All posts by jitu

অবিলম্বে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম-ঢাকা’র মতবিনিময়

স্টাফ রিপোর্টার:

অবিলম্বে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি জানিয়েছে ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)’র নেতৃবৃন্দ। আজ রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কার্যালয়ে এক মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ঢাকায় কর্মরত দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় অবিলম্বে বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ নভেম্বর সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

সাংবাদিক নেতৃবৃন্দ কোন ধরনের তালবাহানা বা গড়িমসি না করে অতি দ্রুততার সাথে কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের যৌক্তিকতা এবং ভবিষ্যত কর্মসূচি নিয়ে মূল্যবান মতামত তুলে ধরেন।

তারা বলেন, অবকাঠামো থেকে শুরু করে সকল ধরনের সুযোগ-সুবিধা থাকা সত্বেও কুমিল্লাকে বিভাগ না করে যুগের পর যুগ বঞ্চিত করে রাখা হয়েছে। যখনই কুমিল্লা বিভাগ ঘোষণার সময় হয় বা দ্বারপ্রান্তে থাকে, তখনই শুরু হয় ষড়যন্ত্র। কুমিল্লা বিভাগ ঘোষণা এখন আর কোনো দাবি নয়, এটা কুমিল্লাবাসীর অধিকার। তাই অবিলম্বে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশেও কুমিল্লা বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের তাগিদ দেয়া হয়েছে। বিভাগ বাস্তবায়নে সরকারের কোষাগার থেকে একটি পয়সাও খরচ করতে হবে না। সুতরাং এ বিষয়ে আর কোন বিলম্বের কারণ আমরা দেখছি না।

আগামী ২৪ নভেম্বরের কর্মসূচি বাস্তবায়নের জন্য ঢাকায় বসবাসরত কুমিল্লার সকল সাংবাদিকদের প্রতি আহবান জানানো হয়।

অন্যান্যদের মধ্যে অলোচনায় অংশগ্রহণ করেন, সংগঠনের সহ-সভাপতি এম. এস. দোহা, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, এটিএন বাংলার চিফ রিপোর্টার মঈনুল আহসান, অর্থ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ, সাবেক অর্থ সম্পাদক সায়ীদ আবদুল মালিক, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম, ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান রতন, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক নার্গিস জুঁই, তথ্য-প্রযুক্তি সম্পাদক আহমেদ আজম, শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক ফারজানা আফরিন, ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ বেলাল এবং নির্বাহী সদস্য মোহাম্মদ মাসুদ।

সূচির টাকায় শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি : ব্যানার, লাঠি, গ্যাসলাইটসহ ২৯ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে নাশকতা, সহিংসতার করার প্রস্তুতিকালে ছাত্রলীগ যুবলীগের ২৯ জন নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

শনিবার সন্ধ্যা থেকে রবিবার ভোর রাত পর্যন্ত কোতয়ালী থানা পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

কোতোয়ালি থানা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপারের দিক নির্দেশনায় কুমিল্লার আইন শৃংখলা ও জন জীবন স্বাভাবিক রাখতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লায় অরাজকতা,আইন শৃংঙ্খলা বিঘ্নের উদ্দশ্যে সাবেক এমপি বাহারের মেয়ে সূচনার টাকায় শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি : ব্যানার, লাঠি, গ্যাসলাইটসহ টমছমব্রীজ এলাকা ও বাদুরতলা এলাকায় অভিযান করে মোট ২৯ জনকে আটক করেছে ।


এছাড়া কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায় থেকে আরো ১৫ জনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বড়কান্দা ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের পরিচিতি সভা অনুষ্ঠিত

বিপ্লব সিকদার:

কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা বিএনপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বড়কান্দা ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের পরিচিতি সভা। শুক্রবার (১৫ নভেম্বর ২০২৫) বিকেলে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য এম.এম মিজানুর রহমান। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক ও প্রযুক্তিগত বাস্তবতায় দক্ষ ও ঐক্যবদ্ধ সাইবার টিম গড়ে তোলা সময়ের দাবি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মালেক, সিনিয়র সহ-সভাপতি, বড়কান্দা ইউনিয়ন বিএনপি; মো. স্বপন মিয়া, যুগ্ম আহ্বায়ক, মেঘনা উপজেলা যুবদল; মো. আলম মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক, মেঘনা উপজেলা কৃষকদল; মো. বাবুল, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, বড়কান্দা ইউনিয়ন বিএনপি; আ. ছাত্তার ভূঁইয়া (তপু), আহ্বায়ক, বড়কান্দা ইউনিয়ন যুবদল; মো. জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক, বড়কান্দা ইউনিয়ন বিএনপি; মো. আসাদ (লালু), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মেঘনা উপজেলা যুবদল; মো. সায়েদ আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক, মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক দল; মো. ডালিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মেঘনা উপজেলা যুবদল; মো. আবু–বকর মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক, বড়কান্দা ইউনিয়ন বিএনপি; মো. তারেক, সভাপতি, ১নং ওয়ার্ড বড়কান্দা ইউনিয়ন বিএনপি; মো. আব্দুর করিম, বড়কান্দা ইউনিয়ন বিএনপি; মো. মোতালেব নাজিরা, বড়কান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল; মো. সোহেল রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা–মেঘনা যুব ফোরাম; তন্ময় আহম্মেদ টুটুল এবং মো. রাসেল আহম্মেদ, বড়কান্দা ইউনিয়ন যুবদল।

সভাপতিত্ব করেন বড়কান্দা ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. সোহেল তালুকদার। তিনি বলেন, তথ্যযুদ্ধ ও গণমাধ্যমচ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের সদস্যদের আরও দক্ষ করে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়া আসিফের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে লাশ নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার:

বিয়ের ১৩ দিনের মাথায় স্ত্রীর সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে আবু বক্কর প্রকাশ আসিফ(২৬) নামে এক যুবক নিহতের ঘটনায় শনিবার সকালে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেছে স্বজন ও এলাকাবাসী। আসিফ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কেন্ডা গ্রামের মরহুম ফটিক মিয়ার ছেলে। এরআগে গত ৮ নভেম্বর আসিফ সদর দক্ষিণ উপজেলার আবদুল্লাহপুর গ্রামের শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে দুই ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পিজি হাসপাতালে মারা যান। নিহত আসিফের পরিবারের দাবি, স্ত্রী সুমাইয়া আক্তার সুইটির(১৯) সাবেক প্রেমিক রাব্বি প্রকাশ বাপ্পি নামে এক যুবক তার শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতে আহত করে। শুক্রবার রাতে আসিফের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে গ্রামবাসী বিক্ষোভে ফেটে পড়ে।

নিহত আসিফের আবু বক্কর প্রকাশ আসিফের ছোট ভাই আরাফাত হোসেন জানান, তার ভাই আবু বক্কর প্রকাশ আসিফ দীর্ঘ বছর সৌদিআরবে ছিলেন। গত দুই মাস আগে সে ছুটিতে দেশে আসেন। তিনি গত ২৭ অক্টোবর জেলার সদর দক্ষিণ উপজেলার আবদুল্লাহপুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার সুইটিকে বিয়ে করেন। গত ৮ নভেম্বর দুপুরে তিনি নববিবাহিত স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। একই দিন সন্ধ্যায় শ্যালক শান্তসহ আসিফ অলির বাজারে ঘুরতে যান। কিছুক্ষণ পর পায়ে হেঁটে তারা আবদুল্লাহপুরে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। আবদুল্লাহপুর এলাকায় সাদিয়া দারুল উলুম মাদরাসার সামনে পৌঁছালে আগ থেকে ওঁৎপেতে থাকা বাপ্পি ও পারভেজ নামে দুই যুবক আমার ভাইকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেয়া হলে শুক্রবার সকালে চিকি’ৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমরা পরে জানতে পারি, বাপ্পি নামের এক যুবকের সাথে আসিফের স্ত্রী সুমাইয়া আক্তার সুইটির বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে, এ হত্যাকান্ডের সাথে স্ত্রীও জড়িত রয়েছে।

আরাফাত আরও অভিযোগ করেন, ঘটনাটি ভিন্নখাতে নিতে ভাবি সুমাইয়া আক্তার সুইটি সদর দক্ষিণ থানায় ছুরিকাঘাতের একটি মামলা দায়ের করে। আমি ভাই হত্যার বিচার চাই। এ ঘটনায় আমরা আদালতে ভাবিকে আসামী করে হত্যা মামলা দায়ের করবো।

এদিকে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সকাল দশটা থেকে এগারটা পর্যন্ত নিহত আসিফের পরিবার ও এলাকাবাসী লাশ নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার সৈয়দপুর এলাকায় অবরোধ করে। এ সময় বিশাল এক বিক্ষোভ মিছিল হয়। এলাকাবাসী দাবি করছে, স্ত্রী সুমাইয়া আক্তার সুইটির প্ররোচনায় তার সাবেক প্রেমিক ও তার সহযোগি স্বামী আসিফকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করেছে। ঘটনাটির ভিন্নখাতে প্রবাহিত এবং নিজেকে রক্ষা করার জন্য সুইটি বাদি হয়ে ২৬ ধারায় একটি মামলা দায়ের করে। এ সময় মহাসড়কের দুই দিকে প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানা ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ গিয়ে আসামীদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুদ্ধ জনতা অবরোধ তুলে নেয়।

মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য দেন, নিহত আবু বক্কর আসিফের মা আলেয়া বেগম, নানি রুপিয়া বেগম, স্থানীয় তোফায়েল আহমেদ জুয়েল, এডভোকেট জাহিদুল ইসলাম সুমন, মোজাম্মেল হক অপু, শহীদ মিয়া, আনোয়ার হোসেন, এয়াছিন মিয়া, মফিজ মেম্বার, রফিকুল ইসলাম, রাশেদ মিয়া প্রমুখ। এ সময় এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ ও তরুণরা উপস্থিত ছিলেন।

অভিযোগ সম্পর্কে সুমাইয়া আক্তার সুইটির বাবা দেলোয়ার হোসেন বলেন, এ হত্যাকান্ডের সাথে আমার মেয়ে কোনভাবেই জড়িত নয়। বিয়ের আগে আমার মেয়ের সাথে কারো প্রেমের সম্পর্ক ছিল না। আমার মেয়ে মোবাইলও ব্যবহার করতো না। আমি হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। আসিফের মৃত্যুর ঘটনাটি সদর দক্ষিণ থানার। তাঁর স্বজনরা দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে চৌদ্দগ্রামের সৈয়দপুর এলাকায় অবরোধ করে। বিষয়টি পুলিশের মহাপরিদর্শক ও কুমিল্লা পুলিশ সুপার জেনেছে। আমরা দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে বিক্ষুদ্ধ জনতা মহাসড়ক অবরোধ তুলে নেয়।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম বলেন, ঘটনার পর পরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। আমরা তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছি।

মেঘনায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ: ২৪ জনের বিরুদ্ধে এজাহার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের চালিভাঙ্গা ইউনিয়ন শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করে এজাহার দায়ের করেছেন যুবদল কর্মী মুছা মিয়া (৩৭)। ঘটনায় জড়িতদের সবাই স্থানীয় আওয়ামী লীগ–সমর্থিত সন্ত্রাসী বলেও অভিযোগ করেছেন তিনি। গত ১৪ নভেম্বর মামলা রুজু হয়। আজ শনিবার (১৫নভেম্বর) মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, ১৩ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে ফরাজিকান্দি গ্রামের ৪নং সাক্ষী রাহেলা বেগমের বিল্ডিংয়ের পূর্ব-উত্তর পাশে অবস্থিত বিএনপি অফিসে হঠাৎ আগুন লাগে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও অফিসের ভেতরের কাগজপত্র, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুন লাগানোর সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য জড়িত বলে দাবি করেছে বিএনপি।

বাদী মুছা মিয়া অভিযোগ করেন, তিনি চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের ৪নং ওয়ার্ড কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে বিবাদীগণ এলাকায় সন্ত্রাসী তৎপরতা, ভয়ভীতি ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-হুমকি চালিয়ে আসছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বিবাদীরা আগেই নাশকতার পরিকল্পনা করেছিল বলেও উল্লেখ করেছেন তিনি।

তিনি জানান, ঘটনার রাতে ১ ও ২ নম্বর আসামির নেতৃত্বে দলবদ্ধভাবে ২৪ জন আসামি এবং অজ্ঞাত আরও অনেকে আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা, রামদা, লোহার রডসহ বিভিন্ন অস্ত্র নিয়ে এসে অফিস লক্ষ্য করে হামলা চালায়। পরে তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এজাহারে নামীয় ২৪ আসামি হলেন— কাইয়ুম হোসাইন, ছানাউল্লাহ, সফিক দেওয়ান, স্বপন দেওয়ান, কামরুল, জামান মিয়া, স্বপন, রাজু, ইমরান, ফারুক, শফিউল্লাহ, আমিন, হক মিয়া, রতন মিয়া, হুমায়ূন, রব মিয়া, মোশারফ, দাইয়ান, জালেক, রনি, খবির, মমিন মিয়া, হাবিবুল্লাহ ও রজ্জব আলী—যারা মেঘনা উপজেলার চালিভাঙ্গা, নলচর ও ফরাজিকান্দি এলাকায় বসবাস করেন।

ঘটনার সময় আশপাশে থাকা অনেকেই অগ্নিসংযোগের দৃশ্য প্রত্যক্ষ করেছেন বলে বাদী দাবি করেছেন। স্থানীয়ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওসি আব্দুল জলিল দৈনিক আজকের কুমিল্লাকে বলেন তদন্ত স্বাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুরাদনগরে মাদ্রাসায় পড়ুয়া ৩ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক আটক

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে মাদ্রাসায় পড়ুয়া মাত্র পাঁচ বছর বয়সী তিন কন্যা শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সাদ্দাম হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের রায়তলা গ্রামে অভিযুক্ত ওই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী।

অভিযুক্ত সাদ্দাম হোসেন (৩০) রায়তলা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মাদ্রাসা ছুটি শেষে ৩ জন শিশু একসঙ্গে বাড়ি ফিরছিল। পথিমধ্যে সাদ্দাম হোসেন তাদের চিপসের লোভ দেখিয়ে একটি বসতঘরে নিয়ে যায় এবং সেখানে তিনজন শিশুর ওপর যৌন নির্যাতন চালায়। পরে যৌন নির্যাতনের শিকার এক শিশু বিষয়টি তার দাদিকে জানালে এলাকায় সৃষ্টি হয় উত্তেজনা।

শনিবার সকালে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত সাদ্দাম হোসেন কে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রায়তলা গ্রামের বাসিন্দা শামীম আহমেদ বলেন, “ঘটনাটি একটি পক্ষ সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। আগেও এমন বহু ঘটনা সালিশে মীমাংসা করে চাপা দেওয়া হয়েছে। আমরা চাই— এই ঘটনায় দোষীর সর্বোচ্চ শাস্তি হোক। না হলে এ ধরনের ঘটনা সমাজে আরও বাড়বে।”

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, তিনজন কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে “অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।”

দাউদকান্দি–মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি বন্ধের কঠোর নির্দেশ ড. খন্দকার মারুফের

স্টাফ রিপোর্টার:

দাউদকান্দি ও মেঘনা উপজেলা এলাকায় কোনো সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড বা পরিবহনকেন্দ্রে ‘জিবি’ নামে অবৈধ টাকা উত্তোলন বা চাঁদাবাজির মতো বেআইনি কার্যক্রম চলতে দেওয়া হবে না এ মর্মে কঠোর সতর্কবার্তা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

আজ বৃহস্পতিবার তিনি তাঁর ভেরিফাইড সামাজিক যোগাযোগমাধ্যম আইডি থেকে প্রকাশিত এক বিবৃতিতে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দৃঢ় অনুরোধ জানান। তিনি বলেন, “এই ধরনের অবৈধ অর্থ আদায়, চাঁদাবাজি বা হয়রানিমূলক কার্যকলাপে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়।”

ড. মারুফ আরও জানান, দাউদকান্দি ও মেঘনা এলাকায় চলমান পরিবহনব্যবস্থাকে জিম্মি করে কোনো প্রভাবশালী মহল যাতে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

স্থানীয় পরিবহনসংশ্লিষ্টরা জানান, মাঝে মধ্যে কিছু ব্যক্তি ‘জিবি’ নামে টাকা আদায়ের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছিল। এ ধরনের কার্যকলাপ বন্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণায় সাধারণ মানুষ ও চালক–শ্রমিকরা স্বস্তি প্রকাশ করেছে।

কুমিল্লা-০৯ আসনে কালাম-দোলা দ্বন্ধের অবসান, ঐক্যবদ্ধ হয়ে কাজের প্রতিশ্রুতি

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম ও মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা মধ্যে দীর্ঘ সময় ধরে বিরাজমান দ্বন্ধ শেষ হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উভয়কে গুলশান কার্যালয়ে ডেকে এনে দলের নির্দেশনা প্রদান করেন, যার পরিপ্রেক্ষিতে দ্বন্ধের অবসান ঘটে। এই সময় সামিরা আজিম দোলা আবুল কালামের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি কুমিল্লা-০৯ আসনে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামকে মনোনয়ন দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি দলের সাংগঠনিক দায়িত্বে সক্রিয় ছিলেন। অন্যদিকে, এই আসনের সাবেক সাংসদ কর্ণেল (অব.) এম আনোয়ারুল আজিমের মৃত্যুর পর মাঠে নামেন তার কন্যা সামিরা আজিম দোলা। দোলার পাশে তার অনুসারীরা দাঁড়ালে পুরনো বিভেদ নতুন রূপ নেয় এবং স্থানীয় বিএনপির রাজনীতিতে দ্বিধাবিভক্তি সৃষ্টি হয়।

মিটিং শেষে সামিরা আজিম দোলা সাংবাদিকদের বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফোন করেছিলেন। দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছিলেন। তারেক রহমানের নির্দেশ আমার জন্য আদেশের সমান। তাই দলের নির্দেশনা মেনে আমি আবুল কালামকে স্বাগত জানাই। ৩১ দফা বাস্তবায়নের জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহবান জানাচ্ছি।’

বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমাদের গুলশান কার্যালয়ে ডেকেছেন এবং দলের সুসংগঠিত ও সমন্বিত প্রচেষ্টায় ধানের শীষকে বিজয়ী করার জন্য একসাথে কাজ করার পরামর্শ দিয়েছেন। তারেক রহমানের নির্দেশনা মেনে আমরা ঐক্য অটুট রেখে ধানের শীষকে বিজয়ী করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

কালাম-দোলা দ্বন্ধের অবসানের খবরে কুমিল্লা-০৯ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা খুশি প্রকাশ করেছেন। নেতাদের ঐক্যে প্রাণ ফিরে পেয়েছে তৃণমূলের কর্মীরা। তারা আশা প্রকাশ করেছেন যে কালাম-দোলার যৌথ প্রচারণা ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করবে এবং নেতা-কর্মীদের আরও উদ্দীপ্ত করবে।

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযান, মাদক ও বিদেশী অস্ত্রসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও মাদকসহ শামীম আহমেদ নাসির নামের এক যুবককে আটক করেছে।

শনিবার (১৫ নভেম্বর) রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উনকুট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া শামীম আহমেদ নাসির চৌদ্দগ্রাম উপজেলার উনকুট এলাকার মৃত মুকুল আহমেদের ছেলে।

অভিযানে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬টি পিস্তলের কার্তূজ, ৯০০ গ্রাম গাজা, ১৭৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

জব্দ তালিকার মালামাল এবং আসামিকে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সেনাবাহিনী।

বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে মো. রবিন (২৩) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাকশীমূল বাতানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিন ওই গ্রামের রিকশাচালক রেজাউলের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

স্থানীয় ও নিহতের পিতা রেজাউল জানান, রবিন শুক্রবার দুপুরে মসজিদে জুম্মা নামাজে যাওয়ার পথে প্রতিবেশী সাঈদ নামের এক যুবক তাকে পুকুরের সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে বলেন।

এই সময় সেচ পাম্পে সুইচ সংযোগ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে রবিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালে থেকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’