All posts by jitu

চৌদ্দগ্রামে বিএনপি প্রার্থী কামরুল হুদার পক্ষে মিয়াবাজারে নির্বাচনী গণমিছিল

স্টাফ রিপোর্টার:

চৌদ্দগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুল হুদার সমর্থনে মিয়ারবাজারে বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৯ ডিসেম্বর) বিকেলে উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার মহাসড়কে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এ গণমিছিল বের করে উজিরপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনসমূহ।

উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে গণমিছিলে উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সহ-সভাপতি মাস্টার আব্দুল ওয়াদুদ, মীর আব্দুর রহমান আলমগীর, মো. শাহ আলম, সহসাধারণ সম্পাদক ডা. আনোয়ার, খন্দকার আল-আমিন খোকন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ জোবায়ের, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, আবুল হাশেম, নূর মোহাম্মদ, শরীফ হাসান, রিপন মিয়া।

উজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমজি শাহ আলম পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন মজুমদার রুবেল মেম্বার, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজান খান, মোজাম্মেল হক মাসুমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান, সাধারণ সম্পাদক আবির আবদুল্লাহ চৌধুরী, উজিরপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি খালেদ সাইফুল্লাহ, যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাবলু মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ সংশ্লিষ্ট অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গণমিছিলে অংশ নেন।

র‌্যাব-১১ এর অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় র‌্যাব-১১ এর একটি বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

মঙ্গবার (০৯ ডিসেম্বর) রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার পাঁচোড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানকালে মোঃ সৈকত খান (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব।

গ্রেফতারকৃত সৈকত খান কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া গ্রামের মৃত শফিকুল হকের ছেলে।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।

র‌্যাব আরও জানায়, সমাজে মাদকের ভয়াবহতা রোধে তাদের নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চৌদ্দগ্রামে বাস-পিকআপ সংঘর্ষে নিহত যুবক, আহত ১৪

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী স্লিপার বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে আব্দুল জব্বার (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের উপজেলার চিওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পিরদর্শক (এসআই) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত আব্দুল জব্বার লালমনিহাটের সদর উপজেলার মরণখা গ্রামের ফজলে হকের ছেলে।

আহতরা হলেন, শরীফ (২৮), ইমরান হোসেন ( ৩৬), শান্তা ইসলাম (২৯), ফাহিম (২৬), মাজহারুল হক (২৫), রিয়াজ হোসেন (২৬), আশরাফুল ইসলাম (২৮), শায়েস্তাবিন হায়দার (২৯), সাইমা তাবাসসুম (২৫), ইতি আক্তার (২৩), রিপন (২৮), মিলন (২৬), শহিদুল ইসলাম (৩৬) ও সুমাইয়া আক্তার (২৬)।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই ফারুক হোসেন জানায়, চিওড়া রাস্তা মাথার পুরাতন চট্টগ্রামগামী মহাসড়ক থেকে মালবোঝাই একটি পিকআপ মহাসড়ক অতিক্রম করার সময় কক্সবাজার থেকে আসা একে ট্রাভেলস স্লিপার বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে স্লিপার বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় পিকআপে থাকা আব্দুল জব্বার নিহত হন ও স্লিপার বাসের ১৪ যাত্রী আহত হন। স্থানীয়রা আহদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তিনি আরও জানায়, নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মেঘনা- গোমতী সেতুর নিচ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা গোমতী সেতুর নিচ থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে সেনাবাহিনী।

সোমবার (০৮ ডিসেম্বর ) রাত প্রায় ১১টার দিকে দাউদকান্দি আর্মি ক্যাম্পের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সেতুর নিচ থেকে বস্তুটি উদ্ধার করেন।

পরে কুমিল্লা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি- চান্দিনা সার্কেল) ফয়সাল তানভীর ও দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি এম আব্দুল হালিম খবর পেয়ে ঘটনাস্থলে যান।

পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে দাউদকান্দি সেনা ক্যাম্প থেকে তথ্য আসে যে দাউদকান্দি গোমতী ব্রিজের নিচে বোমা সদৃশ একটি বস্তু পাওয়া গেছে। দ্রুত থানার টিম এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বালুর বস্তা দিয়ে বোমাসদৃশ বস্তুটির নিরাপত্তা বিধান করা হয়।

এ সংক্রান্তে দাউদকান্দি মডেল থানায় একটি জিডি করা হয়েছে এবং বোম্ব ডিস্পোজাল ইউনিট কে চিঠি দেয়া হয়েছে বোমাটি নিষ্ক্রিয় করার জন্য। বোমাটির উৎস এবং প্রকৃতি অনুসন্ধানে তদন্ত চলমান আছে। বর্তমানে দাউদকান্দি মডেল থানার পুলিশের সদস্যরা জায়গাটি কর্ডন করে রেখেছে।

কুমিল্লায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে নবাগত পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম এর সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুতে পুলিশ সুপার জেলার বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সভায় পুলিশ সুপার বলেন, “সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক।” তিনি কুমিল্লা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার বুলিং প্রতিরোধ, কিশোর গ্যাং দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, যানজট নিরসন, সামাজিক জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পাশাপাশি তিনি সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ সাফকাত আলী।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা লতিফুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপম সেন গুপ্ত, চাঁনকরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ উল্লাহ, উপজেলা এনসিপির যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক মামুন মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকতা, স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

চৌদ্দগ্রামে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ‍উপলক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে পাঁচ জয়ীতা পেয়েছেন অদম্য নারী পুরস্কার-২০২৫।

মঙ্গলবার (০৯ই ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবাহী কমকর্তা মোঃ নূরুল আমিন।

উপজেলা মহিলা বিষয়ক কমকর্তার শাহনাজ আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার সৈয়দ সাফকাত আলী, সিনিয়র মৎস কমকর্তা লতিফুর রহমান, মাধ্যমিক শিক্ষা কমকর্তা একেএম মীর হোসেন, এনসিপির উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মজুমদার, উপজেলা ইউডিএফ কর্মকর্তা ছিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে মোসাঃ কহিনুর সুলতানা, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে রাবেয়া বেগম, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্যে নাছরিন সুলতানা, সফল জননী মোসাঃ সাহেদা আক্তার ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনী বিলকিস আরা বেগমকে অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়।

আজ ৯ ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দির শত্রুমুক্ত ভোর-তিন দিকের আক্রমণে ভেঙে পড়ে পাক বাহিনীর শেষ দুর্গ

স্টাফ রিপোর্টার:

মুক্তিযুদ্ধের ইতিহাসে ৯ ডিসেম্বর দাউদকান্দির নাম উজ্জ্বল হয়ে আছে গৌরবের অক্ষরে। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের সমন্বিত ও সুপরিকল্পিত আক্রমণে ভেঙে পড়ে পাক হানাদার বাহিনীর দাউদকান্দিস্থ শেষ ঘাঁটি।

মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড আক্রমণে দিশেহারা পাক সেনারা পিছু হটতে শুরু করলে দাউদকান্দির বীর যোদ্ধারা আরও সাহসী হয়ে ওঠেন। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ, শহীদনগর ওয়ারলেস কেন্দ্র এবং সড়ক ও জনপদ বিভাগের ডাক বাংলোতে অবস্থানরত পাক বাহিনীর ওপর একযোগে উত্তর ও দক্ষিণ দিক থেকে আক্রমণ চালান মুক্তিযোদ্ধারা।

মোহাম্মদপুর, ডাকখোলা ক্যাম্প এলাকা থেকে মুক্তিযোদ্ধাদের অগ্রসরতা যুদ্ধের গতি আরও তীব্র করে তোলে। একই সময়ে পূর্ব দিক থেকে মিত্রবাহিনীর আর্টিলারির কাভারিং ফায়ারে পাক সেনারা পশ্চিমমুখী পালাতে বাধ্য হয়। মিত্রবাহিনীর গোলাবর্ষণে শহীদনগর ওয়ারলেস কেন্দ্র ছাড়তে বাধ্য হয়ে তারা দাউদকান্দি সদরের দিকে ছুটে যায়।

তীব্র গোলাগুলির আতঙ্কে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশের গ্রামগুলোর মানুষ গোমতী নদীর দিকে ছুটে যায় এবং অনেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে আশ্রয় নেয়।

৮ ডিসেম্বর রাতভর ও ৯ ডিসেম্বর সকাল ১১টা পর্যন্ত চলা রক্তক্ষয়ী যুদ্ধের পর পাক সেনারা সড়ক ও জনপদের ডাক বাংলোতে আশ্রয় নেয়। কিন্তু সেখানেও আর টিকতে না পেরে লঞ্চযোগে মেঘনা নদী পেরিয়ে গাজীপুর হয়ে চারটি জাহাজে ঢাকার দিকে পালিয়ে যায়।

সেদিন সন্ধ্যার ঠিক আগমুহূর্তে দাউদকান্দির আকাশে উড়তে থাকে স্বাধীন বাংলাদেশের লাল–সবুজ পতাকা। মুক্ত হয় দাউদকান্দি—মুক্তিযোদ্ধাদের বীরত্বের সাক্ষীতে আরেকটি গৌরবময় অধ্যায় রচিত হয় জাতির ইতিহাসে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদের উদ্যোগে বিজয় র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম ও দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার সহ দাউদকান্দি উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মী, মুক্তিযুদ্ধারা অংশগ্রহন করেন।

চাঁদপুরে মায়ের চোখের সামনে বাস চাপায় সন্তানের মৃত্যু!

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় মায়ের চোখের সামনে বাস চাপায় মাহফুজ হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৬ টা ১০ মিনিটের সময় মহামায়া পশ্চিম বাজার এলাকায় আড়িবাড়ি রাস্তার সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ফজরের নামাজের পর শিশু সন্তানকে নিয়ে বাড়ির পাশে চাঁদপুর-কুমিল্লা সড়কের অপর পাশে মক্তবে যাচ্ছিলেন মা জয়নব বেগম। সড়ক পার হওয়ার জন্য দুজনে দাঁড়িয়ে ছিল, কিন্তু পাশে একটি সিএনজি থাকায় সড়কে কিছু দেখতে না পেয়ে শিশুটি মায়ের হাত থেকে ছুটে গিয়ে রাস্তা পার হতে গিয়েই চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সৌদিয়া বাসের নিচে ঢুকে পড়ে। তখন শিশুটিকে চাপা দিয়ে বাসটি চলে যায়। এসময় মায়ের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার পরিবেশ।

মায়ের সামনে সন্তানের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন এবং খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এসআই মোখলেস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং শিশুর লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। নিহত শিশু মাহফুজ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড টাহরখিল পাটওয়ারী বাড়ির মাইনুল ইসলামের ছোট ছেলে। সে আল জামিয়াতুল ইসলামিয়া শামছুল উলুম মহামায়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক মাইনুল ইসলাম মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম এর দায়িত্ব পালন করছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন। এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, দিনের শুরুতে মায়ের সামনে এমন মর্মান্তিক ঘটনা সত্যিই দুঃখজনক। আমি খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি এবং থানা পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে পরিবার চাইলে এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুড়িচংয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং থানার পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে বুড়িচং থানায় কর্মরত এসআই মোঃ রাকিবুল হাসান, এএসআই মোঃ শাহ পরান এবং সঙ্গীয় ফোর্স মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২নং বাকশিমুল ইউনিয়নের কোদালিয়া এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ মোঃ ইসহাক (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইসহাক বুড়িচং থানার বাড়ি কোদালিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

থানা সূত্রে জানা যায়, উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলার তদন্ত দ্রুততার সাথে এগিয়ে নেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।