Tag Archives: চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় সুপারভাইজার নিহত

চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক নিহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে মিজানুর রহমান ভুইয়া (৫৮) নামে এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা-বসন্তপুর রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান ভুইয়া কুমিল্লার দেবীদ্বার উপজেলার ঘোষঘর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে। তিনি ইউনিক পরিবহনের বাসচালক ছিলেন।

মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাক উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষের পর বাসটি সড়কের বাম পাশে এবং ট্রাকটি ডান পাশে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় বাসচালক মিজানুর রহমান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করেছে। তবে দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচলে দীর্ঘস্থায়ী কোনো বিঘ্ন ঘটেনি।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় সুপারভাইজার নিহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের পেছনে স্লিপার বাসের ধাক্কায় নাহিদ (৪৬) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ শ্যামলী পরিবহনের স্লিপার বাসটির সুপারভাইজার ছিলেন। তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার শ্রীরামপুর গ্রামের খতিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ঢাকাগামী শ্যামলী পরিবহনের স্লিপার বাসটি নোয়াবাজার এলাকায় পৌঁছালে সামনে চলন্ত একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার নাহিদসহ পাঁচজন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাহিদের মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কান্তি দাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্লিপার বাস ও ট্রাক উদ্ধার করে হাইওয়ে পুলিশের ফাঁড়িতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।