All posts by jitu

কুমিল্লা সদরে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা–ছেলেকে কুপিয়ে হত্যা

 

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বড় ভাইয়ের হাতে মা ও ছোট ভাই নিহত হওয়ার ভয়াবহ ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন, বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) এবং তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। ঘটনার পর ঘাতক বড় ভাই বিল্লাল হোসেন পলাতক রয়েছে। তবে পুলিশ বিল্লালের স্ত্রী আকলিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পুলিশ সূত্র জানায়, বিল্লাল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, সকালে বিল্লাল মাদক নিয়ে বাড়িতে প্রবেশ করলে ছোট ভাই কামাল তাকে নিষেধ করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিল্লাল ঘর থেকে ছুরি এনে কামালের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। মা রাহেলা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই কামাল মারা যান এবং গুরুতর আহত রাহেলা বেগমকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ে দু’ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। এছাড়া জমি-সংক্রান্ত বিরোধও পারিবারিক উত্তেজনার কারণ ছিল। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, আগুনে অন্তত পনের লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে একটি পরিবারের বসতঘর পুড়ে ছাঁইয়ে পরিণত হয়েছে। আগুনের ভয়াবহতায় বসতঘরে রক্ষিত বিভিন্ন ফার্নিসার, নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজসহ অন্তত পনের লক্ষ টাকার প্রয়োজনীয় আসবাবপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ।

শনিবার (১৫ই নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পৌর সদরের পূর্ব ধনমুড়ী গ্রামের মৃত ওবায়দুল হকের ঘরে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান সুজন।

প্রত্যক্ষদর্শী সূত্রে ও ওবায়দুল হকের মেয়ের জামাই আব্দুল করিম জানান, শনিবার সন্ধ্যায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্ত্বেই আগুনের লেলিহাত শিখা ঘরের পুরো অংশে ছড়িয়ে পড়ে। এসময় শিশুসহ পরিবারের সদস্যরা এককাপড়ে ঘর থেকে বেড়িয়ে যায়।

আব্দুল করিম আরও জানান, ভয়াবহ এই অগ্নিকান্ডে আমার শশুড়ের পরিবার সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম। অগ্নিকান্ডে আমাদের বসতঘরের বিভিন্ন আসবাবপত্রসহ অন্তত ১৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান সুজন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার ষ্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুমিল্লায় ছাত্রলীগের কর্মসূচিতে যোগ না দেওয়ায় ছাত্রকে মারধর ও হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের কর্মসূচিতে জোরপূর্বক অংশ নিতে চাপ দেওয়াকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (১৬ নভেম্বর) এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী মো. ইব্রাহিম (২৪) কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মো. ইব্রাহিম ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং কবি নজরুল ইসলাম হলের আবাসিক ছাত্র। অভিযোগে তিনি এম. কাউছার (২৭) নামের এক মাষ্টার্স বর্ষের শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করেন।

বাদীর দাবি, গত ১৩ নভেম্বর রাত ১০টা এবং ১৬ নভেম্বর দুপুর ১২টার দিকে কলেজের কবি নজরুল ইসলাম হল ও কলা ভবনে অভিযুক্তরা তাঁকে এবং তাঁর সহপাঠী প্রথম সাক্ষী মো. আ. হাকিমসহ অন্যান্য শিক্ষার্থীদের ১৭ নভেম্বর ছাত্রলীগের ঘোষিত “জ্বালাও-পোড়াও, অবরোধ” কর্মসূচিতে অংশ নিতে চাপ সৃষ্টি করে। এ সময় তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের রাজি করানোর চেষ্টা করে।

অভিযোগে বলা হয়, শিক্ষার্থীরা ওই কর্মসূচিতে যোগ দিতে অস্বীকৃতি জানালে কাউছার ও তার সহযোগীরা ইব্রাহিম ও হাকিমকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করে। এতে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। এছাড়া ভবিষ্যতে কর্মসূচিতে অংশ না নিলে ক্যাম্পাসে দেখলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বাদী ইব্রাহিম কোতয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন , অভিযোগটি পেয়েছি আমরা এবং বিষয়টি তদন্ত করে পরবর্তীতে জানানো হবে ।

চাঁদপুরের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় কখনোই অবহেলা করিনি: চাঁদপুরের বিদায়ী ডিসি

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা সম্পন্ন হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি কৃষি সম্প্রসারণ, সেচ প্রকল্পের উন্নয়ন ও অসমাপ্ত দাপ্তরিক কাজগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

বিদায়ী ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, বাজারে ডিম, পেঁয়াজ, আলু ও গরুর মাংসের দাম বাড়ছে। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বাজার মনিটরিং বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বেঁধে পল্লীতে চারটি টয়লেট নির্মাণ করে দেওয়া হয়েছিল, সেগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য জেলা সমাজসেবা অধিদপ্তরকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, সামনে চাঁদপুরের ইটভাটার মৌসুম আসছে। লাইসেন্সবিহীন ও অবৈধ ইটভাটাকে চিঠি না দিয়ে ফোনে আগাম বলে দিতে হবে যাতে কোন অবৈধ ইটভাটা কাযক্রম না করে। দ্রুতই অবৈধ ইটভাটা এখনই বন্ধ করে দিতে হবে। কঠোর অভিযান চালাতে হবে।

শিক্ষা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, প্রতিটি শিক্ষার্থীকে সকল বিষয়ে উত্তীর্ণ হতে হবে। কোনো বিষয়ে ফেল করলে তাকে পরবর্তী শ্রেণীতে উন্নীত করা যাবে না। তিনি এই নীতির উপর জোর দেন।তিনি আরও জানান, চাঁদপুর নদী বন্দরের সীমানা নির্ধারণ ও আধুনিক লঞ্চ টার্মিনালের কাজ দ্রুত শেষ করতে হবে। এছাড়া জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, চাঁদপুরের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় আমি আনুগত্য ও দায়িত্ববোধ নিয়ে কাজ করেছি। কখনোই অবহেলা করিনি। চেষ্টা করেছি চাঁদপুরকে একটি উন্নয়নশীল জেলায় রুপান্তরিত করতে। আমি চেষ্টা করেছি জেলার উন্নয়নের সম্ভাবনার বিষয়গুলো উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট তুলে ধরতে।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী ভোট কেন্দ্রের ভবন কিংবা অবকাঠামো জরাজীর্ণ থাকতে অবশ্যই তা সংস্কার করা হবে। এ ব্যাপারে শিক্ষা অফিসকে সরজমিনে তদন্ত করে তালিকা পাঠাতে হবে। শেষ বক্তব্যে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, জেলা প্রশাসকের কাজ কখনোই আনন্দদায়ক নয়। আমরা দায়িত্ববোধ থেকে সমন্বয় করে কাজ করি। যদি দাপ্তরিক কারণে কারো মনে কষ্ট দিয়ে থাকি, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি চাঁদপুরের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করার কথা উল্লেখ করে বক্তব্য শেষ করেন। তিনি প্রতিটি সরকারি-বেসরকারী অফিসারকে সত্যতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে অনুরোধ করেন। সবাইকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু তাহের, বিআইডব্লিউটিএ পোর্ট অফিসার বাছির আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জ্যোতির্ময় ভৌমিক, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী, ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রহমান খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

সভা শেষে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন’কে বিভিন্ন দপ্তর কর্তৃক বিদায়ী ফুলেল শুভেচ্ছা জানান কর্মকর্তারা। পরে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এক এক করে সকল কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য হ্যান্ডসেক করেন। জানা গেছে, রবিবার চাঁদপুরের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন তার শেষ কাযদিবস ছিলো। বিকেল ৪টায় তিনি চাঁদপুর ত্যাগ করবেন। তিনি চাঁদপুরে জেলা প্রশাসক হিসেবে ১৪ মাস ৫দিন দায়িত্ব পালন করেন। পরবতী কর্মস্থল জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে যোগদান করবেন।

স্বাধীন ভাবে ভোট দিতে দেশের মানুষ ১৬ বছর অপেক্ষা করছে-ড. খন্দকার মোশাররফ হোসেন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সামনে নির্বাচন, এই নির্বাচনে স্বাধীনতা ভাবে ভোট দিতে দেশের মানুষ ১৬ বছর অপেক্ষা করছে। যে নির্বাচনে দেশের জনগণ নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে। জনগণের এতোদিনের প্রত্যাশা তারা নিজের হাতে নিজের ভোট দিয়ে তাদের এমপি নির্বাচিত করবে এবং জনগণের সরকার গঠন করবে। সেই সরকার হবে জনগণের সরকার আর এমপি হবে জনগণের এমপি।

রবিবার(১৬নভেম্বর) বিকাল ৪টায় দাউদকান্দি উপজেলা বিএনপি আয়োজিত গণমিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।

বিএনপির সিনিয়র এই নেতা আরো বলেন, বর্তমান অন্তবর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে কেউ কেউ বলে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। এই পিআর পদ্ধতির অর্থ হচ্ছে জনগণ ভোট দিবে দলকে আর দল মনোনয়ন করবে এমপি । সেখানে কিন্তু কোন এমপি আর ভোটারের এমপি না। ভোটার বলতে পারবে না তার এমপি কে আর এমপিও বলতে পারবে না তার ভোটার কে? পিআর পদ্ধতিতে নির্বাচিতরা দলের এমপি হয়ে যাবে, তারা জনগণের এমপি হবে না! পিআর পদ্ধতির কথা বলে নানান ধরনের গুজব ছড়ানোর মাধ্যমে এই নির্বাচনকে বানচালের চেষ্টা চালানো হচ্ছে।

খন্দকার মোশাররফ বলেন, আমরা চাই গণতন্ত্র ফিরিয়ে আনতে, তাই আগামী নির্বাচনকে সফল করতে হবে। অনেকেই আপনাদের কাছে আসবে, অবান্তর কথা বলবে। অবান্তর কথায় কান দিয়ে আপনারা সচেতন হয়ে ধানের শীষের জন্য কাজ করবেন। অতীতে ধানের শীষে ভোট দিয়ে আপনারা আমাকে এমপি বানিয়েছেন, আপনাদের সেবা করতে দল আমাকে মন্ত্রী বানিয়েছে। এবারাও আপনারা ধানের শীষের জন্য কাজ করবেন।

কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে ড. খন্দকার মোশাররফ হোসেন মনোনয়ন পাওয়ায় দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপি গণমিছিলের আয়োজন করেছেন। মিছিলটি দাউদকান্দি শহীদ রিফাত পার্কের সামনে থেকে দাউদকান্দি টোলপ্লাজা হয়ে বিশ্বরোড ঈদমাঠে শেষ হয়। গণমিছিলে অংশগ্রহণ করতে দুপুরের পর থেকে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে পৌরসদরে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিকাল ৩টার পর দাউদকান্দি পৌরসদর যেন মিছিলের নগরীতে পরিনত হয়।

মিছিল পূর্বক সমাবেশ সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ সেলিম। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল হাসেম, দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি এমএ লতিফ ভুইয়া, সাধারণ সম্পাদক ভিপি জাহাঙ্গীর আলম, পরিবহন নেতা সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার ও পিটার চৌধুরী প্রমূখ।

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাস ১০৮ শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ৫৮৭ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ১০৮ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ ৫ লাভ করেছে ২৩ জন।

রোববার সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন জানান, এ বছরের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ২৭ হাজার ১৮১ শিক্ষার্থী ৯৪ হাজার ৬৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেন। এর মধ্যে ৫৮৭ জনের ফল পরিবর্তন হয়ে ২৩ জন জিপিএ ৫ লাভ করেন। এ ছাড়াও ১০৮ জন ফেল থেকে পাস করেন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম জানান, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণ নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে ফলাফল প্রকাশিত হয়েছে।

এ বছর এইচএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ ভাগ। জিপিএ ৫ পেয়েছিলেন ২ হাজার ৭০৭ জন।

মনিরুল হক চৌধুরী মনোনয়ন পাওয়ায় নিউইয়র্কে শোকরানা সমাবেশ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ৬ আসনে বিএনপি দলীয় মনোনয়ন পাওয়ায় শোকরানা সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত সদর, সদর দক্ষিণ এলাকার জনগণ।

শনিবার ১৫ নভেম্বর সন্ধ্যায় কুমিল্লা মহানগর এসোসিয়েশন অব নিউইয়র্কের উদ্যোগে পৃথক দুটি সমাবেশ করা হয়।

“কুমিল্লা মহানগর এসোসিয়েশন অব নিউইয়র্কের” সভাপতি দেলোয়ার হোসেন ডেনিসের সভাপতিত্বে শোকরানা সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও কুমিল্লা আইন কলেজ ভিপি অ্যাডভোকেট মোস্তফা কামাল সুমন, বিএনপি নেতা শরীফ আহম্মেদ, কেন্দ্রীয় বিএনপি নেতা খলিল আহম্মেদ সহ নিউইয়র্কে বসবাসরত কুমিল্লা ৬ আসনের জনগণ।

বক্তারা বলেন, কুমিল্লা ৬ আসনে বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। কুমিল্লার উন্নয়নে মনিরুল হক চৌধুরীর বিকল্প নেই।

তারা বলেন, আমরা বিগত সময়ে দেখেছি মনিরুল হক চৌধুরীর হাত ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সদর দক্ষিণ উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ ভবনসহ অসংখ্য অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের সময় এ অঞ্চলে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা কুমিল্লা ৬ আসনের জনগণ মনিরুল হক চৌধুরীকে নির্বাচিত করতে বদ্ধ পরিকর।

কুমিল্লায় মহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার

রকিবুল ইসলাম (ম্যাক রানা):

‘আবর্জনার মতো লাগে’ বলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকে লাগানো অর্ধশত বকুলগাছ কেটে ফেলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. আজমির হোসেন (৩৭)। তাঁর বিরুদ্ধে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থানায় মামলা করেছে।

গতকাল শনিবার রাতে বেলতলী এলাকায় অভিযান চালিয়ে আজমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম। আজ রোববার তাঁকে কুমিল্লার আদালতে পাঠানো হবে।

আজমিরের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাওড়াতলী গ্রামে। তবে তিনি বেলতলী এলাকায় উদ্বোধনের অপেক্ষায় থাকা ১০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতালের ফটকের পাশে থাকেন। সেখানে চা-বিস্কুট বিক্রি করেন।

এ নিয়ে বিভিন্ন গনমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পরে শনিবার রাতেই কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ এ ঘটনায় মামলা নিয়ে আজমির হোসেনকে গ্রেপ্তার করে।

কেটে ফেলা বকুলগাছগুলো মহাসড়কের সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়েছিল সওজের উদ্যোগে। প্রতিটি গাছের বয়স ছিল ৯ বছরের বেশি।

কুমিল্লা সওজের সড়ক ও জনপথ বিভাগের কার্যসহকারী রুহুল আমিন বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলাটি করেন। তিনি বলেন, বেলতলীতে হাসপাতালের সামনেই একসঙ্গে ১৭টি বকুলগাছ কাটা হয়েছে। অন্য গাছগুলো আশপাশে কাটা হয়েছে।

আজ রোববার সকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, ‘গতকাল রাতে এ ঘটনায় আমরা মামলা গ্রহণ করেছি। পরে রাতেই অভিযান চালিয়ে আজমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।’

সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানিয়েছেন, যেসব স্থানে গাছগুলো কাটা হয়েছে, পরে সেখানে নতুন করে গাছ রোপণ করা হবে।

মহাসড়কটি ২০১৬ সালে চার লেনে রূপান্তর করার পর সৌন্দর্য বর্ধনের পাশাপাশি এক লেনের গাড়ির হেডলাইটের আলো যাতে অন্য লেনের গাড়ির ওপর না পড়ে, সে জন্য বিভাজকের ওপর রোপণ করা হয়েছিল বিভিন্ন প্রজাতির গাছ। কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ১৯২ কিলোমিটার এলাকায় মধ্যে মহাসড়কের প্রায় ১৪৩ কিলোমিটার এলাকায় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। তার মধ্যে আছে বকুল, কাঞ্চন, করবী, গন্ধরাজ, কুর্চি, রাধাচূড়া, হৈমন্তী, টগর, সোনালু, কৃষ্ণচূড়া, কদম, পলাশসহ নানা ফুলের গাছ। এ রকম ফুলের গাছ লাগানো হয়েছে ৫০ হাজারের বেশি। এ ছাড়া সড়কের পাশে এবং বিভিন্ন স্থানে বিভাজকের ওপর লাগানো হয়েছে জলপাই, অর্জুন, কাঁঠাল, মেহগণি, শিশু, আকাশমণি, নিম, একাশিয়া, হরীতকীসহ বিভিন্ন প্রজাতির ৪০ হাজারের বেশি গাছ। কুমিল্লার বেলতলী এলাকাটি বকুলগাছে সাজানো ছিল।

চৌদ্দগ্রামে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ মোঃ টিপু নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। টিপু উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর গ্রামের বাসিন্দা। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

চৌদ্দগ্রাম সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম শনিবার রাতে গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর-কর্তাম এলাকায় টিপুর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে টিপুর বসতঘর থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘অস্ত্রসহ আটককৃত টিপুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে’।

বুড়িচংয়ে গোমতী নদীর চর থেকে অটোচালক কিশোরের মরদেহ উদ্ধার; গ্রেফতার ১

রকিবুল ইসলাম (ম্যাক রানা):

কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীর চর থেকে মোহাম্মদ মাইনুদ্দিন (১৭) নামে এক অটোচালক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার ভান্তি এলাকা সংলগ্ন গোমতী নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাইনুদ্দিন দেবিদ্বার উপজেলার ধামতি গ্রামের মোহাম্মদ মোখলেস উদ্দিনের ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশার পাঁচটি ব্যাটারি জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক। তিনি জানান, ভোরে স্থানীয় কৃষকরা গোমতী নদীর চরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—রাতের কোনো একসময় ছিনতাইকারীরা অটোরিকশার ব্যাটারি নেওয়ার জন্য কিশোরটিকে হত্যা করে। পরে মরদেহটি কাপড় দিয়ে পেঁচিয়ে চর এলাকায় ফেলে রাখা হয়।”

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আব্দুর রাজ্জাককে আটক করে এবং তার কাছ থেকে অটোরিকশার চুরি হওয়া পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়।

মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।