিযুক্ত প্রকৌশল তত্ত্বাবধায়ক (সিভিল) ও ‘ইঞ্জিনিয়ার বাড়ির’ মালিক ম. আব্দুল লতিফ বলেন, ‘এ ধরনের কোনো ঘটনাই আমার মেসে ঘটেনি। কোটবাড়ির মধ্যে সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা আমরা দিয়ে থাকি। প্রশাসন থেকে এখনো কেউ আমার সাথে যোগাযোগ করেনি।’
পূর্বেও আপনার স্ত্রীর বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছিলো বলে জানা গিয়েছে। এবিষয়ে তিনি বলেন, ‘আমার স্ত্রী এখানে থাকেন না। এগুলো মিথ্যা।’ এই বলে তিনি কল কেটে দেন।

বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্যাডেল স্ল্যাম ২.০ টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনে পর্দা উঠেছে ‘আহসান গ্রুপ প্রেজেন্টস প্যাডেল স্ল্যাম ২.০, পাওয়ার্ড বাই অ্যাসেট ডেভেলপমেন্টস’ টুর্নামেন্টের। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে প্যাডেল গ্রাউন্ডে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ৩৬ দল ও ১২০ জনেরও বেশি প্যাডেল খেলোয়াড়।

আমেরিকা ও ইউরোপের জনপ্রিয় র‌্যাকেটভিত্তিক এই খেলাকে বাংলাদেশে ছড়িয়ে দিতে গত আসরের মতো এবারও বসুন্ধরা স্পোর্টস সিটি উৎসবমুখর পরিবেশে আয়োজন করেছে বড় পরিসরের এই টুর্নামেন্ট।

আকর্ষণীয় প্রাইজপুল, সমান সুযোগ এবং তিনটি পৃথক প্রতিযোগিতা ক্যাটাগরি নিয়ে এবারের আসরকে সাজানো হয়েছে আরও বর্ণিলভাবে। খেলোয়াড়দের দক্ষতা অনুযায়ী রাখা হয়েছে—পুরুষদের অ্যাডভান্সড, পুরুষদের ইন্টারমিডিয়েট এবং নারীদের ডাবলস ক্যাটাগরি। প্রতিটি দলে দুজন করে খেলোয়াড় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন এবং দলপ্রতি রেজিস্ট্রেশন ফি নির্ধারিত ছিল ১২ হাজার টাকা।

স্থানীয় প্যাডেল ইভেন্টগুলোর মধ্যে অন্যতম বৃহৎ আকর্ষণ হিসেবে এবারে মোট প্রাইজপুল রাখা হয়েছে ২ লাখ ২৫ হাজার টাকা। তিনটি ক্যাটাগরিতেই চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা করে, আর রানার-আপ দল পাবে ২৫ হাজার টাকা। এতে প্রতিযোগিতার উত্তেজনা যেমন বেড়েছে, তেমনি খেলোয়াড়দের অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

পুরুষদের জন্য দুটি স্তর—অ্যাডভান্সড ও ইন্টারমিডিয়েট—রাখায় বিভিন্ন দক্ষতার খেলোয়াড়েরা নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাচ্ছেন। একইসঙ্গে নারীদের জন্য আলাদা ক্যাটাগরি রাখাকে আয়োজকরা দেখছেন বাংলাদেশের প্যাডেল খেলায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর ইতিবাচক পদক্ষেপ হিসেবে। আসরে স্পন্সর হিসেবে রয়েছে দৌড়, ব্রুভানা, শেয়ারট্রিপ, লোটো, গোল্ডস জিম ও জুলকানসহ আরও কয়েকটি পরিচিত ব্র্যান্ড।

উৎসবমুখর প্রথম দিনের খেলা শেষে আয়োজকরা জানিয়েছেন, আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ সামনে অপেক্ষা করছে। শনিবার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের প্যাডেল স্ল্যাম ২.০।

ব্রডকাস্ট পার্টনার হিসেবে রয়েছে টি স্পোর্টস চ্যানেল ও তাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, যা মাঠের বাইরেও প্যাডেলপ্রেমীদের মাঝে এই খেলার পরিচিতি ছড়িয়ে দিচ্ছে। আয়োজকদের আশা, এ ধরনের আয়োজন প্যাডেলকে বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তুলবে এবং দেশের ক্রীড়াঙ্গনে যোগ করবে নতুন মাত্রা।

সদর দক্ষিণে দুর্ঘটনা কবলিত বাসে কাভার্ডভ্যানের ধাক্কা, ২জন নিহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় দুর্ঘটনা কবলিত বাসে কাভার্ডভ্যানের ধাক্কায় সড়কে দাাঁড়িয়ে থাকা যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার নলচর মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন ঢাকার ধামরাইয়ের বাসিন্দা মো. শাকিল হোসেন। অপর নিহত যাত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে মাশিকুল আলম। আহতরা হলেন হাবিবুর রহমান, মো. সজল মিয়া ও বাসযাত্রী মোস্তাফিজুর রহমান।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা রয়েল কোচের একটি বাস নলচর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর চালকসহ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে সড়কের পাশে দাঁড়ান। ঠিক সেই সময় পেছন দিক থেকে আরও একটি কাভার্ডভ্যান এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে দুইজন ঘটনাস্থলেই নিহত হন এবং তিনজন আহত হন। এঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।

 

কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা হোমনায় ভুট্টা খেতে এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় উপজেলার কারারকান্দি সংলগ্ন ভুট্টা খেত থেকে হোমনা থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।

ঘটনাটি নিশ্চিত করেছেন হোমনা থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী।

তিনি বলেন, সকাল আনুমানিক ৯টায় স্থানীয়দের মাধ্যমে খবর পাই কারারকান্দি সংলগ্ন ভুট্টা খেতে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ পড়ে আছে। এমন খবরের ভিত্তিতে আমি তাৎক্ষণিক সঙ্গীয় অফিসার নিয়ে ঘটনা স্থলে এসেছি।

তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে যাবো। তবে এখন পর্যন্ত কেউ লাশ শনাক্ত করতে পারেনি। আমরাও চেষ্টা করছি এবং স্থানীয়দের সঙ্গে কথা বলতেছি কেউ চিনে কি না।সনাক্ত হলে পরে বিস্তারিত বলতে পারব।

চাঁদপুরে নানা আয়োজনে কলেজ শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহতলী জিলানী চিশতী কলেজের প্রদর্শক (জীববিজ্ঞান) বিভাগের শিক্ষক মো: মুনজুর হোসেন পাটওয়ারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজের সভাকক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের আজীবন দাতা সদস্য এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে কলেজের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী বলেন, আজকের এই অনুষ্ঠানের বিদায়ী প্রদর্শক (জীববিজ্ঞান) মো: মুনজুর হোসেন পাটওয়ারী খুবই আন্তরিক মানুষ ছিলেন। তিনি এ প্রতিষ্ঠানে দীর্ঘ ৩৫বছর ৩মাস ১১দিন চাকুরী করেছেন। উনাকে বিদায় সংবর্ধণা দিতে পেরে আমরা আনন্দিত। তিনি দীর্ঘদিন সফলতার সাথে চাকুরী করে বিদায় নিচ্ছেন৷ অনেক ত্যাগ স্বীকার করেছেন এ প্রতিষ্ঠানের জন্য। তিনি প্রতিষ্ঠানকে ভালোবেসেছেন এবং প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক ছিলেন। উনি এ প্রতিষ্ঠানকে নিজের পরিবারের মত আগলে রেখেছেন। প্রতিষ্ঠানের একাডেমিক বিষয়ের বাহিরেও প্রতিষ্ঠানের অন্য কাজ করেছেন। উনি শিক্ষক প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। মুনজুর সাহেব কর্মনিষ্ঠ ও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন৷ চাকুরীর নিয়ম অনুযায়ী সবাইকে একদিন বিদায় নিতে হয়, এটা চিরন্তন সত্য। তার অবসর জীবন ভালো কাটুক এ দোয়া করি।

কলেজের ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের বিদায়ী প্রদর্শক (জীব বিজ্ঞান) মো: মুনজুর হোসেন পাটওয়ারী। তিনি তার বক্তব্যে বলেন, আমি এ কলেজে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করেছি। আমি স্মরণ করছি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী মহোদয়কে। রুশদী পরিবার ও সিনিয়র শিক্ষকরা আমাকে ভাগিনা বলে সম্বোধন করেছেন। আমাকে সম্মানিত করেছেন৷ নিজের রুটি রুজি এ প্রতিষ্ঠান থেকে পেয়েছি৷ আমি এ প্রতিষ্ঠানের কাছে ঋনি। অবসর জীবনে যেন ভালো থাকি, সুস্থ্য থাকি এবং হজ্ব করতে পারি, সবাই দোয়া করবেন। আমি সর্বোপরি সকলের কাছে কৃতজ্ঞ।

এ সময় বক্তব্য রাখেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, ফারজানা আক্তার, মো: জিয়াউর রহমান, মো: হানিফ মিয়া, মো: হাবিবুর রহমান, সিনিয়র প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, মো: মাহবুবুর রহমান, মোসা: মনোয়ারা খাতুন, ফরিদা আক্তার, সুমা রানী পাল, মনোয়ারা আক্তার, মোছা: হাবিবা আক্তার রানী, লাইব্রেরী শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, অফিস ইনচার্জ মো: রানা সরকার।

অনুষ্ঠানের শুরুতে কলেজের অবসর গ্রহনকারী প্রদর্শক (জীববিজ্ঞান) মো: মনজুর হোসেন পাটাওয়ারীকে ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেয়ার মাধ্যমে বিদায় সংবর্ধনা দেন কলেজের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকেও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা

ডেস্ক রিপোর্ট:

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুসারে নির্বাচনী প্রচারণা ২০২৬ সালের ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) শুরু হবে। ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থী ও সমর্থকরা।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের প্রচারণার তারিখ ঘোষণা করেন।

সিইসি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফ্রেব্রুয়ারি (বৃহস্পতিবার)। ওইদিন (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এবার ভোট প্রদানের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা-কালো। আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি।

তাছাড়া এবার দেশের ইতিহাসে এই প্রথম গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর

ডেস্ক রিপোর্ট:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। তিনি জানান, আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

সিইসি জানায়, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই দিনটি দেশের প্রায় ১৩ কোটি ভোটারের জন্য তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এরপরই কঠোরভাবে শুরু হবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া, যা সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের পর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন। এই সময় থেকে প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি নিয়ে জনগণের দ্বারে দ্বারে যেতে পারবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন

ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটারেরাও পোস্টাল ব্যলটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত ৩ লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।