All posts by jitu

কুমিল্লায় অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ, মূল হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

​কুমিল্লায় অনলাইনে ঘরে বসে চাকরির প্রলোভন দেখিয়ে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত তথ্য ও ছবি হাতিয়ে নিয়ে অশ্লীল ভিডিও তৈরি করে ব্লাকমেইলের মাধ্যমে সাত লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

​গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আব্বাস (৩৮)। সে ভোলা জেলার তজুমদ্দিন থানার দক্ষিণ আড়ালিয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

​শনিবার (২২ নভেম্বর) র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​র‍্যাব জানায়, গত ১৫ অক্টোবর কুমিল্লা জেলার দেবিদ্বার থানা এলাকার এক ভুক্তভোগী নারীর টিকটক আইডিতে নক করে প্রতারক আব্বাস। সে ভুক্তভোগীকে অনলাইনে কাজ করে ঘরে বসে প্রতিদিন ১,০০০ টাকা আয়ের প্রলোভন দেখায়। ভুক্তভোগী আগ্রহী হলে রেজিস্ট্রেশনের নাম করে তার কিছু ছবি ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়। এরপর ভুক্তভোগীকে একটি মোবাইল অ্যাপসের লিংক পাঠিয়ে রেজিস্ট্রেশন করতে বলা হয়। ওই লিংকে প্রবেশ করার সাথে সাথেই ভুক্তভোগীর ফেসবুকসহ যাবতীয় আইডির নিয়ন্ত্রণ চলে যায় প্রতারক চক্রের হাতে।

​পরবর্তীতে প্রতারক চক্র ভুক্তভোগীর ছবি এডিট করেন নগ্ন ছবি ও ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকার জন্য চাপ দিতে থাকে। লোকলজ্জার ভয়ে ওই নারী বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারকদের সর্বমোট ৭ লাখ টাকা প্রদান করেন।

​টাকা পাওয়ার পরও প্রতারকরা আরও টাকা দাবি করে। ভুক্তভোগী অপারগতা প্রকাশ করলে, আসামিরা ভুক্তভোগীর পরিবারের সদস্যদের মোবাইলে ওই নগ্ন ছবি ও ভিডিও পাঠায়। এমনকি ভুক্তভোগীর ফেসবুক আইডি হ্যাক করে প্রোফাইল পিকচারে নগ্ন ছবি আপলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

​এ ঘটনায় অতিষ্ঠ হয়ে গত ৫ নভেম্বর ভুক্তভোগী নারী র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

​এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২১ নভেম্বর রাতে ভোলা জেলার তজুমদ্দিন থানাধীন সোনাফপুর এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতা মো. আব্বাসকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি আভিযানিক দল। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

​প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামি একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের মূল হোতা। সে তার চক্রের অন্যান্য সদস্যদের সহায়তায় দীর্ঘদিন যাবৎ নারীদের অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত তথ্য ও ছবি সংগ্রহ করে পর্নোগ্রাফি তৈরি করে ব্লাকমেইলের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিত।

​গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

তারেক রহমানের নেতৃত্বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে : এ্যাড. আজিজ মোল্লা

রাসেল আহমেদ, হোমনা:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হোমনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রসংসদের প্রথম ভিপি এ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান মোল্লা।

শনিবার (২২ নভেম্বর) হোমনা উপজেলার নিলখী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় এ-কথা বলেন তিনি।

এসময় এ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা বলেন, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্থপতি হলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতা উত্তর তলাবিহীন ঝুঁড়ি উপমার বাংলাদেশকে ইমার্জিং টাইগার হিসেবে বিশ্বে পরিচয় করিয়ে দিয়েছিলেন। বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের এ দেশকে। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনও তিনিই করেন। তাঁর খালখনন কর্মসূচি দেশের কৃষিতে বিপ্লব সাধন করে। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৯০ এর স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। ১/১১’র তিন উদ্দিনের কালো সরকারের পতন তাঁর নেতৃত্বেই হয়।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের ঐক্যের প্রতীক। তাঁর মেধা, মনন, প্রজ্ঞা ও বিচক্ষণতা ও অকুতোভয় সাহসী নেতৃত্বে দীর্ঘ দেড় যুগ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম শেষে ২৪’র ৫ আগষ্টে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। হয়েছে নতুন বাংলাদেশের সূচনা।

এসময় তিনি আরো বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বেই বিনির্মাণ হবে সাম্য, মানবিক, বৈষম্যহীন নিরাপদ ও শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ। যেখানে কোনও অন্যায়-অনিয়ম, অনাচার, দূর্নীতি থাকবে না। দেশ হবে সমৃদ্ধ ও স্বনির্ভর।

এসময় হোমনা উপজেলা নিলখী ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কুমিল্লায় পুলিশের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

“থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে” — এই স্লোগানকে সামনে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় শুরু হয়েছে ৪র্থ পর্যায়ের তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স।

“নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক এই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয় এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুমিল্লা।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনি দায়িত্ব পালনকালে প্রতিটি পুলিশ সদস্যকে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে।

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবে এবং নির্বাচনকালীন যে কোনো পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবে।

প্রশিক্ষণে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন এবং নির্বাচন পরিচালনায় করণীয়, আচরণবিধি ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়।

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল নেতার মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কবিরহাট বাজারে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল হক (২৪) উপজেলার কবিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের বলি বাড়ির তনু মিয়ার ছেলে এবং একই ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

নিহতের চাচাতো ভাই আবদুল্লাহ আল মামুন জানান, এনামুল রাজনীতির পাশাপাশি থাই অ্যালুমিনিয়ামের কাজ করতেন। গত ১৫ নভেম্বর বেলা ১১টার দিকে উপজেলার কবিরহাট বাজারে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় থাই অ্যালুমিনিয়ামের কাজ করছিলেন তিনি। এ সময় ভবনের পাশে থাকা ১১ হাজার ভোল্টেজের লাইনের সাথে বিদ্যুস্পৃষ্টে সে গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

এদিকে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, কবিরহাট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ প্রমুখ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবারও ঢাকায় ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট:

২৪ ঘণ্টা না পেরোতেই ঢাকার গাজীপুরের বাইপাইলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন।

এই তথ্য নিশ্চিত করেছেন ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল।’

এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।

এর মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন ও নারায়ণগঞ্জে একজন মারা গেছেন। এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ আহত হয়েছেন।

কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ পালিত, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার:

যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস ২০২৫। শুক্রবার বিকেলে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালিত হয়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের গতিকে ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ শুরুর স্মরণে প্রতি বছর দেশজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।

দিবস উপলক্ষে সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক–বেসামরিক কর্মকর্তা ও গণ্যমান্য অতিথিদের অভ্যর্থনা জানান ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি জিওসি মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের বীরত্বপূর্ণ অবদানের উচ্চ প্রশংসা করেন। তিনি বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, জাতীয় দুর্যোগ মোকাবিলা, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনসহ সব ক্ষেত্রেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা উজ্জ্বল করেছে।

অনুষ্ঠানে প্রায় সাড়ে ৫ শত জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য এবং সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য, সামরিক–বেসামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য আরো ৭ শত ব্যক্তি উপস্থিত ছিলেন।

কুমিল্লায় ‘দেদারসে’ চলছে অনুমোদনহীন আ.লীগ নেতার দুই ইটভাট

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মাধবপুর ও দেবিদ্বারের ইষ্টগ্রাম এলাকায় মেসার্স সজিব ব্রিকস এবং মেসার্স নিউ সজিব ব্রিকস নামের দুইটি ইটভাটায় পুরোদমে চলছে ইট প্রস্তুতের কার্যক্রম। ভাটার গা ঘেঁষে রয়েছে ফসলি জমি। অদূরেই বসতবাড়ি ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুসারে এ স্থানটিতে ইটভাটা স্থাপনের কোনো সুযোগ নেই। এছাড়াও এ ইটভাটা দুইটির নেই প্রয়োজনীয় কোন কাগজপত্র। এরপরও কয়েক বছর ধরেই এ ভাটায় ইট পোড়ানো হচ্ছে। ইটভাটা দুইটির মালিক মুরাদনগর উপজেলার সাবেক আওয়ামী লীগের এমপি জাহাঙ্গীর আলম সরকারের আস্থাভাজন ও মুরাদনগর উপজেলা শ্রমিক লীগ নেতা মোঃ জহিরুল ইসলাম খান।

ইটভাটা দুইটির দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান, গত বছরের ৮ ফেব্রুয়ারী ২০২৪ পর্যন্ত ভাটা পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লাইসেন্সের মেয়াদ থাকলেও বর্তমানে ইট ভাটা পরিচালনার জন্য কোন দপ্তর থেকেই কোনো অনুমতি মেলেনি।

দেবিদ্বার ও ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের তথ্য মতে, দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ১৭টি অবৈধ ইটভাটা রয়েছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকটি অবৈধ ইটভাটা ঘুরে দেখা যায়, ইটভাটাগুলোতে চলছে ইট প্রস্তুতের নানা আয়োজন। কয়েকটি ইটভাটায় ইট পুড়িয়ে সেগুলো বের করা হচ্ছে। আবার কিছু কিছু ভাটার কাঁচা ইট সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে পোড়ানোর জন্য।

খোঁজ নিয়ে এবং স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, অবৈধ ইটভাটাগুলোতে পরিচালনার সঙ্গে জড়িত রয়েছেন ক্ষমতাসীন ও সাবেক রাজনৈতিক দলের নেতা এবং স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা। ফলে ইচ্ছামতো অবকাঠামো তৈরি করে ইট পোড়ানো হচ্ছে এসব ভাটায়। এতে এই অঞ্চলের পরিবেশ চরমভাবে হুমকির মুখে পড়েছে। আর এই সকল বিষয়ে দেখেও না দেখার ভান করে, নীরব ভূমিকায় আছে জেলা প্রশাসন ও কুমিল্লা আঞ্চলিক পরিবেশ অধিদপ্তর।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জানান, কুমিল্লা পরিবেশ অধিদপ্তর থেকে ১০টি অবৈধ ইটভাটার তালিকা ইতিমধ্যে পাঠিয়েছে। সেখানে মেসার্স নিউ সজিব ব্রিকস এর নামও রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এসব অবৈধ ইটভাটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হবে।

মুন হসপিটালের বার্ষিক সভা ও ই-প্রেস্ক্রিপশন সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর মুন হসপিটাল লিমিটেডের আয়োজনে বার্ষিক সভা এবং ই-প্রেস্ক্রিপশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে সবাই ডিনারে অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে নগরীর এলিট প্যালেস হোটেল এন্ড কনভারসন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

একইসঙ্গে মুন হসপিটালের নতুন উদ্যোগ হিসেবে শহরের প্রথম ভার্চুয়াল নম্বর-ভিত্তিক পূর্ণাঙ্গ কল সেন্টারের উদ্বোধনও করা হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে খ্যাতনামা চিকিৎসক, বিশেষজ্ঞ ও অতিথিবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মোঃ কামরুল হাসান, কুমিল্লা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আব্দুল্লাহ আল হাসান এবং নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. বাবলু কুমার পাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. আফশান আনিস। তিনি বলেন, “স্বাস্থ্যসেবার ডিজিটাল রূপান্তর এখন সময়ের দাবি। রোগীর ব্যবস্থাপনা, চিকিৎসা নির্দেশনা ও সঠিক ডকুমেন্টেশন নিশ্চিত করতে ই-প্রেস্ক্রিপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি হসপিটালের সারাবছরের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রা মুন হসপিটালের দীর্ঘদিনের কনসালটেন্ট ডা. তাইফুর রহমান। তিনি বলেন, “২০০২ সালে প্রথম মুন হাসপাতালে যোগ দিই। তারপর থেকে আজ পর্যন্ত মুন হাসপাতাল আমার কর্মপরিচয়ের অংশ হয়ে আছে; কখনোই এই প্রতিষ্ঠান থেকে নিজেকে আলাদা করতে পারিনি।”

এরপর বক্তব্যে ঢাকা মেডিকেলের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কামরুল হাসান বলেন,
“২০১৩ সালের দিকে মুন হাসপাতালের প্রথম যাত্রা শুরু। পরে আরও দুটি শাখা চালু হওয়ায় সেবার পরিধি বাড়ে। উন্নত চিকিৎসার প্রতি হাসপাতালের প্রতিশ্রুতি সত্যিই প্রশংসনীয়।”

প্যাথলজি বিভাগের সিনিয়র পরামর্শক ডা. আবু মোহাম্মদ সায়েম বলেন,
“একসময় মুনের ল্যাবে উন্নতমানের রিপোর্ট দেওয়ার সুযোগ সীমিত ছিল। কিন্তু এখন তা অত্যন্ত মানসম্মত। ২০১৬ সাল থেকে হিস্টোসাইটো বিভাগে কাজ করছি—এটি মুন হসপিটালের বড় ধরনের অগ্রগতি।”

ল্যাব ইনচার্জ ডা. প্রিতি সাহা বলেন, “ল্যাব রিপোর্টিং অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ রিপোর্ট যখন প্রস্তুত হয়, তখন রোগী উপস্থিত থাকে না। তবুও আমরা যথাসম্ভব নিখুঁত ও নির্ভুল রিপোর্ট নিশ্চিত করার চেষ্টা করি।”

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুন হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জোবায়ের রাফি।

সেমিনারে বিশেষজ্ঞরা ই-প্রেস্ক্রিপশনের নিরাপত্তা, রোগী ব্যবস্থাপনা, ভুল কমানোর সক্ষমতা এবং আধুনিক স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা মনে করেন, ডিজিটাল প্রিস্ক্রিপশন দেশের স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যুক্ত করবে।

কুমিল্লায় প্রথমবারের মতো মুন হাসপাতাল ভার্চুয়াল নম্বরভিত্তিক পূর্ণাঙ্গ কল সেন্টারের উদ্বোধন করে। নতুন এই সেবা রোগীদের ২৪/৭ যোগাযোগ, অ্যাপয়েন্টমেন্ট ও তথ্য সেবাকে আরও সহজ করবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার রাতে কেক কেটে এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শেষে ডিনারের মাধ্যমে আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

স্ত্রী নির্যাতনসহ একাধিক মামলার আসামি, আওয়ামীপন্থী শিদলাই ইউপি চেয়ারম্যান এখনো বহাল তবিয়তে

স্টাফ রিপোর্টার:

৫ আগস্টের পরে কুমিল্লার বিভিন্ন উপজেলার আওয়ামীপন্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আত্মগোপনে চলে গেলেও কিছু জনপ্রতিনিধি এখনো স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতায় স্বপদে বহাল রয়েছেন। তেমনি একজন ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আলাউল।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম পূর্বে ছাত্রলীগ নেতা ছিলেন এবং বর্তমানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী। তিনি ২০২২ সালে বিএনপি নিষিদ্ধের দাবি জানিয়ে ইউএনওর কাছে স্মারকলিপি জমা দিয়েছিলেন। এমনকি সম্প্রতি তার বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগও উঠেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার ফেসবুক আইডিতে সরকার বিরোধী বিভিন্ন স্ট্যাটাস দেওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও রহস্যজনক কারণে পুলিশ এখনো তাকে গ্রেফতার করতে পারেনি। অথচ তিনি প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন।

একাধিক স্থানীয় সূত্র জানান, জুলাই আন্দোলন চলাকালে ছাত্র-জনতার তালিকা করে প্রশাসন ও আওয়ামী লীগ নেতাদের হাতে পৌঁছে দিতেন এই ইউপি চেয়ারম্যান। অভিযোগ রয়েছে তিনি নিজেই অস্ত্র হাতে মহড়া দিতেন । এছাড়া মাদক ও ভূমি দখলেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সর্বশেষ নারী ও শিশু নির্যাতন মামলায় এফ আই আর ভুক্ত আসামি হওয়া সত্ত্বেও কেন তাকে এখনো গ্রেফতার করা হচ্ছে না, তা কারোরই বোধগম্য নয়।

৩১ অক্টোবর শিদলাই ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ উঠে। অভিযোগে বলা হয়, ২০ লাখ টাকা যৌতুক দাবি পূরণ না করায় তিনি চেয়ার দিয়ে স্ত্রী মারিয়া আক্তারকে মারধর করেন।

যদিও ওই সময় স্ত্রী নির্যাতনের বিষয়টি অস্বীকার করে সাইফুল ইসলাম বলেন, “ঘটনাটি মিথ্যা।

ব্রাহ্মণপাড়া থানার ওসি সাজিদুর রহমান জানান, শুনেছি কোতোয়ালি বা সদর দক্ষিণ থানায় তার বিরুদ্ধে মামলা থাকতে পারে। আমার এখানে ২০২২ সালের একটি মামলা ছিল, এটার বর্তমান অবস্থা কি জানিনা? আদালত ভালো বলতে পারে। আর ৫ আগস্টের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে কোন মামলা হয়নি এখানে।

কুমিল্লায় ‘ছাত্রলীগ’ পরিচয়ে স্কুলছাত্র গ্রেপ্তার, দেওয়া হলো না পরীক্ষা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় ‘ছাত্রলীগ’ পরিচয়ে গ্রেপ্তার হওয়া অষ্টম শ্রেণির ছাত্র ইমরান হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। এতে তার বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি। ইমরান নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষার সময় সে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি।

গত সোমবার গভীর রাতে পুলিশ চিওড়া গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী ইসহাক মিয়ার ছেলে ইমরানকে বাড়ি থেকে তুলে নেয়। পরদিন আদালত তাকে কারাগারে পাঠান।

পুলিশ জানায়, এসআই আলমগীর হোসেন পরদিন সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন, যেখানে ২৫ জনের নামসহ ৫০–৬০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলার ৬ নম্বর আসামি ইমরান। এজাহারে তাকে ছাত্রলীগ কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের মনতলী ব্রিজ এলাকায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের ৫০–৬০ জন নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে সরকারবিরোধী স্লোগান, ঝটিকা ও মশাল মিছিল করেন। পুলিশ সেখানে গিয়ে ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইমরানসহ অন্যদের নাম পাওয়া গেছে বলে দাবি পুলিশের।

তবে ইমরানের পরিবার পুরো অভিযোগকে অস্বীকার করেছে। ইমরানের বাবা ইসহাক মিয়া জানায়, তাদের পরিবার কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নয়। হঠাৎ রাত ৩টার দিকে পুলিশ ছেলেকে ধরে নিয়ে যায়। পরীক্ষার প্রবেশপত্র নিয়ে থানায় গেলেও কোনো সাহায্য পাননি। আদালতও জামিন দেননি। তিনি অভিযোগ করেন, ‘কোনো প্রমাণ ছাড়াই আমার ছেলেকে ফাঁসানো হয়েছে।’

স্কুলের প্রধান শিক্ষক বেলাল হোসেন মজুমদার জানায়, ইমরান নিয়মিত ছাত্র এবং রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো তথ্য তাদের কাছে নেই। তিনি ইমরানের মুক্তি দাবি করেন।

স্কুলছাত্র ইমরান ছাত্রলীগের কর্মকাণ্ডে সরাসরি যুক্ত, এমন কোনো প্রমাণ আছে কি না জানতে চাইলে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘আমাদের কাছে ছেলেটির এমন কোনো ছবি বা ভিডিও নেই। তবে ওই দিন রাতে তাকে গ্রেপ্তারের আগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যে ইমরানের নাম-পরিচয় নিশ্চিত হয়েছে। তারা নিশ্চিত করেছে, ইমরান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং ঝটিকা মিছিলে অংশ নিয়েছে। এ জন্য তাকে গ্রেপ্তার করে যথাযথ নিয়ম মেনে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।’

পরিবারের অভিযোগ সম্পর্কে ওসি এ কে ফজলুল হক জানান, ‘আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই ছেলেকে গ্রেপ্তার করেছি। বাকিটা তদন্তে প্রমাণ হবে।’

কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে এলাকায় কিছু ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত না হলে চার্জশিটে নাম থাকবে না।